প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ধর্মীয় শিক্ষা চর্চায় উৎসাহিত করার উদ্দেশ্যে এবং শিশুদের মধ্যে নৈতিক ও মানবিক মূল্যবোধ জাগ্রত করার লক্ষ্যে গোপালগঞ্জে মাদ্রাসাশিক্ষার্থীদের মাঝে পবিত্র কোরআন শরীফ বিতরণ করেছে বসুন্ধরা শুভসংঘ। বৃহস্পতিবার (১২ নভেম্বর) গোপালগঞ্জ সদর উপজেলার লতিফপুর ইউনিয়নের চর মানিকদাহ গ্রামের দারুল উলুম ইসলামিয়া মাদ্রাসার আটজন শিক্ষার্থীর হাতে কোরআন শরীফ তুলে দেওয়া হয়, যা সংগঠনটির গোপালগঞ্জ জেলা শাখার উদ্যোগে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করা হয়। এরপর ধর্মীয় ও নৈতিক শিক্ষার গুরুত্ব এবং শিশুদের চরিত্র গঠনে কোরআনের শিক্ষার ভূমিকা নিয়ে একটি সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি সুজন দাস, সাধারণ সম্পাদক তুর্য বিশ্বাস, যুগ্ম সাধারণ সম্পাদক টিপু বিশ্বাস ও আশরাফুল আলম নাজিম, সাংগঠনিক সম্পাদক অয়ন সাহা, দপ্তর সম্পাদক সীমান্ত পালসহ সংগঠনের অন্যান্য সদস্য, মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও বসুন্ধরা শুভসংঘের স্থানীয় বন্ধুরা।
মাদ্রাসার ইমাম হাফেজ হাফিজুর রহমান প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন। তিনি বলেন, ‘বর্তমান প্রজন্মের শিশুদের আধুনিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় ও নৈতিক শিক্ষায় শিক্ষিত করে তোলা অত্যন্ত জরুরি। একটি সুন্দর, অপরাধমুক্ত ও আলোকিত সমাজ গঠনে কোরআনের শিক্ষা কার্যকর ভূমিকা রাখতে পারে।’
বসুন্ধরা শুভসংঘ গোপালগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক তুর্য বিশ্বাস জানান, ‘বসুন্ধরা শুভসংঘ তৃণমূল পর্যায়ে বিভিন্ন মানবিক ও সেবামূলক কাজ করে যাচ্ছে। এ ধরনের উদ্যোগের মাধ্যমে শিশুদের ধর্মীয় শিক্ষা চর্চার সুযোগ তৈরি হচ্ছে। সমাজের কল্যাণে সংগঠনটির এ কার্যক্রম অব্যাহত থাকবে।’
বসুন্ধরা শুভসংঘ গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি সুজন দাস বলেন, ‘শিশুদের হাতে পবিত্র কোরআন শরীফ তুলে দিতে পেরে আমরা আনন্দিত। এ উদ্যোগের মাধ্যমে তাদের কোরআন পাঠের আগ্রহ বাড়বে বলে আশা করি। পাশাপাশি ধর্মীয় শিক্ষার চর্চা ও নৈতিক মূল্যবোধ বিকাশে এটি সহায়ক হবে। আমাদের এ উদ্যোগে সহযোগিতা করায় বসুন্ধরা গ্রুপের প্রতি কৃতজ্ঞতা জানাই।’
কোরআন শরীফ হাতে পেয়ে আনন্দ প্রকাশ করে মাদ্রাসার শিক্ষার্থী মো. যোবায়ের হোসেন বলেন, ‘আমাদের মাদ্রাসাটি নতুন। এখানে একটি পুরোনো কোরআন শরীফ ছিল। আজ আপনারা আমাদের নতুন কোরআন শরীফ দিয়েছেন। এতে আমার মন ভরে গেছে। আজ এশার নামাজের পর আপনাদের সবার জন্য দোয়া করব।’
অনুষ্ঠানে আটজন শিক্ষার্থীর হাতে কোরআন শরীফ তুলে দেওয়া হয়। তারা হলো—আমির হামজা, সাইফুল আলম, সুমন মাহমুদ, নাজিম উদ্দিন, নিয়ামুল হাসান, যোবায়ের হোসেন, রাশেদুল ইসলাম ও নূর নবী হাওলাদার। এদের মধ্যে পাঁচজন ক্বেরাত বিভাগের এবং তিনজন হেফজ বিভাগের শিক্ষার্থী।
এ সময় উপস্থিত স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বসুন্ধরা শুভসংঘের এ উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও কল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও সমগ্র মানবজাতির শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন