১২:১৭ পি.এম
পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ইউরেনিয়ামের পঞ্চম চালান পৌঁছেছে। শুক্রবার (৬ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে কঠোর নিরাপত্তার মধ্যে তিনটি বিশেষায়িত লরি প্রকল্প এলাকায় প্রবেশ করে।
এবারের ইউরেনিয়াম পরিবহনে প্রচলিত পথের পরিবর্তে বিকল্প সড়কপথ ব্যবহার করা হয়েছে। ঢাকা থেকে লরিগুলো ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে, পদ্মা সেতু, ফরিদপুরের ভাঙ্গা, রাজবাড়ী, কুষ্টিয়া ও পাকশীর লালন শাহ সেতু হয়ে রূপপুরে পৌঁছায়।
সেনাবাহিনীর তত্ত্বাবধানে এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নিরাপত্তায় পুরো পরিবহন কার্যক্রম সম্পন্ন হয়। নিরাপত্তার স্বার্থে যাত্রাপথে প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়।
আরও পড়ুন: হাদি হত্যার বিচারের দাবিতে ১৮ ডিসেম্বর শাহবাগে মহাসমাবেশের ডাক
প্রকল্পসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এই চালানটি রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জন্য আনা হয়েছে। এর আগে দ্বিতীয় ইউনিটের জন্য তিনটি এবং প্রথম ইউনিটের অতিরিক্ত জ্বালানি হিসেবে একটি চালান প্রকল্প এলাকায় পৌঁছেছিল। সব মিলিয়ে রূপপুরে পাঁচটি চালানের জ্বালানি পৌঁছেছে।
রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটমের পরিকল্পনা অনুযায়ী, দ্বিতীয় ইউনিটের প্রাথমিক জ্বালানি সরবরাহের জন্য সাতটি চালানে মোট ১৬৩টি ইউরেনিয়াম অ্যাসেম্বলি আনার কথা রয়েছে। এ ছাড়া প্রথম ইউনিটে পুনরায় জ্বালানি সরবরাহের জন্য আরও দুটি চালানে ৪৮টি অ্যাসেম্বলি আনার পরিকল্পনা রয়েছে।
২ হাজার ৪০০ মেগাওয়াট উৎপাদনক্ষমতার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে দুটি ইউনিট রয়েছে। প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদনের প্রস্তুতিমূলক কার্যক্রম চলছে। প্রয়োজনীয় পরীক্ষা ও নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন সম্পন্ন হলে এ ইউনিট থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হবে বলে আশা করা হচ্ছে।
আরও পড়ুন: জামায়াত আমির: স্বাধীন বাংলাদেশে মুক্তিযোদ্ধা নিধন শুরু করেছে আওয়ামী লীগ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন