ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

অ্যাঞ্জেলিনা জোলি যুক্তরাষ্ট্র ছেড়ে নতুন জীবন শুরু করতে চান


অ্যাঞ্জেলিনা জোলি যুক্তরাষ্ট্র ছেড়ে নতুন জীবন শুরু করতে চান

যুক্তরাষ্ট্রের বাইরে নতুন জীবন শুরু করার গুঞ্জন বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল হলিউডের তারকা অ্যাঞ্জেলিনা জোলিকে নিয়ে। এবার সেই জল্পনা বাস্তবে রূপ নিতে চলেছে। লস অ্যাঞ্জেলেসে দীর্ঘকাল বসবাসকারী ‘লারা ক্রফট’ খ্যাত এই অভিনেত্রী ছয় সন্তানের প্রাপ্তবয়স্ক হওয়ার পর যুক্তরাষ্ট্রের বাইরে নতুনভাবে জীবনযাপন করার প্রস্তুতি নিচ্ছেন।

ফ্যাশন ম্যাগাজিন ল’অফিশিয়েল-কে দেওয়া এক সাক্ষাৎকারে জোলি জানিয়েছেন যে, বর্তমানে কোনো একটি দেশে স্থায়ীভাবে বসবাসের পরিকল্পনা তার নেই। বরং, তিনি কিছু সময়ের জন্য বিশ্বের বিভিন্ন স্থানে ঘুরে বেড়িয়ে ‘যাযাবর’ জীবনযাপন করতে চান। অস্কারজয়ী এই অভিনেত্রী উল্লেখ করেছেন যে, তার জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় শেষ হতে চলেছে।

বিশ্বভ্রমণের পরিকল্পনা সম্পর্কে জোলি জানান, দেশের বাইরে গেলেও তিনি এখনই কোথাও স্থায়ীভাবে বসতি স্থাপন করতে চান না। তবে, তার মায়ের স্মৃতি এবং পরিবারের গুরুত্বপূর্ণ ছবিগুলো একটি নির্দিষ্ট স্থানে সযত্নে সংরক্ষণ করার ইচ্ছা রয়েছে।

আরও পড়ুন: তারেক রহমান: জামায়াত-এনসিপি আমার রাষ্ট্রীয় সম্মান সহ্য করতে পারছে না

যুক্তরাষ্ট্র ছাড়ার পরও তিনি নিজের সৃজনশীল ফ্যাশন হাউসের আন্তর্জাতিক কার্যক্রম চালিয়ে যেতে চান। পাশাপাশি, জাতিসংঘ এবং তার অলাভজনক প্রতিষ্ঠান ‘ম্যাডক্স ফাউন্ডেশন’-এর মাধ্যমে বিভিন্ন দেশে মানবিক কর্মকাণ্ডে যুক্ত থাকবেন তিনি। এই তারকা শুরুতে কয়েক মাস কম্বোডিয়ায় থাকার পরিকল্পনার কথা জানিয়েছেন।

এর আগে চলতি বছরের মে মাসে ক্যালিফোর্নিয়ায় তার ২৯ দশমিক ৮৫ মিলিয়ন ডলারের ঐতিহাসিক বাড়িটি বিক্রি করার সিদ্ধান্ত নেন জোলি। সে সময় তার ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছিল যে, লস অ্যাঞ্জেলেস ছেড়ে যাওয়ার বিষয়টি তিনি বহু বছর ধরেই ভাবছিলেন।

তবে এতদিন যুক্তরাষ্ট্রে থাকার পেছনে ব্যক্তিগত ইচ্ছার পাশাপাশি আইনি বিষয়ও ছিল। সাবেক স্বামী ব্র্যাড পিটের সঙ্গে বিচ্ছেদের চুক্তির শর্ত অনুযায়ী, সন্তানদের ১৮ বছর বয়স পূর্ণ না হওয়া পর্যন্ত জোলির যুক্তরাষ্ট্রে থাকার বাধ্যবাধকতা ছিল।

জোলি ও পিটের ছয় সন্তান হলেন ম্যাডক্স, প্যাক্স, জাহারা, শিলো এবং যমজ ভিভিয়েন ও নক্স। গত জুলাইয়ে যমজ সন্তান দুজনই ১৮ বছর পূর্ণ করায় সেই বাধ্যবাধকতাও শেষ হয়েছে।

আরও পড়ুন: আদাবরে যুবদল নেতাকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম

এর আগে লস অ্যাঞ্জেলেসে থাকার বিষয়ে নিজের অসন্তোষ প্রকাশ করেছিলেন জোলি। গত আগস্টে দ্য হলিউড রিপোর্টার-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন যে, বিবাহবিচ্ছেদের কারণে বাধ্য হয়ে তাকে লস অ্যাঞ্জেলেসে থাকতে হচ্ছে।

ব্র্যাড পিট ও অ্যাঞ্জেলিনা জোলির বিচ্ছেদের আইনি প্রক্রিয়া শুরু হয়েছিল ২০১৬ সালে। দীর্ঘ আইনি লড়াইয়ের পর ২০২৪ সালে তাদের বিচ্ছেদ আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুদ্ধ দীর্ঘায়িত করার বিরুদ্ধে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ১১ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৫:৪৫ পি.এম


যুদ্ধ দীর্ঘায়িত করার বিরুদ্ধে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান স্পষ্টভাবে জানিয়েছেন, তিনি যুদ্ধ চালিয়ে যাওয়ার পক্ষে নন। তবে, তিনি মনে করেন যে, দেশের শক্তি বাড়ানো জরুরি, যাতে ভবিষ্যতে শত্রু বা অন্য দেশের সামনে দুর্বল হয়ে আলোচনায় বসতে না হয়। খবর মিডলইস্ট আই -এর।

দেশের শীর্ষ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রধানদের সঙ্গে অনুষ্ঠিত সভায় এসব মন্তব্য করেন প্রেসিডেন্ট। তিনি উল্লেখ করেন, দেশের অর্থনীতি, প্রশাসন এবং সংস্কৃতি রক্ষায় গবেষক ও বিশ্ববিদ্যালয়গুলোর সরকারের সহায়ক হওয়া প্রয়োজন।

শিক্ষার্থীদের ভূমিকা নিয়ে আলোচনা করতে গিয়ে পেজেশকিয়ান বলেন, শিক্ষার্থীদের উচিত রাস্তায় নেমে আন্দোলন করার পাশাপাশি দেশের বিভিন্ন সমস্যার সমাধানে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা।

রাজনৈতিক বিভাজন ভুলে সকলকে একত্রে কাজ করার আহ্বান জানিয়ে ইরানি প্রেসিডেন্ট বলেন, রাজনৈতিক মতাদর্শ যাই হোক না কেন, যিনি দেশের সমস্যা সমাধানে সহায়তা করবেন, তাকেই তিনি স্বাগত জানাবেন। তিনি দেশের অর্থনৈতিক পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত গ্রহণের পরামর্শও দেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
দাফন নাকি দাহ!

ধর্মীয় পরিচয় নিয়ে মা-বাবার টানাটানিতে শুভ চন্দ্র দাসের লাশ হিমঘরে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১১ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৫:৪৬ পি.এম


ধর্মীয় পরিচয় নিয়ে মা-বাবার টানাটানিতে শুভ চন্দ্র দাসের লাশ হিমঘরে

নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় সন্ত্রাসীদের গুলিতে নিহত শুভ চন্দ্র দাস ওরফে মো. বিল্লাল (৩২) এখনও দাফন বা দাহ করা হয়নি। তার ধর্মীয় পরিচয় নিয়ে মা ও বাবার মধ্যে টানাপোড়েন সৃষ্টি হওয়ায়, মারা যাওয়ার ছয় দিন পরেও তার লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের হিমঘরে রয়েছে।

শুভকে ইসলাম ধর্ম গ্রহণের পর ইসলামি রীতিতে দাফন করার ইচ্ছা প্রকাশ করেছেন তার মা, স্ত্রী ও ভাই। অপরদিকে, তার বাবা হিন্দু ধর্মীয় রীতিতে শেষকৃত্য সম্পন্ন করতে চান। শুভর মৃত্যুর পরপরই তার মা ও স্ত্রী দাফনের জন্য চেষ্টা করলে বাবা বাধা দেন। দাফন বা দাহের বিষয়ে জটিলতা তৈরি হলে স্ত্রীর পক্ষ থেকে উচ্চ আদালতে রিট করা হয়। পরে গতকাল বৃহস্পতিবার হাইকোর্ট ইসলামি রীতিতে দাফনের নির্দেশ দেন।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী জানান, দাফন নিয়ে মা ও বাবার মধ্যে মতভেদ সৃষ্টি হয়েছে। বিষয়টি আদালতের কাছে গড়িয়েছে। লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গের হিমঘরে রাখা হয়েছে। মা ও ভাই উচ্চ আদালতে আবেদন করার পর ইসলামি রীতিতে লাশ দাফনের আদেশ দেওয়া হয়েছে। আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে ৫ সেপ্টেম্বর রাত সোয়া একটার দিকে নারায়ণগঞ্জের চাষাঢ়া হকার্স মার্কেটের পেছনের সড়কে শুভকে গুলি করে হত্যা করা হয়।

শুভর মা পার্বতী রানী দাস ও বাবা হরি চন্দ্র দাসের সংসারে দুই ছেলে ও দুই মেয়ে রয়েছে। ২০০৩ সালে তিন সন্তানসহ পার্বতী রানী হিন্দুধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহণ করেন। এরপর তার নাম হয় আয়েশা বেগম। দুই ছেলের নামও পরিবর্তন করা হয়। শুভর নতুন নাম রাখা হয় মো. বিল্লাল এবং তার ছোট ভাই সুজনের নাম হয় ইব্রাহিম। তবে জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) শুভ চন্দ্র দাস নাম পরিবর্তন করা হয়নি।

শুভর ভাই ইব্রাহিম জানান, ধর্মান্তরের পর থেকে তারা মুসলিম পরিচয়ে জীবনযাপন করে আসছেন। ছোটবেলায় শুভ মাদ্রাসায় পড়েছেন। বর্তমানে বাবা হিন্দুধর্মের অনুসারী দাবি করে লাশ দাফনে বাধা দিচ্ছেন।

শুভ মুসলিম পরিচয়েই বড় হয়েছেন, পরিবারের দাবি। প্রায় আট বছর আগে ২০১৮ সালের সেপ্টেম্বরে তিনি মুসলিম তরুণী জ্যোতি আক্তারকে বিয়ে করেন। কাবিননামার মাধ্যমে তাদের বিয়ে হয়। তাদের সংসারে সুমাইয়া আক্তার নামে দুই বছর বয়সি একটি মেয়ে রয়েছে। তারা নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার ভূঁইগড় এলাকায় ভাড়া বাসায় বসবাস করেন।

শুভর স্ত্রী জ্যোতি আক্তার জানান, তার স্বামী জীবিত থাকতে বলেছেন, মারা গেলে মুসলিম রীতি অনুযায়ী দাফন করতে। কিন্তু তার শ্বশুর পুলিশ পাঠিয়ে মাসদাইর কবরস্থান থেকে লাশ নিয়ে গেছেন।

তিনি বলেন, "আমার স্বামী মরে গিয়েও শান্তি পাচ্ছে না। তারা তাকে কষ্ট দিচ্ছে। আমরা চাই, ইসলাম ধর্মীয় রীতি অনুযায়ী তার লাশ দাফন করা হোক।"

তবে শুভর বাবা হরি চন্দ্র দাসের দাবি, শুভ হিন্দু পরিবারে জন্মেছেন। তাই তিনি হিন্দু ধর্মীয় রীতিতেই ছেলের শেষকৃত্য করতে চান।

মামলার তদন্তকারী কর্মকর্তা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) উপ-পরিদর্শক মফিজুল ইসলাম জানান, শুভর মায়ের আবেদনের পর লাশ দাফনের জন্য কবরস্থানে নেওয়া হয়েছিল কিন্তু শুভর বাবা আইনজীবীর মাধ্যমে হিন্দু ধর্মীয় রীতিতে শেষকৃত্যের জন্য লাশ চেয়ে আবেদন করেন। হস্তান্তরের আগপর্যন্ত লাশ ঢাকা মেডিকেলের হিমঘরে রাখার আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন। পরে শুভর মা ও ভাই উচ্চ আদালতের শরণাপন্ন হয়েছেন।

গতকাল বৃহস্পতিবার বিচারপতি ইকবাল কবির ও বিচারপতি সাইফুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ শুভকে ইসলাম ধর্মীয় রীতিতে দাফন করার আদেশ দেন।

রিটকারী আইনজীবী মো. জুয়েল আজাদ জানান, বৃহস্পতিবার বিকালে আদেশ হওয়ায় আদেশের কপি সংশ্লিষ্টদের কাছে পাঠানো সম্ভব হয়নি। রোববার কার্যদিবসের শুরুতেই আদেশের কপি পৌঁছানোর আশা করছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মেসির ৭ রেকর্ডে ভাগ বসাতে পারেন রাফিনিয়া

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শুক্রবার, ১১ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৫:৪৬ পি.এম


মেসির ৭ রেকর্ডে ভাগ বসাতে পারেন রাফিনিয়া

বার্সেলোনার হয়ে লিওনেল মেসির গড়া কিছু রেকর্ড এতদিন পর্যন্ত ছিল প্রায় অপ্রাপ্য। তবে নতুন মৌসুমে রাফিনিয়াকে ভিন্ন ভূমিকায় খেলানোর সিদ্ধান্ত সেই হিসাব কিছুটা পরিবর্তন করেছে। ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের শুরুটা যেভাবে হয়েছে, তাতে মেসির একাধিক রেকর্ডের দিকে নজর দেওয়ার সুযোগ তৈরি হয়েছে তার সামনে।

২০২৬-২৭ মৌসুমে রাফিনিয়া এখন পর্যন্ত মাত্র পাঁচ ম্যাচ খেলে আট গোল করেছেন। রবার্ট লেভানডভস্কি ও ফেরান তোরেসের দল ছাড়ার পর এবং জুলিয়ান আলভারেজকে দলে যুক্ত করার চেষ্টা সফল না হওয়ায় বার্সেলোনা রাফিনিয়াকে মূল স্ট্রাইকার হিসেবে ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছে। উইং থেকে উঠে এসে কেন্দ্রীয় ফরোয়ার্ডের দায়িত্ব নেওয়ার পর তার পারফরম্যান্সের চিত্র যেন বদলে গেছে।

চলুন জেনে নেওয়া যাক বার্সেলোনার সর্বকালের সেরা মেসির যেসব রেকর্ডে ভাগ বসাতে পারেন রাফিনিয়া-

লা লিগায় টানা গোলের রেকর্ড

২০১২-১৩ মৌসুমে লা লিগায় টানা ২১ ম্যাচে গোল করে ইতিহাস গড়েছিলেন মেসি। রাফিনিয়া অবশ্য এখনো সেই রেকর্ডের কাছাকাছিও পৌঁছাননি। তবে চলতি লিগে প্রথম চার ম্যাচেই গোল করেছেন তিনি। এই ধারাবাহিকতা বজায় রাখতে পারলে মেসির রেকর্ডের দিকে যাওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে।

চ্যাম্পিয়ন্স লিগে ১৪ গোল

২০১১-১২ মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনার হয়ে ১৪ গোল করেছিলেন মেসি। এবারের আসরে প্রথম ম্যাচেই দুই গোল করে দারুণ সূচনা করেছেন রাফিনিয়া। নতুন ফরম্যাটের কারণে নকআউট পর্বসহ বেশি ম্যাচ খেলার সুযোগ থাকায় এই রেকর্ডকে লক্ষ্য করা অসম্ভব নয়।

হোস্কোরড রেটিংয়েও নজর

টানা ১২ মৌসুম হোস্কোরডের গড় রেটিংয়ে ৮.০০-এর ওপরে ছিলেন মেসি। তার সর্বোচ্চ গড় রেটিং ছিল ৮.৮৮। চলতি মৌসুমে রাফিনিয়ার রেটিং ৮.৭২—অর্থাৎ শুরুতেই মেসির সেরা সময়ের খুব কাছাকাছি অবস্থান করছেন তিনি।

লা লিগায় ৫০ গোলের মাইলফলক

২০১১-১২ মৌসুমে লা লিগায় মেসির ৫০ গোলের কীর্তি এখনও বিরল একটি রেকর্ড। তবে রাফিনিয়ার চলতি মৌসুমের শুরু অন্তত আশার আলো দেখাচ্ছে। প্রথম চার ম্যাচে তার গোল ছয়টি, অর্থাৎ প্রতি ম্যাচে গড়ে দেড় গোল। এই হার পুরো ৩৮ ম্যাচের মৌসুমে ধরে রাখতে পারলে তার গোলসংখ্যা ৫৭-তে পৌঁছাতে পারে।

এক মৌসুমে আট হ্যাটট্রিক

লা লিগার এক মৌসুমে আটটি হ্যাটট্রিক করার রেকর্ডও মেসির দখলে। নতুন পজিশনে খেলার কারণে ইয়ামাল, পেদ্রি ও ফেরমিনের কাছ থেকে নিয়মিত গোলের সুযোগ পাচ্ছেন রাফিনিয়া। ফলে মৌসুমজুড়ে একাধিক হ্যাটট্রিক করার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

৩৮ ম্যাচের ২৭টিতে গোল

লা লিগার এক মৌসুমে ৩৮ ম্যাচের মধ্যে ২৭ ম্যাচেই গোল করেছিলেন মেসি। রাফিনিয়ার এবারের শুরু অবশ্য শতভাগ সফল। লিগের চার ম্যাচেই গোল করেছেন তিনি। তবে মেসির রেকর্ড স্পর্শ করতে হলে প্রায় পুরো মৌসুমজুড়েই এমন ধারাবাহিকতা ধরে রাখতে হবে তাকে।

এক মৌসুমে ৭৩ গোল

২০১১-১২ মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৭৩ গোল করেছিলেন মেসি—যা ফুটবল ইতিহাসের অন্যতম অবিশ্বাস্য ব্যক্তিগত রেকর্ড। রাফিনিয়া এখন পর্যন্ত পাঁচ ম্যাচে করেছে আট গোল। একই গতিতে ৫০ ম্যাচ খেলতে পারলে তার গোলসংখ্যা ৮০-এর কাছাকাছি যেতে পারে।

তবে মৌসুমের শুরুতেই এ ধরনের হিসাবকে চূড়ান্ত সম্ভাবনা হিসেবে দেখার সুযোগ নেই। দীর্ঘ মৌসুমে চোট, ফর্ম, ম্যাচের সংখ্যা এবং প্রতিপক্ষের মান—সবকিছুই একজন খেলোয়াড়ের গোলসংখ্যায় প্রভাব ফেলতে পারে। তবুও স্ট্রাইকার হিসেবে রাফিনিয়ার এই দুর্দান্ত সূচনা বার্সেলোনায় মেসির দীর্ঘদিনের ‘অস্পর্শনীয়’ রেকর্ডগুলো নিয়ে নতুন আলোচনা শুরু করার যথেষ্ট কারণ তৈরি করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বুন্দেসলীগায় বায়ার্নের ওপরে এলভার্সবার্গের উত্থান

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শুক্রবার, ১১ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৫:৪৭ পি.এম


বুন্দেসলীগায় বায়ার্নের ওপরে এলভার্সবার্গের উত্থান

চার বছর আগে জার্মান ফুটবলের চতুর্থ স্তরে অবস্থান করছিল এলভার্সবার্গ। বর্তমানে তারা বুন্দেসলিগায় অভিষেকের প্রথম দুই ম্যাচেই জয়লাভ করে রোববার ৩৫ বারের জার্মান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখের মুখোমুখি হতে যাচ্ছে।

চার বছর পূর্বে এলভার্সবার্গ আঞ্চলিক লিগে খেলে আসছিল। সেই দলটি এখন বুন্দেসলিগায় অভিষেক মৌসুমে দুই ম্যাচে জয়লাভ করে পয়েন্ট তালিকার শীর্ষে অবস্থান করছে। রোববার, ছোট শহরের ক্লাবটি জার্মানির সবচেয়ে সফল দল বায়ার্ন মিউনিখের বিরুদ্ধে খেলতে নামবে। এলভার্সবার্গের এই উত্থানের কাহিনী ইতোমধ্যে একটি রূপকথায় পরিণত হয়েছে।

চার বছর আগে, এলভার্সবার্গ দক্ষিণ-পশ্চিম অঞ্চলের আঞ্চলিক লিগের চতুর্থ স্তরে শীর্ষে উঠে আসে। ২০২২-২৩ মৌসুমে তারা দ্বিতীয়বারের মতো বুন্দেসলিগা-২-এ উন্নীত হয়। ২০২৪-২৫ মৌসুমে হাইডেনহাইমের কাছে প্লে-অফে ৪-৩ গোলে পরাজিত হয়ে বুন্দেসলিগায় ওঠার সুযোগ হাতছাড়া করে। তবে এক বছর পরে শালকের পেছনে রানার্সআপ হয়ে সরাসরি শীর্ষ স্তরে চলে আসে তারা।

বুন্দেসলিগায় অভিষেক ম্যাচে এলভার্সবার্গের প্রতিপক্ষ ছিল বায়ার লেভারকুসেন। তারা ভয় না পেয়ে প্রথম নয় মিনিটের মধ্যে ২-০ গোলে এগিয়ে যায়। গোল করেন লুকাস পেটকভ ও কোল ক্যাম্পবেল। বিরতির পর ডেভিড মোকওয়া তৃতীয় গোল করলে তাদের রূপকথার শুরু আরও জমে ওঠে। পরে পাত্রিক শিক ও যোগ করা সময়ে ক্রিস্তিয়ান কোফানে গোল করলেও নবাগতরা জয় ধরে রাখতে সক্ষম হয়।

দ্বিতীয় ম্যাচে নাটকীয়তা আরও বৃদ্ধি পায়। বরুসিয়া মোনশেংগ্লাডবাখের মাঠে ৫৬ মিনিট পর্যন্ত এলভার্সবার্গ ১-৩ গোলে পিছিয়ে ছিল। তবে মরিস ক্রাটেনমাখার ও ফেলিক্স কেইডেলের গোলে তারা সমতা ফেরায়। যোগ করা সময়ে ক্রাটেনমাখারই জয়সূচক গোল করেন। ফলে বুন্দেসলিগায় প্রথম দুই ম্যাচেই জয়লাভ করে এলভার্সবার্গ ইতিহাস গড়ে।

উদ্বোধনী ১৯৬৩-৬৪ মৌসুম বাদ দিলে, বুন্দেসলিগার ইতিহাসে তারা মাত্র ষষ্ঠ দল হিসেবে প্রথম দুই ম্যাচে জয় লাভের নজির স্থাপন করেছে। একবিংশ শতাব্দীতে এমন কীর্তি মাত্র দ্বিতীয়বার ঘটেছে। দুই ম্যাচে শতভাগ জয় পাওয়া চার দলের মধ্যে এলভার্সবার্গও রয়েছে। এমনকি গত সপ্তাহে শালকের সঙ্গে গোলশূন্য ড্র করা বায়ার্নের চেয়ে তারা এখন পয়েন্ট তালিকায় উপরে অবস্থান করছে।

বিশ্বব্যাপী ১৩ হাজারের বেশি পুরুষ ফুটবল দলের শক্তিমত্তা অনুযায়ী সাজানো অপ্টা পাওয়ার র‌্যাঙ্কিংয়ে এলভার্সবার্গের উত্থান লক্ষণীয়। ২০২২-২৩ মৌসুমের শুরুতে তারা ছিল বিশ্বের শীর্ষ দুই হাজারের বাইরে। মোনশেংগ্লাডবাখকে হারানোর পর বর্তমানে তারা ১২৭তম স্থানে উঠে এসেছে। তাদের নিচে রয়েছে আন্দেরলেখট ও ফিওরেন্তিনা। রোববার বায়ার্নকে পরাজিত করতে পারলে তারা আরও উপরে উঠবে।

এলভার্সবার্গের উত্থানের পেছনে তরুণ প্রতিভা খুঁজে বের করার কৌশল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। নিক ভল্টেমাডে ২০২২-২৩ মৌসুমে ভের্ডার ব্রেমেন থেকে ধারে এলভার্সবার্গে খেলেছেন। ফিসনিক আসলানি ২০২৪-২৫ মৌসুমে ধারে এসে পরে হফেনহাইমে আলো ছড়ান। ইউনেস এবনুতালিব গত মৌসুমের প্রথমার্ধে এলভার্সবার্গের হয়ে ১৭ লিগ ম্যাচে ১২ গোল করে জানুয়ারিতে আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টে চলে যান। তাঁর বিদায়ের পরও এলভার্সবার্গের অগ্রযাত্রা অব্যাহত থাকে।

গত মৌসুমে বুন্দেসলিগা-২-এ এলভার্সবার্গ ৬৪ গোল করে সর্বাধিক গোলদাতা দল হিসেবে পরিচিতি লাভ করে। তাদের প্রত্যাশিত গোল ছিল ৬৪.৮, যা তাদের পারফরম্যান্সের সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ। ৩৯ গোল হজম করে তারা ছিল দ্বিতীয় সর্বনিম্ন গোল খাওয়া দল; বিপক্ষের প্রত্যাশিত গোলও ছিল ৩৯.৫। তাই তাদের উন্নীত হওয়াকে নিছক ভাগ্যের ফল বলার সুযোগ নেই।

তাদের খেলার ধরন আক্রমণাত্মক, তবে অতি সরাসরি নয়। গত মৌসুমে বুন্দেসলিগা-২-এ তারা সবচেয়ে কম লম্বা পাস খেলেছে—১ হাজার ৫৩৭টি। তবে বল সামনে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে তারা কার্যকর ছিল। ৯৭৯টি প্রগ্রেসিভ পাস দিয়ে তারা লিগে দ্বিতীয়, আর সফল থ্রু বলের সংখ্যা ছিল সর্বাধিক—২৯টি। সেট-পিসেও তারা বিপজ্জনক; কর্নার থেকে গত মৌসুমে ১০ গোল করেছে তারা।

এ সাহসী ফুটবলের কারিগর কোচ ভিনসেন্ট ভাগনার। ২০২৫ সালের জুনে দায়িত্ব গ্রহণকারী ভাগনার প্রথম মৌসুমেই দলকে বুন্দেসলিগায় উন্নীত করেন। তবে রোববার বায়ার্নের বিপক্ষে তিনি ডাগআউটে থাকতে পারবেন না। মোনশেংগ্লাডবাখের বিপক্ষে জয়ের ম্যাচে দুটি হলুদ কার্ড দেখায় নিষেধাজ্ঞায় রয়েছেন তিনি।

ভাগনারের দর্শন তাঁর দলের খেলার সঙ্গে মেলে। তিনি বলেছেন, "পিছিয়ে থেকে রক্ষণাত্মক হয়ে ১-০ গোলে হারার চেয়ে সাহস করে ৪-০ গোলে হারানো তাঁর কাছে বেশি গ্রহণযোগ্য।" তাঁর বিশ্বাস, ফুটবল উপভোগের বিষয় এবং সাহসী, আনন্দময় ফুটবলই খেলোয়াড়দের উন্নতিতে বেশি সহায়তা করে।

ঝুঁকিপূর্ণ এই দর্শনের কারণে এলভার্সবার্গ গোলও হজম করেছে। দুই ম্যাচে তারা পাঁচ গোল খেয়েছে। সব প্রতিযোগিতা মিলিয়ে নিজেদের শেষ ১৪ অ্যাওয়ে লিগ ম্যাচের কোনোটিতেই ক্লিন শিট রাখতে পারেনি। তবে অন্য প্রান্তে গোল করার ক্ষমতাও স্পষ্ট। প্রথম দুই ম্যাচে সাত গোল করে তারা বুন্দেসলিগায় কোনো নবাগত দলের মৌসুম শুরুর প্রথম দুই ম্যাচে সর্বাধিক গোলের নতুন রেকর্ড গড়েছে।

তরুণদের ওপর জোর থাকলেও দলটি পুরোপুরি তারুণ্যনির্ভর নয়। বুন্দেসলিগা ও জার্মান কাপ মিলিয়ে চলতি মৌসুমে মাঠে নামা খেলোয়াড়দের গড় বয়স ২৫ বছর ২৪৮ দিন। ক্যাম্পবেল, মোকওয়া ও ফ্রান্সিস ওনিয়েকার মতো তরুণদের সঙ্গে অভিজ্ঞ ম্যাক্সিমিলিয়ান রোর, ইয়ান গ্যামারাহ ও লুকা শ্নেলবাখারও রয়েছেন। শ্নেলবাখার ও গোলরক্ষক নিকোলাস ক্রিস্তফ তো আঞ্চলিক লিগ থেকেই ক্লাবটির সঙ্গে যুক্ত আছেন।

এলভার্সবার্গের আরেকটি শক্তি হলো গোলের ভার একজনের ওপর না থাকা। গত মৌসুমে বুন্দেসলিগা-২-এর সর্বোচ্চ গোলদাতা দল হলেও ব্যক্তিগতভাবে সেরা নয়জন গোলদাতার তালিকায় তাদের কেউ ছিলেন না। দলের সর্বোচ্চ গোলদাতা লুকাস পেটকভ করেছিলেন ১৩ গোল। অর্থাৎ দলটির আক্রমণভাগের শক্তি মূলত সম্মিলিত।

রোববার এলভার্সবার্গের জন্য একটি ঐতিহাসিক দিন হতে যাচ্ছে। চার বছর আগে যারা জার্মান ফুটবলের চতুর্থ স্তরে খেলছিল, তারা এখন মাঠে নামবে ৩৫ বারের জার্মান চ্যাম্পিয়ন ও ছয়বারের ইউরোপিয়ান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখের বিরুদ্ধে। দুই ম্যাচে দুই জয় পাওয়া এলভার্সবার্গের রূপকথা এবার কোথায় গিয়ে থামে, সেটাই দেখার।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%