ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

আওয়ামী লীগের বিচার না হলে সরকার ৫ বছরও টিকবে না: নাহিদ


আওয়ামী লীগের বিচার না হলে সরকার ৫ বছরও টিকবে না: নাহিদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বিএনপি সরকার পাঁচ বছরও টিকতে পারবে না, যদি না আওয়ামী লীগ আমলের সব অপরাধের বিচার করা হয়।

তিনি মঙ্গলবার (২৩ জুন) রাজধানীর বিজয়নগরে ১১ দলীয় ঐক্যের সমাবেশে এই মন্তব্য করেন। এ সমাবেশের আয়োজন করা হয় আওয়ামী লীগ আমলে সংগঠিত সকল গুম, খুন, গণহত্যা ও দুর্নীতির দ্রুত বিচার দাবিতে।

নাহিদ ইসলাম আরও বলেন, নতুন সরকার ক্ষমতায় আসার পর থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের কাজে ধীরগতি লক্ষ্য করা যাচ্ছে। আওয়ামী লীগ গণহত্যার দায়ে এবং বিএনপি সংস্কার না করার দায়ে, দুই পক্ষই জনগণের কাঠগড়ায় দাঁড়িয়েছে।

আরও পড়ুন: কক্সবাজারে নলকূপ খননের স্থান থেকে গ্যাসের আগুন, বাপেক্সের বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে

তিনি আবারও উল্লেখ করেন, আওয়ামী লীগ আমলে হওয়া সকল গণহত্যার বিচার করা না হলে এই সরকার পাঁচ বছর ক্ষমতায় থাকতে পারবে না।

এদিকে, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক বক্তৃতায় বলেন, বিগত ১৭ বছর ধরে আওয়ামী লীগ দেশে অনেক গুম, খুন ও দুর্নীতি করেছে। তিনি জানান, বিএনপি যদি এসবের বিচার করতে ব্যর্থ হয়, তবে ১১ দলীয় ঐক্য নতুন সরকার গঠন করে আওয়ামী লীগ আমলে সংগঠিত সব অপরাধের বিচার করবে।

এসময় তিনি দেশের জনগণকে আশ্বস্ত করেন যে, প্রয়োজনে জীবন দিয়ে ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাবে।

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ মন্তব্য করেন যে, বিচারহীনতার সংস্কৃতি বিলোপে আরেকটি বিপ্লব অনিবার্য হয়ে দাঁড়িয়েছে।

আরও পড়ুন: কুমিল্লায় রাজস্ব কর্মকর্তা বুলেট বৈরাগী হত্যা মামলায় পাঁচজনের বিরুদ্ধে চার্জশিট

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ১২১ জন হাসপাতালে ভর্তি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৩শে জুন, ২০২৬ ইং

০৭:১৮ পি.এম


দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ১২১ জন হাসপাতালে ভর্তি

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ১২১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৪১ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ১৭ জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ১০ জন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ১৭ জন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ১৬ জন, খুলনা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ১২ জন এবং রাজশাহী বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) আটজন রয়েছেন।

এই সময়ে ১০৮ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর এ পর্যন্ত হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৪ হাজার ৮০০ জন।

চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৫ হাজার ১৬০ জন। এর মধ্যে ৬২ দশমিক ৫ শতাংশ পুরুষ ও ৩৭ দশমিক ৫ শতাংশ নারী রয়েছেন। ডেঙ্গুতে এই বছর ১০ জনের মৃত্যু হয়েছে।

২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে ১ লাখ ২ হাজার ৮৬১ জন এবং ডেঙ্গুতে মোট ৪১৩ জনের মৃত্যু ঘটেছে। ২০২৪ সালে মোট ডেঙ্গু আক্রান্ত হয় ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং ডেঙ্গুতে মোট ৫৭৫ জনের মৃত্যু হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চট্টগ্রামে বেসরকারি হাসপাতালের সেবা রোগীবান্ধব, জবাবদিহিতা বৃদ্ধি ও মানসম্মত করার তাগিদ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৩শে জুন, ২০২৬ ইং

০৭:২০ পি.এম


চট্টগ্রামে বেসরকারি হাসপাতালের সেবা রোগীবান্ধব, জবাবদিহিতা বৃদ্ধি ও মানসম্মত করার তাগিদ

‘চট্টগ্রামে বেসরকারি হাসপাতাল এবং ডায়াগনস্টিক সেন্টারসমূহের কার্যক্রম আরও গতিশীল করা প্রয়োজন। হাসপাতালের সেবা রোগীবান্ধব হতে হবে এবং মানসম্মত সেবা নিশ্চিত করতে হবে। স্বাস্থ্য খাতের বিদ্যমান সমস্যা নিরসন করা এবং সদস্যদের স্বার্থ সংরক্ষণ করা এখন সময়ের দাবি। একইসঙ্গে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও রোগীদের আস্থা অর্জনে বেসরকারি সেবাকেন্দ্রগুলোর মধ্যে সমন্বয়, জবাবদিহিতা এবং পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করতে হবে।’

মঙ্গলবার বিকেল চারটেয় চট্টগ্রাম প্রাইভেট হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিকস ওনার্স অ্যাসোসিয়েশনের সভায় বক্তারা এ তথ্য বলেন।

সভায় সংগঠনের সভাপতি ডা. একেএম ফজলুল হক সভাপতিত্ব করেন। সভায় আরও উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি ডা. এটিএম রেজাউল করিম, অর্থ সম্পাদক ডা. মোহাম্মদ ইউসুফ, সহ-সভাপতি ইঞ্জিনিয়ার এস এম লোকমান কবির, সেভরণ ক্লিনিক্যাল ল্যাবের ম্যানেজার পুলক পারিয়াল, ন্যাশনাল হাসপাতালের পরিচালক ডা. আনোয়ার, সংগঠনের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সালাউদ্দিন আলী, সাজিনাজ হাসপাতালের পরিচালক হাসান মাহমুদ চৌধুরী, আল-আমিন হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর মো. ইউসুফ চৌধুরী, সিএসসিআর হাসপাতালের পরিচালক মো. আজিজুর রহিম, সিএসটিসি হাসপাতালের রাজিব দে, রয়েল হাসপাতালের পরিচালক ডা. মো. জাহিদুল আলম, পিপলস হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর সুভাস কুমার সূত্রধর, সংগঠনের অফিস সম্পাদক শহিদুল্লাহ আনসারি, সার্জিকেয়ার হাসপাতাল লিমিটেডের ডা. কেএম হোসান কাউসার, পপুলার ডায়াগনস্টিক সেন্টারের ম্যানেজার বেলাল হোসেন, বেস্ট ফিজিওথেরাপি হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর মো. আকতার হোসেন প্রমুখ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাদারীপুরে জাতীয় ফল মেলার উদ্বোধন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৩শে জুন, ২০২৬ ইং

০৭:২২ পি.এম


মাদারীপুরে জাতীয় ফল মেলার উদ্বোধন

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাদারীপুরে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলা-২০২৬ এর উদ্বোধন করা হয়।

মঙ্গলবার (২৩ জুন) বিকেল বেলা জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের আয়োজনে মাদারীপুরে সমন্বিত সরকারি অফিস ভবন প্রাঙ্গণে এই মেলার উদ্বোধন করা হয়।

মাদারীপুর কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক কৃষিবিদ ড. রহিমা খাতুন সভাপতিত্ব করেন উদ্বোধনী অনুষ্ঠানে, যেখানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মর্জিনা আক্তার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) মোছা. জেসমিন আকতার বানু, মাদারীপুর হর্টিকালচার সেন্টারের উপপরিচালক কৃষিবিদ আশুতোষ কুমার বিশ্বাস এবং সদর উপজেলা কৃষি কর্মকর্তা দীপ্তি রানী সরকার। এছাড়াও, অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তা, কৃষি বিভাগের কর্মচারী, কৃষক এবং দর্শনার্থীরা অংশগ্রহণ করেন।

আলোচনা সভায় বক্তারা দেশীয় ফলের উৎপাদন বৃদ্ধি, আধুনিক সংরক্ষণ প্রযুক্তির ব্যবহার এবং পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে ফল চাষ সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন। বক্তারা উল্লেখ করেন, ফল চাষ কৃষকের আয় বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

উদ্বোধনের পূর্বে জেলা প্রশাসক মর্জিনা আক্তারসহ অন্যান্য অতিথিরা মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। তারা দেশীয় ও মৌসুমি বিভিন্ন ফলের প্রদর্শনী ঘুরে দেখেন এবং অংশগ্রহণকারী কৃষক ও উদ্যোক্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

আয়োজকরা জানায়, জাতীয় ফল মেলা-২০২৬ ২৩ থেকে ২৫ জুন পর্যন্ত চলবে। এই মেলায় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান, নার্সারি মালিক এবং কৃষকরা বিভিন্ন জাতের ফল ও ফলভিত্তিক পণ্য প্রদর্শন করছেন।

ফল উৎপাদনে কৃষকদের উৎসাহিত করা, পুষ্টি বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি এবং দেশীয় ফলের জনপ্রিয়তা বাড়ানোর লক্ষ্যেই এ মেলার আয়োজন করা হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রধানমন্ত্রী দেশের মর্যাদা, সম্মান ও দৃঢ় অবস্থান বিশ্ব দরবারে নিশ্চিত করছেন: মাহদী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ২৩শে জুন, ২০২৬ ইং

০৭:২২ পি.এম


প্রধানমন্ত্রী দেশের মর্যাদা, সম্মান ও দৃঢ় অবস্থান বিশ্ব দরবারে নিশ্চিত করছেন: মাহদী

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেন, সমতা, ন্যায্যতা ও ভারসাম্যের মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমান বিশ্ব দরবারে বাংলাদেশের মর্যাদা, সম্মান ও দৃঢ় অবস্থান নিশ্চিত করছেন।

মঙ্গলবার (২৩ জুন) চীনের দালিয়ানায় এক প্রেস কনফারেন্সে তিনি এ কথা বলেন।

সোমবার (২২ জুন) রাতে প্রধানমন্ত্রী ও তার সহধর্মিনী ডা. জুবাইদা রহমানের সঙ্গে ২১ সদস্যের সংক্ষিপ্ত একটি প্রতিনিধি দল মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে চীনের দালিয়ান আন্তর্জাতিক এয়ারপোর্টে পৌঁছায়।

এই প্রতিনিধি দলে মাহদী আমিনসহ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টা পদমর্যাদার ৮ জন রয়েছেন।

মাহদী জানান, চীন সরকারের একটি উচ্চ প্রতিনিধি দল প্রধানমন্ত্রীকে সোমবার লাল গালিচা সংবর্ধনা দিয়ে বরণ করেন এবং মটর শোভাযাত্রার মাধ্যমে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে হোটেলে নিয়ে আসে। এ সময় পুরো রাস্তা জুড়েই রাষ্ট্রীয় প্রটোকল ও পুলিশি প্রহরা ছিল।

চীনে বৈঠকে প্রধানমন্ত্রী বহুপাক্ষিক বিষয়ে বাংলাদেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আলোচনা করছেন বলে জানিয়েছেন মাহ্দী।

তিনি বলেন, অত্যন্ত সফল মালয়েশিয়া সফরে প্রধানমন্ত্রী মাত্র কয়েক কর্মঘণ্টা পেলেও, তার মাঝেই মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ও রাজাসহ গুরুত্বপূর্ণ নেতাদের সঙ্গে বাংলাদেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে ফলপ্রসু আলোচনা করেছেন। সেই ধারাবাহিকতায় চীনে এসে তিনি দ্বিপাক্ষিক সম্পর্ক থেকে বর্তমানে বহপাক্ষিক বিষয় নিয়ে উপস্থিত বৈশ্বিক নেতাদের সঙ্গে আলোচনা ইতোমধ্যে শুরু করেছেন।

ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরাম আয়োজিত সামার দাভোস ২০২৬ বর্তমানে চীনের দালিয়ানে অনুষ্ঠিত হচ্ছে। ‘Innovating at Scale’ প্রতিপাদ্যে আয়োজিত এই বৈশ্বিক সম্মেলনে বিভিন্ন দেশ ও অঞ্চলের প্রতিনিধিদল, আমন্ত্রিত রাষ্ট্র ও সরকারপ্রধানরা এবং শীর্ষ ব্যবসায়ী, প্রযুক্তি উদ্ভাবক, শিক্ষাবিদ ও করপোরেট নেতারা অংশগ্রহণ করছেন।

একজন সরকার প্রধান হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমানের বাংলাদেশের বাইরে এটিই প্রথম কোনো বৈশ্বিক সম্মেলনে যোগদান। এই সম্মেলনে অংশগ্রহণের মূল লক্ষ্য বাংলাদেশে অধিকতর বৈদেশিক বিনিয়োগ আকর্ষণ, কর্মসংস্থান সৃষ্টি, জলবায়ু সহনশীলতা ও টেকসই উন্নয়ন অগ্রযাত্রাকে আন্তর্জাতিক বিনিয়োগ ও অংশীদারিত্বের সঙ্গে আরও গভীরভাবে সংযুক্ত করা বলে মাহদী আমিন জানান।

তিনি বলেন, একই সঙ্গে ‘বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত’ বার্তার মাধ্যমে বৈশ্বিক নিয়োগকারীদের জন্য একটি আস্থাশীল ও প্রতিযোগিতামূলক পরিবেশ নিশ্চিত করা হচ্ছে।

মাহদী আমিন প্রেস ব্রিফিংয়ে আরও জানান, ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরামের প্রেসিডেন্ট এবং সিইও আলোইস জুইংগি প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এ সময় বাংলাদেশের গণতান্ত্রিক সরকার কিভাবে বিনিয়োগ বৃদ্ধি করতে পারবে, কর্মসংস্থান সৃষ্টি করতে পারবে, দেশের মানুষকে অগ্রযাত্রার পথে ধাবিত করতে পারবে, সেগুলো নিয়ে বিশদ আলোচনা হয়েছে এবং ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরামে সরকারের বিভিন্ন কর্মসূচির প্রশংসা করা হয়েছে।

তিনি বলেন, মঙ্গলবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরামের ‘ক্লাইমেট লিডারশিপ ইন আ শিফটিং গ্লোবাল ল্যান্ডস্কেপ’ নামক সেশনে বক্তব্য দিয়েছেন। জলবায়ু পরিবর্তনের প্রেক্ষিতে নির্বাচিত সরকার কর্তৃক গৃহীত কর্মসূচিগুলো আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পেয়েছে, প্রশংসিত হয়েছে। সেই ধারাবাহিকতায় তাকে আমন্ত্রণ জানানো হয়। তিনি কর্মসূচিগুলো বিশ্ব দরবারে উপস্থাপন করেন।

মাহদী আমিন বলেন, প্রধানমন্ত্রী আজকের সম্মেলনে বিশ্বনেতাদের সামনে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সরকারের নির্বাচনী ইশতেহারভিত্তিক কর্মপরিকল্পনা তুলে ধরেন। আগামী পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার নদী ও খাল খনন-পুনঃখনন, পদ্মা ও তিস্তা অববাহিকার পানি ব্যবস্থাপনা উন্নয়ন, ২৫ কোটি বৃক্ষরোপণ, সবুজ শিল্পের বিকাশে পাট শিল্প ও পরিবেশ বান্ধব ইলেক্ট্রিক ভ্যাহিকেল চালু এবং নবায়নযোগ্য জ্বালানির অংশ ২০ শতাংশে উন্নীত করার লক্ষ্যের কথা উল্লেখ করেন।

তিনি বলেন, জলবায়ু কার্যক্রম কোনো ব্যয় নয়; এটি আমাদের সমৃদ্ধি, স্থিতিশীলতা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য অপরিহার্য বিনিয়োগ। প্রধানমন্ত্রী একই সঙ্গে ক্ষয়ক্ষতি তহবিলের (Loss and Damage Fund) কার্যকর বাস্তবায়ন, সহজলভ্য ও পর্যাপ্ত জলবায়ু অর্থায়ন নিশ্চিতকরণ এবং প্রশমন ও অভিযোজন কার্যক্রমে সমান গুরুত্ব দেয়ার ওপর জোর দেন। তিনি জলবায়ু সংকট মোকাবিলায় বৈশ्वিক সংহতি, প্রযুক্তি হস্তান্তর ও যৌথ দায়িত্ববোধের ভিত্তিতে কার্যকর আন্তর্জাতিক সহযোগিতার আহ্বান জানান।

মাহদী আমিন বলেন, চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং এর আমন্ত্রণে একটি নৈশভোজে সস্ত্রীক অংশগ্রহণ করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে বাংলাদেশের পাশাপাশি দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী কিম মিন-সিওক, মঙ্গোলিয়ার প্রধানমন্ত্রী নিয়াম-ওসোরিন উচরাল, গিনির প্রধানমন্ত্রী আমাদু ওউরি বাহ, মন্টিনিগ্রোর প্রধানমন্ত্রী মিলোজকো স্পাজিচ, কাজাখস্তানের প্রধানমন্ত্রী ওলজাস বেকটেনভের সঙ্গে অর্থাৎ সাত দেশের সরকারপ্রধানের একসাথে রাষ্ট্রীয়ভোজ এবং উন্মুক্ত আলাপচারিতার দুয়ার উন্মোচিত হচ্ছে।

তিনি জানান, বুধবার (২৪ জুন) সকালে ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরামের 'অ্যানুয়াল মিটিং অব দ্য নিউ চ্যাম্পিয়ন্স' অনুষ্ঠিত হবে। সেখানে অন্যান্য বৈশ্বিক নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রী উপস্থিত থাকবেন। ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরামের বিভিন্ন দেশ থেকে আগত আন্তর্জাতিক ব্যক্তিত্বরা প্রধানমন্ত্রীর সঙ্গে বিভিন্ন বিষয় ভিত্তিক পলিসি নিয়ে আলাপ-আলোচনা করবেন। দুপুরবেলা দালিয়ান থেকে বেইজিং-এ একটি হাই স্পিড ট্রেনের মাধ্যমে দ্বিপাক্ষিক বৈঠকের উদ্দেশ্যে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং এর আমন্ত্রণে প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীরা স্থানীয় সময় দুপুর ২টায় বেইজিংয়ের উদ্দেশ্যে যাত্রা শুরু করবেন।

মাহদী আমিন বলেন, জনগণের ভোটে নির্বাচিত সরকারের প্রধান হিসেবে প্রধানমন্ত্রী দেশেই যেমন জনগণের আস্থা ও ভালোবাসায় সিক্ত হয়েছেন, তেমনি আন্তর্জাতিক অঙ্গনেও একটি মর্যাদাসম্পন্ন রাষ্ট্রের সরকারপ্রধান হিসেবে তিনি সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা ও আনুষ্ঠানিকতার মাধ্যমে গৃহীত হচ্ছেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর কর্মযজ্ঞের ফলে দীর্ঘদিন পর বিশ্ব দরবারে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছেন এমন একজন স্টেটসম্যান, যিনি সমতা, ন্যায্যতা ও ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতির মাধ্যমে বিশ্বের প্রতিটি দেশের সঙ্গে বাংলাদেশের স্বার্থ, সার্বভৌমত্ব এবং জনগণের আকাঙ্ক্ষাকে কার্যকরভাবে ধারণ করছেন, নিশ্চিত করছেন বিশ্বের মানচিত্রে বাংলাদেশের আত্মমর্যাদা, সম্মান ও দৃঢ় অবস্থান।

তিনি আরও বলেন, দালিয়ানে ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরামের সামার দাভোসে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ বাংলাদেশের জন্য একদিকে নতুন বিনিয়োগ ও কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণ করছে, অন্যদিকে বিভিন্ন দেশের বেস্ট প্র্যাকটিস গ্রহণের মাধ্যমে জাতীয় সক্ষমতাকে আরও সমৃদ্ধ ও শক্তিশালী করছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%