ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

ইমনের ২১ রানের ম্যাচে হারল লাহোর


ইমনের ২১ রানের ম্যাচে হারল লাহোর

গ্লোবাল সুপার লিগে (জিএসএল) প্রথম দুই ম্যাচ জয়ের পর অবশেষে পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজিটি, লাহোর কালান্দার্স, হারল। নিজেদের তৃতীয় ম্যাচে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের কাছে তারা ৫৩ রানে হেরে যায়। এ ম্যাচে বাংলাদেশের পারভেজ হোসেন ইমন ১৩ বলে ২১ রানের ইনিংস খেলেন।

গতরাতে ওয়েস্ট ইন্ডিজের গায়ানায় টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে গায়ানা ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৬৪ রানের সংগ্রহ পায়। দলের হয়ে ৩৫ বলে ৬৫ রানের অসাধারণ ইনিংস খেলেন আফগানিস্তানের ওপেনার রহমানুল্লাহ গুরবাজ। তিনি ৬টি চার ও ৫টি ছক্কায় নিজের ইনিংসটি সাজান।

এছাড়া মোহাম্মদ হারিস ৩৪ এবং রোমারিও শেফার্ড ১৯ বলে ২৯ রান করেন। বল হাতে লাহোরের মাইকেল ব্রেসওয়েল ও মেহেরান মুমতাজ ২টি করে উইকেট নেন।

আরও পড়ুন: ঘোষণা দিয়েও নিরাপত্তার কারণে ঢাকা-রিয়াদ সরাসরি ফ্লাইট চালু করতে পারল না সৌদি এয়ারলাইন্স

জবাবে পাওয়ার প্লেতে ৫৬ রানে ৪ উইকেট হারিয়ে ফেলে লাহোর। চার নম্বরে ব্যাট হাতে নেমে মারমুখী মেজাজে শুরু করেন ইমন। তিনি ২টি চার ও ১টি ছক্কা মারেন এবং বড় ইনিংস খেলার ইঙ্গিত দিয়েছিলেন। কিন্তু ১৩ বলে ২১ রানের বেশি রান করতে পারেননি ইমন।

ইমন ফিরে যাওয়ার পর লাহোরের হয়ে আর কোন ব্যাটার প্রতিপক্ষ বোলারদের সামনে প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম হননি। ফলে, ১৭.২ ওভারে ১১১ রানে গুটিয়ে যায় লাহোর।

লাহোরের হয়ে প্রথম ম্যাচে ৯ বলে ৩ এবং দ্বিতীয় ম্যাচে ৩৩ বলে ৪৭ রানের অনবদ্য ইনিংস খেলেছিলেন ইমন।

আরও পড়ুন: সরকারের সমালোচনা করলেই গ্রেপ্তার মানবাধিকারের লঙ্ঘন: আখতার হোসেন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ ইং

০৫:৩৯ পি.এম


লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল

রাজধানীর বড় মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল, ছয় নবজাতকের মৃত্যুর পর বাতিল হওয়া লাইসেন্স আবার ফিরে পেয়েছে। সরকার হাসপাতালটিকে শর্তসাপেক্ষে পুনরায় কার্যক্রম পরিচালনার অনুমতি দিয়েছে।

সোমবার (২৭ জুলাই) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. কামরুজ্জামান চৌধুরীর স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনে এ তথ্য প্রকাশিত হয়েছে।

প্রজ্ঞাপনে জানানো হয়েছে, ছয় নবজাতকের মৃত্যুর ঘটনার পর হাসপাতালটির লাইসেন্স বাতিল করে কর্তৃপক্ষ। তবে, হাসপাতাল কর্তৃপক্ষ এ বিষয়ে আপিল করে। ওই আপিলের প্রেক্ষিতে গঠিত তদন্ত কমিটিকে গত ১৫ জুলাই তিন কর্মদিবসের মধ্যে সরেজমিন পরিদর্শন করে প্রতিবেদন দাখিল করার নির্দেশ দেওয়া হয়। তদন্ত কমিটি পরিদর্শন শেষে প্রতিবেদন জমা দিলে তা সন্তোষজনক মনে করা হয়। এ কারণে হাসপাতালটির লাইসেন্স বাতিলের আদেশ প্রত্যাহার করা হয়েছে।

তবে পুনরায় কার্যক্রম পরিচালনার অনুমতির সঙ্গে কয়েকটি শর্ত আরোপ করা হয়েছে। শর্তগুলোর মধ্যে রয়েছে, দ্য মেডিকেল প্র্যাকটিস অ্যান্ড প্রাইভেট ক্লিনিকস অ্যান্ড ল্যাবরেটরিজ (রেগুলেশন) অর্ডিন্যান্স, ১৯৮২-এর বিধান যথাযথভাবে পালন করা।

এছাড়া, লাইসেন্সের শর্ত অনুযায়ী প্রয়োজনীয় ডিউটি চিকিৎসক ও নার্স নিয়োগের প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে হবে। ভবিষ্যতে লাইসেন্সের কোনো শর্ত লঙ্ঘন হলে সরকার ক্ষমতাপ্রাপ্ত কর্তৃপক্ষের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে পারবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নরসিংদীতে ২ কোটি টাকার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ ইং

০৫:৪১ পি.এম


নরসিংদীতে ২ কোটি টাকার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ

নরসিংদীর মাধবদী বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে প্রায় দুই কোটি টাকার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করেছে সদর উপজেলা প্রশাসন। এই অভিযানের সময় অবৈধ জাল বিক্রির অভিযোগে দুটি মামলা দায়ের করে দুজনকে দণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (২৭ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত মাধবদী বাজারের সাপ্তাহিক হাটের দিনে জালপট্টিতে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. খালিদ হোসেন শিমুল।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা জাহান সরকারের নির্দেশে গোপন সংবাদের ভিত্তিতে বাজারের একাধিক ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। অভিযানের সময় বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল মজুত ও বিক্রির সময় দুই ব্যবসায়ীকে হাতেনাতে আটক করা হয়। তবে অভিযানের খবর পেয়ে বেশ কয়েকজন ব্যবসায়ী পালিয়ে যান।

জব্দ করা জালের আনুমানিক বাজারমূল্য প্রায় দুই কোটি টাকা।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. খালিদ হোসেন শিমুল জানান, জব্দ করা জালের পরিমাণ এত বেশি ছিল যে সেগুলো সরাতে দীর্ঘ সময় লেগেছে। অভিযানে আটক দুই ব্যক্তিকে নগদ অর্থদণ্ড এবং অনাদায়ে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়। তাদের মধ্যে একজন ২০ হাজার টাকা জরিমানা পরিশোধ করে মুচলেকা দেওয়ায় তাকে ছেড়ে দেওয়া হয়।

নরসিংদী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা জাহান সরকার বলেন, দেশীয় মাছের প্রজনন রক্ষা ও মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে নিষিদ্ধ কারেন্ট জালের বিরুদ্ধে প্রশাসন ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে। নদী-নালা ও জলাশয়ে অবৈধ কারেন্ট জাল ব্যবহার বন্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

অভিযানকালে নরসিংদী সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রওনক জাহান, আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য এবং মাধবদী পৌরসভার কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে জব্দ করা নিষিদ্ধ কারেন্ট জাল জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মিরসরাইয়ে ইয়াবাসহ রোহিঙ্গা মাদক কারবারি গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ ইং

০৫:৪২ পি.এম


মিরসরাইয়ে ইয়াবাসহ রোহিঙ্গা মাদক কারবারি গ্রেপ্তার

চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে ৬০৬ পিস ইয়াবাসহ নুর আলম (৪৩) নামের একজন রোহিঙ্গা মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২৭ জুলাই) ভোরে উপজেলার বারইয়ারহাট পৌরসভার গাছ মার্কেট এলাকার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া নুর আলম কক্সবাজারের উখিয়া উপজেলার রোহিঙ্গা শরণার্থী ৬ নম্বর ক্যাম্পের গুরা মিয়ার ছেলে হিসেবে পরিচিত।

ঘটনার সত্যতা নিশ্চিত করে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম জানিয়েছেন, অভিযানের সময় নুর আলমের কাছে থাকা একটি কালো পলিথিনে মোড়ানো ব্যাগ তল্লাশি করে ৬০৬ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে নুর আলম স্বীকার করেছেন যে তিনি কক্সবাজার সীমান্ত থেকে ইয়াবা সংগ্রহ করে ঢাকা ও চট্টগ্রামের বিভিন্ন মাদক কারবারির কাছে সরবরাহ করতেন। গ্রেপ্তারের সময় তিনি ওই ইয়াবার চালানটি ঢাকায় নিয়ে যাচ্ছিলেন।

ওসি আরো জানিয়েছেন, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মিয়ানমারে বেসামরিকদের ওপর হামলা বেড়েছে, পর্যবেক্ষক সংস্থার সতর্কবার্তা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ ইং

০৫:৪৪ পি.এম


মিয়ানমারে বেসামরিকদের ওপর হামলা বেড়েছে, পর্যবেক্ষক সংস্থার সতর্কবার্তা

সংঘাত পর্যবেক্ষণকারী সংস্থা আর্মড কনফ্লিক্ট লোকেশন অ্যান্ড ইভেন্ট ডেটা প্রজেক্ট (এসিএলইডি) জানিয়েছে, যে নতুন প্রশাসন ক্ষমতায় এসেছে এরপর থেকে মিয়ানমারের সামরিক বাহিনী বেসামরিক মানুষের ওপর হামলার মাত্রা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।

সোমবার প্রকাশিত এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, মার্চের শেষের দিকে নতুন সামরিক প্রধান দায়িত্ব গ্রহণ করার পর সেনাবাহিনীর কৌশলে কিছু পরিবর্তন দেখা দিয়েছে।

ওই সময়, আগের সামরিক প্রধান মিন অং হ্লাইং রাষ্ট্রপতি হওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। এসিএলইডির মতে, সামরিক কমান্ড কাঠামো পুনর্গঠনের পর থেকেই বেসামরিক মানুষ আরো বেশি দমনপীড়ন এবং তীব্র বিমান হামলার শিকার হচ্ছেন।

প্রতিবেদন অনুসারে, নতুন কৌশলের অংশ হিসেবে দুই থেকে পাঁচটি যুদ্ধবিমান নিয়ে একটি বিশেষ দল গঠন করা হয়েছে। এই বিশেষ দলগুলো একই লক্ষ্যবস্তুতে ধারাবাহিক বিমান হামলা চালিয়ে যাচ্ছে।

রয়টার্সের এক প্রশ্নের জবাবে মিয়ানমার সরকার তাৎক্ষণিক কোনো উত্তর দেয়নি। এসিএলইডি জানিয়েছে, তারা গণমাধ্যম, স্থানীয় সহযোগী, জাতিসংঘ, আন্তর্জাতিক পর্যবেক্ষণকারী সংস্থা এবং স্থানীয় মানবাধিকার সংগঠনের তথ্য বিশ্লেষণ করে মিয়ানমারের সংঘাত পরিস্থিতির প্রতিবেদন তৈরি করে।

২০২১ সালের ফেব্রুয়ারিতে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে অং সান সু চির নির্বাচিত সরকারকে ক্ষমতা থেকে উচ্ছেদ করা হলে মিয়ানমার গৃহযুদ্ধে জড়িয়ে পড়ে। এই সংঘাতে এখন পর্যন্ত প্রায় এক লাখ মানুষ নিহত হয়েছেন এবং লাখো মানুষ বাস্তুচ্যুত হয়েছে।

সাম্প্রতিক নির্বাচনের পর, যেখানে বেশিরভাগ বিরোধী দল অংশ নিতে পারেনি, মিন অং হ্লাইং রাষ্ট্রপতি হওয়ার কয়েক দিন আগে তার ঘনিষ্ঠ সহযোগী ও সাবেক গোয়েন্দা প্রধান ইয়ে উইন উ-কে সেনাবাহিনীর নতুন প্রধান হিসেবে নিয়োগ দেন। নতুন নেতৃত্ব দায়িত্ব গ্রহণ করার পর সেনাবাহিনী দেশের বিভিন্ন সীমান্ত এলাকায় নতুন অভিযান শুরু করেছে। এমন এলাকাগুলোতে গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ ও বাণিজ্যপথ রয়েছে।

এসিএলইডি জানিয়েছে, মিন অং হ্লাইং রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়ার পর সামরিক সরকার নিজেদের নিয়ন্ত্রণ আরো শক্তিশালী করার চেষ্টা করছে। ফলে বেসামরিক মানুষের জন্য পরিস্থিতির উন্নতির সম্ভাবনা অত্যন্ত কম।

সংস্থাটির তথ্য অনুযায়ী, এপ্রিলে মিন অং হ্লাইং রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করার পর থেকে বেসামরিক মানুষের ওপর সামরিক বাহিনীর হামলার সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

এসিএলইডি দাবি করেছে, ২০২৬ সালের প্রথম ছয় মাসে তারা মিয়ানমারে এক ডজনেরও বেশি গণহত্যার ঘটনার তথ্য নথিভুক্ত করেছে। এসব ঘটনার মধ্যে ৪৫০ জনের বেশি বেসামরিক মানুষের মৃত্যুর ঘটনা ঘটেছে। নিহতদের মধ্যে প্রায় ৪০ শতাংশই দেশের মধ্যাঞ্চলের শুষ্ক আনিয়ার অঞ্চলের বাসিন্দা।

সংস্থাটির তথ্যে বলা হয়েছে, মে মাসে শত শত সেনা বাগানের প্রাচীন মন্দির এলাকার নিকটবর্তী নদীতীরবর্তী মিত চায় শহরে অভিযান চালায়। স্থানীয় তিন বাসিন্দার দাবি অনুযায়ী, ওই অভিযানে অন্তত ৪০ জন নিহত হন। স্থানীয় বাসিন্দা ইয়ে নাউং রয়টার্সকে জানান, প্রায় ৭০০ সেনা শহরে ঢুকে মানুষের জিনিসপত্র লুট এবং অনেককে মারধর ও হত্যা করেছে। তবে রয়টার্স এই ঘটনার পূর্ণ বিবরণ স্বাধীনভাবে যাচাই করতে পারেনি। এসিএলইডির তথ্যভান্ডারে এই ঘটনার নথি অন্তর্ভুক্ত রয়েছে এবং স্থানীয় গণমাধ্যমে অন্তত পাঁচজন নিহত হওয়ার খবর প্রকাশিত হয়েছে।

এসিএলইডির মতে, ২০২৬ সালে সামরিক বাহিনীর কৌশলে কিছু পরিবর্তন এলেও বেসামরিক মানুষের ওপর নির্যাতন কমেনি। বরং হামলার ধরনের পরিবর্তন ঘটেছে। অন্যদিকে, মিয়ানমারের রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের পরে দেশটিকে ঘিরে কূটনৈতিক তৎপরতাও বেড়েছে। এর মধ্যে রাষ্ট্রপতি মিন অং হ্লাইং সম্প্রতি ভারত ও চীন সফর করেছেন।

নতুন প্রশাসন দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক জোট আসিয়ান-এর সাথে সম্পর্ক উন্নয়নের চেষ্টাও করছে। ২০২১ সালের সামরিক অভ্যুত্থানের পরে আসিয়ান মিয়ানমারের সামরিক শাসকদের শীর্ষ সম্মেলনে অংশ নিতে দেয়নি। তবে সম্প্রতি দুই পক্ষের মধ্যে সীমিত পরিসরে আবার যোগাযোগ শুরু হয়েছে।

কূটনৈতিক স্বীকৃতি বাড়ানোর প্রচেষ্টার অংশ হিসেবে মিন অং হ্লাইং আগামী ৬ ও ৭ আগস্ট থাইল্যান্ডে সরকারি সফর করবেন। এই সফরের মাধ্যমে দুই দেশের সম্পর্ক এবং আঞ্চলিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%