০৭:৩৪ পি.এম
বগুড়ার পুন্ড্র ইউনিভার্সিটিতে তরুণদের জন্য ‘ইনোভেশন অ্যান্ড ক্রিয়েটিভ চ্যালেঞ্জ’ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
এ প্রতিযোগিতাটি ওপেন ল্যাব বাংলাদেশের উদ্যোগে রবিবার বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়েছে। তরুণদের মধ্যে প্রযুক্তিনির্ভর স্টার্টআপ তৈরি ও নতুন উদ্যোক্তা গড়ার লক্ষ্যে এটি অনুষ্ঠিত হয়।
‘বিল্ডিং এ ট্রিলিয়ন-ডলার ইকোনমি বাই-২০৩৪’ এই প্রতিপাদ্য বিষয় সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অনলাইনে জুমের মাধ্যমে উপস্থিত ছিলেন বগুড়া-৬ আসনের সংসদ সদস্য মো. রেজাউল করিম বাদশা। এছাড়া গেস্ট অব অনার হিসেবে বক্তব্য দেন বোর্ড অব ট্রাস্টিজ (বিওটি) চেয়ারম্যান এবং টিএমএসএস এর প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক প্রফেসর ড. হোসনে-আরা বেগম।
আরও পড়ুন: পরিবেশ সংরক্ষণ ও মানবিক সেবায় স্বীকৃতি পেলেন সাইমুন ইসলাম
পিইউবি’র উপাচার্য প্রফেসর ড. চিত্তরঞ্জন মিশ্রের সভাপতিত্বে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিওটি’র ভাইস চেয়ারম্যান ডা. মো. মতিউর রহমান, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন ও বিভাগের প্রধান প্রফেসর ড. মো. রফিকুল আহসান, ট্রেজারার মো. আফসার আলী, রেজিস্ট্রার গৌতম কুমারসহ অন্যান্য অতিথিরা।
অনুষ্ঠানে উদ্ভাবন, প্রযুক্তি এবং উদ্যোক্তা উন্নয়নকে কেন্দ্র করে বিভিন্ন সেমিনার, স্টার্টআপ বিষয়ক আলোচনা, হ্যাকাথন, পিচিং সেশন, মেন্টরশিপ এবং তরুণ উদ্ভাবকদের জন্য সম্ভাব্য সিড ফান্ডিং নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। ওপেন ল্যাব-এর আয়োজনে অনুষ্ঠানে সহযোগিতা করে ইডিজিই, এটুআই, বাংলাদেশ হাই টেক পার্ক অথরিটি ও ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপ।
আয়োজকরা বলেন, এ আয়োজনের মাধ্যমে বগুড়াসহ উত্তরাঞ্চলের তরুণদের মধ্যে উদ্ভাবন, উদ্যোক্তা উন্নয়ন ও প্রযুক্তিনির্ভর স্টার্টআপ গড়ে তোলার নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে। একই সঙ্গে একটি টেকসই উদ্ভাবনী ইকোসিস্টেম গড়ে উঠবে। অনুষ্ঠানে চ্যাম্পিয়ন দলকে দুই লাখ টাকা এবং রানার্সআপ দলকে এক লাখ টাকার প্রাইজমানি দেওয়া হয়।
আরও পড়ুন: বালিয়াকান্দিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন