মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর, ২০২৬ ইং
১২:৪৫ এম
রাজশাহীতে চাউল ব্যবসায়ীদের কাছ থেকে প্রায় কোটি টাকা নিয়ে এক ব্যবসায়ী উধাও হওয়ার অভিযোগ উঠেছে। ব্যবসায়ীদের দাবি, জেলার নওহাটা, মৌগাছি ও কেশরহাট এলাকার অর্ধশতাধিক ব্যবসায়ী তার কাছে টাকা পাওনা রয়েছেন। নওহাটার ২৮ ব্যবসায়ীর পাওনা প্রায় ৬২ লাখ টাকা বলে জানা গেছে।
সোমবার সকালে পবার নওহাটা বাজারে সংবাদ সম্মেলনে ভুক্তভোগী ব্যবসায়ীরা এসব অভিযোগ তুলে ধরেন। লিখিত বক্তব্যে চাউল ব্যবসায়ী আব্দুর রব জানান, তারা প্রায় এক বছর ধরে মেহেরচণ্ডী এলাকার ওয়াহিদুজ্জামান শিশু এবং তার ব্যবসায়িক সহযোগী আজমীর রহমানের সঙ্গে চাউলের ব্যবসা করে আসছিলেন। শুরুতে নিয়মিত লেনদেন হলেও গত আগস্ট মাস থেকে পাওনা পরিশোধে অনিয়ম শুরু হয়। ব্যবসায়ীদের দাবি, গত ১৭ সেপ্টেম্বর তারা জানতে পারেন আজমীর রহমান এলাকা ছেড়ে গেছেন এবং তার মোবাইল ফোন বন্ধ রয়েছে। নওহাটার ২৮ ব্যবসায়ীর প্রায় ৬২ লাখ টাকার পাশাপাশি মৌগাছি ও কেশরহাটের ব্যবসায়ীদের কাছে আরও ৪০ লাখ টাকার বেশি পাওনা রয়েছে বলে তারা জানান।
ভুক্তভোগীদের অভিযোগ, আজমীরের সহযোগী ওয়াহিদুজ্জামান শিশু তাদের পাওনা টাকা চাইলে দুর্ব্যবহার ও হুমকি দিয়েছেন। ব্যবসায়ীরা অভিযোগ করেন, তারা দুজন মিলে প্রতারণা করেছেন। বিষয়টি নিয়ে থানায় অভিযোগ করতে গেলে তাদের অভিযোগ গ্রহণ করা হয়নি বলে দাবি করেন তারা। সংবাদ সম্মেলনে ব্যবসায়ীরা আজমীর রহমানকে শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান, ওয়াহিদুজ্জামান শিশুর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার এবং পাওনা টাকা উদ্ধারে প্রশাসনের হস্তক্ষেপের আহ্বান করেন। আরএমপির মুখপাত্র গাজিউর রহমান বলেন, লেনদেনজনিত পাওনা আদায়ের বিষয়টি দেওয়ানি আদালতের মাধ্যমে নিষ্পত্তি করা যেতে পারে। তবে ফৌজদারি অপরাধের প্রমাণ থাকলে পুলিশ আইনগত ব্যবস্থা নেবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রাজশাহীর বাঘা এলাকায় স্ত্রী জুসি খাতুনকে (৩০) ধারালো হাঁসুয়া দিয়ে হত্যা করার অভিযোগে প্রধান আসামী স্বামী জহুরুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে বাঘা থানার পুলিশ গোপন তথ্যের ভিত্তিতে ঘটনার ৬ দিন পর চারঘাট উপজেলার নিমপাড়া ইউনিয়নের রামচন্দ্রপুর এলাকা থেকে তাকে আটক করে। জহুরুল ইসলাম (৪০) বাঘা উপজেলার আড়ানী ইউনিয়নের খোর্দ্দবাউসা গ্রামের ইনছার আলীর সন্তান।
বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকাল ৪টার দিকে আড়ানী খোর্দ্দবাউসা গ্রামে তার স্বামী জহুরুল প্রকাশ্যে নিজ বাড়িতে এই হত্যার ঘটনা ঘটান। নিহত জুসি খাতুন বাগাতিপাড়া উপজেলার পাঁকা ইউনিয়নের মালিগাছা গ্রামের লুৎফর রহমানের কন্যা। ওই দিন নিহতের পিতা লুৎফর রহমান বাদি হয়ে বাঘা থানায় ৬ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ১৬ সেপ্টেম্বর জহুরুল ইসলাম কাজ শেষে মাঠ থেকে বাড়ি ফেরেন। এ সময় তার দেড় বছরের সন্তান জায়ান হোসেন কান্নাকাটি করছিল। জহুরুল তার স্ত্রীকে ছেলেকে থামাতে বলেন। এর আগে ঋণের কিস্তির টাকা নিতে এসে এনজিও মাস্টার গালমন্দ করে চলে যায়। এই নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কথাকাটাকাটির এক পর্যায়ে জহুরুল খেজুরের গাছ ঝোড়া ধারালো হাঁসুয়া দিয়ে স্ত্রীকে হত্যা করেন। স্ত্রীকে হত্যা করার পর তিনি বাড়ির পাশে খোর্দ্দবাউসা বাজারে গিয়ে একটি চায়ের দোকানে গিয়ে বলেন, "আমার আগে পিছে কিছুই নেই, আমি আজ থেকে মুক্ত"। এরপর তিনি সেখান থেকে পালিয়ে আত্মগোপনে চলে যান। তাদের ৯ বছর আগে সামাজিকভাবে বিয়ে হয়েছিল এবং তাদের দুটি সন্তান রয়েছে, দেড় বছরের জায়ান হোসেন এবং ৭ বছরের জিহাদ হোসেন।
বাঘা থানার তদন্ত ওসি সুপ্রভাত মন্ডল জানান, গোপন সংবাদের ভিত্তিতে স্ত্রী হত্যা মামলার প্রধান আসামী জহুরুলকে আটক করা হয়েছে এবং পরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
‘মাদক সেবন আর নয়, তারুণ্য যদি সজাগ হয়’- এই শ্লোগানকে সামনে রেখে পাবনার চাটমোহরে ৬টি গ্রামের মানুষের যৌথ উদ্যোগে একটি মাদকবিরোধী বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। তারা এলাকার মাদক ব্যবসায়ী ওমর আলীর বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছেন।
রবিবার (২০ সেপ্টেম্বর) বিকেল ৫টায় উপজেলার পার্শ্বডাঙ্গা ইউনিয়নের কৃষ্ণপুর, আড়িংগাইল, মল্লিকবাইন তিন মাথা মোড়ে এই কর্মসূচী অনুষ্ঠিত হয়। সুস্থ সমাজ গড়ার উদ্দেশ্যে এলাকার মাদক সম্রাট ওমর ও তার সহযোগীদের হুমকির বিরুদ্ধে এই মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে সভাপতিত্ব করেন আজির উদ্দিন প্রামানিক এবং সঞ্চালনা করেন ফয়সাল কবির। বক্তব্য রাখেন পার্শ্বডাঙ্গা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রবিউল করিম তারেক, ৬টি গ্রামের সম্মিলিত কবরস্থান হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার সাধারণ সম্পাদক মোক্তার হোসেন খান, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা আব্দুস সালাম, মাদ্রাসার মুহতামিম হাসিবুল ইসলাম শান্ত, সদস্য মোহাম্মদ আলী ফারুকী, পার্শ্বডাঙ্গা ইউনিয়নের ২ নাম্বার ওয়ার্ড ইউপি সদস্য মনজিল হোসেন, সাংবাদিক শাহীন রহমান, রাসেল, মাসুম রানা, কাওসার, মানসুক আলম প্রমুখ।
বক্তারা বলেন, চাটমোহরের সবচেয়ে বড় মাদক ডিলার ও ব্যবসায়ী হলো ওমর আলী। দীর্ঘ বছর ধরে তার বাড়ি থেকে ইয়াবা ও গাঁজা বিক্রি হয়ে আসছে। তার কারণে এলাকায় মাদকসেবীর সংখ্যা ক্রমাগত বেড়ে চলেছে। তবে প্রশাসন তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারছে না। তিনি পুলিশের তালিকাভুক্ত চিহ্নিত মাদক ব্যবসায়ী। এলাকার শিশু, কিশোর, তরুণ, যুবক ও বৃদ্ধরা মাদকে আসক্ত হয়ে পড়ছে। সমাজে চুরি ও বিশৃঙ্খলার মাত্রা বেড়ে গেছে। বক্তারা বলেন, মাদক ব্যবসায়ী ওমরকে মাদক ব্যবসা ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসতে হবে, নাহলে তাকে এলাকা ছাড়তে হবে। নিজেদের সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে সবাইকে এগিয়ে আসতে হবে। মাদক সম্রাট ওমর নিজে মাদক ব্যবসা করে কিভাবে এলাকার মানুষকে হুমকি দেয়, তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন বক্তারা। তারা প্রত্যেক ওয়ার্ডে ও গ্রামে মাদকবিরোধী কমিটি গঠন করে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।
এর আগে মহেলা, মল্লিকপুর, কৃষ্ণপুর, আড়িংগাইল, মল্লিকবাইন, বারোকনা গ্রামের পাঁচ শতাধিক মানুষ মল্লিকবাইন দাখিল মাদ্রাসার সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রাজশাহীর বাগমারা উপজেলার ১৬ নং সোনাডাঙ্গা ইউনিয়নের বিভিন্ন স্থানে গণসংযোগ পরিচালনা করেছেন বাগমারা আসনের সংসদ সদস্য ডাঃ আব্দুল বারী সরদার।
সোমবার বিকেলে তিনি সোনাডাঙ্গা ইউনিয়নের বিভিন্ন স্থানে গণসংযোগ করেন। পরবর্তীতে সোনাডাঙ্গা মাঠে আয়োজিত ফুটবল টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সন্ধ্যায় নাসিরগঞ্জ ডিগ্রি কলেজ মাঠে ইউনিয়ন জামায়াতের উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন এমপি ডাঃ আব্দুল বারী সরদার।
সভায় ডাঃ আব্দুল বারী সরদার উল্লেখ করেন, "বাগমারার প্রতিটি ইউনিয়নের মানুষের জীবনমান উন্নয়নে কাজ করা হবে। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, যোগাযোগব্যবস্থা, রাস্তাঘাট ও অবকাঠামোগত উন্নয়নসহ জনসাধারণের প্রয়োজনীয় বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া হচ্ছে।" তিনি আরও বলেন, "প্রত্যন্ত এলাকার মানুষের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দিতে সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয় করে কাজ করা হবে।"
তিনি সোনাডাঙ্গা ইউনিয়নের উন্নয়নের জন্য পর্যায়ক্রমে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা জানান। তিনি বলেন, "এলাকার রাস্তাঘাটের উন্নয়ন, শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশের উন্নতি, কৃষকদের সুবিধা বৃদ্ধি এবং তরুণদের খেলাধুলার সুযোগ সৃষ্টি করতে উদ্যোগ নেওয়া হবে। উন্নয়নের সুফল যেন ইউনিয়নের প্রতিটি গ্রামের মানুষ পায়, সে লক্ষ্যেই কাজ করা হবে।"
পথসভায় সভাপতিত্ব করেন সোনাডাঙ্গা ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা জালাল উদ্দিন।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমীর আবুল হোসাইন, সাবেক সেক্রেটারি সহকারী অধ্যাপক অহিদুল ইসলাম, ভবানীগঞ্জ পৌর জামায়াতের আমীর আশরাফুল ইসলাম আশিক, উপজেলা ছাত্রশিবিরের সভাপতি নাদিম মোস্তফা ও সেক্রেটারি সাব্বির আহমেদ।
সভায় সোনাডাঙ্গা ইউনিয়ন জামায়াতের নেতৃবৃন্দ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
যশোরের মণিরামপুরে বালিধা-পাঁচাকড়ি দাখিল মাদ্রাসার মাঠের মাঝ থেকে রাস্তা অপসারণ এবং সুপার-শিক্ষককের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এই মানববন্ধনে অংশগ্রহণ করেন প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা। রোববার বেলা ১২টার দিকে মাদ্রাসার সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনের শেষে শিক্ষক এবং শতাধিক শিক্ষার্থী প্রতিষ্ঠানের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন।
মানববন্ধনে সুপার আবু বক্কার সিদ্দিক এবং সহকারি সুপার আব্দুল হামিদ রাস্তাটি অপসারণের দাবি জানিয়ে বলেন, বালিধা-পাঁচাকড়ি দাখিল মাদ্রাসাটি ১৯৬০ সালে প্রতিষ্ঠিত হয়। ৭৪ সালের পরে স্থানীয় আকুঞ্জিপাড়ার কয়েকটি পরিবারের চলাচলের সুবিধার্থে মাদ্রাসার মাঠের মাঝ দিয়ে ঘরোয়াভাবে একটি কাঁচা রাস্তা তৈরি করা হয়। কিন্তু, রাস্তাটি প্রতিষ্ঠানের মাঝ দিয়ে তৈরি হওয়ায় শিক্ষার্থীদের চলাচল এবং খেলাধুলায় বিঘ্ন ঘটাচ্ছে, পাশাপাশি দুর্ঘটনার ঝুঁকিও বৃদ্ধি পাচ্ছে।
সুপার আরও বলেন, এই কারণে প্রতিষ্ঠানের উত্তর-পশ্চিম পাশ দিয়ে আমরা একটি বিকল্প রাস্তা তৈরি করেছি, যাতে এলাকার মানুষ সহজে চলাচল করতে পারেন। স্থানীয় কিছু কুচক্রী ব্যক্তি প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ণ করার জন্য বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন। এর অংশ হিসেবে চলতি মাসের ১৫ সেপ্টেম্বর আমার এবং শিক্ষকদের বিরুদ্ধে আদালতে হয়রানিমূলক মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। রাস্তা নিয়ে মিথ্যা সাজানো ও হয়রানিমূলক মামলা প্রত্যাহার এবং শিক্ষার্থীদের নির্বিঘ্নে চলাচলের জন্য মানববন্ধনের মাধ্যমে প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রশাসনের উর্ধতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ সম্রাট হোসেন জানান, "বিষয়টি আমি শুনেছি, ঘটনাস্থল তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।"
তালাশ বিডি/মিডিয়া লিঃ