প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
চীনের প্রেসিডেন্ট শি চিনপিং মন্তব্য করেছেন যে, তাইওয়ান একদিন চীনের সঙ্গে যুক্ত হবে। বৃহস্পতিবার বেইজিংয়ে অনুষ্ঠিত এক ভাষণে তিনি তাইওয়ানের সঙ্গে শান্তিপূর্ণভাবে এক হওয়ার আহ্বান জানান। তবে, এ বিষয়ে সামরিক শক্তি ব্যবহারের কোনো উল্লেখ তিনি করেননি। শির এই প্রস্তাবকে তাইওয়ান সরকার প্রত্যাখ্যান করেছে।
চীন দীর্ঘকাল ধরে তাইওয়ানকে নিজেদের ভূখণ্ড হিসেবে দাবি করে আসছে। কিন্তু তাইওয়ান এই দাবি মানতে রাজি নয়। চীন ‘এক দেশ, দুই ব্যবস্থা’ নীতির আওতায় তাইওয়ানকে স্বায়ত্তশাসনের প্রস্তাব দিয়ে আসছে, কিন্তু তাইওয়ানের কোনো প্রধান রাজনৈতিক দল এই প্রস্তাবে সম্মত হয়নি।
শি চিনপিং বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে দেওয়া ভাষণে বলেন, তাইওয়ান সমস্যার সমাধান করা চীনা কমিউনিস্ট পার্টির দীর্ঘদিনের লক্ষ্য। তিনি উল্লেখ করেন, ‘ইতিহাসের গতিধারা থামানো যায় না। চীনের পূর্ণ পুনরেকত্রীকরণ অবশ্যই হবে।’
তবে, তাইওয়ান সরকার শির এই বক্তব্যকে প্রত্যাখ্যান করেছে। দেশটির মেইনল্যান্ড অ্যাফেয়ার্স কাউন্সিল জানিয়েছে, সরকার বা জনগণ, কেউই ‘এক দেশ, দুই ব্যবস্থা’ নীতি মেনে নেবে না। তাদের মতে, এই নীতি গ্রহণ করা মানে হবে চীনা কমিউনিস্ট পার্টির একনায়কতান্ত্রিক শাসন মেনে নেওয়া।
কাউন্সিলের মুখপাত্র লিয়াং ওয়েন-চিয়ে সাংবাদিকদের জানান, তাইওয়ানকে চীনের সঙ্গে যুক্ত করার বিষয়ে শি চিনপিংয়ের বক্তব্য আগের অবস্থানের তুলনায় খুব বেশি আলাদা নয়। বিপ্লবী নেতা সান ইয়াৎ-সেনের ১৬০তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে শি এসব কথা বলেন।
শি আরও বলেন, চীন তাইওয়ানের সঙ্গে শান্তিপূর্ণভাবে এক হওয়ার নীতি এবং ‘এক দেশ, দুই ব্যবস্থা’ মডেলে অটল রয়েছে। তিনি জানান, ‘এক চীন নীতি’ বজায় রেখেই তাইওয়ানের সঙ্গে আলোচনা করতে চায় বেইজিং। এই নীতি অনুযায়ী, চীন মনে করে তাইওয়ান প্রণালীর দুই পাশই একই দেশের অংশ।
তিনি বলেন, তাইওয়ানের জনগণসহ সব চীনা নাগরিকের উচিত তাইওয়ানের স্বাধীনতার পক্ষে থাকা বিচ্ছিন্নতাবাদী শক্তিগুলোর বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়া। একই সঙ্গে তাইওয়ান প্রণালির দুই পাশের মধ্যে শান্তিপূর্ণ সম্পর্ক ও উন্নয়নে কাজ করার আহ্বান জানান তিনি।
যদিও শি সরাসরি সামরিক শক্তি প্রয়োগের কথা বলেননি, তবে তাইওয়ানের ক্ষেত্রে চীন কখনোই এ সম্ভাবনা পুরোপুরি নাকচ করেনি। ইতোমধ্যে, চীনের সামরিক বাহিনী নিয়মিতভাবে তাইওয়ানের আশপাশে সামরিক তৎপরতা চালাচ্ছে। পাশাপাশি প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলেও নিজেদের সামরিক উপস্থিতি ও প্রভাব বাড়াচ্ছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন