মামুন বিল্লাহ (কালীগঞ্জ) সাতক্ষীরা
বৃহস্পতিবার, ৬ই আগস্ট, ২০২৬ ইং
০৮:২৩ পি.এম
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় বাবা-মায়ের সঙ্গে ব্যাটারি ভ্যান যোগে কোমরপুর নানা বাড়ি হতে মৃত্যু বাড়ি যাওয়ার পথে পিছন থেকে দ্রুত গতির ট্রাকের ধাক্কায় ছিটকে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা খেয়ে মোস্তাকিন(৬) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকাল ৫ টার দিকে উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের চৌমুহনী কালিকাপুর সড়কে তালতলা হাটখোলা নামক সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোস্তাকিন উপজেলার কালিকাপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে। ঘটনার পরপরই উত্তেজিত জনতা ট্রাকটি আটক পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থল গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে ট্রাকটি আটক করে থানায় নিয়ে আসে। স্থানীয়রা জানান বিকাল আনুমানিক ৫ টার দিকে বাবা-মায়ের সঙ্গে ব্যাটারি ভ্যান যোগে নানার বাড়ি যায়। সেখান থেকে একটি মৃত্যু বাড়ি যাওয়ার সময় পিছন দিক থেকে একটি দ্রুতগামী ট্রাকের ধাক্কায় ছিটকে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা খেয়ে ঘটনাস্থলে শিশুটির মৃত্যু হয়। ঐ ভ্যানে থাকা বাবা মা ও ভ্যান চালক আহত হয়। এ ঘটনায় থানার অফিসার্স ইনচার্জ শহিদুল ইসলাম জানান দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০২৩ সালের মাস্টার্স শেষ পর্ব পরীক্ষা ফল প্রকাশিত হয়েছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় আনুষ্ঠানিকভাবে এই ফল ঘোষণা করা হয়। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পাঠানো একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এই পরীক্ষায় মোট ১৮১টি কলেজের ১ লাখ ৮১ হাজার ৯৯২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এর মধ্যে ৬০.৯৭% শিক্ষার্থী পরীক্ষায় সফল ভাবে উত্তীর্ণ হয়েছেন। পরীক্ষার্থীরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট https://result.nu.ac.bd/ অথবা http://103.113.200.8/ থেকে বিস্তারিত ফলাফল দেখতে পারবেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল শিক্ষা মন্ত্রণালয় আগামী ১০ আগস্ট প্রকাশ করার কথা জানিয়েছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে তারা এই তথ্য নিশ্চিত করেছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফল আগামী ১০ আগস্ট প্রকাশিত হবে।
এ বছর এসএসসি ও সমমান পরীক্ষার ফল জানতে পরীক্ষার্থীরা এসএমএসের মাধ্যমে জানবেন। এছাড়াও, সকল শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে ফল প্রকাশ করা হবে।
বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক ড. সৈয়দ আক্তারুজ্জামান এ প্রসঙ্গে বলেছেন, সকল বোর্ডের ওয়েবসাইটে ফলাফল পাওয়া যাবে। পরীক্ষার্থীরা তাদের নিজ নিজ বোর্ডের ওয়েবসাইটে ফল দেখতে পারবেন।
এছাড়াও, দুটি কমন ওয়েবসাইট eduboardresult.gov.bd এবং educationboardresults.gov.bd-এর মাধ্যমে ফল পাওয়া যাবে।
কোনো সিম ব্যবহার করে মোবাইল ফোনের মাধ্যমে এসএমএস পাঠানো যাবে। এর জন্য, মেসেজ অপশনে গিয়ে SSC লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে রোল নম্বর দিতে হবে। এরপর স্পেস দিয়ে YEAR লিখে 16140 নম্বরে পাঠাতে হবে। ফিরতি এসএমএসের মাধ্যমে ফল জানতে পারা যাবে।
উদাহরণস্বরূপ, যদি কেউ ঢাকা বোর্ডের পরীক্ষার্থী হয়, তবে তাকে SSC DHAROLLYEAR লিখে 16140 নম্বরে পাঠাতে হবে। আর মাদরাসা বোর্ডের দাখিল পরীক্ষার্থীদের জন্য SSC MAD ROLL YEAR লিখতে হবে।
কারিগরি বোর্ডের জন্য এসএমএস পাঠানোর ক্ষেত্রে SSC TEC ROLL YEAR লিখে 16140 নম্বরে পাঠাতে হবে। প্রতিটি এসএমএস-এর জন্য ১.৩৯ টাকা চার্জ প্রযোজ্য (সব ট্যাক্স অন্তর্ভুক্ত)।
চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা ২১ এপ্রিল শুরু হয়। সাধারণ শিক্ষা বোর্ডগুলোর লিখিত পরীক্ষা ২০ মে শেষ হয়। আর দাখিল ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার লিখিত অংশ ২৪ মে সম্পন্ন হয়।
এসএসসি ও সমমান পরীক্ষার ফল সাধারণত লিখিত পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে প্রকাশ করা হয়। তাই, গত ২০ জুলাই ফল প্রকাশের সময় ছিল। তবে নির্ধারিত সময়ের প্রায় তিন সপ্তাহ পরে এবার এসএসসির ফল প্রকাশের প্রস্তুতি নিচ্ছে শিক্ষা বোর্ডগুলো।
এ বছর এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিতে মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ শিক্ষার্থী ফরম পূরণ করেছে। এর মধ্যে সাধারণ ৯টি শিক্ষা বোর্ডে এসএসসিতে ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন, মাদরাসা বোর্ডে দাখিলে ৩ লাখ ৪ হাজার ২৮৬ জন এবং কারিগরি বোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নিয়েছে ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
উপজেলা ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানদের অপসারণ কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে হাই কোর্ট রুল জারি করেছেন।
এই সংক্রান্ত একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বৃহস্পতিবার বিচারপতি রাজিক আল জলিল এবং বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ এই রুল জারি করেছেন।
এর আগে উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু সালেহসহ ২৩৬ জন এই রিট করেছেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মামুন মাহবুব। তাঁর সঙ্গে ছিলেন আইনজীবী মো. মেহেদী হাসান।
পরবর্তীতে আইনজীবী মামুন মাহবুব জানান, অন্তবর্তীকালীন সরকার ২০২৪ সালে উপজেলা পরিষদ আইনের ১৩ এর ঘ ধারা সংশোধন করে বিশেষ পরিস্থিতিতে অত্যাবশ্যক বিবেচনা করলে বা জনস্বার্থে, যে কোনো বা সব উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান বা অন্যান্য সদস্যগণকে সরকার অপসারণ করতে পারবে, এমন বিধান যুক্ত করে। এরপর এক আদেশে সব উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানদের অপসারণ করা হয়। এই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে আমরা রিট করেছি।
তিনি আরও বলেন, রিটে আমরা আইনের সংশোধন ও অপসারণের বৈধতা চ্যালেঞ্জ করেছি। শুনানি নিয়ে হাই কোর্ট ওই আইনের সংশোধনী কেন অবৈধ ঘোষণা হবে না এবং উপজেলা ভাইস চেয়ারম্যান-মহিলা ভাইস চেয়ারম্যানদের অপসারণ কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন। চার সপ্তাহের মধ্যে সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা, ৬ আগস্ট ২০২৬ : স্টেডিয়াম এলাকার অবৈধ দখল, অনিয়ম, মাদক এবং ছিনতাই রোধ করতে শুক্রবার থেকেই মাঠে নামছে মোবাইল কোর্ট। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক চরম হতাশা প্রকাশ করে এই অভিযানের ঘোষণা দেন, যা ঢাকা জাতীয় স্টেডিয়াম কমপ্লেক্সের বর্তমান জরাজীর্ণ এবং নিরাপত্তাহীন পরিবেশ দেখে করা হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশনায় পুরো স্টেডিয়াম পাড়াকে আধুনিক, নিরাপদ এবং ক্রীড়াবান্ধব স্পোর্টস হাব হিসেবে গড়ে তোলার জন্য এই পদক্ষেপ নেওয়া হচ্ছে।
বৃহস্পতিবার বিকেল ৪টায় ঢাকা জাতীয় স্টেডিয়াম কমপ্লেক্স পরিদর্শন করেন প্রতিমন্ত্রী। তিনি ভেতরের সার্বিক পরিবেশ পরিদর্শন করার পর সাংবাদিকদের জানান যে, ঐতিহ্যবাহী এই ক্রীড়া অবকাঠামোগুলো তাদের কাঙ্খিত পরিবেশ হারিয়ে ফেলেছে। সন্ধ্যার পর স্টেডিয়াম এলাকায় মাদকসেবী এবং ছিনতাইকারীদের উপদ্রব বাড়তে দেখা যাচ্ছে বলে একাধিক অভিযোগ উঠে এসেছে। মোবাইল কোর্ট পরিচালনার পাশাপাশি স্টেডিয়ামের বিভিন্ন গেটে পুলিশ বক্স স্থাপন এবং নিয়মিত পুলিশি টহলের ব্যবস্থা করা হবে এসব অপরাধ নিয়ন্ত্রণে।
পরিবেশ পরিচ্ছন্ন রাখার পাশাপাশি অবকাঠামোর উন্নয়নের বিষয়ে প্রতিমন্ত্রী আরও জানান, সিটি করপোরেশনের সহযোগিতায় দ্রুত ময়লা অপসারণ, রাস্তা সংস্কার এবং জরাজীর্ণ ভবনগুলোর উন্নয়ন করা হবে। একই সঙ্গে স্টেডিয়ামের দোকানগুলোর লিজ, ভাড়া এবং চুক্তিপত্র পুনর্মূল্যায়ন করার কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। যদি কোথাও সরকারি রাজস্ব ক্ষতির সম্মুখীন হয়ে থাকে, তবে তা সংশোধন করে আগামী এক সপ্তাহের মধ্যে জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) প্রাপ্য রাজস্ব নিশ্চিত করার বিষয়টি তিনি উল্লেখ করেন।
সংবাদ সম্মেলনে ক্রীড়াবিদদের বকেয়া ভাতা প্রসঙ্গেও কথা বলেন তিনি। তিনি জানান যে, আইবাস পদ্ধতিগত জটিলতার কারণে ২৮ জন ক্রীড়াবিদের আটকে থাকা ভাতার মধ্যে ২৬ জনের সমস্যা ইতিমধ্যে সমাধান করা হয়েছে। বাকি দুইজনের জটিলতাও শীঘ্রই নিষ্পত্তি হবে এবং কোনো ক্রীড়াবিদের ভাতার অর্থ নষ্ট হবে না।
তালাশ বিডি/মিডিয়া লিঃ