বৃহস্পতিবার, ৫ই নভেম্বর, ২০২৬ ইং
০৪:৪০ পি.এম
বাংলাদেশের বোলাররা ২৭ রানের মধ্যে তিন উইকেট তুলে নিয়ে ওয়েস্ট ইন্ডিজকে যথেষ্ট চাপের মধ্যে ফেলেছিল। তবে ক্যারিবীয়দের জন্য আমির জাঙ্গুর সেঞ্চুরি প্রথম সেশনের সেই বিপদ কাটিয়ে শক্ত অবস্থানে থাকার সুযোগ করে দিয়েছে।
আলোকস্বল্পতার কারণে খেলা থেমে যাওয়ার পূর্বে ওয়েস্ট ইন্ডিজ ৪ উইকেটে ২১৬ রান সংগ্রহ করেছে। জাঙ্গু ১০২ রান নিয়ে অপরাজিত আছেন, তার সঙ্গী জাস্টিন গ্রিভস ২৬ রান নিয়ে ব্যাটিং করছেন।
সিলেটে প্রথম তিন উইকেটের মধ্যে দুটিই তাসকিন আহমেদের দখলে গেছে, যিনি দারুণ একটি ডেলিভারিতে ব্রান্ডন কিংকে বোল্ড করেন এবং জশুয়া ডা সিলভাকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন। অন্য উইকেটটি হাসান মাহমুদের।
জাঙ্গু এরপর কেভিন উইকহ্যামকে নিয়ে একটি শক্তিশালী প্রতিরোধ গড়ে তুলেন। পেস ও স্পিন অ্যাটাক মিলিয়েও বাংলাদেশ আর উইকেট নিতে সক্ষম হয়নি। জাঙ্গু-উইকহ্যামের জুটি একশ পেরিয়ে যায়, কিন্তু অবশেষে হাসান মাহমুদের বলে তাদের জুটি ১৩১ রানে থামে। উইকহ্যাম এ সময় ৬১ রান করে হাসানের বলে বোল্ড হন।
এরপর জাঙ্গু জাস্টিন গ্রিভসের সঙ্গে নতুন জুটি গড়েন। তাদের মধ্যে ইতোমধ্যে ৫৮ রানের জুটি গড়ে উঠেছে। জাঙ্গু তার সেঞ্চুরি পূর্ণ করেছেন। ১৪৯ বলে তিন অঙ্কের ঘরে পৌঁছান তিনি। শতকের ইনিংসটি সাজাতে তিনি ১০টি চার ও ২টি ছয়ের মার ব্যবহার করেছেন। তার সেঞ্চুরির পরপরই খেলা থেমে যায়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
নারায়ণগঞ্জে রফতানিমুখী ১০ থেকে ১২টি কারখানাকে লক্ষ্য করে একটি চক্র পরিস্থিতি অশান্তির চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে গার্মেন্টস শিল্পে চলমান শ্রমিক অসন্তোষের প্রেক্ষিতে নারায়ণগঞ্জের বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এই অভিযোগ তুলে ধরেন।
শ্রমিক অসন্তোষের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান দিপু বলেন, ‘নারায়ণগঞ্জে এখনো রফতানিমুখী প্রায় সাড়ে ৫০০ পোশাক কারখানা চালু রয়েছে। এর মধ্যে ১০ থেকে ১২টি কারখানাকে টার্গেট করে একটি চক্র পরিস্থিতি অশান্ত করার চেষ্টা করছে। তবে যারা আন্দোলনে নেমেছিল, তারা শ্রমিক নয়। বহিরাগতরা এসে পরিস্থিতি অশান্ত করেছিল।’
তিনি আরও বলেন, ‘দেশের গার্মেন্টস শিল্প ধ্বংস করতে এবং সরকারকে বেকায়দায় ফেলতে একটি চক্র পরিকল্পিতভাবে শ্রমিক আন্দোলনে উসকানি দিচ্ছে। গার্মেন্টস শিল্পের ক্ষতি হলে দেশের মানুষ, শ্রমিক এবং তাদের পরিবারও ক্ষতিগ্রস্ত হবে।’
শ্রমিক আন্দোলনের বিষয়ে বিরোধী দলের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন এই সংসদ সদস্য। একই সঙ্গে পোশাকশিল্প নিয়ে যেকোনো ধরনের ষড়যন্ত্র মোকাবিলায় সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন বিকেএমইএর সহসভাপতি মোর্শেদ সারোয়ার সোহেল, সাবেক সহসভাপতি মাসুদুজ্জামান মাসুদসহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতারা ও গার্মেন্টস কারখানার মালিকরা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ফ্রান্সের তিনটি আঞ্চলিক ব্লাড ব্যাংকের রেফ্রিজারেটর ব্যবস্থায় সাইবার হামলা পরিচালনা করেছে হ্যাকাররা। এই হামলার ফলে রক্ত সংরক্ষণের জন্য ব্যবহৃত শীতলীকরণ কক্ষের তাপমাত্রা পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণব্যবস্থা আক্রান্ত হয়েছে। তবে, দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে যে, এ ঘটনায় রক্তের সরবরাহে কোনো বিঘ্ন ঘটেনি।
রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, রোববার ও সোমবারের মধ্যবর্তী রাতে এই হামলার ঘটনা ঘটে। একই সময়ে, সুইডেন থেকে বেলজিয়াম পর্যন্ত ইউরোপের বিভিন্ন দেশের সুপারমার্কেটের ফ্রিজেও হামলা চালায় হ্যাকাররা।
ফ্রান্সের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, দেশটির ব্লাড ব্যাংক পরিচালনাকারী সংস্থা ফ্রেঞ্চ ব্লাড এস্টাবলিশমেন্টের (ইএফএস) কয়েকটি আঞ্চলিক স্থাপনা সাইবার নিরাপত্তা ঘটনার শিকার হয়েছে। এই হামলায় কিছু শীতলীকরণ কক্ষের পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে।
ইএফএসের মুখপাত্র চার্লি দুবোয়া জানান, রক্তের সরবরাহে কোনো প্রভাব পড়েনি। সার্বক্ষণিক কর্মীরা বিভিন্ন সতর্কবার্তার মাধ্যমে সমস্যার কথা জানতে পারেন। পরে আক্রান্ত ফ্রিজে থাকা রক্ত অন্য নিরাপদ ফ্রিজে সরিয়ে নেওয়া হয়।
স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বুধবারের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। আক্রান্ত ফ্রিজগুলোতে দূরবর্তী প্রবেশের সুযোগ বন্ধ করে দেওয়া হয়েছে। হামলার পদ্ধতি, কোন কোন সরঞ্জাম আক্রান্ত হয়েছে এবং নিরাপদে ব্যবস্থাগুলো আবার কবে চালু করা যাবে, তা খতিয়ে দেখতে তদন্ত চলছে।
এর আগে একই সময়ে ইউরোপের আটটি দেশের বিভিন্ন সুপারমার্কেটের ফ্রিজে হস্তক্ষেপ করে হ্যাকাররা। এই ঘটনায় বিপুল পরিমাণ খাবার নষ্ট করতে বাধ্য হন ব্যবসায়ীরা। গত মাসেও ফ্রান্সের শত শত সুপারমার্কেটের শীতলীকরণ ইউনিটের নিয়ন্ত্রণ নিয়ে আগুন লাগানো ও খাদ্যপণ্য নষ্ট করার ঘটনা ঘটেছিল।
ইউরোপে ধারাবাহিক এসব হামলায় ইন্টারনেট-সংযুক্ত অবকাঠামোর নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। বিশেষ করে রাশিয়ার ২০২২ সালের ইউক্রেন আক্রমণের পর ইউরোপে নিরাপত্তা উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে এ ধরনের দুর্বলতা নতুন করে আলোচনায় এসেছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রাজশাহী, ৫ নভেম্বর, ২০২৬ : বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ দেশকে জ্বালানি সংকট থেকে রক্ষা করতে সোলার বা সৌরবিদ্যুৎ ব্যবহারের উপর গুরুত্বারোপ করে একটি সামাজিক আন্দোলনের আহ্বান জানিয়েছেন।
আজ বৃহস্পতিবার দুপুরে রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও উন্নয়নমূলক কার্যক্রম বিষয়ক এক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে তিনি এই আহ্বান জানান।
জ্বালানি মন্ত্রী উল্লেখ করেন, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ এবং বিভিন্ন বড় রিফাইনারিতে ড্রোন হামলার কারণে বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহে সংকট সৃষ্টি হয়েছে। এই সংকট মোকাবিলায় এশিয়া প্যাসিফিক, আসিয়ান এবং সেন্ট্রাল এশিয়ান দেশগুলোর সঙ্গে জ্বালানি ম্যানেজমেন্ট নিয়ে বিভিন্ন মিটিংয়ে আলোচনা হয়েছে।
তিনি বলেন, জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমিয়ে সৌরবিদ্যুৎ ব্যবহারের বিকল্প নেই। বর্তমানে ব্যাটারি ও প্যানেল বসিয়ে সহজেই ঘরে ঘরে সোলার সিস্টেম চালু করা সম্ভব।
মন্ত্রী আরও জানান, গত ৮ মাসে জ্বালানি আমদানিতে সরকারের ৪৬ হাজার কোটি টাকা ভর্তুকি দিতে হয়েছে, যা জনগণের করের টাকা। সৌরবিদ্যুতের ব্যবহার বৃদ্ধি পেলে বৈদেশিক মুদ্রা ও সরকারি রাজস্ব সাশ্রয় হবে, যা দেশের অন্যান্য উন্নয়নমূলক কাজে ব্যবহার করা সম্ভব হবে। একইসঙ্গে সোলার স্থাপন করলে বিদ্যুৎ সাশ্রয়ের পাশাপাশি আর্থিক লাভের সুযোগও রয়েছে।
এ সময় তিনি ‘বেশি বেশি সোলার লাগান, কম-কম বিদেশের ওপর নির্ভর করুন’ স্লোগান সামনে রেখে দেশব্যাপী সোলার আন্দোলন গড়ে তোলার জন্য সবার সহযোগিতা কামনা করেন।
সভায় মাদকের ভয়াবহতা তুলে ধরে মন্ত্রী আরও বলেন, মাদকের কবলে পড়ে তরুণ সমাজ বিপথগামী হচ্ছে। মাদক যুবসমাজকে গ্রাস করলে জাতির ভবিষ্যৎ ধ্বংস হয়ে যাবে। তাই এর বিস্তার রোধে সবাইকে একযোগে কাজ করতে হবে।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু, রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শফিকুল হক মিলন, রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল, রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির এবং রাজশাহী জেলার পুলিশ সুপার মামুন অর রশিদ।
এছাড়া বিভিন্ন উপজেলার ইউএনও (উপজেলা নির্বাহী কর্মকর্তা), আরএমপির বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও অন্যান্য সরকারি দপ্তরের কর্মকর্তারাও এতে অংশ নেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
কেনিয়ায় ১৯০ শিশু ও এক প্রাপ্তবয়স্ককে হত্যার দায়ে শুক্রবার সাজা ঘোষণা করা হবে ধর্মীয় গোষ্ঠীর নেতা পল ম্যাকেঞ্জির। তবে ভুক্তভোগীদের স্বজনরা উদ্বেগ প্রকাশ করছেন যে, তিনি কারাগারে গেলেও তার অনুসারীদের মধ্যে প্রাণঘাতী মতবাদ ছড়িয়ে দিতে সক্ষম হতে পারেন।
নিহতদের মধ্যে স্টিফেন মুইতির ছয় সন্তান রয়েছে। ২০২২ সালে তার স্ত্রী সন্তানদের নিয়ে শাকাহোলা বনে গিয়েছিলেন। সরকারি আইনজীবীদের অভিযোগ, ম্যাকেঞ্জি অনুসারীদের নিজেদের ও সন্তানদের না খেয়ে মৃত্যুর নির্দেশ দিয়েছিলেন, পৃথিবী ধ্বংস হওয়ার আগে স্বর্গে যাওয়ার আশায়। এটি ধর্মীয় গোষ্ঠীকে ঘিরে সাম্প্রতিক ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ঘটনাগুলোর একটি।
মুইতি চান, ম্যাকেঞ্জি ও তার সহযোগীদের কারাদণ্ড হলে তাদের আলাদা নির্জন কক্ষে রাখা হোক। এতে তারা অন্য বন্দিদের ওপর প্রভাব বিস্তার করতে পারবেন না। অভিযুক্তদের মধ্যে মুইতির স্ত্রীও রয়েছেন। ৪৮ বছর বয়সী মুইতি এ সপ্তাহে বার্তা সংস্থা রয়টার্সকে এসব কথা বলেন। উপকূলীয় শহর মালিন্দিতে ছেলে স্যামুয়েলের কবর দেখতে গিয়ে তিনি উদ্বেগ প্রকাশ করেন।
মুইতির সন্তানদের নিয়ে বনে যাওয়ার সময় স্যামুয়েলের বয়স ছিল প্রায় সাত বছর। তার ছয় সন্তানের মধ্যে শুধু স্যামুয়েলের দেহাবশেষ শনাক্ত করা সম্ভব হয়েছে। অন্যদের মরদেহ এতটাই পচে গিয়েছিল যে তাদের পরিচয় নিশ্চিত করা যায়নি। শাকাহোলা বন থেকে উদ্ধার হওয়া ৪০০টির বেশি মরদেহের মধ্যে মাত্র ২৬ জনের পরিচয় শনাক্ত করতে পেরেছেন কর্মকর্তারা।
গত মাসে ম্যাকেঞ্জি ও তার সঙ্গে অভিযুক্ত ২৮ জনকে হত্যার দায়ে দোষী সাব্যস্ত করা হয়। তাদের মৃত্যুদণ্ডও হতে পারে। তবে কেনিয়ায় কয়েক দশক ধরে কারও মৃত্যুদণ্ড কার্যকর করা হয়নি। মুইতির স্ত্রীসহ বেশির ভাগ অভিযুক্ত তাদের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন। ম্যাকেঞ্জিও দাবি করেছেন, তিনি কাউকে জোর করে না খেয়ে থাকতে বাধ্য করেননি। তবে মুইতি তার এই দাবি মানতে নারাজ।
তিনি বলেন, ‘ধরে নিলাম, তার কথায় প্রভাবিত হয়ে প্রাপ্তবয়স্করা স্বেচ্ছায় উপবাস করতে রাজি হয়েছিলেন। কিন্তু শিশুদের কী অপরাধ ছিল? ময়নাতদন্তের প্রতিবেদনেও দেখা গেছে, স্যামুয়েলের মৃত্যু হয়েছে শ্বাসরোধ করে। সেটাও কি তার নিজের ইচ্ছায় হয়েছিল?’ কর্মকর্তারা জানিয়েছেন, ম্যাকেঞ্জি গ্রেপ্তার হওয়ার পরও তার অনুসারীরা তার মতবাদ প্রচার চালিয়ে গেছেন। গত বছর শাকাহোলার কাছের একটি গ্রাম থেকে আরো কয়েক ডজন মরদেহ উদ্ধার করে কর্তৃপক্ষ। এসব মৃত্যুর সঙ্গে ম্যাকেঞ্জির ধর্মীয় গোষ্ঠীর যোগসূত্র রয়েছে বলে কর্মকর্তারা ধারণা করছেন।
সন্তানদের শেষবার দেখার পর চার বছর পেরিয়ে গেছে। তবে এখনো তাদের হারানোর শোক কাটিয়ে উঠতে পারেননি মুইতি। তিনি বলেন, ‘কাজ শেষে বাড়ি ফেরার পথে যখনই কোনো শিশুকে দেখি, আমি চমকে উঠি। কখনো কোনো শিশুকে আমার নিজের সন্তানের মতো দেখতে লাগে। তখন আমি ভীষণ ধাক্কা খাই।’ মালিন্দির একটি কবরস্থানে কাঠের ক্রুশের নিচে কবর দেওয়া হয়েছে স্যামুয়েলকে। সেখানে সন্তানদের কয়েকটি ছবি হাতে নিয়ে দাঁড়িয়েছিলেন মুইতি। সঙ্গে এনেছিলেন তাদের আগের স্কুলের কিছু পোশাক। সন্তানদের কবর দেওয়ার সময় এসব পোশাকও সঙ্গে দেওয়ার কথা ভেবেছিলেন তিনি। মুইতি বলেন, ‘আমার কাছে এখন শুধু এই স্মৃতিগুলোই রয়ে গেছে।’
তালাশ বিডি/মিডিয়া লিঃ