ঢাকা শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৭ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ইং ০৭ই কার্তিক, ১৪৩৩বাং

নকলায় কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা কার্যক্রমের উদ্বোধন সম্প্রচার


নকলায় কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা কার্যক্রমের উদ্বোধন সম্প্রচার

দেশের ৫৬টি জেলার ৭৭টি উপজেলায় একযুগে কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ ও কৃষি উপকরণ ক্রয়ের জন্য আর্থিক সহায়তা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। এর অংশ হিসেবে বৃহস্পতিবার সকালে ৭৭ উপজেলার সাথে একযুগে শেরপুরের নকলায় কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা কার্যক্রম উদ্বোধন করা হয়।

তথ্য মতে, প্রধানমন্ত্রী তারেক রহমান ফেনীর ফুলগাজী সরকারি পাইলট হাই স্কুল মাঠে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি ও সরাসরি দেশের ৫৬ জেলার ৭৭টি উপজেলার লক্ষাধিক কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ ও নগদ সহায়তা কার্যক্রমের উদ্বোধন করেন। নকলা উপজেলা পরিষদ মিলনায়তনে এ উদ্বোধন কার্যক্রমের সরাসরি সম্প্রচার প্রজেক্টরের মাধ্যমে প্রদর্শন করা হয়।

নকলায় সম্প্রচার প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের সংসদ সদস্য প্রকৌশলী মোহাম্মদ ফাহিম চৌধুরী এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের ময়মনসিংহ অঞ্চলের অতিরিক্ত পরিচালক তৌফিক আহমদ খান, শেরপুর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ ফরিদা ইয়াসমিন, শেরপুর খামার বাড়ির উপপরিচালক কৃষিবিদ মোহাম্মদ সাখাওয়াত হোসেন ও পুলিশ সুপার এ.কে.এম জহিরুল ইসলাম।

আরও পড়ুন: নারী শিল্পীদের উপস্থিতি নিয়ে আপত্তির কারণে সুনামগঞ্জে বাউল গানের আসর বন্ধ

এছাড়া আমন্ত্রিত অতিথির মধ্যে উপস্থিত ছিলেন পার্টনার প্রকল্পের সিনিয়র মনিটরিং অফিসার ড. মো. সালাউদ্দিন কায়সার, শেরপুর খামার বাড়ির অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) কৃষিবিদ মো. আলমগীর কবির, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক খোরশেদুর রহমানসহ উপজেলা বিএনপি ও কৃষক দলের নেতৃবৃন্দ। অনুষ্ঠানের সার্বিক তত্তাবধানে ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল ওয়াদুদ।

উদ্বোধনী অনুষ্ঠানের নকলা সম্প্রচার অনুষ্ঠানে উপজেলায় কর্মরত বিভিন্ন দফতরের কর্মকর্তা, কৃষি অফিসে কর্মরত সকল কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন স্তরের রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল ওয়াদুদ জানান, প্রথম ধাপে উপজেলার চরঅষ্টধর ইউনিয়নের চর ভাবনা ব্লকের ২ হাজার ৬২ জন কৃষককে কৃষক কার্ডের আওতায় আনা হয়েছে। এরমধ্যে স্তর অনুযায়ী ভূমিহীন, প্রান্তিক ও ক্ষুদ্র কৃষক কার্ডধারী ১ হাজার ৮১০ জনকে কৃষি উপকরণ ক্রয়ের জন্য নিজ নিজ ব্যাংক একাউন্টের মাধ্যমে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

আরও পড়ুন: বি আর বি ক্যাবল, ৪৮ বছর বিশ্বাসের পথে সমৃদ্ধির যাত্রা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘সাংবাদিক তুমি খারাপ’-তবুও মানুষের শেষ আশ্রয় কেন সংবাদমাধ্যম?

আন্তর্জাতিক ডেস্ক

মাছুদুর রহমান আসলাম

শুক্রবার, ২ই অক্টোবর, ২০২৬ ইং

০১:৫১ পি.এম


‘সাংবাদিক তুমি খারাপ’-তবুও মানুষের শেষ আশ্রয় কেন সংবাদমাধ্যম?

‘সাংবাদিক তুমি খারাপ’, ‘সাংবাদিক তুমি মিথ্যা লেখ’, ‘তুমি হলুদ সাংবাদিক’—সংবাদ প্রকাশের পর সাংবাদিকদের এমন নানা অভিযোগ শুনতে হয়। কখনো আবার বলা হয়, সাংবাদিক চাঁদা চেয়েছিল, চাঁদা দিইনি বলেই আমার বিরুদ্ধে সংবাদ করেছে।’ কিন্তু এ ধরনের অভিযোগ সত্য কি না, সেটিও যাচাই করা প্রয়োজন। কারণ কোনো সংবাদ কারও পক্ষে বা বিপক্ষে গেলেই সাংবাদিকের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তোলা যায় না; দেখতে হবে সংবাদে তথ্য ও প্রমাণ আছে কি না।

সাংবাদিকতার নৈতিক ভিত্তি হলো তথ্য যাচাই, সত্যতা, জনস্বার্থ ও জবাবদিহি। একজন দায়িত্বশীল সাংবাদিক কোনো অভিযোগ পাওয়ার পর তা যাচাই করেন, প্রয়োজনীয় নথি সংগ্রহ করেন এবং সম্ভব হলে সংশ্লিষ্ট সব পক্ষের বক্তব্য নেন। অভিযোগকে প্রমাণিত সত্য হিসেবে প্রকাশ না করাও সাংবাদিকতার গুরুত্বপূর্ণ নীতি।

একজন নারী ধর্ষণের অভিযোগ নিয়ে থানায় গিয়ে মামলা করতে পারছেন না—কারণ অভিযুক্ত একজন প্রভাবশালী ব্যক্তি। এমন পরিস্থিতিতে অসহায় ওই নারী শেষ আশ্রয় হিসেবে সাংবাদিকদের কাছেই ছুটে আসেন। তখন সাংবাদিক তথ্য-প্রমাণ যাচাই করে বিষয়টি জনগণের সামনে তুলে ধরেন। সংবাদ প্রকাশের পর প্রশাসনের নজরে এসে আইনি প্রক্রিয়া শুরু হলে একজন ভুক্তভোগী ন্যায়বিচারের পথে এগিয়ে যাওয়ার সুযোগ পান।

একইভাবে, কোনো ব্যক্তি নির্মাণকাজ করতে গিয়ে চাঁদাবাজির শিকার হয়ে থানায় অভিযোগ করার পরও প্রতিকার না পেলে এবং পরে হুমকি বা অস্ত্র প্রদর্শনের অভিযোগ উঠলে, সংবাদমাধ্যম বিষয়টি জনসম্মুখে তুলে ধরতে পারে। এর ফলে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাটি গুরুত্ব দিয়ে দেখার সুযোগ পায়।

এ কারণেই অনেক মানুষ আইনি বা প্রশাসনিক প্রতিকার না পেয়ে সংবাদমাধ্যমের দ্বারস্থ হন। তাদের প্রত্যাশা থাকে, তাদের কথা অন্তত মানুষের সামনে তুলে ধরা হবে।

তবে সাংবাদিকতার পথও সহজ নয়। সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকরা অনেক সময় হামলা, মামলা, হুমকি ও নানা ধরনের চাপের মুখোমুখি হন। রাষ্ট্রের কোনো অনিয়ম, দুর্নীতি বা জনস্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে সংবাদ প্রকাশ করলেও তাদের বিভিন্ন প্রতিকূলতার মধ্য দিয়ে যেতে হয়। বিভিন্ন সময়ে সাংবাদিকরা এসব ঝুঁকির শিকার হয়েছেন।

সাংবাদিকতার কারণে পারিবারিক জীবনেও ত্যাগ স্বীকার করতে হয়। সংবাদ সংগ্রহে ছুটতে গিয়ে পরিবারকে সময় দেওয়া সম্ভব হয় না। তাই অনেক সময় বলা হয়, সাংবাদিকের সবচেয়ে বড় শত্রু বাইরের কেউ নয়, নিজের ঘরের মানুষও হতে পারে।** স্ত্রী-সন্তান অভিযোগ করতে পারেন, পরিবারের চেয়ে সংবাদকেই বেশি সময় দেওয়া হচ্ছে। অথচ সাংবাদিক তখন অন্য মানুষের সমস্যা ও অধিকার তুলে ধরার কাজে ব্যস্ত।

সাংবাদিকের ব্যক্তিগত শত্রু থাকার কথা নয়। কোনো সংবাদ কারও পক্ষে গেলে তথ্যের কারণে যাবে, আবার বিপক্ষে গেলে ঘটনার বাস্তবতার কারণে যাবে। সাংবাদিকের অবস্থান হওয়া উচিত ব্যক্তি বা পক্ষের পক্ষে নয়—**তথ্য, সত্য ও জনস্বার্থের পক্ষে।

সাংবাদিকও ভুলের ঊর্ধ্বে নন। ভুল সংবাদ হলে সংশোধন করতে হবে, অন্যায় হলে সমালোচনা গ্রহণ করতে হবে। একইভাবে সাংবাদিকের বিরুদ্ধে চাঁদা চাওয়া, টাকা না দেওয়ায় সংবাদ করা কিংবা মিথ্যা সংবাদ প্রকাশের অভিযোগ উঠলে সেগুলোরও প্রমাণভিত্তিক তদন্ত হওয়া প্রয়োজন।

দিনশেষে সাংবাদিককে আবারও নতুন সংবাদের পেছনে ছুটতে হয়। নানা চাপ, হুমকি কিংবা প্রতিকূলতার মধ্যেও মানুষের কথা তুলে ধরাই তার দায়িত্ব।

সব সাংবাদিক খারাপ নন, আবার সাংবাদিকতার নামে কোনো অনিয়মও গ্রহণযোগ্য নয়। প্রকৃত সাংবাদিকতার শক্তি হলো" পাঁচ টাকার কলম —তথ্য, প্রমাণ, পেশাগত সততা এবং মানুষের জানার অধিকাএ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জোরারগঞ্জে দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাতদলের ৩ সদস্য গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

সাকিব চৌধুরী (চট্টগ্রাম)

শুক্রবার, ২ই অক্টোবর, ২০২৬ ইং

০১:৫২ পি.এম


জোরারগঞ্জে দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাতদলের ৩ সদস্য গ্রেপ্তার

চট্টগ্রামের জোরারগঞ্জ থানা এলাকার বারইয়ারহাট-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাতদলের তিন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ডাকাতদের কাছ থেকে রামদা, ছোরা ও মাস্ক উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (১ অক্টোবর) রাত ৮টা ১৫ মিনিটের দিকে ১ নম্বর করেরহাট ইউনিয়নের ঘোড়ামারা সাকিনের নয়াটিলা মাজারের নিকটবর্তী জঙ্গল থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— চট্টগ্রাম ভূজপুর থানার রহমতপুর এলাকার মোঃ আনোয়ার হোসেন (২৩), ফেনী সদর থানার রাজ নগর এলাকার বেলায়েত হোসেন (৩০) এবং জোরারগঞ্জ থানার ঘোড়ামারা এলাকার মোঃ আলাউদ্দিন ওরফে মামুন (৩৬)।
পুলিশ জানায়, বারইয়ারহাট-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের নয়াটিলা টু কয়লা বাজার এলাকায় ডাকাতের উপদ্রব বৃদ্ধি পাওয়ায় চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মোঃ মাসুদ আলম, বিপিএম-এর দিক-নির্দেশনায় এবং জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম-এর সার্বিক তত্ত্বাবধানে বিশেষ টহল জোরদার করা হয়।
এরই অংশ হিসেবে এসআই মোঃ আকরামুল হকের নেতৃত্বে পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানকালে রাস্তার পাশে জঙ্গলে ১৪-১৫ জনের একদল সশস্ত্র মুখোশধারী ডাকাতকে ডাকাতির প্রস্তুতি নিতে দেখা যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামিরা পালানোর চেষ্টা করলে ধাওয়া করে তিনজনকে গ্রেপ্তার করা হয়। বাকি ১০-১২ জন অন্ধকারে পালিয়ে যায়।
গ্রেপ্তার ব্যক্তিদের হেফাজত থেকে একটি সাড়ে ২৪ ইঞ্চির লোহার তৈরি রামদা, বিভিন্ন আকারের চারটি লোহার লম্বা ছোরা ও ৭টি কালো রঙের মাস্ক উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা স্বীকার করেছে, তারা মহাসড়কে চলাচলকারী যানবাহনে ডাকাতি করার উদ্দেশে সেখানে সমবেত হয়েছিল।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তার আসামিদের মধ্যে মোঃ আলাউদ্দিন ওরফে মামুনের বিরুদ্ধে জোরারগঞ্জ থানা ও সিএমপির বায়েজিদ বোস্তামী থানায় ডাকাতির প্রস্তুতি, অস্ত্র ও মাদক আইনে অন্তত পাঁচটি মামলা রয়েছে। গ্রেপ্তার অন্য আসামিদের বিরুদ্ধেও নানা অপরাধের তথ্য রয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম জানান, গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং পালিয়ে যাওয়া বাকি সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকায় কাল শুরু ‘বে অব বেঙ্গল কনভারসেশন’, অংশগ্রহণ ১০০ দেশের প্রতিনিধি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ২ই অক্টোবর, ২০২৬ ইং

০২:০০ পি.এম


ঢাকায় কাল শুরু ‘বে অব বেঙ্গল কনভারসেশন’, অংশগ্রহণ ১০০ দেশের প্রতিনিধি

ঢাকায় কাল শনিবার ‘বে অব বেঙ্গল কনভারসেশন-২০২৬’ শুরু হতে যাচ্ছে। পাঁচ দিনের এই আয়োজনে ১০০টির বেশি দেশের প্রায় ২০০ বক্তা ও ৩০০ প্রতিনিধি অংশগ্রহণ করবেন।

শুক্রবার (২ অক্টোবর) প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের চিত্রা হলে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজের (সিজিএস) প্রেসিডেন্ট জিল্লুর রহমান এসব তথ্য তুলে ধরেন। তিনি জানান, সিজিএসের আয়োজনে এটি পঞ্চম আসর।

এবারের সংলাপের মূল প্রতিপাদ্য হচ্ছে ‘ফ্র্যাগমেন্টস, ফ্রন্টিয়ার্স, ফিউচারস : নেভিগেটিং পাওয়ার, টেকনোলজি অ্যান্ড ট্রাস্ট ইন এ ওয়ার্ল্ড রিরিটেন’। আয়োজকদের তথ্য অনুযায়ী, এবারের সম্মেলনে প্রায় ২০০ বক্তা, ৩০০ প্রতিনিধি এবং মোট এক হাজারের মতো অংশগ্রহণকারী উপস্থিত থাকবেন। সাবেক রাষ্ট্র ও সরকারপ্রধান, মন্ত্রী, কূটনীতিক, নীতিনির্ধারক, ব্যবসায়ী, নিরাপত্তা বিশেষজ্ঞ, শিক্ষাবিদ, সাংবাদিক, নাগরিক সমাজের প্রতিনিধি ও তরুণ নেতাদের অংশগ্রহণ নিশ্চিত হয়েছে।

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল সংলাপের উদ্বোধন করবেন এবং উদ্বোধনী অধিবেশনে বক্তব্য রাখবেন। সিজিএসের তথ্য অনুযায়ী, এ বছরের আলোচনায় পরিবর্তনশীল বিশ্বব্যবস্থা, প্রযুক্তির দ্রুত পরিবর্তন, অর্থনৈতিক পুনর্বিন্যাস, জলবায়ু সংকট এবং প্রতিষ্ঠান ও সমাজের প্রতি আস্থা বিষয়গুলো গুরুত্ব পাবে।

এবারের সংলাপে পাঁচটি প্রধান বিষয়ে আলোচনা হবে। সেগুলো হলো—পরিবর্তনশীল বিশ্বব্যবস্থায় ক্ষমতার প্রতিযোগিতা ও ভূরাজনীতি; কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার পরিসর ও তথ্যের ক্ষমতা; বাণিজ্য, যোগাযোগ ও আঞ্চলিক অর্থনৈতিক প্রবৃদ্ধি; জলবায়ু, সহনশীলতা ও মানবিক নিরাপত্তা এবং গণতন্ত্র, সুশাসন ও প্রাতিষ্ঠানিক আস্থা।

তিন দিনের আয়োজনে পূর্ণাঙ্গ অধিবেশন, কৌশলগত সংলাপ, নেতৃত্ববিষয়ক ফোরাম, গোলটেবিল বৈঠক ও ছোট পরিসরের আলোচনা অনুষ্ঠিত হবে। বিশেষ পর্বগুলোর মধ্যে রয়েছে ‘দ্য প্রাইম মিনিস্টারস অ্যাড্রেস’, ‘দ্য বে অব বেঙ্গল লেকচার’, ‘দ্য নিউ স্ট্র্যাটেজিক মিডল’, ‘হোয়াই দ্য বে ম্যাটারস টু দ্য ওয়ার্ল্ড’ এবং ‘দ্য ইয়াং লিডার্স ফোরাম’।

এবার প্রথমবারের মতো ‘ডক স্পটলাইট’ নামে একটি বিশেষ পর্ব রাখা হয়েছে। এই পর্বে বক্তারা প্রচলিত দীর্ঘ বক্তৃতার পরিবর্তে নির্দিষ্ট কোনো ধারণা, অভিজ্ঞতা বা দৃষ্টিভঙ্গি তুলে ধরার সুযোগ পাবেন। ভূরাজনীতি ও সংঘাতের পাশাপাশি সমুদ্র, নেতৃত্ব, মানবিকতা ও সহনশীলতার মতো বিষয়গুলোও আলোচনায় স্থান পাবে।

সংবাদ সম্মেলনে সিজিএসের নির্বাহী পারভেজ করিম আব্বাসী এবং মিডিয়া রিলেশন্স ও কমিউনিকেশন কো-অর্ডিনেটর সঞ্জয় দেবনাথ উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সিরিয়া-হিজবুল্লাহর গোপন বৈঠক অস্বীকার তুরস্ক ও দামেস্কের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ২ই অক্টোবর, ২০২৬ ইং

০২:০১ পি.এম


সিরিয়া-হিজবুল্লাহর গোপন বৈঠক অস্বীকার তুরস্ক ও দামেস্কের

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সিরিয়ার নতুন সরকার এবং লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর প্রতিনিধিরা গত মাসে তুরস্কে গোপন বৈঠক করেছেন। ছয়টি সূত্রের বরাতে সংস্থাটি জানায়, বৈঠকটি দুই পক্ষের মধ্যে উত্তেজনা কমানো এবং নিরাপত্তা-সংক্রান্ত বিরোধ সমাধানের লক্ষ্যে অনুষ্ঠিত হয়। তবে তুরস্ক এবং সিরিয়া উভয়েই এ ধরনের বৈঠকের কথা সরাসরি অস্বীকার করেছে।

সূত্রগুলো দাবি করেছে, তুরস্কের নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থার উদ্যোগে সিরিয়ার গোয়েন্দা ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে হিজবুল্লাহ প্রতিনিধিদের বৈঠক অনুষ্ঠিত হয়। ২০২৪ সালের শেষের দিকে বাশার আল-আসাদ ক্ষমতাচ্যুত হওয়ার পর এটি দুই পক্ষের মধ্যে প্রথম সরাসরি বৈঠক বলে উল্লেখ করা হয়েছে।

বৈঠকে সিরিয়া হিজবুল্লাহকে আশ্বস্ত করে যে, তারা লেবাননে গোষ্ঠীটিকে নিরস্ত্র করতে সামরিক হস্তক্ষেপ করবে না। এর পরিবর্তে দামেস্ক সীমান্তপথে অস্ত্র পাচার বন্ধ এবং দক্ষিণ সিরিয়ায় হিজবুল্লাহর অবশিষ্ট গোপন তৎপরতা বন্ধে সহযোগিতা চায় বলে সূত্রগুলো জানিয়েছে। তবে এসব বিষয়ে কোনো চূড়ান্ত সমঝোতা হয়নি।

গৃহযুদ্ধের সময় সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সরকারকে সমর্থন করতে সিরিয়ায় যোদ্ধা পাঠিয়েছিল হিজবুল্লাহ। ২০২৪ সালের শেষের দিকে বিদ্রোহীদের অভিযানে আসাদ ক্ষমতাচ্যুত হওয়ার পর দামেস্ক ও হিজবুল্লাহর সম্পর্কের অবনতি ঘটে। নতুন সিরিয়ান সরকার হিজবুল্লাহর বিরুদ্ধে সিরিয়ার ভূখণ্ড ব্যবহার করে অস্ত্র সরবরাহের অভিযোগও করেছে।

এদিকে গত বুধবার সিরিয়ার সরকার জানায়, দক্ষিণাঞ্চলে রকেট হামলার প্রস্তুতি নেওয়া হিজবুল্লাহর একটি সেল আটক করা হয়েছে। তবে হিজবুল্লাহ এ অভিযোগ অস্বীকার করে জানায়, সিরিয়ার ভূখণ্ডে তাদের কোনো উপস্থিতি বা সামরিক কর্মকাণ্ড নেই।

রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, তুরস্কের উদ্যোগে প্রায় দুই মাস আগে দুই পক্ষের মধ্যে যোগাযোগ শুরু হয়। সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারার গুরুত্বপূর্ণ মিত্র হিসেবে তুরস্ক আঞ্চলিক উত্তেজনা কমাতে মধ্যস্থতার ভূমিকা নেওয়ার চেষ্টা করছে।

তবে তুরস্কের প্রেসিডেন্টের দপ্তরের অধীন যোগাযোগ অধিদপ্তরের বিভ্রান্তি প্রতিরোধ কেন্দ্র এ প্রতিবেদনকে ‘সম্পূর্ণ ভিত্তিহীন’ বলে প্রত্যাখ্যান করেছে। তাদের দাবি, বৈঠকের তারিখ, স্থান, অংশগ্রহণকারী ও আলোচনার বিষয়বস্তু নিয়ে প্রকাশিত তথ্যের কোনো বাস্তব ভিত্তি নেই।

সিরিয়ার তথ্য মন্ত্রণালয়ও বৈঠকের খবর অস্বীকার করেছে। এক বিবৃতিতে তারা বলেছে, ‘এসব দাবি মিথ্যা এবং এমন কোনো বৈঠক হয়নি।’ হিজবুল্লাহর পক্ষ থেকে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি। ফলে বৈঠকটি সত্যিই হয়েছিল কি না, তা নিয়ে এখনো পরস্পরবিরোধী দাবি রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৯
মাগরিব ০৫:২৬
ইশা ০৬:৩৭
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%