ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

কুয়েত প্রবাসীদের উদ্দেশে মন্ত্রণালয়ের বিশেষ বার্তা


কুয়েত প্রবাসীদের উদ্দেশে মন্ত্রণালয়ের বিশেষ বার্তা

সম্প্রতি কুয়েতের হাসাবিয়া এবং আব্বাসিয়া এলাকার কয়েকটি ঝুঁকিপূর্ণ ভবনে বসবাসরত বাংলাদেশিসহ নানা দেশের প্রবাসীদের কুয়েত সরকার নিরাপত্তাজনিত কারণে সরিয়ে নেওয়ার বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয়ের দৃষ্টিগোচর হয়েছে।

রোববার (১৯ জুলাই) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পররাষ্ট্র মন্ত্রণালয় কুয়েতের বাংলাদেশ দূতাবাসের সঙ্গে যোগাযোগ করে জানতে পেরেছে যে, সম্ভাব্য দুর্ঘটনা এড়ানোর লক্ষ্যে কুয়েত সরকার সংশ্লিষ্ট ঝুঁকিপূর্ণ ভবনগুলো থেকে বাসিন্দাদের সরিয়ে হাসাবিয়া এলাকায় অবস্থিত খাদিজা বিনতে জাবের স্কুলে অস্থায়ী আশ্রয়ের ব্যবস্থা করেছে।

বাংলাদেশের রাষ্ট্রদূত এবং দূতাবাসের সংশ্লিষ্ট কর্মকর্তারা ইতোমধ্যে একাধিকবার ওই অস্থায়ী আশ্রয়কেন্দ্র পরিদর্শন করে সেখানে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের খোঁজখবর নিয়েছেন এবং তাদের প্রয়োজনীয় পরামর্শ ও সহায়তা প্রদান করেছেন।

আরও পড়ুন: সুইজারল্যান্ডের প্রতি বাংলাদেশে বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণের আহ্বান রাষ্ট্রপতি মির্জা ফখরুলের

দূতাবাস সূত্রে জানা গেছে, আশ্রয়কেন্দ্রে কুয়েত সরকার খাদ্য, বিশুদ্ধ পানি, শীতাতপ নিয়ন্ত্রণসহ প্রয়োজনীয় মৌলিক সুবিধার ব্যবস্থা করেছে। এ ছাড়া, উচ্ছেদকৃত বাংলাদেশি নাগরিকদের স্বার্থ সংরক্ষণে দূতাবাস কুয়েতের সংশ্লিষ্ট উচ্চপর্যায়ের কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ বজায় রেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় এ ঘটনার কারণে ক্ষতিগ্রস্ত বাংলাদেশি নাগরিকদের প্রয়োজনীয় সহায়তার জন্য কুয়েতের বাংলাদেশ দূতাবাসের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানাচ্ছে। এ উদ্দেশ্যে দূতাবাস ইতোমধ্যে জরুরি যোগাযোগের নম্বরসহ একটি পৃথক প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। একই সঙ্গে, কুয়েতে অবস্থানরত সকল বাংলাদেশি নাগরিককে দেশটির প্রচলিত আইন, বিধি-বিধান ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনা যথাযথভাবে প্রতিপালনের জন্য অনুরোধ জানানো হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পিরোজপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৯ই জুলাই, ২০২৬ ইং

০৭:৩৫ পি.এম


পিরোজপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ

পিরোজপুরের মঠবাড়িয়ায় প্রাকৃতিক দুর্যোগের ফলে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মধ্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দকৃত ঢেউটিন, গৃহনির্মাণ অনুদান এবং আর্থিক সহায়তা হিসেবে চেক বিতরণ করা হয়েছে।

রোববার (১৯ জুলাই) বিকেল ৪টায় মঠবাড়িয়া উপজেলা পরিষদ হলরুমে এই উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা প্রশাসন এবং উপজেলাব্যাপী দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের যৌথ আয়োজনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিরোজপুর-৩ আসনের সংসদ সদস্য মো. রুহুল আমিন দুলাল।

তিনি এসময় বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে সরকারের মানবিক সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে তাদের হাতে সরকারি সহায়তার চেক ও ঢেউটিন তুলে দেওয়া হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি জানান।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসন ও সহায়তার উদ্দেশ্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দের আওতায় এ সহায়তা প্রদান করা হয়। অনুষ্ঠানের সময় ৫৬টি পরিবারকে ঢেউটিনের সঙ্গে ৩ হাজার টাকার চেক এবং ১৭৫টি পরিবারকে মোট ৭ লাখ টাকার আর্থিক সহায়তার চেক দেওয়া হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মঠবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আকলিমা আক্তার। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সদস্য খালিদ সাইফুল্লাহ আমিন বাবু, পৌর বিএনপির সভাপতি জসিম ফরাজি, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান, পৌর বিএনপির সাবেক সভাপতি কে এম হুমায়ুন কবির এবং মঠবাড়িয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজামুল কবির মিরাজসহ অন্যান্য বিএনপির নেতৃবৃন্দ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কৃষকের সোনালি দিন ফেরাতে কাজ করছে সরকার: পানিসম্পদ প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ১৯ই জুলাই, ২০২৬ ইং

০৭:৩৭ পি.এম


কৃষকের সোনালি দিন ফেরাতে কাজ করছে সরকার: পানিসম্পদ প্রতিমন্ত্রী

কৃষকদের সোনালি দিন ফিরিয়ে আনতে কৃষিতে আধুনিক পদ্ধতির ব্যবহারের নিশ্চয়তা দিতে সরকার কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন সরকারের পানিসম্পদ প্রতিমন্ত্রী ও পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন আজাদ।

রোববার (১৯ জুলাই) দুপুরে পঞ্চগড়ের বোদা উপজেলার বোদা সরকারি পাইলট স্কুল অ্যান্ড কলেজ মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে কৃষিঋণ মওকুফ ও সনদপত্র প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা জানান।

তিনি বক্তব্যে বলেন, আমি ব্যক্তি বুঝি না, দল বুঝি না। আমার লক্ষ্য একটাই, সেটি হচ্ছে বাংলাদেশ। যদি দেশের কৃষক বাঁচে, তাহলে বাংলাদেশ বাঁচবে। কৃষক স্বনির্ভর হলে বাংলাদেশও স্বনির্ভর হবে। কৃষক উঠে দাঁড়ালে বাংলাদেশও এগিয়ে যাবে।

এছাড়া, তিনি আরও বলেন, আজকের কৃষিঋণ মওকুফের মাধ্যমে কৃষকরা ঋণের বোঝা থেকে মুক্তি পাবেন। এ জন্য তিনি সরকারের প্রতি সমর্থন অব্যাহত রাখার আহ্বান করেছেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, উপজেলার ৫ হাজার ৮৯২ জন কৃষকের প্রায় ৮ কোটি টাকার বেশি কৃষিঋণ মওকুফ করা হয়েছে এবং তাদের জমির দলিলও ফেরৎ দেওয়া হয়েছে।

এ ছাড়াও প্রতিমন্ত্রী কৃষকদের মাঝে পাঁচটি করে গাছের চারা বিতরণ করেন।

অনুষ্ঠানে জেলা প্রশাসক মোছা. শুকরিয়া পারভীনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন পঞ্চগড়ের পুলিশ সুপার আবু সাইম, বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা আহমেদ রাশেদ উন নবী, বোদা সোনালী ব্যাংকের ব্যবস্থাপক আহমেদ জোবায়েরসহ ঋণমুক্ত কৃষক-কৃষাণীরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্থায়ী নদীশাসনের আশ্বাস এমপি বাবুলের

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৯ই জুলাই, ২০২৬ ইং

০৭:৩৮ পি.এম


স্থায়ী নদীশাসনের আশ্বাস এমপি বাবুলের

ফরিদপুর জেলার সদরপুর উপজেলার পদ্মা ও আড়িয়াল খাঁ নদীর ভাঙনকবলিত অঞ্চল পরিদর্শন করেছেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল।

রোববার (১৯ জুলাই) দুপুরের সময় উপজেলা ঢেউখালী ইউনিয়নের শয়তানখালী ঘাট ও চরবলাশিয়া ঘাটসহ নদীভাঙনে ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা তিনি পরিদর্শন করেন এবং সেখানে ক্ষতিগ্রস্ত মানুষের সাথে কথা বলেন। এ সময় স্থানীয়দের দুর্ভোগ ও নানা সমস্যার কথা তিনি শোনেন।

শহিদুল ইসলাম বাবুল মন্তব্য করেন, বিএনপি হলো জনগণের আস্থার প্রতীক। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নদী ও খাল খনন এবং কৃষক উন্নয়নে কাজ করেছেন। সেই ধারাবাহিকতার সাথে সাথে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের এবং জনগণের স্বার্থে কাজ করে যাচ্ছেন। আগামী দিনের বাংলাদেশ হবে অসাম্প্রদায়িক এবং স্বনির্ভর।

তিনি আরো উল্লেখ করেন, আপনারা আমাদের ওপর আস্থা রাখুন। নদীভাঙন রোধে জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলা হবে। পাশাপাশি আগামী শুকনো মৌসুমে আকোটেরচর ইউনিয়নের মাথাভাঙ্গা থেকে চন্দ্রপাড়া ঘাট পর্যন্ত স্থায়ী নদীশাসনের ব্যবস্থা করা হবে, যাতে ভবিষ্যতে নদীভাঙনে আর কোনো মানুষের ঘরবাড়ি ও ফসল নদীগর্ভে বিলীন না হয়।

এ সময় নদীতীরবর্তী এলাকাগুলোর বিপুলসংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।

ভাঙনকবলিত এলাকার বাসিন্দারা বলেন, আমরা কোনো ত্রাণ বা সাহায্য চাই না। আমরা দাবি করছি নদীভাঙন প্রতিরোধে টেকসই বেড়িবাঁধ নির্মাণ এবং স্থায়ী নদীশাসনের ব্যবস্থা করা হোক।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সদরপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল আল মামুন শাহ, উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী বদরুজ্জামান বদু, সদস্যসচিব তরিকুল ইসলাম কবির মোল্লা, যুগ্ম আহ্বায়ক কে এম আবু সাঈদ, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মুন্সী ইশারতসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চ্যাম্পিয়ন হলে আর্জেন্টিনা জুড়ে ছুটির ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ১৯ই জুলাই, ২০২৬ ইং

০৭:৪০ পি.এম


চ্যাম্পিয়ন হলে আর্জেন্টিনা জুড়ে ছুটির ঘোষণা

আর্জেন্টিনা যদি ফাইনালে স্পেনকে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের শিরোপা জিততে পারে, তাহলে প্রেসিডেন্ট হাভিয়ের মিলেইয়ের প্রশাসন সোমবার (আগামীকাল) দেশটিতে জাতীয় ছুটি ঘোষণা করার বিষয়টি বিবেচনা করছে। ফাইনালের জন্য আর মাত্র কয়েক ঘণ্টা বাকি রয়েছে এবং সরকারের নীতিনির্ধারণী মহলে এই বিষয় নিয়ে ব্যাপক আলোচনা ও প্রস্তুতি চলছে।

আর্জেন্টাইন সংবাদপত্র ক্লারিন-এর রিপোর্ট অনুযায়ী, ছুটি ঘোষণার বিষয়টিকে সম্পূর্ণভাবে স্পেনের বিপক্ষে ফাইনালের ফলাফলের ওপর নির্ভর করে। তবে যদি লিওনেল স্কালোনির দল চ্যাম্পিয়ন হয়, তাহলে এই সিদ্ধান্ত কার্যকর হওয়ার সম্ভাবনা খুব বেশি।

আর্জেন্টিনা সরকারের মূল উদ্দেশ্য হচ্ছে ২০২২ সালের কাতার বিশ্বকাপে জয় লাভের পর দেশটিতে যে অভূতপূর্ব উল্লাস হয়েছিল, তার পুনরাবৃত্তি ঘটানো। সেইসময়, তৎকালীন প্রেসিডেন্ট আলবের্তো ফের্নান্দেস এক জরুরি ডিক্রির মাধ্যমে দেশজুড়ে জাতীয় ছুটি ঘোষণা করেছিলেন, যার ফলে লাখ লাখ আর্জেন্টাইন রাস্তায় বেরিয়ে ফ্রান্সের বিরুদ্ধে ঐতিহাসিক জয় উদযাপন করতে সক্ষম হয়েছিলেন।

এবারও মিলেইয়ের সরকার সেই একই পথ অনুসরণ করতে চায়।

ছুটি ঘোষণার পাশাপাশি, আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সঙ্গে ট্রফি জয়ী দলের দেশে ফেরার নিরাপত্তা এবং লজিস্টিকস নিয়ে আলোচনা ইতিমধ্যেই শুরু করেছে সরকার।

আর্জেন্টিনার সরকারি চিফ অব স্টাফ দিয়েগো সান্তিই জানিয়েছেন যে, যেকোনো রকমের বড় উদযাপনের নিরাপত্তা এবং লজিস্টিকস সহায়তার জন্য সরকার সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।

যদিও তিনি পরিষ্কার করে বলেছেন, 'উদযাপনের ধরণ কোনরকম হবে, সেই সিদ্ধান্ত সম্পূর্ণভাবে খেলোয়াড় এবং কোচিং স্টাফদের হাতে। সরকার এখানে কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেবে না। তারা যেভাবে চাইবে, আমরা সেই সিদ্ধান্তকে সম্মান জানাবো এবং সমর্থন দেব।'

যদি আজ আর্জেন্টিনা স্পেনের বিরুদ্ধে জয়লাভ করে, তাহলে বুয়েনস আইরেসের রাস্তায় আবারও ২০২২ সালের মতো লাখো মানুষের এক ঐতিহাসিক ও জনসমুদ্রের মতো গণ-উদযাপন দেখা যেতে পারে বলে আশা করা হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%