০৪:২৬ পি.এম
ঢাকা, ৮ আগস্ট ২০২৬ : অস্ট্রেলিয়া সফরে একমাত্র প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ মাত্র ৫৪ রানে অলআউট হয়ে পরাজিত হয়েছে। এই তিন দিনের প্রস্তুতি ম্যাচে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের কাছে ইনিংস ও ৩৮ রানের ব্যবধানে হারতে হয়েছে টাইগারদের।
প্রথম ইনিংসে বাংলাদেশের ২৬৩ রানের জবাবে, ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশ ৩৫৫ রানে অলআউট হয়। প্রথম ইনিংসে ৯২ রানে পিছিয়ে থাকার পর দ্বিতীয় ইনিংসে দ্বিতীয় দিন শেষে, বাংলাদেশ ২ উইকেট হারিয়ে ১৯ রান সংগ্রহ করেছিল। ৮ উইকেট হাতে থাকাকালীন টাইগাররা আরও ৭৩ রানে পিছিয়ে ছিল।
ডারউইনের মারার ওভালে তৃতীয় ও শেষ দিনে খেলতে নেমে, ক্যাম্পবেল থমসনের দুর্দান্ত বোলিংয়ের শিকার হয় বাংলাদেশ। ২২ ওভারের মধ্যে টাইগারদের ব্যাটিং ৫৪ রানে শেষ হয়ে যায়। বাংলাদেশ তাদের শেষ ৮ উইকেট ৩৫ রানে হারায়।
আরও পড়ুন: উল্লাপাড়ায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, প্রধান অতিথি এম আকবর আলী
আগের দিন সাদমান ইসলাম ও মোমিনুল হক ৬ রানে আউট হলেও, ওপেনার তানজিদ হাসান ৭ রানে অপরাজিত ছিলেন। তৃতীয় দিনে তিনি বড় ইনিংস খেলার চেষ্টা করেন কিন্তু ২২ রানে বিদায় নেন, যা দলের হয়ে ওই ইনিংসে সর্বোচ্চ রান।
তানজিদ ছাড়া আরও কোন ব্যাটার দুই অংক স্পর্শ করতে পারেনি। সৌম্য সরকার ৫, মুশফিকুর রহিম ২, উইকেটরক্ষক অমিত হাসান ৪, অধিনায়ক নাজমুল হোসেন শান্ত শূন্য, মেহেদি হাসান মিরাজ ৬, তাসকিন আহমেদ ও এবাদত হোসেন শূন্য রানে আউট হন। হাসান মাহমুদ ২ রানে অপরাজিত ছিলেন।
থমসন ১১ ওভার বল করে ২৫ রানে ৮ উইকেট শিকার করেন। এছাড়া, স্পিনার কোরি রকিচ্চলি ২ উইকেট নেন। প্রথম ইনিংসে রকিচ্চলি ৮৩ রানে ৬ উইকেট নিয়েছিলেন।
১৩ আগস্ট থেকে ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট খেলতে নামবে বাংলাদেশ। ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলবে টাইগাররা। ২২ আগস্ট ম্যাকাইয়ে শুরু হবে দ্বিতীয় ও শেষ টেস্ট।
আরও পড়ুন: বিদ্যুৎখাতে লুটপাটের জন্য ইনডেমনিটি দিয়েছিল আওয়ামী সরকার: রিজভী
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন