০৭:৩০ পি.এম
রংপুরের পীরগঞ্জ উপজেলার বহুল আলোচিত শিশু তাজমিনা আক্তার (৬) হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি ও শিশুটির বাবা আবু তাহেরকে পুলিশ প্রায় এক দশক পর গ্রেপ্তার করেছে।
শনিবার (১৮ জুলাই) রাতে ঢাকার আশুলিয়া থানার বাইপাইল এলাকা থেকে আবু তাহেরকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, পীরগঞ্জ উপজেলার মদনখালী ইউনিয়নের কাফ্রিখাল গ্রামের আশকর আলীর ছেলে আবু তাহের পারিবারিক কলহের কারণে ২০০৭ সালের ১৩ ডিসেম্বর নিজের মেয়ে তাজমিনা আক্তারকে শ্বাসরোধ করে হত্যা করেন। পরে পুলিশ পাশের শ্যামপুর গ্রামের একটি আখক্ষেত থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে।
আরও পড়ুন: নওগাঁয়ে ঘরে মাটির নিচে ২৪৫ কেজির কষ্টিপাথরের শিবলিঙ্গ উদ্ধার, আটক ১
এই ঘটনায় নিহতের মা সালেহা বেগম ২০০৭ সালের ১৪ ডিসেম্বর পীরগঞ্জ থানায় দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় একটি হত্যা মামলা করেন (মামলা নং-২০) এবং ময়নাতদন্ত প্রতিবেদনে শ্বাসরোধে হত্যার বিষয়টি নিশ্চিত হয়।
মামলার বিচার প্রক্রিয়া শেষে ২০১৬ সালের অক্টোবরে আদালত আবু তাহেরকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেন, যার পর তিনি দীর্ঘ সময় আত্মগোপনে ছিলেন।
শনিবার গোপন সংবাদের ভিত্তিতে, পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজমূল হকের নির্দেশনায় উপ-পরিদর্শক (এসআই) মো. ইমরান হোসেনের নেতৃত্বে একটি অভিযান চালিয়ে আশুলিয়ার বাইপাইল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তার এড়াতে আবু তাহের সেখানে ছদ্মবেশে রিকশা-ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করছিলেন।
আরও পড়ুন: দিনাজপুর বোর্ডের ১ কোটি ২৬ লাখ টাকার দুর্নীতির তদন্তের নির্দেশ
পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজমুল হক জানান, মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি আবু তাহেরকে গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন