১২:৪৩ পি.এম
গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ একটি রাজনৈতিক সংগঠনের মিছিলে অংশগ্রহণের পর এবং বিভিন্ন স্থানে ভাঙচুরের ঘটনা ঘটিয়ে ভারতে পালিয়ে যাওয়া এক যুবককে সাতক্ষীরার কলারোয়া সীমান্তে অবৈধভাবে ফেরার সময় আটক করেছে বিজিবি।
আটক যুবকের নাম প্রান্ত তালুকদার, বয়স ২০ বছর। তিনি গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার গোপালপুর গ্রামের উত্তম তালুকদারের পুত্র।
শনিবার রাতে সাতক্ষীরা ব্যাটালিয়নের (৩৩ বিজিবি) হিজলদী বিওপির আওতাধীন সীমান্ত পিলার ১৩/৪ এস-সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়। বিজিবির একটি টহল দল তাকে ভারত থেকে অবৈধভাবে প্রবেশের সময় হাতেনাতে ধরে ফেলে।
আরও পড়ুন: ফেনীতে মাদরাসা ও সাব-রেজিস্ট্রি অফিসে আগুন, ককটেল বিস্ফোরণ
বিজিবির সূত্র জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রান্ত তালুকদার স্বীকার করেছেন যে তিনি গত ১৯ ও ২০ নভেম্বর গোপালগঞ্জে নিষিদ্ধ রাজনৈতিক সংগঠনের মিছিলে অংশ নিয়েছিলেন এবং বিভিন্ন স্থানে ভাঙচুরের ঘটনায় জড়িত ছিলেন।
এরপর তিনি ২৬ নভেম্বর অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে চলে যান এবং হাকিমপুর এলাকার একটি গ্রামে আত্মগোপন করেন। শনিবার তিনি অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে বিজিবির হাতে ধরা পড়েন।
পরবর্তী সময়ে প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে কলারোয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
কলারোয়া থানার ওসি মিজানুর রহমান বলেন, রাতে বিজিবির একজন নায়েক সুবেদার বাদী হয়ে কলারোয়া থানায় ওই যুবকের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন। আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: ঝিনাইগাতীতে পৌনে ৬ লাখ টাকার নিষিদ্ধ ভারতীয় ক্রিমসহ ২ যুবক আটক
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন