ঢাকা শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২২শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬ইং ২২শে কার্তিক, ১৪৩২বাং

“যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির সম্ভাবনায় তেলের দাম নেমে এলো ৮০ ডলারের নিচে”


“যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির সম্ভাবনায় তেলের দাম নেমে এলো ৮০ ডলারের নিচে”

হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার সম্ভাবনা এবং মধ্যপ্রাচ্য যুদ্ধ শেষের লক্ষ্যে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিকে ঘিরে আশাবাদ বাড়ায় মঙ্গলবার বিশ্ববাজারে তেলের দাম ব্যারেলপ্রতি ৮০ ডলারের নিচে নেমে গেছে।

ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়, চুক্তির অংশ হিসেবে ওয়াশিংটন ইরানের অপরিশোধিত তেলের ওপর নিষেধাজ্ঞা শিথিল করতে পারে, ফলে তেহরান দ্রুতই তেল ও পরিশোধিত পণ্য রপ্তানি শুরু করতে পারবে। এই খবরের পর দাম আরও ৫ শতাংশের বেশি পড়ে যায়।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

আরও পড়ুন: পদ্মা সেতু হয়ে রূপপুরে ইউরেনিয়াম পরিবহন, শ্রমিক আন্দোলনের শঙ্কা

আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট নর্থ সি ক্রুডের দাম ৫ দশমিক ১ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৭৮.৯৬ ডলারে দাঁড়ায়।

যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দাম ৫ দশমিক ৮ শতাংশ কমে ৭৬.০৫ ডলারে নেমে আসে।

তেল খাতের বিশেষজ্ঞ এবং শিপিং কোম্পানিগুলো সতর্ক করে বলেছে, হরমুজ প্রণালী প্রায় বন্ধ হয়ে যাওয়ার পর স্বাভাবিক কার্যক্রমে ফিরতে সময় লাগবে।

তবে বিশ্লেষকদের মতে, বাজার এখন আগের তুলনায় অনেক স্থিতিশীল অবস্থায় রয়েছে, কারণ যুদ্ধ চলমান থাকা বা প্রণালীর অনিশ্চিত বন্ধ অবস্থার তুলনায় পরিস্থিতি উন্নতির দিকে গেছে।

আরও পড়ুন: ত্রিশাল ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে ২০ বছরেও নিয়োগ হয়নি জনবল

ইরানি গণমাধ্যম জানিয়েছে, ইতোমধ্যেই তিনটি তেলবাহী ট্যাংকার ও দুটি কার্গো জাহাজ হরমুজ প্রণালী অতিক্রম করেছে।

শেয়ারবাজারে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।

এদিকে ওয়াল স্ট্রিটে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। ডাও সূচক টানা দ্বিতীয় দিনের মতো রেকর্ড উচ্চতায় পৌঁছালেও এসঅ্যান্ডপি ৫০০ এবং নাসডাকের দরপতন ঘটে।

ব্রিফিং ডটকমের বিশ্লেষক প্যাট্রিক ও’হেয়ার শেয়ারবাজারে এই ওঠানামাকে ‘রোটেশন’ বা বিনিয়োগ স্থানান্তর হিসেবে বর্ণনা করেছেন।

আরও পড়ুন: মালয়েশিয়ার পাহাংয়ে পর্যটন মেলায় বাংলাদেশি শিক্ষার্থীদের সরব উপস্থিতি

ইউরোপের প্রধান শেয়ারবাজারগুলো ঊর্ধ্বমুখী ছিল, আর এশিয়ার বাজারগুলো মিশ্রভাবে শেষ হয়।

ট্রেডিং গ্রুপ এক্সটিবি’র গবেষণা পরিচালক ক্যাথলিন ব্রুকস বলেছেন, ‘চুক্তিটি এখনো আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরিত না হলেও, বাজারে ইতোমধ্যেই এর সুফল দেখা যাচ্ছে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

“চাঁপাইনবাবগঞ্জের প্রত্নতাত্ত্বিক স্থাপনা পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত”

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৭ই জুন, ২০২৬ ইং

০২:২৯ পি.এম


“চাঁপাইনবাবগঞ্জের প্রত্নতাত্ত্বিক স্থাপনা পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত”

ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক নিদর্শন পরিদর্শন করেছেন। বুধবার (১৭ জুন) সকালে তিনি প্রাচীন গৌড়ের রাজধানীর বিভিন্ন প্রত্নতাত্ত্বিক স্থাপনা ঘুরে দেখেন এবং ঐতিহ্যবাহী সোনামসজিদ পরিদর্শন করেন।

রাষ্ট্রদূত পরিদর্শনকালে সোনামসজিদ স্থলবন্দর ও ইমিগ্রেশন কার্যক্রম পর্যবেক্ষণ করেন। এছাড়া, তিনি সোনামসজিদ বিওপিতে বিজিবি সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। সীমান্ত ব্যবস্থাপনা ও নিরাপত্তা কার্যক্রম সম্পর্কে তিনি খোঁজখবর নেন।

প্রাচীন গৌড়ের ঐতিহাসিক নিদর্শনগুলো ঘুরে দেখার সময় রাষ্ট্রদূতকে বেশ আগ্রহী ও আনন্দিত দেখা যায়। তিনি বিভিন্ন স্থাপনার ছবি নিজেই ধারণ করেন এবং এলাকার সমৃদ্ধ ইতিহাস ও সাংস্কৃতিক ঐতিহ্য সম্পর্কে জানতে আগ্রহ প্রকাশ করেন।

এ সময় রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, ৫৯ বিজিবি মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী এবং শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

“ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নিয়ে উচ্ছ্বসিত কানাডার প্রধানমন্ত্রী, বললেন ‘গেমচেঞ্জার’”

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১৭ই জুন, ২০২৬ ইং

০২:৩৬ পি.এম


“ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নিয়ে উচ্ছ্বসিত কানাডার প্রধানমন্ত্রী, বললেন ‘গেমচেঞ্জার’”

কানাডার প্রধানমন্ত্রী মার্চ কার্নি যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকটিকে একটি বড় ধরনের যুগান্তকারী পরিবর্তন বা ‘গেমচেঞ্জার’ হিসেবে আখ্যায়িত করেছেন। তিনি বলেছেন, এই চুক্তি বাস্তবায়নে তার দেশ পূর্ণ সমর্থন দেবে।

চলমান জি-৭ সম্মেলনের ফাঁকে সিএনএন-এর সাংবাদিক কেইটলান কলিন্সকে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে কানাডার প্রধানমন্ত্রী জানান, দুই দেশের মধ্যে হওয়া এই চুক্তিতে তারা অত্যন্ত সন্তুষ্ট। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, এই চুক্তি মূলত ইরানের পারমাণবিক অস্ত্র তৈরি না করার বিষয়টি নিশ্চিত করার ভিত্তি স্থাপন করবে। এর পাশাপাশি, এই চুক্তি সময়ের সঙ্গে সঙ্গে ওই অঞ্চলের অর্থনীতি পুনর্গঠন এবং লেবানন সংকটের একটি স্থায়ী সমাধানের পথ তৈরি করবে, যা একটি ইতিবাচক ভূমিকা পালন করবে।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন এই চুক্তিটি এখনো জনসমক্ষে প্রকাশ না করলেও, আগামী শুক্রবার সুইজারল্যান্ডে আনুষ্ঠানিক স্বাক্ষর অনুষ্ঠানের কাছাকাছি সময়ে তা প্রকাশের প্রতিশ্রুতি দিয়েছে। তবে কানাডার প্রধানমন্ত্রী নিশ্চিত করেছেন যে, তিনি ইতোমধ্যেই চুক্তির খসড়াটি দেখেছেন এবং চলতি সপ্তাহের সম্মেলনে অংশ নেওয়া অন্যান্য বিশ্বনেতাদের মতো তিনিও এতে সম্পূর্ণ একমত পোষণ করেছেন। আলোচনা প্রক্রিয়ায় সরাসরি যুক্ত না থাকা কোনো বিশ্বনেতার কাছ থেকে চুক্তিটি নিয়ে এটিই প্রথম আনুষ্ঠানিক মূল্যায়ন।

চুক্তির বিস্তারিত সম্পর্কে মার্ক কার্নি জানান, এতে আগামী ৬০ দিনের জন্য একটি যুদ্ধবিরতির কথা বলা হয়েছে এবং বেশ কিছু শর্তসহ সেগুলো পূরণ হলে পরবর্তী পদক্ষেপ কী হবে তা সুনির্দিষ্টভাবে উল্লেখ করা হয়েছে। চুক্তিটি মেনে চলতে এবং আগামী দুই মাসের মধ্যে দৃশ্যমান কিছু পদক্ষেপ নিতে ইরানের জন্য একটি ‘বড় ধরনের আর্থিক প্রণোদনার’ ব্যবস্থা রাখা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন। এ সকল পদক্ষেপগুলোর মধ্যে রয়েছে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক রাখা, মাইন অপসারণে সহায়তা করা এবং সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত সরিয়ে নেওয়ার বিষয়ে আলোচনা এগিয়ে নেওয়া।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

“খেটে খাওয়া মানুষের বাজেটকে ‘চানাচুর’ বলায় ক্ষোভ প্রধানমন্ত্রীর”

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ১৭ই জুন, ২০২৬ ইং

০২:৩৮ পি.এম


“খেটে খাওয়া মানুষের বাজেটকে ‘চানাচুর’ বলায় ক্ষোভ প্রধানমন্ত্রীর”

সাধারণ খেটে খাওয়া মানুষের জন্য যেভাবে অর্থ বরাদ্দ রেখে বাজেট তৈরি করা হয়েছে, সেই বাজেটকে কিছু কিছু মানুষ চানাচুর এবং গণবিরোধী হিসেবে আখ্যা দেন, এ কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

বুধবার (১৭ জুন) সিলেটের শ্রীমঙ্গলে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য তুলে ধরেন।

প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনের প্রচার সিলেটের মাটি থেকে শুরু হয়েছিল। হবিগঞ্জে আমি ঘোষণা দিয়েছিলাম চা বাগানের নারী শ্রমিকদের হাতে ফ্যামিলি কার্ড তুলে দেব। আজ শ্রীমঙ্গলের মাটিতে সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন হলো।

তিনি উল্লেখ করেন, মাতৃভূমি বাংলাদেশকে এগিয়ে নিতে হলে সকলকে একযোগে কাজ করতে হবে। পুরুষদের পাশাপাশি নারীদের স্বাবলম্বী করতে না পারলে সেটা সম্ভব নয়। তাই আমি ফ্যামিলি কার্ডের কথা বলেছি যা নির্বাচনের পরে এক মাস যাওয়ার আগেই বাস্তবায়ন শুরু করেছে সরকার। আমি মানুষের ভাগ্য পরিবর্তনে বিশ্বাস করি এই সরকার।

তিনি আরও বলেন, কিন্তু কয়েকদিন ধরে পত্রিকাগুলো দেখুন। বাজেটে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, শিক্ষার্থীদের খেলাধুলা, চিকিৎসা সহ অনেক ক্ষেত্রে বরাদ্দ রেখেছে সরকার। যে বাজেটে সাধারণ খেটে খাওয়া মানুষের জন্য অর্থ বরাদ্দ রাখা হয়েছে, অনেকে সেই বাজেট পছন্দ করেননি। কিছু মানুষের মতে, সেই বাজেট নাকি চানাচুরের মতো। যে বাজেট মানুষের ভাগ্য পরিবর্তন করতে চায়, সেই বাজেটকে তারা চানাচুর এবং গণবিরোধী বলে।

তিনি আবারও বলেন, যে বাজেটে ৬০টি পণ্যের শুল্ক তুলে নেয়া হয়েছে, সেটিকে যারা গণবিরোধী বাজেট বলে তারা জনগণের বন্ধু হতে পারে না। সকলকে সচেতন হতে হবে। যারা এসব কাজে বাধা দেবে, তাদের সম্পর্কে সতর্ক থাকতে হবে।

সরকারের পরিকল্পনা সফল করতে জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, জনগণ ঐক্যবদ্ধ থাকলে গণতন্ত্রকে নস্যাৎ করতে পারবে না কেউ। আমরা লক্ষ্য করেছি স্বাধীনতার পরে মিলেমিশে কারা দেশের গণতন্ত্রকে বারবার ধ্বংসের দিকে নিয়ে গেছে।

বিভিন্ন সময়ে অনেকেই বিদেশে পালিয়ে গেছে, এ বিষয়ে তিনি বলেন, খালেদা জিয়া কখনো জনগণকে ছেড়ে যাননি। এ দেশের আমাদের শেষ ঠিকানা। যারা বিভ্রান্ত করতে চায়, তারা প্রশ্ন তোলে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডসহ ভাগ্য উন্নয়ন পরিকল্পনার টাকা কোথা থেকে আসবে? জনগণের টাকা জনগণকে ফেরত দেয়া হবে। জনগণের টাকা আর পাচার হতে দেয়া হবে না। জনগণের টাকা দিয়ে দেশের কল্যাণে ব্যয় করা হবে। টাকার অভাব হবে না। যারা টাকা পাচার করতে চায়, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিদ্যালয়ে প্রেম নিবেদন, থানায় ৩ কিশোর, বহিষ্কার ২ ছাত্রী

আন্তর্জাতিক ডেস্ক

নোয়াখালী প্রতিনিধি

বুধবার, ১৭ই জুন, ২০২৬ ইং

০২:৪৪ পি.এম


বিদ্যালয়ে প্রেম নিবেদন, থানায় ৩ কিশোর, বহিষ্কার ২ ছাত্রী

নোয়াখালীর সেনবাগে একটি বিদ্যালয়ের ক্যাম্পাসে দুই ছাত্রীকে প্রেমের প্রস্তাব দেওয়ার অভিযোগে তিন কিশোরকে থানায় সোপর্দ করা হয়েছে। একই ঘটনায় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে দুই ছাত্রীকে বহিষ্কার করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ।

বুধবার (১৭ জুন) সকাল ১০টার দিকে উপজেলার কাদরা ইউনিয়নের চাঁদপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

থানায় সোপর্দ করা তিন কিশোর হলেন, কাদরা ইউনিয়নের খলিফা পাড়ার মো.সোলেমানের ছেলে মেহেদী হাসান দুলাল (১৮), একই এলাকার নুরুজ্জামানের ছেলে আবু ইউসুফ ফাহিম (১৮) এবং সেনবাগ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বাতানিয়া মিজি বাড়ির শহীদুল ইসলামের ছেলে মাহফুজুল ইসলাম (১৮)। অপরদিকে বহিষ্কৃত দুই ছাত্রী হলেন, চাঁদপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী সমিতা ইসলাম (১৪) ও সুমাইয়া আক্তার প্রীতি (১৪)।

বিদ্যালয় ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল পৌনে ১০টার দিকে বহিরাগত দুলাল, ফাহিম ও মাহফুজুল বিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশ করেন। এ সময় তারা অষ্টম শ্রেণির দুই ছাত্রীর কাছে চকলেট দেন, যার গায়ে ‘আই লাভ ইউ’ লেখা ছিল। বিষয়টি বিদ্যালয়ের অন্যান্য শিক্ষার্থীদের নজরে এলে তারা তিন কিশোর ও দুই ছাত্রীকে আটক করে প্রধান শিক্ষকের কক্ষে নিয়ে যায়। পরে প্রধান শিক্ষক তাদের জিজ্ঞাসাবাদ করেন এবং অভিভাবকদের সঙ্গে যোগাযোগের জন্য মোবাইল নম্বর চাইলে তারা তা দিতে অস্বীকৃতি জানায়। একপর্যায়ে বিদ্যালয় কর্তৃপক্ষ তিন কিশোরকে পুলিশের কাছে সোপর্দ করে এবং দুই ছাত্রীকে বহিষ্কার করে।

চাঁদপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুক্তার হোসেন ইকবাল বলেন, শিক্ষার্থীরা তাদের আটক করে আমার অফিসে নিয়ে আসে। আমি অভিভাবকদের সঙ্গে কথা বলে বিষয়টি সমাধানের চেষ্টা করতে চেয়েছিলাম। কিন্তু তারা অভিভাবকদের নম্বর দিতে রাজি হয়নি। পরে বহিরাগত তিনজনকে থানায় সোপর্দ করা হয়। এছাড়া শৃঙ্খলাভঙ্গের দায়ে দুই ছাত্রীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

তিনি আরও বলেন, “বর্তমানে এলাকার অনেক শিক্ষার্থী সন্ধ্যা থেকে রাত ১০টা পর্যন্ত দোকানে আড্ডা দেয় এবং কেউ কেউ মাদকের সঙ্গেও জড়িয়ে পড়ছে। এ বিষয়ে অভিভাবকদের আরও সচেতন হওয়া প্রয়োজন।

সেনবাগ থানার উপপরিদর্শক (এসআই) আব্দুস সালাম বলেন, বিদ্যালয়ে তাদের আটক করা হয়েছিল। খবর পেয়ে পুলিশ তাদের থানায় নিয়ে আসে। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত আছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫০
জোহর ১১:৪৩
আসর ০৩:৪০
মাগরিব ০৫:১৬
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৮ সূর্যাস্ত : ০৫:১৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%