ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং
পদত্যাগ নিয়ে ছাত্রদল নেত্রী

প্রতিবাদ করলে বহিষ্কারই হতে হয়, স্বেচ্ছায় চলে যাওয়াই ভালো: সুমাইয়া সুলতানা ছিয়া


প্রতিবাদ করলে বহিষ্কারই হতে হয়, স্বেচ্ছায় চলে যাওয়াই ভালো: সুমাইয়া সুলতানা ছিয়া

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক কমিটির সদস্য পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন সুমাইয়া সুলতানা ছিয়া।

পদত্যাগের বিষয়ে নিজের অবস্থান তুলে ধরে সুমাইয়া বলেন, "প্রতিবাদ করলে বহিষ্কারই হতে হয়। বহিষ্কার থেকে স্বেচ্ছায় চলে যাওয়াই ভালো না?"

বৃহস্পতিবার (১ অক্টোবর) রাতে নিজের ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে পদত্যাগের বিষয়টি জানান তিনি।

আরও পড়ুন: প্রাথমিক শিক্ষকদের ৩ দাবি আদায়ে নতুন কর্মসূচি ঘোষণা

সুমাইয়া সুলতানা ছিয়া বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের ৫২তম আবর্তনের শিক্ষার্থী।

পোস্টে তিনি উল্লেখ করেন, দীর্ঘদিন ধরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ, বাংলাদেশি জাতীয়তাবাদ এবং গণতন্ত্রের প্রতি বিশ্বাস রেখে রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন। তবে তিনি মনে করেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বর্তমান রাজনৈতিক ও সাংগঠনিক পরিস্থিতি তার রাজনৈতিক বিশ্বাস, মূল্যবোধ ও প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

তিনি লেখেন, সংগঠনের অভ্যন্তরীণ বিভিন্ন বিষয়, অনাকাঙ্ক্ষিত ঘটনা এবং সামগ্রিক রাজনৈতিক পরিবেশ তাকে গভীরভাবে ভাবিয়েছে। নিজের বিবেক ও মূল্যবোধের জায়গা থেকে তিনি এ মুহূর্তে বিশ্ববিদ্যালয়ের রাজনীতি থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছেন।

পদত্যাগের কারণ ব্যাখ্যা করে সুমাইয়া বলেন, "আমার এই পদত্যাগকে কোনোভাবেই জাতীয়তাবাদী রাজনীতি থেকে আমার সরে দাঁড়ানো হিসেবে দেখার সুযোগ নেই। আমি পদ থেকে সরে দাঁড়াচ্ছি, আদর্শ থেকে নয়।"

আরও পড়ুন: জাতীয়কৃত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের জন্য জরুরি এমপিও নির্দেশনা

তিনি জানান, এটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের রাজনীতি থেকে তার সাময়িক বিরতি। ভবিষ্যতে সংগঠনটি শহীদ জিয়ার আদর্শ, শৃঙ্খলা, নীতি ও সাংগঠনিক মূল্যবোধের ভিত্তিতে পরিচালিত হচ্ছে মনে হলে পুনরায় সক্রিয় হওয়ার বিষয়টি বিবেচনা করবেন তিনি।

পরে নিজের পোস্টের মন্তব্যের ঘরে দেওয়া এক রিপ্লেতে সুমাইয়া পদত্যাগের বিষয়ে নিজের অবস্থান আবারও তুলে ধরেন। সেখানে তিনি লেখেন, "প্রতিবাদ করলে বহিষ্কারই খেতে হয়। বহিষ্কার থেকে স্বেচ্ছায় চলে যাওয়াই ভালো না?"

এ বিষয়ে ছাত্রদলের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবর বলেন, তিনি ব্যক্তিগত ইচ্ছা থেকে এমন সিদ্ধান্ত নিয়েছেন। এ বিষয়ে তার কোনো মন্তব্য নেই।

উল্লেখ্য, সুমাইয়া সুলতানা ছিয়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে ছাত্রদল-সমর্থিত প্যানেল থেকে কার্যকরী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করেন।

আরও পড়ুন: জাবির ১১ শিক্ষার্থী ১৮তম বিজেএসে সুপারিশপ্রাপ্ত, প্রশাসনের অভিনন্দন

এর আগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেত্রী আঞ্জুমান ইকরাকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জামায়াত নেতা আখতারুজ্জামানকে এক দিনের রিমান্ডে পাঠালো আদালত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৩ই অক্টোবর, ২০২৬ ইং

০৩:৪৪ পি.এম


জামায়াত নেতা আখতারুজ্জামানকে এক দিনের রিমান্ডে পাঠালো আদালত

বিমানবন্দর থানার মামলায় জামায়াত নেতা ও মেজর (অব.) আখতারুজ্জামানের একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শনিবার (৩ অক্টোবর) দুপুরে আদালতে তোলা হলে পুলিশ তার পাঁচ দিনের রিমান্ড আবেদন করে। শুনানি শেষে আদালত তার একদিনের রিমান্ড মঞ্জুর করেন।

আদালতে শুনানির সময় নিজের বিরুদ্ধে আনা অভিযোগ নিয়ে কথা বলেন আখতারুজ্জামান। তিনি বলেন, "বাংলাদেশ সোনার বাংলাদেশ ছিল, সবাই লুটেপুটে খাচ্ছে। প্রসিকিউশন প্রমাণ করুক, আমার অপরাধ প্রমাণ করুক, আমি ফাঁসিতে যাব।"

মামলাটিকে ষড়যন্ত্র দাবি করে তিনি আরও বলেন, "এটা ষড়যন্ত্র, মামলা থানায় রুজুর আগেই ডিবি পুলিশ আমার বাসায় হাজির।"

এর আগে, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালককে হুমকি এবং নিরাপত্তা সুপারভাইজারকে মারধরের অভিযোগে গ্রেপ্তার হন আখতারুজ্জামান। শুক্রবার (২ অক্টোবর) রাত সোয়া ৭টার দিকে তাকে বিমানবন্দর থানায় হস্তান্তর করে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বিষয়টি নিশ্চিত করে বিমানবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল হাসান তালুকদার বলেন, "ডিবি আখতারুজ্জামানকে থানায় দিয়ে গেছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।"

পুলিশ সূত্রে জানা যায়, বিমানবন্দর থানায় দায়ের করা কাজে বাধা দেওয়ার মামলায় আখতারুজ্জামানকে জিজ্ঞাসাবাদ করা হবে। মামলার তদন্তসহ পরবর্তী আইনি কার্যক্রম বিমানবন্দর থানা পুলিশ পরিচালনা করবে।

এর আগে, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রলি সংকটকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টি, সরকারি কাজে বাধা এবং মারধরের অভিযোগে আখতারুজ্জামানকে গ্রেপ্তার করা হয়। তার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন ডিবি প্রধান শফিকুল ইসলাম।

একই দিন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তা মো. শাহরিয়ার আলম সজিব বিমানবন্দর থানায় আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা করেন।

মামলার এজাহারে বলা হয়েছে, ব্যাপক যাত্রীচাপের কারণে বৃহস্পতিবার (১ অক্টোবর) মদিনা থেকে আসা বাংলাদেশ বিমানের ফ্লাইট BG-338-এর লাগেজ পেতে বিলম্ব হয়। এতে যাত্রীরা ক্ষুব্ধ হয়ে পড়েন। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ ঘটনাস্থলে গেলে আখতারুজ্জামান তাকে অকথ্য ভাষায় গালাগাল করেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

এজাহারে আরও বলা হয়, একপর্যায়ে আখতারুজ্জামান নির্বাহী পরিচালককে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়ার পাশাপাশি মারধরের হুমকি দেন। একই ঘটনায় তিনি বিমানমন্ত্রীকে নিয়েও অশালীন মন্তব্য করেন বলে অভিযোগ করা হয়েছে।

এ ছাড়া আখতারুজ্জামানের সঙ্গে থাকা ব্যক্তিরা বিমানবন্দরের সংরক্ষিত এলাকায় ভিডিও ধারণ শুরু করলে নিরাপত্তা সুপারভাইজার ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ কামাল উদ্দিন তাদের বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে আখতারুজ্জামান তাকে গালাগাল ও শারীরিকভাবে লাঞ্ছিত করেন বলেও এজাহারে উল্লেখ করা হয়েছে।

এজাহারে আরও অভিযোগ করা হয়, সাধারণ যাত্রীদের জমজমের পানির বোতল ছুড়ে ফেলা এবং বিমান বাংলাদেশ প্রতিনিধির সঙ্গে মারমুখী আচরণ করেন আখতারুজ্জামান।

এসব ঘটনায় সরকারি কাজে বাধা, মারধর ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে দণ্ডবিধির একাধিক ধারায় তার বিরুদ্ধে মামলা করা হয়েছে। ঘটনার বিষয়ে সিসিটিভি ফুটেজ ও সাক্ষ্যের ভিত্তিতে তদন্ত চলছে।

উল্লেখ্য, অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামান এর আগে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে তিনি একাধিকবার বিএনপি থেকে বহিষ্কৃত হন। সর্বশেষ ২০২৫ সালের ১৩ ডিসেম্বর তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচে আম্পায়ারের বড় ভুল সিদ্ধান্ত

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ৩ই অক্টোবর, ২০২৬ ইং

০৩:৪৮ পি.এম


বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচে আম্পায়ারের বড় ভুল সিদ্ধান্ত

জাপানের নাগোয়ার নিশিন করোগি স্পোর্টস পার্কে অনুষ্ঠিত এশিয়ান গেমস ক্রিকেটের ব্রোঞ্জ নির্ধারণী ম্যাচটি একটি অনাকাঙ্ক্ষিত বিতর্কের সৃষ্টি করেছে। পুরো আসরজুড়ে ডিআরএস-এর মতো অপরিহার্য প্রযুক্তির অভাব স্পষ্টভাবে লক্ষ্য করা গেছে। এই প্রযুক্তির অভাব ব্রোঞ্জ নির্ধারণী ম্যাচে শ্রীলঙ্কান ব্যাটার নুয়ানিদু ফার্নান্দোর জন্য একটি বড় সমস্যা হয়ে দাঁড়ায়।

ঘটনাটি ঘটেছিল ম্যাচের চতুর্থ ওভারে। স্পিনার আলিস আল ইসলামের বল ফার্নান্দোর ব্যাটের কোণ ছুঁয়েছে বলে বাংলাদেশি ফিল্ডাররা জোরালো আবেদন করেন এবং উইকেটরক্ষক লিটন দাস সহজেই বলটি গ্লাভসে ধরেন। ফিল্ডারদের আবেদনের পর আম্পায়ার আউটের সংকেত দিলে বাংলাদেশের ক্রিকেটাররা উল্লাসে মেতে ওঠেন।

কিন্তু পরবর্তীতে টেলিভিশন রিপ্লেতে স্পষ্ট দেখা যায় যে, ব্যাট এবং বলের মাঝে যথেষ্ট ফাঁক ছিল, অর্থাৎ বলটি ফার্নান্দোর ব্যাটে স্পর্শই করেনি! তবে ডিআরএস বা থার্ড আম্পায়ার রিভিউয়ের সুযোগ না থাকায় এই লঙ্কান ব্যাটারকে চরম হতাশার সঙ্গে সাজঘরের দিকে ফিরতে হয়।

প্রযুক্তির অভাবের কারণে বাংলাদেশের পক্ষে অন-ফিল্ড আম্পায়ারের মারাত্মক ভুল সিদ্ধান্তের দিনেও শ্রীলঙ্কার কাছে ৬৩ রানের বড় ব্যবধানে পরাজিত হয়েছে টাইগাররা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডিএসসিসির ডিমের বাজারে অভিযান, দাম সহনীয় রাখার চেষ্টা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৩ই অক্টোবর, ২০২৬ ইং

০৩:৪৯ পি.এম


ডিএসসিসির ডিমের বাজারে অভিযান, দাম সহনীয় রাখার চেষ্টা

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) কর্তৃক বিভিন্ন কাঁচাবাজারে একযোগে বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। এই অভিযানটি ভোক্তা পর্যায়ে ডিমের দাম সহনীয় রাখার, অতিরিক্ত মুনাফা রোধের এবং বাজারে শৃঙ্খলা ফিরিয়ে আনার উদ্দেশ্যে করা হয়েছে।

শনিবার (৩ অক্টোবর) ফকিরাপুল বাজার, কাপ্তান বাজার, বাসাবো বউ বাজার, নবাবগঞ্জ বাজারসহ বিভিন্ন স্থানে ডিমের বাজারদর মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ডিএসসিসি। এই সময় বাসাবো বউ বাজারে আইন অমান্য ও অবৈধভাবে ফুটপাত দখলের জন্য দুটি মামলা দায়ের করা হয়, যার মাধ্যমে মোট ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

বাসাবো বউ বাজারে (ওয়ার্ড-৪, অঞ্চল-২) অঞ্চল-২-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু আসলামের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। অভিযানের সময় ব্যবসায়ীদের ডিমের বিক্রয়মূল্য, পাইকারি ক্রয় রশিদ এবং মুনাফার পরিমাণ যাচাই করা হয়। ব্যবসায়ীদের অতিরিক্ত দামে ডিম বিক্রি না করতে সতর্ক করা হয়। পাশাপাশি ফুটপাত দখল করে রাখা মালামাল অপসারণ করা হয়।

ফকিরাপুল বাজারে ডিএসসিসির সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসিবা খান এবং কাপ্তান বাজারে নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম ডিমের বাজার তদারকি করেন। তারা বাজারে ডিমের সরবরাহ পরিস্থিতি পর্যালোচনা করেন এবং ব্যবসায়ীদের কৃত্রিম সংকট তৈরি কিংবা অতিরিক্ত দামে ডিম বিক্রি না করতে সতর্ক করেন।

অন্যদিকে, অঞ্চল-৩-এর ২৩ নম্বর ওয়ার্ডের নবাবগঞ্জ বাজারে ডিমের দাম মনিটরিংয়ের জন্য অভিযান পরিচালনা করেন আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আক্তার উননেছা শিউলী। অঞ্চল-৫-এর ৭ নম্বর ওয়ার্ডের আওতাধীন কাঁচাবাজারে অভিযান পরিচালনা করেন আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জয়নাল মোল্লা।

ডিএসসিসি জানিয়েছে, জনস্বার্থ রক্ষা এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট কার্যক্রম অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে আটক ৭, কিশোরদের সংশোধনের আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৩ই অক্টোবর, ২০২৬ ইং

০৩:৪৯ পি.এম


রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে আটক ৭, কিশোরদের সংশোধনের আহ্বান

রাঙামাটিতে বিশেষ অভিযান পরিচালনা করে কোতোয়ালি থানা পুলিশ মাদক কারবার ও সেবনের অভিযোগে ছয়জনকে আটক করেছে। পাশাপাশি রাস্তাঘাটে আড্ডাবাজির অভিযোগে একজনকে আটক করা হয়েছে।

গত ২৪ ঘণ্টার মধ্যে রাঙামাটি পৌরসভার বিভিন্ন স্থানে এই অভিযান পরিচালিত হয়।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, অভিযানের সময় মাদক কারবারের অভিযোগে চারজনকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে রয়েছেন মো. বাবু (২৪), সাইফুল ইসলাম প্রকাশ মানিক (৪৫), সাইফী হাসান ওরফে পিয়েল (২৩) এবং মো. সামির হোসেন (২১)। মাদক সেবনের অভিযোগে মো. কাউছার (২৪) এবং মাদক সেবনের সঙ্গে জড়িত থাকার সন্দেহে নুর মোহাম্মদ সাকিব (১৯) কে আটক করা হয়েছে।

আরাফাত (২৩) নামের একজনকে রাস্তাঘাটে ও স্কুল-কলেজের সামনে আড্ডাবাজির অভিযোগে আটক করা হয়েছে বলে পুলিশ জানায়।

আটকদের মধ্যে কিশোরদের পরিবারের পক্ষ থেকে সংশোধনের সুযোগ দেওয়ার অনুরোধ জানানো হলে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়। পরে যাচাই-বাছাই শেষে মুচলেকা নিয়ে তাদের পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

কোতোয়ালি থানার ওসি মো. জসীম উদ্দিন জানান, আটকদের বিধি অনুযায়ী আদালতে পাঠানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫১
মাগরিব ০৫:২৮
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%