শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ ইং
০১:২১ পি.এম
কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক অশান্তি অথবা কোনো দুঃসংবাদ—মানসিক চাপের উৎস বিভিন্ন হতে পারে। তবে উদ্বেগ বা দুশ্চিন্তার সময় অনেকের মধ্যে হঠাৎ টয়লেটে যাওয়ার প্রয়োজন অনুভূত হয়। কিছু মানুষের বমি বমি ভাব দেখা দেয়, আবার অন্যদের পেটে মোচড় বা মলত্যাগের তাগিদ অনুভূত হয়। এর পেছনে মস্তিষ্ক ও অন্ত্রের মধ্যে ঘনিষ্ঠ যোগাযোগের বিষয়টি রয়েছে।
যুক্তরাষ্ট্রভিত্তিক সাময়িকী ‘সাইকোলজি টুডে’র ৪ নভেম্বর প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, মানসিক চাপ এবং উদ্বেগ অন্ত্রের স্বাভাবিক কার্যক্রমে প্রভাব ফেলতে পারে। মস্তিষ্ক ও অন্ত্রের মধ্যে যোগাযোগের এই ব্যবস্থাকে ‘গাট-ব্রেইন অ্যাক্সিস’ বলা হয়।
মস্তিষ্ক ও অন্ত্রের যোগাযোগ
মানসিক চাপের সময় মস্তিষ্ক বিপদের সংকেত হিসেবে পরিস্থিতিকে মূল্যায়ন করে। ফলে শরীরে ‘ফাইট অর ফ্লাইট’ বা লড়াই কিংবা পালানোর প্রতিক্রিয়া সক্রিয় হয়ে ওঠে। এই সময় অ্যাড্রেনালিন ও কর্টিসলের মতো হরমোন নিঃসৃত হয়। একই সঙ্গে স্নায়ুতন্ত্রের বিভিন্ন প্রতিক্রিয়া হজমপ্রক্রিয়াকে প্রভাবিত করে।
অন্ত্রে সেরোটোনিন নামের রাসায়নিক বার্তাবাহক একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি অন্ত্রের পেশির সংকোচন-প্রসারণ বা পেরিস্টালসিস নিয়ন্ত্রণে সহায়তা করে। মানসিক চাপের কারণে অন্ত্রের এই কার্যক্রমে পরিবর্তন আসতে পারে, যার ফলে কিছু মানুষের মলত্যাগের তাগিদ বৃদ্ধি পায়।
বিবর্তনের সঙ্গে জড়িয়ে আছে যে কারণ
মানসিক চাপের সময় অন্ত্রের কার্যক্রমে পরিবর্তনের পেছনে বিবর্তনগত ব্যাখ্যা রয়েছে। বিপদের সম্মুখীন হলে শরীর দ্রুত পালানোর জন্য প্রস্তুত হয়। এ সময় হজমের মতো তুলনামূলক কম জরুরি কাজের পরিবর্তে তাৎক্ষণিক প্রতিক্রিয়াকে বেশি গুরুত্ব দেয় শরীর। অন্ত্র খালি হয়ে গেলে শরীরের ওজন কিছুটা কমে এবং দ্রুত চলাফেরা সহজ হয়ে যেতে পারে।
এছাড়া, খাবারের মাধ্যমে শরীরে ক্ষতিকর জীবাণু প্রবেশ করলে অন্ত্র ও মস্তিষ্কের মধ্যে সংকেত আদান-প্রদান ঘটে। তখন শরীর দ্রুত মলত্যাগের মাধ্যমে ক্ষতিকর উপাদান বের করে দেওয়ার চেষ্টা করতে পারে। বাইরের বিপদ এবং শরীরের ভেতরের সংক্রমণ—এই দুই ধরনের সংকেতের ক্ষেত্রে কিছু স্নায়বিক পথের ভূমিকা রয়েছে।
অন্ত্রের সুস্থতায় যা করবেন
দীর্ঘ সময় ধরে মানসিক চাপ ও উদ্বেগের মধ্যে থাকলে হজমের সমস্যা বৃদ্ধি পেতে পারে। তাই অন্ত্রের সুস্থতা বজায় রাখতে দৈনন্দিন অভ্যাসে কিছু পরিবর্তন আনার পরামর্শ দেওয়া হয়েছে প্রতিবেদনে।
এ ক্ষেত্রে অতিরিক্ত চিনি ও অ্যালকোহল এড়িয়ে চলা, অপ্রয়োজনে অ্যান্টিবায়োটিক সেবন না করা এবং দীর্ঘক্ষণ একটানা বসে না থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
অন্যদিকে, শিম, পেঁয়াজ, অ্যাসপারাগাস, আর্টিচোক ও বেরির মতো আঁশযুক্ত খাবার অন্ত্রের উপকারী জীবাণুর জন্য সহায়ক। পাশাপাশি টক দইয়ের মতো গাঁজন করা খাবার, নিয়মিত ব্যায়াম এবং পর্যাপ্ত ঘুমও অন্ত্রের সুস্থতায় ভূমিকা রাখতে পারে।
উল্লেখ্য, মানসিক চাপ কমাতে ধ্যান বা মেডিটেশনও সহায়ক হতে পারে। তবে দীর্ঘদিন ধরে ডায়রিয়া, পেটব্যথা কিংবা মলত্যাগের অভ্যাসে পরিবর্তন দেখা দিলে শুধুমাত্র মানসিক চাপকে দায়ী না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢালিউডের অভিনেতা ও প্রযোজক অনন্ত জলিল সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বার্তায় মহান আল্লাহর প্রতি নিজের ভরসার কথা প্রকাশ করেছেন। তিনি তাঁর প্রতি ভালোবাসা জানিয়ে ইতিবাচক মন্তব্য ও দোয়া করা ব্যক্তিদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।
শুক্রবার (১৩ নভেম্বর) সকালে নিজের ফেসবুক পেজে একটি পোস্টে অনন্ত জলিল পবিত্র কোরআনের কিছু আয়াতের অংশ উদ্ধৃত করেন। তিনি লেখেন, ‘ইয়্যাকা না’বুদু ওয়া ইয়্যাকা নাস্তা’ঈন।’ এর অর্থ হলো, ‘আমরা কেবল আপনারই ইবাদত করি এবং আপনার কাছেই সাহায্য প্রার্থনা করি।’
এরপর তিনি উল্লেখ করেন, ‘হাসবুনাল্লাহু ওয়া নি’মাল ওয়াকিল।’ এর মানে হলো আল্লাহই আমাদের জন্য যথেষ্ট এবং তিনিই উত্তম কর্মবিধায়ক।
পোস্টে অনন্ত জলিল জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে যাঁরা তাঁর জন্য দোয়া করেছেন, ইতিবাচক বার্তা দিয়েছেন এবং ভালোবাসা প্রকাশ করেছেন, তাঁদের প্রতি তিনি কৃতজ্ঞ। এই অভিনেতা তাঁদের সমর্থন ও শুভকামনার জন্য ভালোবাসা জানিয়েছেন।
অন্যদিকে, যাঁরা তাঁকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় থাকার বা দর্শক টানার উদ্দেশ্যে বিভিন্ন কনটেন্ট তৈরি করেছেন, তাঁদেরও ধন্যবাদ জানিয়েছেন অনন্ত জলিল। তবে তিনি তাঁদের জন্য আল্লাহর কাছে হেদায়েত কামনা করেছেন।
পোস্টের শেষে ‘আমিন’ লিখে সবার প্রতি শুভকামনা জানিয়েছেন এই অভিনেতা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
হবিগঞ্জ পৌরসভা কর্তৃপক্ষ ১৫তম থেকে ২০তম গ্রেডের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। মোট ১০টি পদে নিয়োগ দেওয়া হবে। আবেদন করার শেষ তারিখ আগামী ২০ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে।
চাকরির বিবরণ
১. পদের নাম: উচ্চমান সহকারী
পদসংখ্যা: ১
বেতন স্কেল ও গ্রেড
গ্রেড-১৫ এর জন্য বেতন নির্ধারিত হয়েছে ২২,৮০০-৫৫,২০০ টাকা।
২. পদের নাম: বাজার পরিদর্শক
পদসংখ্যা: ১
বেতন স্কেল ও গ্রেড
গ্রেড-১৪ এর ক্ষেত্রে বেতন হবে ২৩,৫০০-৫৬,৮০০ টাকা।
পদের নাম: সহকারী লাইসেন্স পরিদর্শক
পদসংখ্যা: ১
বেতন স্কেল ও গ্রেড
গ্রেড-১৬ এর জন্য বেতন ২১,৯০০-৫২,৯০০ টাকা।
৪. পদের নাম: সহকারী কর আদায়কারী
পদসংখ্যা: ১
বেতন স্কেল ও গ্রেড
গ্রেড-১৫ এর জন্য আবারও বেতন ২২,৮০০-৫৫,২০০ টাকা।
পদের নাম: নিম্নমান সহকারী কাম কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ১
বেতন স্কেল ও গ্রেড
গ্রেড-১৬ এর জন্য বেতন ২১,৯০০-৫২,৯০০ টাকা।
৬. পদের নাম: আদায়কারী (বাজার শাখা)
পদসংখ্যা: ১
বেতন স্কেল ও গ্রেড
গ্রেড-১৬ এর জন্য বেতন ২১,৯০০-৫২,৯০০ টাকা।
৭. পদের নাম: জিপচালক
পদসংখ্যা: ১
বেতন স্কেল ও গ্রেড
গ্রেড-১৬ এর জন্য বেতন ২১,৯০০-৫২,৯০০ টাকা।
৮. পদের নাম: বিদ্যুৎ মিস্ত্রি
পদসংখ্যা: ১
বেতন স্কেল ও গ্রেড
গ্রেড-১৬ এর জন্য বেতন ২১,৯০০-৫২,৯০০ টাকা।
৯. পদের নাম: পাম্পচালক
পদসংখ্যা: ১
বেতন স্কেল ও গ্রেড
গ্রেড-২০ এর জন্য বেতন ২০,০০০-৪৮,৪০০ টাকা।
১০. পদের নাম: অফিস সহায়ক
পদসংখ্যা: ১
বেতন স্কেল ও গ্রেড
আবেদনকারীদের বয়স হতে হবে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে, ২০ ডিসেম্বর ২০২৬ তারিখে।
বয়সসীমা
আবেদনপত্র এবং প্রয়োজনীয় কাগজপত্র ডাকযোগে অথবা সরাসরি প্রশাসক, হবিগঞ্জ পৌরসভা, হবিগঞ্জ বরাবর পাঠাতে হবে।
আবেদনের নিয়ম
১, ২ ও ৪ নম্বর পদের জন্য আবেদন ফি ৩০০ টাকা এবং অন্যান্য পদের জন্য ২০০ টাকা নির্ধারিত হয়েছে।
আবেদন ফি
আবেদনের শেষ তারিখ
২০ ডিসেম্বর ২০২৬
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ধর্মীয় শিক্ষা চর্চায় উৎসাহিত করার উদ্দেশ্যে এবং শিশুদের মধ্যে নৈতিক ও মানবিক মূল্যবোধ জাগ্রত করার লক্ষ্যে গোপালগঞ্জে মাদ্রাসাশিক্ষার্থীদের মাঝে পবিত্র কোরআন শরীফ বিতরণ করেছে বসুন্ধরা শুভসংঘ। বৃহস্পতিবার (১২ নভেম্বর) গোপালগঞ্জ সদর উপজেলার লতিফপুর ইউনিয়নের চর মানিকদাহ গ্রামের দারুল উলুম ইসলামিয়া মাদ্রাসার আটজন শিক্ষার্থীর হাতে কোরআন শরীফ তুলে দেওয়া হয়, যা সংগঠনটির গোপালগঞ্জ জেলা শাখার উদ্যোগে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করা হয়। এরপর ধর্মীয় ও নৈতিক শিক্ষার গুরুত্ব এবং শিশুদের চরিত্র গঠনে কোরআনের শিক্ষার ভূমিকা নিয়ে একটি সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি সুজন দাস, সাধারণ সম্পাদক তুর্য বিশ্বাস, যুগ্ম সাধারণ সম্পাদক টিপু বিশ্বাস ও আশরাফুল আলম নাজিম, সাংগঠনিক সম্পাদক অয়ন সাহা, দপ্তর সম্পাদক সীমান্ত পালসহ সংগঠনের অন্যান্য সদস্য, মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও বসুন্ধরা শুভসংঘের স্থানীয় বন্ধুরা।
মাদ্রাসার ইমাম হাফেজ হাফিজুর রহমান প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন। তিনি বলেন, ‘বর্তমান প্রজন্মের শিশুদের আধুনিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় ও নৈতিক শিক্ষায় শিক্ষিত করে তোলা অত্যন্ত জরুরি। একটি সুন্দর, অপরাধমুক্ত ও আলোকিত সমাজ গঠনে কোরআনের শিক্ষা কার্যকর ভূমিকা রাখতে পারে।’
বসুন্ধরা শুভসংঘ গোপালগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক তুর্য বিশ্বাস জানান, ‘বসুন্ধরা শুভসংঘ তৃণমূল পর্যায়ে বিভিন্ন মানবিক ও সেবামূলক কাজ করে যাচ্ছে। এ ধরনের উদ্যোগের মাধ্যমে শিশুদের ধর্মীয় শিক্ষা চর্চার সুযোগ তৈরি হচ্ছে। সমাজের কল্যাণে সংগঠনটির এ কার্যক্রম অব্যাহত থাকবে।’
বসুন্ধরা শুভসংঘ গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি সুজন দাস বলেন, ‘শিশুদের হাতে পবিত্র কোরআন শরীফ তুলে দিতে পেরে আমরা আনন্দিত। এ উদ্যোগের মাধ্যমে তাদের কোরআন পাঠের আগ্রহ বাড়বে বলে আশা করি। পাশাপাশি ধর্মীয় শিক্ষার চর্চা ও নৈতিক মূল্যবোধ বিকাশে এটি সহায়ক হবে। আমাদের এ উদ্যোগে সহযোগিতা করায় বসুন্ধরা গ্রুপের প্রতি কৃতজ্ঞতা জানাই।’
কোরআন শরীফ হাতে পেয়ে আনন্দ প্রকাশ করে মাদ্রাসার শিক্ষার্থী মো. যোবায়ের হোসেন বলেন, ‘আমাদের মাদ্রাসাটি নতুন। এখানে একটি পুরোনো কোরআন শরীফ ছিল। আজ আপনারা আমাদের নতুন কোরআন শরীফ দিয়েছেন। এতে আমার মন ভরে গেছে। আজ এশার নামাজের পর আপনাদের সবার জন্য দোয়া করব।’
অনুষ্ঠানে আটজন শিক্ষার্থীর হাতে কোরআন শরীফ তুলে দেওয়া হয়। তারা হলো—আমির হামজা, সাইফুল আলম, সুমন মাহমুদ, নাজিম উদ্দিন, নিয়ামুল হাসান, যোবায়ের হোসেন, রাশেদুল ইসলাম ও নূর নবী হাওলাদার। এদের মধ্যে পাঁচজন ক্বেরাত বিভাগের এবং তিনজন হেফজ বিভাগের শিক্ষার্থী।
এ সময় উপস্থিত স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বসুন্ধরা শুভসংঘের এ উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও কল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও সমগ্র মানবজাতির শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রাজধানীর বিভিন্ন স্থানে অনুষ্ঠিত উন্মুক্ত কনসার্টের প্রেক্ষাপটে কিশোরদের ধূমপান, বেপরোয়া চালচলন এবং সামাজিক মূল্যবোধের অবক্ষয় নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জনপ্রিয় ইসলামি বক্তা শাইখ আব্দুল হাই মুহাম্মাদ সাইফুল্লাহ। তিনি এসব অনুষ্ঠানের ওপর কঠোর নজরদারি বাড়ানোর আহ্বান জানিয়েছেন, যাতে সংস্কৃতি চর্চার আড়ালে কোনো ধরনের উচ্ছৃঙ্খলতা রোধ করা যায়। বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে তিনি এ বিষয়ে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট করেন। তার পোস্টটি যুগান্তরের পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো।
‘মহল্লায় অর্ধরাতের আগেই দেখি, খালি গা, হাতে হাতে সিগারেট! ভেতরে তামাক, নাকি অন্য কিছু- জানি না! চিৎকার করে কোরাসে গান গাইতে গাইতে একঝাঁক কিশোর ফিরছে! বয়স তেরো-চৌদ্দ-পনেরো।
ড্যাম কেয়ার ভঙ্গিতে ফিরছে কনসার্ট থেকে! মোহাম্মদপুর, আদাবর, শ্যামলী, কল্যাণপুরের বাসিন্দারা নিশ্চয়ই বুঝতে পারছেন, কী ধরনের প্রজন্ম বেড়ে উঠছে!
প্রশ্ন হলো, সাংস্কৃতিক আয়োজনের নামে এসব উন্মুক্ত কনসার্ট থেকে বিপথগামী কোনো তরুণ কি সুপথে ফিরেছে? মাদক ছেড়েছে? পড়ালেখায় মনোযোগী হয়েছে? মানসিক স্ট্রেস কমিয়ে দুর্দান্ত পড়ালেখায় মনোযোগ দিয়েছে, সমাজ মাদক জুয়ার নির্মূলে ঝাঁপিয়ে পড়েছে, বাজে বন্ধু বাদ দিয়েছে, বাবা-মায়ের প্রতি দায়িত্বশীল কিংবা বড়দের প্রতি শ্রদ্ধাশীল হয়েছে? নাকি উলটো উচ্ছৃঙ্খলতা ও মূল্যবোধহীনতাকেই স্বাভাবিক করে তোলা হচ্ছে?
সাম্প্রতিক কিছু বিনোদন আয়োজনে প্রকাশ্যে ধূমপান, মাদকের ব্যবহার, অশালীন আচরণ, কুরুচিপূর্ণ মেলামেশা, সামাজিক ও পারিবারিক মূল্যবোধকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ইঙ্গিতপূর্ণ বেলুন উড়িয়ে, দেশীয় লজ্জা ও চিরায়ত পারিবারিক ঐতিহ্য ছুঁড়ে ফেলে সমাজে অসভ্যতার বিস্তার ঘটানো হচ্ছে। যে চিত্র দেখা গেছে, তা উপেক্ষা করতে পারবেন?
যেখানে পাবলিক প্লেসে ধূমপান আইনত নিষিদ্ধ, সেখানে শিশু-কিশোরসহ সবার জন্য উন্মুক্ত আয়োজনে প্রকাশ্যে এসবের প্রদর্শন কোন সংস্কৃতি? একজন আরেকজনের কাঁধে চড়ে নেশার আহ্বান করছে! এগুলো কি আমাদের উঠতি প্রজন্মের কাছে অসভ্যতাকে স্বাভাবিক করে তুলছে না?
অন্যদিকে ধর্মীয় আয়োজনের মাধ্যমে অসংখ্য তরুণ মাদক ও জুয়া ছেড়ে সুস্থ জীবনে ফিরছে, বাবা-মায়ের প্রতি দায়িত্বশীল হচ্ছে, ঘুস-দুর্নীতি ও অনৈতিকতা থেকে বাঁচার শপথ নিচ্ছে। শতভাগ সফলতা না থাকলেও সমাজ ও আইনশৃঙ্খলায় এসব আয়োজনের ইতিবাচক প্রভাব অস্বীকার করার উপায় নেই।
সরকারের উচিত, বক্তাদের যথাযথ প্রশিক্ষণ ও ওয়ার্কশপের মাধ্যমে তরুণ প্রজন্মের মনস্তত্ত্ব বুঝে আরও কার্যকর ও গঠনমূলক আলোচনায় উদ্বুদ্ধ করা।
সবচেয়ে উদ্বেগের বিষয়, যেখানেই যাই সেখানেই আমাদের কাছে পরিবারগুলি নানান নাসীহা করার আবদার নিয়ে আসেন! যে বয়সে কিশোর গ্যাং, মাদক ও জুয়া আমাদের তরুণ প্রজন্মকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে, ঠিক সেই সময়েই কিছু আয়োজন উচ্ছৃঙ্খলতা ও মূল্যবোধহীনতাকে বিনোদনের নামে উদযাপন করতে শেখাচ্ছে!
একদিকে দেশ ও জাতির চরিত্র গঠনের আহ্বান, অন্যদিকে সাংস্কৃতিক চর্চার নামে লাগামহীন আয়োজন! সংস্কৃতির নামে যা খুশি তা-ই করার স্বাধীনতা হতে পারে না। দায়িত্বশীল মহল বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করবেন, এটাই প্রত্যাশা। লাগামটা ছিঁড়ে যেতে দিয়েন না, প্লিজ!’
তালাশ বিডি/মিডিয়া লিঃ