০৫:৫২ পি.এম
বিশ্বকাপে আলোচিত ভুভুজেলা এবার দেখা যাবে না। আসন্ন বিশ্বকাপ উপলক্ষে স্টেডিয়ামে আচরণবিধিতে কঠোর নির্দেশনা জারি করেছে ফিফা। নতুন নিয়ম অনুযায়ী, ভুভুজেলা এবং অতিরিক্ত শব্দ সৃষ্টি করে এমন যন্ত্রপাতি স্টেডিয়ামে নিষিদ্ধ করা হয়েছে।
ফিফার মতে, এসব যন্ত্রের উচ্চ শব্দ খেলোয়াড়, কোচ এবং ম্যাচ কর্মকর্তাদের মনোযোগে বিঘ্ন ঘটাতে পারে। অতীতে ভুভুজেলার তীব্র শব্দের কারণে খেলোয়াড়দের রেফারির বাঁশি শুনতে সমস্যা হয়েছে, যা নিয়ে ব্যাপক সমালোচনা ছিল।
শুধু শব্দসৃষ্টিকারী যন্ত্রই নয়, লেজার রশ্মি বা খেলোয়াড়দের লক্ষ্য করে ব্যবহার করা যেতে পারে এমন যন্ত্রপাতিও স্টেডিয়ামে বহন করা যাবে না। নিরাপত্তা এবং খেলার পরিবেশ বজায় রাখতে এসব বিষয়ে কঠোর অবস্থান নিয়েছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।
আরও পড়ুন: পদ্মা সেতু হয়ে রূপপুরে ইউরেনিয়াম পরিবহন, শ্রমিক আন্দোলনের শঙ্কা
পোশাক এবং দর্শক আচরণের ক্ষেত্রেও নতুন নির্দেশনা দিয়েছে ফিফা। শরীরে রং করা বা ট্যাটু আঁকাকে পোশাকের মধ্যে গণ্য করা হবে না। মাঠে নগ্ন হয়ে দৌড়ানো, শরীর প্রদর্শন করা, কিংবা পোশাক খুলে সংবেদনশীল অঙ্গ প্রদর্শন কঠোরভাবে নিষিদ্ধ থাকবে।
এছাড়া, স্টেডিয়ামে পানির বোতল নিয়ে প্রবেশের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এই নতুন নিয়ম অমান্য করলে দর্শকদের স্টেডিয়ামে প্রবেশ করতে দেওয়া হবে না। যদি কোনোভাবে ভেতরে প্রবেশের পর নিষিদ্ধ সামগ্রী বহনের প্রমাণ পাওয়া যায়, তাহলে সংশ্লিষ্ট ব্যক্তিকে স্টেডিয়াম থেকে বের করে দেওয়া হতে পারে।
আসন্ন বিশ্বকাপকে নিরাপদ, সুশৃঙ্খল এবং দর্শকবান্ধব রাখতে এসব বিধিনিষেধ কার্যকর করা হচ্ছে বলে জানিয়েছে ফিফা।
আরও পড়ুন: ত্রিশাল ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে ২০ বছরেও নিয়োগ হয়নি জনবল
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন