১০:৩৮ পি.এম
লক্ষ্মীপুরে পতাকা টানানোর সংক্রান্ত বিষয়ে আজাদ হোসেন (২৮) নামের এক আর্জেন্টিনা সমর্থককে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে রিফাত হোসেন নামের এক ব্রাজিল সমর্থকের বিরুদ্ধে।
সোমবার (৮ জুন) বিকেলে জেলার চন্দ্রগঞ্জ উপজেলার হাজিরপাড়া ইউনিয়নের যাত্রাপুর তুলাগাছতলা এলাকায় ঘটনাটি ঘটেছে।
আহত আজাদ ওই এলাকার আব্দুর রহমানের ছেলে এবং অভিযুক্ত রিফাত একই এলাকার আবদুল মজিদের ছেলে। ঘটনার পর স্থানীয় মানুষজন আহত যুবককে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করেন।
আরও পড়ুন: প্রজন্মকে অপরাধী নয়, মানুষ হিসেবে গড়ে তুলতে হবে: ফখর উদ্দিন এমপি
ভুক্তভোগী আজাদ হোসেন জানান, কয়েকজন বন্ধুর সাথে মিলে আর্জেন্টিনার পতাকায় নিজেদের ছবি যুক্ত করে সেটি টানাতে যাত্রাপুর তুলাগাছতলা এলাকায় গিয়েছিলেন। কিন্তু আগে থেকেই ব্রাজিল সমর্থক রিফাত আর্জেন্টিনা সমর্থকদের পতাকা না টানানোর জন্য হুমকি দিচ্ছিলেন। ঘটনার দিন বিকেলে কোনরূপ বাকবিতণ্ডা ছাড়াই রিফাত তার ওপর হামলা চালান। একপর্যায়ে রিভলবার দিয়ে মাথায় আঘাত করে তাকে রক্তাক্ত অবস্থায় মাটিতে ফেলে দেয়।
আহত আজাদের বড় ভাই ব্যবসায়ী মনির হোসেন অভিযোগ করে বলেন, ‘রিফাত এর আগেও চাঁদার জন্য আমার বুকে রিভলবার ঠেকিয়েছিল। এতে বাধ্য হয়ে একপর্যায়ে আমি দোকান বন্ধ করে দিতে বাধ্য হই। তবে এখন সে আমার ভাইয়ের ওপরও হামলা চালাল।’ এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন তিনি।
এদিকে হামলার অভিযোগ অস্বীকার করে রিফাত হোসেন বলেন, ‘আমি কাউকে মারধর করিনি। তারা এলাকায় ছাত্রলীগের প্রচারণা চালাতে চেয়েছিল এবং আমরা সেটির প্রতিবাদ করেছি।’
এ বিষয়ে চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম বলেন, ‘ঘটনার সম্পর্কে এখনো কোন লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’
আরও পড়ুন: নোয়াখালী সরকারি কলেজে শিক্ষার্থীদের জন্য বিআরটিসির দুটি ডাবল ডেকার বাস উদ্বোধন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন