১০:৩৮ এম
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় সংরক্ষিত বনাঞ্চল, শিক্ষাপ্রতিষ্ঠান, লোকালয় এবং কৃষিজমিতে গড়ে উঠেছে অর্ধশতাধিক ইটভাটা। এসব ইটভাটার বৈধ কাগজপত্র নেই। পরিবেশ আইন লঙ্ঘন করে ইট পোড়ানো হচ্ছে। অবৈধভাবে গড়ে ওঠা এসব ইটভাটার কালো ধোঁয়ায় জনজীবন মারাত্মক হুমকির মুখে। অন্যদিকে, পাহাড় ও কৃষিজমির মাটি কেটে উজাড় করছেন ইটভাটার মালিক ও মাটি ব্যবসায়ীরা।
পরিবেশ অধিদপ্তর, বন বিভাগ এবং উপজেলা প্রশাসনের নজরদারির অভাবে এসব অবৈধ ইটভাটার মালিক সরকারি আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে জ্বালানি হিসেবে বনাঞ্চলের কাঠ ব্যবহার করছেন এবং কাঁচামাল হিসেবে ফসলি জমির টপ সয়েল ব্যবহার করছেন। এর ফলে একদিকে বনাঞ্চল উজাড় হচ্ছে, অন্যদিকে পরিবেশ ও জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ছে।
চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তর ৩৮০ ভাটার মালিককে ‘লাল নোটিস’ দিয়ে সতর্ক করলেও লোহাগাড়া উপজেলায় প্রায় অর্ধশতাধিক ইটভাটা ইট পোড়ানো শুরু করে দিয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চট্টগ্রাম জেলায় মোট ইটভাটা ৪২৫টি, যার মধ্যে ৭৯টি বৈধ। এসব ভাটার পরিবেশ ও অবস্থানগত ছাড়পত্র রয়েছে। ৩৪৯টি ইটভাটা অবৈধ। বৈধ ৭৯টির মধ্যে ৬০টিতে পরিবেশগত ছাড়পত্র নবায়ন করা হয়নি। অনুসন্ধানে প্রাপ্ত তথ্যমতে, ৩৩৩টি ভাটায় পরিবেশসম্মত জিগজ্যাগ কিলন, হাইব্রিড হফম্যান কিলন ও টানেল কিলন চিমনি রয়েছে। লোহাগাড়া উপজেলায় ৪০টি ইটভাটা থাকলেও অনুমোদন রয়েছে মাত্র একটিতে। ৪০টির মধ্যে ৩০টি ভাটা ইতোমধ্যে চালু হয়ে গেছে, বাকিগুলো চালু করার প্রস্তুতি নিচ্ছে। ২০১৩ সালের ‘ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন’ (যা ২০১৯ সালে সংশোধিত) অনুযায়ী এসব ইটভাটা পরিচালনা হওয়ার কথা। আইনে ভাটা পরিচালনায় পরিবেশগত ছাড়পত্র এবং জেলা প্রশাসকের লাইসেন্স থাকা বাধ্যতামূলক হলেও ৮৫ ভাগ ভাটার অনুমোদন নেই। পাহাড়, আবাসিক এলাকা, ফসলি জমি, বনাঞ্চল এবং পৌরসভার এক কিলোমিটারের মধ্যে ইটভাটা স্থাপন আইনে নিষিদ্ধ, কিন্তু কোনো ভাটা মালিকই তা মানছেন না। প্রতিটি ভাটায় কয়লা ব্যবহারের কথা থাকলেও কেউ কয়লা ব্যবহার করছে না।
আরও পড়ুন: যশোরে সবজি উৎপাদন থেকে বছরে আয় ২,৬৫৫ কোটি টাকা
এলাকাবাসীর অভিযোগ, পরিবেশ অধিদপ্তর, বন বিভাগ ও উপজেলা প্রশাসন এসব অবৈধ ইটভাটার বিরুদ্ধে কার্যকর কোনো আইনগত ব্যবস্থা নিচ্ছে না। ফলে এসব ইটভাটায় জ্বালানি হিসেবে ব্যবহার হচ্ছে বনের কাঠ এবং ফসলি জমির টপ সয়েল। এতে বনাঞ্চল ধ্বংসের পাশাপাশি কৃষিজমির উর্বরতা হ্রাস পাচ্ছে।
এ বিষয়ে চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের অধীন পদুয়া রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মো. রিয়াদুর রহমান ভূইয়া বলেন, "পদুয়া রেঞ্জের আওতাধীন এলাকার কোনো ইটভাটায় কাঠ মজুত বা পুড়ালে আইনি প্রক্রিয়ার মাধ্যমে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।"
লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার মো. বায়েজীদ বিন আখন্দ বলেন, "অবৈধভাবে ইটভাটা পরিচালনা করা কোনো সুযোগ নেই। চট্টগ্রাম জেলাপ্রশাসককে ইটভাটার মালিকেরা কথা দিয়েছেন তারা অবৈধভাবে ইটভাটা পরিচালনা করবেন না। যদি তারা সে শর্ত ভঙ্গ করেন, তাহলে তাদের আইনের আওতায় আনা হবে।"
আরও পড়ুন: আটঘরিয়ায় রোপা আমন ধান কাটা শুরু, কৃষকেরা সন্তোষজনক ফলনের আশা করছেন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন