ঢাকা শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৮শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০২ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ইং ২৮শে কার্তিক, ১৪৩২বাং

বিউটি ব্লগের সাজগোজ: ২০,০০০ প্রোডাক্টে ১,২০০ ব্র্যান্ডের সমাহার


বিউটি ব্লগের সাজগোজ: ২০,০০০ প্রোডাক্টে ১,২০০ ব্র্যান্ডের সমাহার

বাংলাদেশে বিউটি প্রোডাক্ট কেনার ক্ষেত্রে একসময় অনেক নারীর জন্য ছিল অনিশ্চয়তা। ফাউন্ডেশনের শেড খুঁজে পাওয়া কিংবা প্রোডাক্টের আসলত্ব সম্পর্কে নিশ্চিত হওয়ার জন্য অনেকেই নির্ভর করতেন বন্ধু, পরিবারের সদস্য বা দোকানদারের পরামর্শের ওপর। আবার অনেক সময় নিজের ধারণার ভিত্তিতে প্রোডাক্ট কিনতে হতো। যদিও বাজারে বিউটি প্রোডাক্ট পাওয়া যেত, তবে সেগুলোর সম্পর্কে নির্ভরযোগ্য তথ্য পাওয়া সহজ ছিল না। বিশেষ করে যারা মেকআপ বা স্কিন কেয়ার নতুন করে শুরু করতেন, তাদের জন্য বিষয়টি ছিল আরও কঠিন।

কারণ, তখন বাংলাদেশে অনলাইন কেনাকাটা কেবল জনপ্রিয় হতে শুরু করেছে, ফলে বিউটি প্রোডাক্ট পাওয়া গেলেও সেগুলোর সম্পর্কে সঠিক পরামর্শ পাওয়ার সুযোগ ছিল সীমিত। তাই কাস্টমারদের প্রয়োজন ছিল এমন একটি জায়গার, যেখানে শুধু প্রোডাক্ট কেনা নয়, বরং প্রোডাক্ট সম্পর্কে জানা, প্রশ্ন করা এবং নিশ্চিন্তে নিজের প্রয়োজন অনুযায়ী বেছে নেওয়ার সুযোগ থাকবে। অথচ তখন এসব সাধারণ প্রশ্নের সহজ উত্তর দেওয়ার মতো প্ল্যাটফর্ম খুব বেশি ছিল না।

ঠিক এমন সময়েই, ২০১৩ সালে সাজগোজ যাত্রা শুরু করে। মজার বিষয় হলো, এটি শুরুতে কোনো অনলাইন বিউটি শপ ছিল না। বরং এর প্রতিষ্ঠাতা নাজমুল শেখ, সিনথিয়া শারমিন ইসলাম ও মিলকী মাহমুদ একটি সহজ ভাবনা নিয়ে কাজ শুরু করেন। তারা এমন একটি বিউটি ব্লগ তৈরি করেন, যেখানে ত্বকের যত্ন, মেকআপের কৌশল, বিভিন্ন প্রোডাক্টের রিভিউসহ স্কিন কেয়ারের প্রয়োজনীয় তথ্য তুলে ধরা হতো।

আরও পড়ুন: বেশি প্রোটিন খেলেই কি পেশি বড় হয়? বিশেষজ্ঞদের মতামত

শুরু থেকেই সাজগোজের লক্ষ্য ছিল শুধু প্রোডাক্ট কেনার প্রতি আগ্রহ তৈরি করা নয়, বরং মানুষকে নিজের প্রয়োজন সম্পর্কে বুঝতে সাহায্য করা। ত্বকের ধরন অনুযায়ী যত্ন নেওয়া থেকে শুরু করে কোন প্রোডাক্ট কীভাবে কাজ করে, এসব বিষয়ে তথ্য দিয়ে ধীরে ধীরে স্কিন কেয়ারে আগ্রহীদের কাছে পরিচিত হয়ে ওঠে সাজগোজ। সময়ের সঙ্গে প্ল্যাটফর্মটির রিডার ও ফলোয়ারও বাড়তে থাকে। তবে একপর্যায়ে এর প্রতিষ্ঠাতারা বুঝতে পারেন, শুধু তথ্য দেওয়াই যথেষ্ট নয়, কাস্টমারদের কাছে আসল প্রোডাক্ট সহজে পৌঁছে দেওয়াও সমানভাবে গুরুত্বপূর্ণ।

এই ভাবনা থেকেই ২০১৫ সালে ঢাকার যমুনা ফিউচার পার্কে প্রথমবারের মতো সাজগোজের অফলাইন শপ চালু হয়। এর মাধ্যমে কাস্টমাররা অনলাইনে প্রোডাক্ট সম্পর্কে জানার পাশাপাশি সরাসরি সেগুলো দেখার, বিউটি কনসালট্যান্টদের সাথে আলোচনা এবং নিজের প্রয়োজন অনুযায়ী পছন্দের প্রোডাক্ট বেছে নেওয়ার সুযোগ পান। তবে অফলাইন শপ চালুর পরও দেশের সকল মানুষের কাছে পৌঁছানো তখনও একটি বড় চ্যালেঞ্জ ছিল। কারণ, সে সময় বাংলাদেশে অনলাইন কেনাকাটার ইকোসিস্টেম, লজিস্টিকস সাপোর্ট পুরোপুরি গড়ে ওঠেনি। বিশেষ করে ঢাকার বাইরের মানুষের জন্য অনেক বিউটি প্রোডাক্ট সহজে পাওয়ার সুযোগ ছিল সীমিত।

এই সীমাবদ্ধতা কাটিয়ে আরও বেশি মানুষের কাছে পৌঁছানোর লক্ষ্যেই ২০১৮ সালের অক্টোবরে সাজগোজ তাদের প্রথম ই-কমার্স প্ল্যাটফর্ম shop.shajgoj.com চালু করে। যার শুরু হয়েছিল শুধু স্কিন কেয়ারের বিভিন্ন তথ্য জানানো দিয়ে, সেটিই ধীরে ধীরে হয়ে ওঠে প্রোডাক্ট কেনার একটি মাধ্যম। এর ফলে কাস্টমাররা ঘরে বসেই বিভিন্ন প্রোডাক্ট দেখতে, সেগুলোর উপকারিতা সম্পর্কে জানতে এবং একই সঙ্গে অর্ডারও করতে পারেন। এভাবেই বিউটি প্রোডাক্ট কেনার ক্ষেত্রে দীর্ঘদিনের দুটি গুরুত্বপূর্ণ চাহিদা এক জায়গায় পূরণের সুযোগ তৈরি হয়। একটি হলো প্রোডাক্ট সম্পর্কে নির্ভরযোগ্য তথ্য পাওয়া, অন্যটি আসল প্রোডাক্ট কেনার সুযোগ।

বর্তমানে সাজগোজে ১,২০০টির বেশি ব্র্যান্ডের ২০ হাজারেরও বেশি প্রোডাক্ট রয়েছে। ফলে কাস্টমাররা এখন নিজেদের প্রয়োজন ও পছন্দ অনুযায়ী বিভিন্ন ধরনের প্রোডাক্ট বেছে নিতে পারছেন। অনলাইন প্ল্যাটফর্মের পাশাপাশি ঢাকা ও চট্টগ্রামে সাজগোজের আটটি অফলাইন শপও রয়েছে।

আরও পড়ুন: ফ্রিজের ৫ খাবার গরম করলে যে ক্ষতির সম্ভাবনা

তবে সাজগোজের এই পথচলা শুধু প্রোডাক্টের সংখ্যা কিংবা শপের সংখ্যা বাড়ার মধ্যেই সীমাবদ্ধ থাকেনি। এর সঙ্গে মানুষের স্কিন কেয়ারের অভ্যাসেও পরিবর্তন এসেছে। আগে যেখানে অনেকেই অন্যের পরামর্শের ওপর নির্ভর করতেন, সেখানে এখন প্রত্যেকের নিজের ত্বক সম্পর্কে জানার আগ্রহ বেড়েছে। কোন প্রোডাক্ট কোন ত্বকের জন্য উপযোগী কিংবা সেটি কীভাবে ব্যবহার করতে হবে, এসব বিষয়ে মানুষ এখন আরও সচেতন হয়ে উঠেছে।

এ বছর সাজগোজের ই-কমার্স যাত্রার আট বছর পূর্ণ হয়েছে। তবে এই পথচলার গল্প শুধু একটি অনলাইন প্ল্যাটফর্মের বেড়ে ওঠার নয়, বরং সেই সব মানুষেরও, যারা সময়ের সঙ্গে নিজেদের স্কিন কেয়ারের অভ্যাস ও পছন্দকে নতুনভাবে গড়ে তুলেছেন। একটি বিউটি ব্লগ হিসেবে যাত্রা শুরু করা সাজগোজ পরবর্তী সময়ে প্রোডাক্ট বিক্রি শুরু করলেও কাস্টমারদের সঠিক তথ্য দিয়ে সচেতন করার বিষয়টিকে সব সময় গুরুত্ব দিয়েছে। কারণ, সাজগোজ মনে করে, সঠিক তথ্য জানা থাকলে কাস্টমাররা নিজের ত্বক, বাজেট ও পছন্দ অনুযায়ী আত্মবিশ্বাসের সঙ্গে সিদ্ধান্ত নিতে পারেন। আর এই আস্থাই তাদের বারবার ফিরে আসতে উৎসাহিত করে।

সাজগোজের বিশ্বাস, প্রত্যেক মানুষই নিজের আদর্শ হতে পারেন। তাই এই আট বছরের পথচলার প্রকৃত হিরো হলেন সাজগোজের কাস্টমাররাই, যাদের প্রত্যেকেই এক একজন ব্র্যান্ড অ্যাম্বাসেডর।

আরও পড়ুন: বেশি গোলাপ পেতে সঠিক পরিচর্যা করুন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
পাঁচ শিক্ষিত বন্ধুর মুড়ির দোকান

২০ হাজার টাকায় মুড়ির ব্যবসা শুরু, মাসে বিক্রি ৩ লাখ টাকা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ ইং

১১:৫৬ এম


২০ হাজার টাকায় মুড়ির ব্যবসা শুরু, মাসে বিক্রি ৩ লাখ টাকা

পাঁচ বন্ধু চাকরির পেছনে না ছুটে নিজেদের স্বপ্ন বাস্তবায়নের জন্য কিছু করার পরিকল্পনা করেছিলেন। সেই স্বপ্ন পূরণ করতে তারা মাত্র ২০ হাজার টাকা পুঁজি সংগ্রহ করেন। এরপর তারা মুড়ির একটি ছোট দোকান শুরু করেন। সময়ের সাথে সাথে ক্রেতাদের সাড়া পেয়ে এখন প্রতিদিন ৮ থেকে ১০ হাজার টাকার মুড়ি বিক্রি হচ্ছে। মাসিক বিক্রির পরিমাণ প্রায় তিন লাখ টাকা। ব্যতিক্রমী স্বাদের চুইঝালের মুড়ি বিক্রি করে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছেন এই পাঁচ শিক্ষিত তরুণ।

কুড়িগ্রামের রাজারহাট বাজারের রেললাইনের পাশে সন্ধ্যা নামলেই জমে ওঠে তাদের অস্থায়ী দোকান। ক্রেতাদের কেউ মুড়ি খাচ্ছেন, কেউ আবার পরিবারের জন্য পার্সেল করে নিয়ে যাচ্ছেন। মাত্র ২০ টাকার এক বাটি মুড়িতে রয়েছে রসুন, চুইঝাল ও বিশেষ মসলার মিশ্রণ। স্বাদের এই ভিন্নতা অল্প সময়ের মধ্যে দোকানটিকে পরিচিত করে তুলেছে।

এই উদ্যোগের উদ্যোক্তা পাঁচ বন্ধু- নুর আলম, নাহিদ হাসান, আলামিন ইসলাম, মনির হোসেন ও ফেরদৌস আহমেদ। তাদের মধ্যে নুর আলম ও নাহিদ হাসান স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। অন্য তিনজন আলামিন ইসলাম, মনির হোসেন ও ফেরদৌস আহমেদ স্নাতক (অনার্স) শেষ করেছেন। উচ্চশিক্ষা শেষ করে চাকরির অপেক্ষায় না থেকে নিজেদের শ্রম ও মেধাকে কাজে লাগিয়ে কিছু করার সিদ্ধান্ত নেন তারা। সেই ভাবনা থেকেই অক্টোবরের শুরুতে মাত্র ২০ হাজার টাকা পুঁজি নিয়ে মুড়ির ব্যবসা শুরু করেন।

প্রতিদিন সকালে বাড়িতে চলে তাদের প্রস্তুতি। পাঁচ বন্ধু মিলে প্রয়োজনীয় উপকরণ সংগ্রহ করেন। তারা তৈরি করেন বিশেষ মসলা। এরপর বিকালে সবকিছু নিয়ে বসেন রাজারহাট বাজারের রেললাইনের পাশে। ছোট্ট অস্থায়ী দোকান হলেও খাবারের স্বাদ ও পরিবেশনার পরিচ্ছন্নতায় কোনো ছাড় দিতে চান না তারা।

তাদের মুড়ির অন্যতম আকর্ষণ স্থানীয় চুইঝাল। প্রতি বাটিতে মুড়ির সঙ্গে মেশানো হয় রসুন, চুইঝাল ও বিশেষ মসলার মিশ্রণ। মাত্র ২০ টাকায় পাওয়া যায় এক বাটি মুড়ি। খাবার পরিবেশনে ব্যবহার করছেন ফুড গ্রেড পেপার। স্বাদের পাশাপাশি পরিচ্ছন্নতার বিষয়টিও গুরুত্ব দেওয়ায় ক্রেতাদের মধ্যে তৈরি হয়েছে আস্থা।

দোকানটিতে ক্রেতাদের মধ্যে রয়েছেন আশপাশের স্কুল-কলেজের শিক্ষার্থীসহ বিভিন্ন বয়সি মানুষ। সন্ধ্যার পর অনেক সময় ক্রেতাদের ভিড়ে অপেক্ষা করতে হয় মুড়ি খাওয়ার জন্য। কেউ দোকানের সামনে দাঁড়িয়ে খাচ্ছেন, আবার কেউ পরিবারের সদস্য কিংবা প্রিয়জনের জন্য পার্সেল করে নিয়ে যাচ্ছেন।

মুড়ি খেতে আসা স্কুলশিক্ষার্থী মাহাদি হাসান ও মিনহাজ আহমেদ বলেন, "এই মুড়ি অনেক সুস্বাদু। তাদের সেবাও বেশ ভালো। প্রায় এক সপ্তাহ ধরে আমরা এখানে আসছি। মাত্র ২০ টাকায় অনেকটা মুড়ি পাওয়া যায়।"

উদ্যোক্তা নুর আলম জানান, "আমরা সবাই শিক্ষিত। আমাদের একটি কোম্পানি চালু করার পরিকল্পনা আছে। তবে নিজেদের দৈনন্দিন আয়ের একটি ব্যবস্থা করতেই আপাতত এই উদ্যোগ নিয়েছি। পরবর্তীতে আমরা চা ও কফি চালু করব।"

শুধু ব্যবসা নয়, স্থানীয় সম্পদকে কাজে লাগানোর চিন্তাও রয়েছে তাদের উদ্যোগের পেছনে। রাজারহাট ও আশপাশের এলাকায় চুইগাছের চাষ হলেও স্থানীয়ভাবে এর ব্যবহার তুলনামূলক কম। এখানকার চুইঝাল দেশের দক্ষিণাঞ্চলেও সরবরাহ করা হয়। সেই চুইঝালকে স্থানীয় খাবারের অন্যতম উপকরণ হিসেবে তুলে ধরতে চান তারা।

নাহিদ হাসান বলেন, "আমাদের এলাকায় চুই চাষ হয়। কিন্তু স্থানীয়ভাবে এর ব্যবহার খুব বেশি নেই। এখানকার চুইঝাল দেশের দক্ষিণাঞ্চলে চলে যায়। সেই চুইঝাল দিয়েই আমাদের যাত্রা শুরু করেছি। আলহামদুলিল্লাহ, মানুষ আমাদের পণ্য সাদরে গ্রহণ করেছে। প্রতিদিনই অনেক মানুষ আসছেন।"

উদ্যোক্তা ফেরদৌস আহমেদ বলেন, "এই উদ্যোগ শুধু মুড়ি বিক্রির ব্যবসা নয়, নিজেদের পায়ে দাঁড়ানোর চেষ্টা।"

আলামিন ইসলাম জানান, "ক্রেতাদের ভালোবাসা ও সহযোগিতা পেলে ভবিষ্যতে এই উদ্যোগ আরও বড় পরিসরে ছড়িয়ে দিতে চাই।"

উদ্যোক্তা মনির হোসেন জানান, "মোটামুটি ২০ হাজার টাকা পুঁজি নিয়েই তাদের যাত্রা শুরু হয়েছে। বর্তমানে প্রতিদিন ৮ থেকে ১০ হাজার টাকার মুড়ি বিক্রি হচ্ছে। সে হিসাবে মাসে বিক্রির পরিমাণ প্রায় তিন লাখ টাকা।"

তিনি আরও জানান, "প্রতিদিন তাদের ২৩ থেকে ২৫ কেজি মুড়ি প্রয়োজন হয়। স্থানীয়ভাবে সংগ্রহ করেন চুইগাছ। পাশাপাশি রসুন, বিভিন্ন ধরনের মসলা ও খাবার পরিবেশনের উপকরণ কিনতে হয়। এসব খরচ বাদ দিয়ে লাভের পরিমাণ খুব বেশি না হলেও নিজেদের উদ্যোগে আয় করতে পারাটাই তাদের কাছে বড় অর্জন।"

চাকরির অপেক্ষায় বসে না থেকে মাত্র ২০ হাজার টাকা পুঁজি, পাঁচ বন্ধুর সম্মিলিত শ্রম আর নতুন কিছু করার প্রত্যয়-এই তিনের সমন্বয়ে গড়ে উঠেছে তাদের ছোট্ট উদ্যোগ। আপাতত রাজারহাট বাজারের রেললাইনের পাশের অস্থায়ী দোকানেই সীমাবদ্ধ তাদের ব্যবসা। তবে পাঁচ বন্ধুর স্বপ্ন আরও বড়। তাদের প্রত্যাশা, ক্রেতাদের ভালোবাসা ও সহযোগিতা নিয়ে একদিন এই ছোট্ট উদ্যোগই পরিণত হবে একটি প্রতিষ্ঠানে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ব্যাংকিং সংকটে প্রাণহীন প্যারাগুয়ের জমজমাট বাজারের পরিস্থিতি খারাপ হচ্ছে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ ইং

১১:৫৭ এম


ব্যাংকিং সংকটে প্রাণহীন প্যারাগুয়ের জমজমাট বাজারের পরিস্থিতি খারাপ হচ্ছে

ঢাকা, ১৩ নভেম্বর, ২০২৬ : প্রতিদিন ভোর ৩টায় ঘুম থেকে উঠে প্যারাগুয়ের রাজধানীর একটি বাজারে ফলমূল ও রাসায়নিক পণ্যসহ বিভিন্ন সামগ্রী বিক্রি করেন মারিয়া মার্টিনেজ। তবে উয়েনো ব্যাংকের পতনের পর থেকে তার বিক্রি একেবারে তলানিতে নেমে এসেছে।

৫০ বছর বয়সী মার্টিনেজ উদ্বিগ্ন কণ্ঠে এএফপিকে বলেন, ‘মানুষ কেনাকাটা করতে আসছে না, কারণ তাদের হাতে টাকা নেই। সব টাকা শেষ হয়ে গেছে।’

খবর বার্তা সংস্থা এএফপি’র।

গত ৩ নভেম্বর দেশটির অন্যতম বৃহৎ ব্যাংকটির পতন তার মতো সাধারণ ও স্বল্প আয়ের মানুষের ওপর মারাত্মক প্রভাব ফেলেছে বলে জানান তিনি।

প্যারাগুয়ের রাজধানী আসুনসিওনের প্রধান বাজার ‘মেরকাদো ফোর’-এর বিস্তীর্ণ এলাকাজুড়ে ছড়িয়ে আছে শাকসবজি, মাংস ও বিভিন্ন ভেষজ পণ্যের ঘ্রাণ।

প্রচণ্ড গরমের দুপুরে সেলফোন থেকে শুরু করে খেলাধুলার পোশাক পর্যন্ত নানা পণ্য নিয়ে প্রায় তিন হাজার বিক্রেতা ক্রেতার অপেক্ষায় ছিলেন। কিন্তু বাজারে ক্রেতার উপস্থিতি ছিল একেবারেই নগণ্য।

মার্টিনেজ বলেন, অনেক ক্রেতাই এখন নিঃস্ব হয়ে পড়েছেন। বিপর্যয়ের পর অধিকাংশ পণ্যের দাম স্থিতিশীল থাকলেও কিছু পণ্যের দাম বেড়েছে।

প্যারাগুয়ের প্রাণকেন্দ্র

ছোট একটি আর্থিক প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে যাত্রা শুরু করেছিল উয়েনো। দ্রুতই এটি বড় ব্যাংকে পরিণত হয়। দেশটির সরকারি পেনশন ও বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের হিসাব পরিচালনা করত প্রতিষ্ঠানটি।

দেউলিয়া হওয়ার আশঙ্কায় ব্যাংকটি নিয়ন্ত্রণে নেওয়ার ঘটনায় সাধারণত স্থিতিশীল প্যারাগুয়েতে অস্থিরতা তৈরি হয়েছে। এতে কয়েক হাজার গ্রাহক তাদের ব্যাংক হিসাবের অর্থ ব্যবহারের সুযোগ হারিয়েছেন।

উয়েনোর পতনের পর ক্ষুব্ধ হাজারো আমানতকারী রাস্তায় নেমে আসেন। এর জেরে প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনার অভিশংসন ও গ্রেফতারের ঘটনা ঘটে।

অভিযোগ রয়েছে, তিনি নিজের পদ ব্যবহার করে অবৈধভাবে ব্যাংকটিকে সুবিধা দিয়েছেন।

বুধবার দেশটির কেন্দ্রীয় ব্যাংক জানায়, ক্ষতিগ্রস্ত সব আমানতকারীর সঞ্চয়ের একটি অংশ ফেরত দেওয়া হয়েছে। তবে এতে মেরকাদো ফোরের ব্যবসায়ীদের দুর্দশা কমেনি।

১৯৯২ সাল থেকে বাজারের পণ্য কিনে আর্জেন্টিনা সীমান্তের একটি এলাকায় বিক্রি করেন লিওঙ্গিনো জনস।

তিনি বলেন, ‘আগে এখানে প্রচুর মানুষ আসত। এটি প্যারাগুয়ের প্রাণকেন্দ্র। অথচ এখন চারদিকে তাকিয়ে দেখুন— কোথাও কেউ নেই।’

তিনি আরও বলেন, ‘বছরের শেষ সময় ঘনিয়ে আসছে। পরিস্থিতি আরও খারাপ হবে।’

নগদ অর্থের কদর বাড়ছে

প্যারাগুয়ের সর্বাধিক আয় করা চলচ্চিত্র ‘৭ বক্সেস’ ২০১২ সালে নির্মিত হয়। এর শুটিং হয়েছিল মেরকাদো ফোরে। ছবিটিতে একজন তরুণ পণ্য সরবরাহকারীর গল্প তুলে ধরা হয়েছে।

সেই সময়ের তুলনায় বাজারটির তেমন পরিবর্তন হয়নি। পণ্যভর্তি বাক্স নিয়ে ঠেলাগাড়িগুলো এখনো দোকানগুলোর মাঝ দিয়ে চলাচল করে।

সময়ের সঙ্গে বদলেছে মানুষের কেনাকাটার অভ্যাসও। ডিজিটাল লেনদেনের প্রতি ব্যাপক ঝোঁক তৈরি হওয়ায় নগদ অর্থের ব্যবহার কমে গিয়েছিল।

মার্টিনেজের ভাষ্য অনুযায়ী, আগে মোট লেনদেনের ৭০ শতাংশই হতো উয়েনো ব্যাংকের মাধ্যমে অর্থ স্থানান্তরের মাধ্যমে।

প্যারাগুয়ের মানুষকে গত সপ্তাহে যে কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়েছে, তাতে এই দোকানি এখন ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে অর্থ গ্রহণের চেয়ে ‘পণ্য বিক্রি না করাকেই ভালো মনে করছেন’।

উয়েনোর দাবি, তাদের গ্রাহকসংখ্যা ছিল ৩০ লাখের বেশি, যা দক্ষিণ আমেরিকার দেশটির মোট জনসংখ্যার প্রায় অর্ধেক।

ব্যাংকটির পতনের পর বাজারে নগদ টাকার লেনদেন আবার বেড়েছে।

পোশাক ও আনুষঙ্গিক পণ্যের বিক্রেতা রিটা গোমেজ এএফপিকে বলেন, ‘হঠাৎ করে কিছু নগদ টাকা বাজারে আসতে শুরু করেছে। কিন্তু সেগুলোর সবই ছিল ছেঁড়া।’

কাছের একটি দোকানে উয়েনোর পৃষ্ঠপোষকতায় তৈরি ফুটবল জার্সি বিক্রি হচ্ছে।

জীবিকা চলবে কীভাবে?

ক্ষতিগ্রস্ত আমানতকারীদের অর্থ ফেরত দেওয়ার বিষয়ে সরকারের আশ্বাসও স্থবির হয়ে পড়া বাজারের ব্যবসায়ীদের মধ্যে স্বস্তি ফেরাতে পারেনি।

গোমেজ বলেন, ‘আমার ধারণা, যারা টাকা ফেরত পেয়েছেন, তাদের অনেকেই আগের বকেয়া বিল পরিশোধ করতে সেই টাকা খরচ করেছেন।’

উয়েনো ব্যাংক নিয়ন্ত্রণে নেওয়ার পর প্যারাগুয়েজুড়ে ভোক্তাদের ব্যয় কমে গেছে।

শিল্প খাতের তথ্য অনুযায়ী, আমদানিনির্ভর পণ্য বিক্রি করা দোকানগুলোতে বিক্রি ৭০ শতাংশ পর্যন্ত কমেছে। অন্যদিকে সুপারমার্কেটগুলোতে প্রাথমিকভাবে বিক্রি কমেছে ৮ থেকে ১০ শতাংশ।

আর্থিক বিশ্লেষক আমিলকার ফেরেইরা এএফপিকে বলেন, অনিশ্চয়তার কারণে মানুষ অপ্রয়োজনীয় ব্যয় এড়িয়ে চলছেন।

জীবিকা নির্বাহের চেষ্টা করা মানুষের মধ্যে এ পরিস্থিতি ব্যাপক উদ্বেগ সৃষ্টি করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নুসরাতের বাড়িতে আগুনের ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগসহ ২৫-৩০ জনের বিরুদ্ধে মামলা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ ইং

১২:০৭ পি.এম


নুসরাতের বাড়িতে আগুনের ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগসহ ২৫-৩০ জনের বিরুদ্ধে মামলা

কুষ্টিয়ার দৌলতপুরে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুমের পৈতৃক বাড়িতে অগ্নিসংযোগ ও বিস্ফোরণের মাধ্যমে পরিবারের সদস্যদের হত্যাচেষ্টার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।

আজ বৃহস্পতিবার রাতে দৌলতপুর থানায় গিয়ে নিজেই বাদী হয়ে মামলা করেন সংসদ সদস্য নুসরাত তাবাসসুম। মামলায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ, কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের বিভিন্ন স্তরের আট নেতাসহ অজ্ঞাতনামা আরও ২৫ থেকে ৩০ জনকে আসামি করা হয়েছে।

কুষ্টিয়া জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) ফয়সাল মাহমুদ মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আসামিদের গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান পরিচালনা করছে। তবে তদন্তের স্বার্থে এজাহারনামীয় আসামিদের পরিচয় প্রকাশ করতে তিনি রাজি হননি।

পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার পর সংসদ সদস্য নুসরাত তাবাসসুম দৌলতপুর থানায় গিয়ে লিখিত এজাহার জমা দেন। এরপর রাত সাড়ে ৮টার দিকে মামলাটি নথিভুক্ত করা হয়।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, সংসদ অধিবেশন চলার কারণে ঘটনার সময় ঢাকায় অবস্থান করছিলেন নুসরাত তাবাসসুম। অন্যদিকে দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে তার পৈতৃক বাড়িতে ছিলেন বাবা মোহা. আব্দুল হালিম (৬১), মা মোছা. জহুরা খাতুন এবং পরিবারের অন্যান্য সদস্যরা।

এজাহারে বর্ণিত ঘটনার বিবরণ অনুযায়ী, বুধবার দিনগত রাত সোয়া ১২টার দিকে পরপর তিনটি বিকট শব্দে পরিবারের সদস্যদের ঘুম ভেঙে যায়। ঘর থেকে বাইরে বেরিয়ে তারা দেখতে পান, বসতঘর, উঠান ও বাড়ির আশপাশের বিভিন্ন স্থানে আগুন জ্বলছে। এ সময় পরিবারের সদস্যদের চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে আসেন এবং আগুন নেভানোর চেষ্টা করেন।

স্থানীয়ভাবে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হলেও দৌলতপুরে ফায়ার সার্ভিস স্টেশন না থাকায় পরে ভেড়ামারা ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। খবর পেয়ে ভেড়ামারা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

এজাহারে ক্ষয়ক্ষতির বিবরণে উল্লেখ করা হয়েছে, আগুনে বাড়ির প্রায় এক-তৃতীয়াংশ মালামাল, আসবাবপত্র ও প্রয়োজনীয় যন্ত্রপাতি পুড়ে গেছে। বাড়ির গোয়ালে থাকা তিনটি ছাগলও আগুনে পুড়ে মারা যায়। সব মিলিয়ে প্রায় ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতির অভিযোগ করেছেন সংসদ সদস্য নুসরাত তাবাসসুম।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নয়াদিল্লি এখন বিশ্বের সবচেয়ে দূষিত বায়ুর শহর, বিপজ্জনক বায়ুমান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ ইং

১২:০৭ পি.এম


নয়াদিল্লি এখন বিশ্বের সবচেয়ে দূষিত বায়ুর শহর, বিপজ্জনক বায়ুমান

ভারতের রাজধানী নয়াদিল্লি, পাকিস্তানের লাহোরকে পেছনে ফেলে, বিশ্বের প্রধান শহরগুলোর মধ্যে সবচেয়ে দূষিত বায়ুর শহর হিসেবে শীর্ষ স্থানে উঠে এসেছে। শুক্রবার শহরটির বায়ুমান বিপজ্জনক পর্যায়ে পৌঁছানোর খবর পাওয়া গেছে। পুরো শহর ঘন ধোঁয়াশায় ঢেকে গেছে, ফলে রাস্তাঘাটের দৃশ্যমানতা কমে গেছে।

শুক্রবার (১৩ নভেম্বর) বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণ সংস্থা আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, এদিন নয়াদিল্লির বায়ুমান সূচক (একিউআই) ছিল ৩৩৪। সংস্থাটির বৈশ্বিক প্রধান শহরগুলোর তালিকায় এ অবস্থান সবার ওপরে ছিল।

প্রায় দুই কোটি মানুষের জনসংখ্যার শহর নয়াদিল্লিতে দূষণের মাত্রা বেড়ে যাওয়ার ফলে জনজীবনে প্রভাব পড়েছে। ঘন ধোঁয়াশার কারণে সড়কে যানবাহন চলাচলের দৃশ্যমানতা কমে গেছে। ভারতের সংবাদ সংস্থা এএনআইয়ের প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, ধোঁয়াশার মধ্য দিয়ে গাড়ি ও মোটরসাইকেল চলাচল করছে। শহরের প্রধান সড়কের বাতিগুলোও স্পষ্ট দেখা যাচ্ছে না।

তবে ভারতের সরকারি সংস্থা কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের (সিপিসিবি) হিসাবে, শুক্রবার নয়াদিল্লির একিউআই ছিল ৪০৩। সংস্থাটি বাতাসের মানকে ‘গুরুতর’ পর্যায়ে রেখেছে। আইকিউএয়ার ও সিপিসিবির সূচকের মধ্যে পার্থক্যের কারণ হলো, দুই সংস্থা বায়ুদূষণ পরিমাপে ভিন্ন পদ্ধতি ও সূচক ব্যবহার করে।

আইকিউএয়ারের সূচকে একিউআই ৫০ বা এর নিচে থাকলে বাতাসের মান ভালো বলে বিবেচিত হয়। এ মাত্রায় বায়ুদূষণের কারণে স্বাস্থ্যের ঝুঁকি খুব কম বা নেই বললেই চলে।

উত্তর ভারত ও প্রতিবেশী পাকিস্তানে শীতকালে বায়ুদূষণ একটি বড় সমস্যা হয়ে দাঁড়ায়। এ সময় ঠান্ডা ও ভারী বাতাসের কারণে যানবাহনের ধোঁয়া, নির্মাণকাজের ধুলা এবং কৃষিজমিতে ফসলের অবশিষ্টাংশ পোড়ানোর ধোঁয়া বাতাসে আটকে থাকে। ফলে দূষণের মাত্রা দ্রুত বেড়ে যায়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১১ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%