০৮:৩৯ পি.এম
মরণব্যাধি ক্যানসারের বিরুদ্ধে দীর্ঘকালীন সংগ্রাম চালিয়ে যাওয়ার পরও শারীরিক অসুস্থতা ও বিভিন্ন প্রতিকূলতা তাঁর দায়িত্ববোধকে থামাতে পারেনি। তাই জীবনের শেষ কর্মদিবসে তিনি প্রিয় শিক্ষাপ্রতিষ্ঠান, সহকর্মী ও শিক্ষার্থীদের ছেড়ে দূরে থাকতে পারেননি। অবসরের দিনেও তিনি বিদ্যালয়ে ছুটে এসেছিলেন। শ্রেণিকক্ষ, সহকর্মী এবং প্রিয় শিক্ষার্থীদের সঙ্গে কাটিয়েছেন শিক্ষকতা জীবনের শেষ কর্মদিবস। বিদায়বেলায় তিনি রেখে গেছেন দায়িত্বনিষ্ঠা, অধ্যবসায় ও ভালোবাসার এক অনন্য দৃষ্টান্ত।
তিনি মহসেন আরা শিখা। বরিশালের উজিরপুর উপজেলার হস্তিশুন্ড গ্রামের কৃতি সন্তান এবং এইচএম ইনস্টিটিউশনের সহকারী প্রধান শিক্ষক। ৩৮ বছরের শিক্ষকতা জীবনের ইতি ঘটেছে তাঁর ২৯ নভেম্বর। তবে তাঁর বিদায় কেবল চাকরিজীবনের সমাপ্তি নয়, এটি একটি প্রতিষ্ঠানের সঙ্গে দীর্ঘদিনের আবেগ, ভালোবাসা ও আত্মিক সম্পর্কের এক অধ্যায়ের পরিসমাপ্তি। ১৯৮৮ সালের ১ অক্টোবর এইচএম ইনস্টিটিউশনে শিক্ষক হিসেবে যোগদানের মধ্যদিয়ে শুরু হয় তাঁর কর্মজীবন। যে প্রতিষ্ঠানের আঙিনায় একসময় শিক্ষার্থী হিসেবে বিচরণ করেছিলেন, পরবর্তী সময়ে সেই প্রতিষ্ঠানেই শিক্ষক হয়ে অসংখ্য শিক্ষার্থীর ভবিষ্যৎ গড়ে তুলেছেন।
দীর্ঘ কর্মজীবনে নিষ্ঠা ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করে তিনি একসময় সহকারী প্রধান শিক্ষকের দায়িত্ব পান। তাঁর ৩৮ বছরের শিক্ষকতা জীবন ছিল নানা প্রতিকূলতা জয় করে এগিয়ে চলার গল্প। ২০১২ সালের জুলাই মাসে তিনি ক্যানসারের মতো কঠিন রোগে আক্রান্ত হন। কিন্তু অসুস্থতাকে দায়িত্ব পালনের অজুহাত হতে দেননি। শারীরিক সমস্যাসহ নানা সীমাবদ্ধতা নিয়েও তিনি নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত হয়েছেন।
আরও পড়ুন: সততাই সাফল্যের মাপকাঠি: কর্মদক্ষতা ও স্বচ্ছতায় অনন্য বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. সাইদুর রহমান
রোদ-বৃষ্টি কিংবা ঝড়, কোনো কিছুই তাঁকে সহজে দায়িত্ব থেকে বিচ্যুত করতে পারেনি। বিদ্যালয়ে সবার আগে উপস্থিত হওয়া ছিল তাঁর দীর্ঘদিনের অভ্যাস। নির্ধারিত সময়ে শ্রেণিকক্ষে প্রবেশ, প্রতিটি ক্লাসে মনোযোগ দিয়ে পাঠদান এবং ছুটির পরেও নিজের দায়িত্ব শেষ না করে বাড়ি ফিরতেন না তিনি। শুধু পাঠ্যবইয়ের শিক্ষা নয়, শিক্ষার্থীদের নৈতিকতা, শৃঙ্খলাবোধ, দায়িত্বশীলতা ও সময়ের মূল্য শেখানোর প্রতিও ছিল তাঁর বিশেষ গুরুত্ব।
তাঁর কাছে শিক্ষকতা ছিল নিছক পেশা নয়, বরং প্রজন্ম গড়ে তোলার এক মহান দায়িত্ব। জীবনের কঠিন বাস্তবতা ও অসুস্থতার মধ্যেও দায়িত্ব পালনের বিষয়ে মহসেন আরা শিখা বলেন, "মানুষ বেঁচে থাকে তার আত্মবিশ্বাস ও বেঁচে থাকার ইচ্ছাশক্তির ওপর ভর করে। জন্মিলে মরিতে হবে-এটাই প্রকৃতির নিয়ম। কিন্তু মৃত্যুর চিন্তায় দায়িত্ব থেকে দূরে থাকলে কি মৃত্যুর হাত থেকে রক্ষা পাওয়া যায়?"
হস্তিশুন্ড গ্রামের প্রয়াত আব্দুল মতিন মিয়ার সন্তান মহসেন আরা শিখা। দীর্ঘ ৩৮ বছরে তাঁর হাত ধরে অসংখ্য শিক্ষার্থী পেয়েছেন শিক্ষার আলো ও জীবনের দিকনির্দেশনা। তাঁদের অনেকেই আজ সমাজের বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত। কর্মজীবনের শেষ দিনে প্রিয় শিক্ষার্থীদের সঙ্গে কাটানো মুহূর্তগুলো নিশ্চয়ই তাঁর দীর্ঘ শিক্ষকতা জীবনের অন্যতম স্মরণীয় অধ্যায় হয়ে থাকবে।
২৯ নভেম্বরের পর থেকে আর নিয়মিত শিক্ষক হিসেবে তাঁকে দেখা যাবে না এইচএম ইনস্টিটিউশনের শ্রেণিকক্ষে। থাকবে বিদ্যালয়ের চেনা আঙিনা, শিক্ষার্থীদের কোলাহল আর প্রতিদিনের পাঠদান। তবে থাকবে না সবার আগে বিদ্যালয়ে পৌঁছে যাওয়া সেই পরিচিত মানুষটির ব্যস্ততা।
আরও পড়ুন: গোপালগঞ্জে প্রসূতি মা হাত দিয়ে পেট চেপে ফিরলেন বাড়ি, বৃদ্ধা মায়ের কোলে নবজাতক
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন