০৩:৪৩ পি.এম
ডেঙ্গু নিয়ন্ত্রণের জন্য সিটি কর্পোরেশনের পাশাপাশি নগরবাসীকেও তাদের নিজ নিজ বাড়ি ও আশপাশ পরিষ্কার রাখার দায়িত্ব নিতে হবে, এমন মন্তব্য করেছেন রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
তিনি উল্লেখ করেন, প্রতিদিন অন্তত ১০ মিনিট নিজ বাড়ি ও আশপাশ পরিষ্কারে ব্যয় করলে সম্মিলিতভাবে ঢাকাকে ডেঙ্গুমুক্ত করা সম্ভব হবে।
শনিবার (৩ অক্টোবর) রাজধানীর মুগদায় অনুষ্ঠিত মশকের প্রজননস্থল ধ্বংস, ডেঙ্গু নিয়ন্ত্রণ, বৃক্ষরোপণ ও জনসচেতনতামূলক সমাবেশে তিনি এসব কথা বলেন।
আরও পড়ুন: আইনজীবী নেতাদের কাছে চাঁদা দাবি, মোল্লা ইয়ামিন ও তার পরিবার গ্রেফতার
হাবিবুর রশিদ হাবিব আরও বলেন, ঢাকাকে পরিষ্কার-পরিচ্ছন্ন ও বাসযোগ্য করতে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। এর অংশ হিসেবে প্রতি শনিবারকে সিটি কর্পোরেশনের ক্লিনিং ডে হিসেবে ঘোষণা করা হয়েছে। তবে, শুধুমাত্র সিটি কর্পোরেশন বা সরকারের একার পক্ষে ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয়। এজন্য নগরবাসীর সচেতন ও সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত প্রয়োজন।
মুগদা হাসপাতালের প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, ঢাকা শহরের ডেঙ্গু আক্রান্তদের একটি বড় অংশ মুগদা হাসপাতালে চিকিৎসা নিতে আসে। প্রধানমন্ত্রীর নির্দেশে স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্যমন্ত্রী মুগদা হাসপাতালকে স্থানীয় জনগণের পাশাপাশি ঢাকার জনগণের ডেঙ্গু চিকিৎসার দায়িত্ব দিয়েছেন।
ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালামের কর্মকাণ্ডের প্রশংসা করে প্রতিমন্ত্রী বলেন, তিনি রাতদিন কাজ করে ডেঙ্গু নিয়ন্ত্রণের পাশাপাশি নর্দমা পরিষ্কার ও নগরবাসীর জন্য সুন্দর পরিবেশ নিশ্চিত করার চেষ্টা করছেন। একইভাবে নগরবাসীকেও তাদের নিজ নিজ বাড়ি ও আশপাশ পরিষ্কার রাখতে হবে।
সমাবেশে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালামসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: এয়ার অ্যাম্বুলেন্সে নারীর মৃত্যু, তামাবিল দিয়ে লাশ হস্তান্তর
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন