বৃহস্পতিবার, ৬ই আগস্ট, ২০২৬ ইং
১০:৪৬ পি.এম
ঢাকার ধামরাই উপজেলার কালামপুর-কাওয়ালীপাড়া আঞ্চলিক সড়কের মধুডাঙ্গা এলাকায় একটি শিশুকে বাঁচাতে গিয়ে ট্রাকের চাপায় মোটরসাইকেলের আরোহী পশু চিকিৎসক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার সকালে ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম মো. বজলুর রশীদ। তার বাড়ি ধামরাই উপজেলার কাঁঠালিয়া এলাকায়। তিনি পেশায় একজন পশু চিকিৎসক (ভেটেরিনারি সেবাদাতা) ছিলেন।
প্রত্যক্ষদর্শীদের মতে, তিনি মোটরসাইকেলে কালামপুরের দিকে যাচ্ছিলেন। তখন মধুডাঙ্গা ব্রিজসংলগ্ন এলাকায় একটি শিশুকে নিয়ে একজন ব্যক্তি রাস্তা পারাপারের চেষ্টা করছিল। শিশুটিকে রক্ষা করার উদ্দেশ্যে মোটরসাইকেল আরোহী নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং সে অবস্থায় ট্রাক তাকে চাপা দেয়। ঘটনাস্থলে তার মৃত্যু ঘটে। একই ঘটনায় ট্রাকের হেলপারও আহত হন এবং তাকে পরে স্থানীয় হাসপাতালে চিকিৎসা জন্য ভর্তি করা হয়েছে।
গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মাতব্বর এ বিষয়ে জানাচ্ছেন, হাইওয়ে সড়কের দুর্ঘটনাগুলোর তদন্ত আমরা করি। এই ঘটনাটি বাইপাস সড়কের দুর্ঘটনা। তাই বিষয়টি সংশ্লিষ্ট থানার পুলিশের সঙ্গে যোগাযোগ করা হবে।
কাওয়ালীপাড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. ইলিয়াছ জানান, কালামপুর-কাওয়ালীপাড়া সড়কের মধুডাঙ্গা এলাকায় সড়ক দুর্ঘটনায় একজন নিহত হওয়ার বিষয়টি সম্পর্কে তাদের কেউ অবহিত করেননি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
শেরপুরের নকলায় সিএনজি চালিত অটোরিকশা ও ভটভটির মুখোমুখি সংঘর্ষের ফলে মায়ের কোল থেকে ছিটকে পড়ে ১৭ মাস বয়সী এক শিশু নিহত হয়েছে, যার নাম মুজাহিদুল ইসলাম। ঘটনার সময় শিশুটির বাবা-মা সহ আরও পাঁচজন আহত হন।
ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (৬ আগস্ট) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার নকলা ইউনিয়নের ধনাকুশা এলাকায়।
নিহত মুজাহিদুল ইসলাম স্থানীয় বাসিন্দা মনিরুল ইসলাম ও নিলুফা ইয়াসমিনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার রাতে সিএনজি চালিত অটোরিকশা ও ভটভটির মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। সেই সময় মায়ের কোলে থাকা শিশু মুজাহিদুল ইসলাম ছিটকে পড়ে সড়কে আঘাত প্রাপ্ত হয়।
স্থানীয়রা তাকে উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তার মঞ্জুরুল ইসলাম শিশুটিকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় সিএনজিতে থাকা নাহিদ হাসান (১৫) এবং জাহানারা বেগম (৫৫) গুরুতর আহত হন। তাদের উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া নিহত শিশুর মা নিলুফা ইয়াসমিন (২৫), বাবা মনিরুল ইসলাম (৩০) এবং অপর একজন ফুরকান হামিদ (৩০) আহত হয়েছেন, তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
শিশুটির বাবা মনিরুল ইসলাম কান্নাজড়িত কণ্ঠে বলেন, 'আমার বোনের নাতি দেখতে গিয়ে ফেরার পথে ধনাকুশা এলাকায় মায়ের কোল থেকে ছিটকে পড়ে আমার ছেলেটা মারা গেছে। দুই মাইয়্যার পর আল্লাহর রহমতে এক ছেলে দিয়েছিল আমাকে। আজ আমার একমাত্র বুকের ধন মুজাহিদ নেই। আমি কি বিচার পামু?'
নকলা থানার উপ-পরিদর্শক (এসআই) লোকমান হোসেন জানান, দুর্ঘটনায় নিহত শিশুর মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। সুরতহাল প্রতিবেদন তৈরির কাজ চলছে। দুর্ঘটনাকবলিত সিএনজি ও ভটভটি জব্দ করে থানায় রাখা হয়েছে।
এদিকে, নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন চন্দ্র গোপ বলেন, বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে ধনাকুশা বাজারের সামনে সড়ক দুর্ঘটনায় ১৭ মাস বয়সী এক শিশু মারা গেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
চট্টগ্রামের হাটহাজারীতে পুকুরে ডুবে তানজিনা আক্তার মীম (১৭) নামের এক কিশোরীর মৃত্যু ঘটে। বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেলে হাটহাজারী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের আলীপুর গ্রামে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত তানজিনা আক্তার হচ্ছেন ওই গ্রামের প্রবাসী আবু তাহেরের কন্যা।
স্থানীয় সূত্র থেকে জানা যায়, তানজিনা দীর্ঘদিন ধরে মৃগীরোগে ভুগছিলেন। বৃহস্পতিবার বিকেলে বাড়ির পাশে হাঁটতে বের হয়েছিলেন। অসাবধানতাবশত তিনি পুকুরের পানিতে পড়ে যান। অনেক সময় তাঁর কোনো সাড়াশব্দ না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন।
একপর্যায়ে পরিবারের লোকজন পুকুর থেকে ভাসমান অবস্থায় তাকে উদ্ধার করেন।
উদ্ধারের পরে পরিবারের সদস্যরা তৎক্ষণাৎ তানজিনাকে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যান, সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাটহাজারী মডেল থানার উপপরিদর্শক (এসআই) আলতাফ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, স্থানীয়দের সঙ্গে আলোচনা করে জানা গেছে, তানজিনা মৃগীরোগে ভুগছিলেন। দুর্ঘটনার দিন পুকুরে পড়ে গিয়ে তিনি আর উঠতে পারেননি।
রাতের সময়ে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের হাতে হস্তান্তর করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বাগেরহাট সদর উপজেলায় পুলিশ এক নারীর মৃতদেহ উদ্ধার করেছে, যিনি অজ্ঞাতপরিচয়। বৃহস্পতিবার (৬ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার কাড়াপাড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সাবেকডাঙ্গা গ্রামের জাফর মিয়ার বাড়ির পিছনের একটি পুকুরে কচুরিপানার মধ্যে মরদেহটি স্থানীয়রা দেখেন।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর পর মরদেহটি উদ্ধার করে। পুলিশ জানিয়েছে, নিহত নারীর বয়স আনুমানিক ৩৫ থেকে ৪০ বছর। তার পরনে ছিল হলুদ ও নীল রঙের সেলাই করা কামিজ। তবে তাৎক্ষণিকভাবে তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
বাগেরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুল আরেফিন জানিয়েছেন, মরদেহটি উদ্ধার করার পর ময়নাতদন্তের জন্য বাগেরহাট জেলা হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। নিহত নারীর পরিচয় শনাক্ত এবং মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
পিরোজপুরের চরখালী-টগড়া ফেরিঘাটের টগড়া প্রান্তে ফেরিতে উঠতে গিয়ে কঁচা নদীতে পড়ে গেছে একটি গরুবোঝাই পিকআপ।
গরুবোঝাই পিকআপটি সাতক্ষীরা থেকে গরু নিয়ে বরগুনার উদ্দেশ্যে যাচ্ছিলো। বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেলে ঘটে এ দুর্ঘটনা। দুর্ঘটনার ফলে প্রায় ২ লাখ ৮৫ হাজার টাকা মূল্যের একটি অস্ট্রেলিয়ান ফ্রিজিয়ান জাতের গরু পানিতে ডুবে মারা যায়। এ সময় গরুর মালিক ও পিকআপচালক আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শী এবং সংশ্লিষ্ট সূত্র জানায়, পিকআপটি ফেরিতে ওঠার সময় গাড়ির সামনের অংশ ফেরিতে ওঠতে পারলেও পেছনের অংশ বাইরে ছিল। এ সময় ফেরিটি ঘাট থেকে ছেড়ে যেতে শুরু করলে পিকআপের পেছনের একটি চাকা ফেরির বাইরে পড়ে যায়। এর ফলে ভারসাম্য হারিয়ে গাড়িটি দ্রুত কঁচা নদীতে পড়ে যায়।
দুর্ঘটনাকবলিত পিকআপের চালক রুবেল অভিযোগ করেন, ফেরিতে দায়িত্বরত এক কর্মচারীর ইশারায় তিনি গাড়ি নিয়ে ফেরিতে উঠতে শুরু করেন। কিন্তু গাড়িটি পুরোপুরি ফেরিতে ওঠার আগেই ফেরিটি চালু করায় পেছনের চাকা ফেরির বাইরে চলে যায় এবং মুহূর্তেই পিকআপটি নদীতে পড়ে যায়। এই দুর্ঘটনায় ট্রাকে থাকা অস্ট্রেলিয়ান ফ্রিজিয়ান জাতের গরুটি পানিতে ডুবে মারা যায়।
দুর্ঘটনায় গরুর মালিক মোহাম্মদ রুবেল এবং পিকআপ চালক পানিতে পড়ে গুরুতর আহত হন। কিছুক্ষণ পর তারা সাঁতরে ওপরে উঠতে সক্ষম হন। খবর পেয়ে জিয়ানগর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে।
এ ঘটনায় ফেরি কর্তৃপক্ষের গাফিলতির অভিযোগ উঠেছে। তবে এ বিষয়ে ফেরি কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ