বুধবার, ৯ই সেপ্টেম্বর, ২০২৬ ইং
০৩:১২ পি.এম
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন উল্লেখ করেছেন যে, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনের প্রেক্ষাপটে পুলিশকে কোনো বেআইনি নির্দেশনা প্রদান করবে না নির্বাচন কমিশন।
বুধবার (৯ সেপ্টেম্বর) ‘নির্বাচনী দায়িত্ব পেশাদারিত্বের সাথে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধিসংক্রান্ত প্রশিক্ষণ’ শীর্ষক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন শেষে সিইসি এই প্রতিশ্রুতি দেন।
রাজারবাগ পুলিশ অডিটরিয়ামে অনুষ্ঠিত এই প্রশিক্ষণের উদ্বোধন করেন তিনি।
সিইসি বলেন, "আওয়ার কমিটমেন্ট ইজ টোটাল।" তিনি জানান, স্থানীয় নির্বাচন পরিচালনার জন্য পুলিশের সহযোগিতা চাওয়া হয়েছে। কমিশনের সাংবিধানিক দায়িত্ব হচ্ছে সুষ্ঠু নির্বাচন আয়োজন করা, এবং পুলিশেরও সাংবিধানিক ও আইনি দায়িত্ব রয়েছে।
তিনি আরও বলেন, "কোনো বেআইনি নির্দেশনা কমিশন থেকে যাবে না।" পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, তারা ক্রেডিবল ইলেকশনের জন্য কাজ করবেন।
বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতিতে স্থানীয় নির্বাচন আয়োজন সম্ভব কি না, এমন প্রশ্নের জবাবে কমিশনার বলেন, "ত্রয়োদশ নির্বাচনে যে অবস্থা ছিল, এখন এর চেয়ে খারাপ না এবং পুলিশের ওপর আমাদের আস্থা আছে।" তিনি উল্লেখ করেন, "দলীয় সরকার ক্ষমতায় আছে।"
পুলিশ চাপমুক্তভাবে নির্বাচনে দায়িত্ব পালন করতে পারবে কি না, এমন প্রশ্নের উত্তরে আইজিপি আলী হাসান ফকির বলেন, "এখন দলীয় সরকার, কিন্তু গণতান্ত্রিক সরকার।" তিনি বলেন, নির্বাচনের সুষ্ঠু ও সুন্দর আয়োজনের জন্য পুলিশ প্রয়োজনীয় সব ব্যবস্থা নেবে নির্বাচন কমিশনের পরামর্শ অনুযায়ী।
গত ছয় মাসে পুলিশের ভাবমূর্তি পুনরুদ্ধারের প্রসঙ্গে আইজিপি বলেন, "আমি তো মনে করি আমাদের সাফল্য শতভাগ।"
তালাশ বিডি/মিডিয়া লিঃ
মানবতাবিরোধী অপরাধের জন্য মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা আপিলের সুযোগ পাবেন কি না, তা আইন অনুযায়ী নির্ধারিত হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
বুধবার সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইন ও বিচার বিভাগ এবং ব্র্যাকের মধ্যে ‘সিভিল রেজিস্ট্রেশন অ্যান্ড ভাইটাল স্ট্যাটিসটিকস: বিবাহ ও তালাক নিবন্ধনের আইসিটি অবকাঠামো উন্নয়ন’ শীর্ষক প্রকল্প বাস্তবায়নে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের সময় প্রধানমন্ত্রীর পদ ছেড়ে দেশ থেকে পালিয়ে যাওয়া শেখ হাসিনা দেশে ফিরে আসলে তার মৃত্যুদণ্ড কার্যকর হবে কিনা অথবা তিনি আপিলের সুযোগ পাবেন কি না, এ নিয়ে বিভিন্ন আলোচনা ও ব্যাখ্যা চলছে। সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেছেন, "তিনি দেশে ফিরে এলে এবং আপিল করতে চাইলে আইন অনুযায়ী বিষয়টি নির্ধারিত হবে।"
মন্ত্রী আরও বলেন, "কোনো ব্যক্তির আপিলের অধিকার আছে কি না, সেটি ব্যক্তিবিশেষের ক্ষেত্রে আলাদাভাবে ব্যাখ্যা করার বিষয় নয়; প্রচলিত আইন ও সংশ্লিষ্ট আইনি প্রক্রিয়ার মাধ্যমেই তা নির্ধারণ করা হবে।"
এ সময় বিয়ে ও তালাক নিবন্ধন ডিজিটালাইজেশন প্রকল্প নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী জানান, বিয়ে ও তালাক নিবন্ধন ব্যবস্থাকে ডিজিটালাইজ করার ফলে শুধুমাত্র বাল্যবিয়ে প্রতিরোধই নয়, বরং বহুবিবাহ এবং বিয়ে সংক্রান্ত বিভিন্ন ধরনের জালিয়াতিও রোধ করা সম্ভব হবে। একই সঙ্গে একজন ব্যক্তির বৈবাহিক অবস্থার তথ্য সহজে যাচাই করা সম্ভব হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রাজবাড়ীর বালিয়াকান্দিতে পারিবারিক বিরোধের কারণে নজরুল বিশ্বাস (৩০) নামে এক যুবকের মৃ*ত্যু ঘটেছে। এই ঘটনা মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাতে উপজেলার জঙ্গল ইউনিয়নের অলংকারপুর গ্রামে সংঘটিত হয়।
নিহত নজরুল বিশ্বাস অলংকারপুর গ্রামের চাঁদ আলী বিশ্বাসের পুত্র। পারিবারিক সূত্রে জানা যায়, নজরুল দীর্ঘ সময় ধরে মা*দকা*সক্ত ছিলেন এবং বিভিন্ন ব্যক্তির কাছে অর্থের জন্য ধার-দেনায় জড়িয়ে পড়েছিলেন।
পরিবারের সদস্যদের মতে, গত ৭ সেপ্টেম্বর পারিবারিক বিষয় নিয়ে তার স্ত্রী হাসি বেগমের সঙ্গে নজরুলের তর্কবিতর্ক হয়। পরে অভিমান করে স্ত্রী বাবার বাড়িতে চলে যান।
পরবর্তী দিন, স্ত্রীকে বাড়িতে ফিরিয়ে আনতে নজরুল শ্বশুরবাড়িতে যান। সেখানে স্ত্রী তার সঙ্গে ফিরে না আসায় তিনি মানসিকভাবে ভেঙে পড়েন বলে পরিবার জানিয়েছে।
পরে শ্বশুরবাড়ির নিকটবর্তী একটি কাঁচা রাস্তায় স্থানীয়রা নজরুলকে অসুস্থ অবস্থায় পড়ে থাকতে দেখেন। বিষয়টি তার স্ত্রীসহ পরিবারের সদস্যদের জানানো হলে দ্রুত তাকে উদ্ধার করে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। স্থানীয়দের মতে, তিনি বি*ষপা*ন করেছিলেন।
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত আনুমানিক ১১টা ১০ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃ*ত ঘোষণা করেন।
এই ঘটনায় পরিবার ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। মৃ*ত্যুর বিষয়টি নিয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া ও তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা নিশ্চিত করা হবে বলে জানা গেছে।
বালিয়াকান্দি থানার ওসি আব্দুর রব তালুকদার জানিয়েছেন, "ঘটনাটি আমরা জেনেছি। পরিবার পক্ষ থেকে থানায় একটি অপমৃত্যু মামলা রুজি করা হয়েছে।" এ ঘটনায় প্রয়োজনীয় পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরের (বেরোবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে (১৮তম ব্যাচ) নবীন শিক্ষার্থীদের স্বাগত জানাতে নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম-২০২৬ আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বেরোবি শাখা।
আগামী ১৮ সেপ্টেম্বর (শুক্রবার) সকাল ৮টায় রংপুরের রূপকথা থিম পার্ক ও কনভেনশনে এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে বলে জানান বেরোবি শাখা শিবির সভাপতি।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, বিশ্ববিদ্যালয়ের নতুন শিক্ষার্থীদের নবীন বরণের পাশাপাশি তাদের জন্য বিশ্ববিদ্যালয়জীবন, ভবিষ্যৎ পরিকল্পনা, ক্যারিয়ার সম্পর্কে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হবে যার মাধ্যমে জ্ঞানচর্চা, নৈতিকতা ও ইতিবাচক চিন্তা যা ভবিষ্যৎ গড়ে তোলার বিষয়টি উৎসাহিত করবে।
এছাড়াও নবীন শিক্ষার্থীদের জন্য আল-কুরআন, ব্যাগ, বই, কলম ,চাবির রিং ও অন্যান্য ধর্মাবলম্বী নবীন শিক্ষার্থীদের জন্যও বিশেষ উপহারের ব্যবস্থা রাখা হয়েছে।
ক্যাম্পাসের পরিবর্তে বাইরে অনুষ্ঠান আয়োজনের কারণ জানতে চাইলে বেরোবি শিবির সভাপতি আব্দুর রাকিব মুরাদ বলেন, নবীন শিক্ষার্থীদের বরণ ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠানটি সুন্দর ও সফলভাবে আয়োজনের লক্ষ্যেই ক্যাম্পাসের বাইরে আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ে জায়গার সংকট রয়েছে এবং নিজস্ব কোনো অডিটোরিয়ামও নেই।
তিনি আরও বলেন, বাইরে অনুষ্ঠান আয়োজন করলে আবহাওয়াজনিত ঝুঁকিও থাকে। বড় আয়োজনের মধ্যে বৃষ্টি হলে অনুষ্ঠান ব্যাহত হওয়ার পাশাপাশি শিক্ষার্থীদের ভোগান্তিতে পড়তে হতে পারে। এসব বিষয় বিবেচনা করেই রূপকথা থিম পার্কে অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আয়োজকরা জানিয়েছেন, অনুষ্ঠানের ক্যারিয়ার গাইডলাইন সেশনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম উপস্থিত থাকবেন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
হিমবাহ ধসে সৃষ্ট ভয়াবহ বন্যার দুই সপ্তাহ পরও নেপালে জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গে আটকে থাকা ব্যক্তিদের জীবিত উদ্ধারের আশা উদ্ধারকারীদের রয়েছে। বুধবার নিখোঁজদের সন্ধানে অভিযান অব্যাহত রয়েছে।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
গত ২৬ আগস্ট চীন-নেপাল সীমান্ত থেকে হঠাৎ নেমে আসা পানির ঢল, কাদা ও ধ্বংসাবশেষের কারণে সৃষ্ট সুনামির মতো প্রবল স্রোতে এ পর্যন্ত ১ হাজার ৪০১ জনের বেশি মানুষ প্রাণ হারিয়েছে এবং ৫ হাজার ৮৪৫ জন নিখোঁজ রয়েছে।
নেপাল সেনাবাহিনীর মুখপাত্র রাজা রাম বাসনেট এএফপিকে জানিয়েছেন, ‘ত্রিশুলি ৩ এ, ৩ বি এবং চিলিমে জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গগুলোতে উদ্ধার ও অনুসন্ধান অভিযান চলছে।’
নেপালের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, দেশটিতে এখন পর্যন্ত ১ হাজার ৩৫৮ জনের লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও ৫ হাজার ৩২৬ জন।
চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, দেশটিতে এ ঘটনায় ৪৩ জনের মৃত্যু এবং ৫১৯ জন নিখোঁজ রয়েছে।
নিখোঁজদের মধ্যে শত শত বিদেশি নাগরিক অন্তর্ভুক্ত রয়েছে। পাশাপাশি জলবিদ্যুৎ প্রকল্পের কয়েকশ কর্মীও নিখোঁজ হয়ে গেছে।
উদ্ধারকারীরা সুড়ঙ্গের গভীর থেকে এখন পর্যন্ত তিনজনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়েছেন। শুক্রবার দুই নেপালি নাগরিক এবং শনিবার একজন চীনা নাগরিককে উদ্ধার করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ