প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
এস এম আশিকুজ্জামান
ঢাকা, ২৯ নভেম্বর, ২০২৬ : গুম-খুনের মাধ্যমে লাশ পানিতে ডুবিয়ে সব অপরাধ আড়াল করা সম্ভব নয়। নদী কিছু লাশ ফিরিয়ে দিয়ে সত্যকে উন্মোচন করেছে এবং বিচারের পথ খুলে দিয়েছে।
সুদূর আটলান্টিক মহাসাগরে ডেথ ফ্লাইটের মাধ্যমে লাশ গায়েব করার প্রচেষ্টা, কিংবা আমাদের দেশে গুম করে মানুষ হত্যা করে নদীতে লাশ ফেলে দেওয়ার ঘটনা। উভয় ক্ষেত্রেই কিছু লাশ ভেসে উঠে গোপন নৃশংসতা প্রকাশ করেছে।
আর্জেন্টিনার সেই ডেথ ফ্লাইট
১৯৭৬ সালে জেনারেল হোর্হে রাফায়েল ভিদেলার নেতৃত্বাধীন সামরিক জান্তা ক্ষমতা দখল করার পর বামপন্থী কর্মী, বুদ্ধিজীবী, সাংবাদিক, ছাত্র এবং ভিন্নমতাবলম্বীদের ওপর ব্যাপক দমন-পীড়ন শুরু হয়। জান্তা সরকার এমনভাবে মানুষ হত্যা করতে চেয়েছিল, যাতে কোনো লাশ বা হত্যার প্রমাণ না থাকে এবং আন্তর্জাতিক মহল বা মানবাধিকার সংস্থাগুলো গণকবর খুঁজে না পায়। এই উদ্দেশ্যেই ‘ডেথ ফ্লাইট’ নামে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড পরিচালিত হয়।
অচেতন বন্দীদের ফেলা হয় আটলান্টিকে
সন্দেহভাজনদের গোপন আটক কেন্দ্রে নিয়ে এসে প্রথমে অমানুষিক নির্যাতন করা হতো। হত্যার আগে বন্দীদের জানানো হতো যে তাদের দক্ষিণাঞ্চলের কোনো সাধারণ কারাগারে স্থানান্তরিত করা হচ্ছে এবং এজন্য তাদের একটি ‘টিকা’ বা ইনজেকশন নিতে হবে। কিন্তু সেই ইনজেকশনের মাধ্যমে তাদের শরীরে উচ্চমাত্রার চেতনানাশক প্রয়োগ করে অচেতন করা হতো।
এরপর অচেতন বন্দীদের সামরিক বিমান বা হেলিকপ্টারে তুলে ‘রিও দে লা প্লাতা’ নদীর মোহনা বা আটলান্টিক মহাসাগরে নিয়ে যাওয়া হতো।
গভীর পানিতে পৌঁছানোর পর জীবন্ত কিন্তু অচেতন অবস্থায় বন্দীদের বিমান থেকে নিচে ফেলে দেওয়া হতো।
জান্তা শাসনামলে গুম হওয়া প্রায় ৩০ হাজার মানুষের মধ্যে আনুমানিক ৪ থেকে ৫ হাজার মানুষকে ডেথ ফ্লাইটের মাধ্যমে হত্যা করা হয়েছিল।
লাশ ভেসে আসে সমুদ্রতীরে
আর্জেন্টিনার সে সময়ের সামরিক বাহিনীর কর্মকর্তারা ভেবেছিলেন স্রোতে লাশগুলো গভীর সমুদ্রে তলিয়ে যাবে। কিন্তু স্রোতের বিপরীতে অনেক বিকৃত লাশ আর্জেন্টিনা ও উরুগুয়ের উপকূলে ভেসে আসে।
পরবর্তীতে এই নৃশংসতার খবর বিশ্ববাসীর নজরে আসে। ১৯৯৫ সালে সাবেক নৌবাহিনী কর্মকর্তা অ্যাডলফো স্কিলিংগো প্রকাশ্যে স্বীকার করেন যে তিনি নিজে দুটি ডেথ ফ্লাইটে অংশ নিয়েছিলেন এবং ৩০ জন মানুষকে জীবন্ত সাগরে ফেলে দিয়েছিলেন।
আর্জেন্টিনার আদালতের ঐতিহাসিক রায়
দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে ২০১৭ সালে আর্জেন্টিনার আদালত জড়িত ২৯ জন সাবেক সামরিক কর্মকর্তাকে ডেথ ফ্লাইটের এই মানবতাবিরোধী অপরাধের দায়ে দেশের বিচার ব্যবস্থার সর্বোচ্চ সাজা যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করে।
আওয়ামী আমলে আয়নাঘর ও নদীতে ভেসে ওঠা লাশ
ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের দেড় দশকের শাসনামলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে তুলে নেওয়ার পর অনেক ভুক্তভোগীকে হত্যা করে লাশ গুম করার জন্য নদীকে বেছে নেওয়া হতো।
২০২৪ সালের জুলাই গণ অভ্যুত্থানের পর অন্তর্বর্তীকালীন সরকার গুমের ঘটনাগুলো তদন্তে হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে ‘গুম সংক্রান্ত তদন্ত কমিশন’ গঠন করে। এই কমিশনের প্রতিবেদনে উঠে আসে যে দেশে গুম হওয়া ব্যক্তিদের একটি বড় অংশকে গোপন বন্দিশালায় (‘আয়নাঘর’ নামে পরিচিত) আটকে রাখার পর হত্যা করে লাশ নদীতে বা নির্জন স্থানে ফেলে দেওয়া হতো।
অনেক ক্ষেত্রে লাশ যেন ভেসে না ওঠে, সেজন্য লাশের পেট চিরে ইট বা পাথরের বস্তা বেঁধে বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা, ধলেশ্বরী, মেঘনা ও তুরাগ নদীতে ফেলে দেওয়া হতো।
তবে গুম হওয়া কিছু ব্যক্তির বিকৃত বা অর্ধগলিত লাশ নদীর তীরে ভেসে উঠত, যা পরবর্তীতে পরিবারের হতভাগা সদস্যরা পোশাক বা শারীরিক চিহ্ন দেখে শনাক্ত করতেন।
গুম-খুনের ‘মনস্টার’ জিয়াউল আহসান
ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের শাসনামলে শতাধিক গুম-খুনে অভিযুক্ত সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে ‘মনস্টার’ বলে তার ভয়াবহ নির্মমতা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তুলে ধরেছেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।
রক্ত যেন গায়ে না লাগে সে জন্য বালিশ ঠেকিয়ে মাথায় গুলি করে হত্যা করা। হত্যার পর পেট কেটে নাড়িভুঁড়ি বের করে সিমেন্টের বস্তা বেঁধে লাশ নদীতে ফেলে দেওয়া।
সুন্দরবন এলাকায় বিচারবহির্ভূত হত্যাকাণ্ডসহ জিয়াউল আহসানের নেতৃত্বে নির্মম ও নৃশংস হত্যার সব ঘটনা সম্প্রতি ট্রাইব্যুনালে তুলে ধরেন চিফ প্রসিকিউটর।
লাশ ফিরিয়ে দেয় বলেশ্বর-শীতলক্ষ্যা নদী
জিয়াউল আহসানের মানবতাবিরোধী অপরাধের মামলায় আইনি যুক্তি উপস্থাপন করে আর্জেন্টিনার ডেথ ফ্লাইট প্রসঙ্গ টানেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল।
গত ২৬ নভেম্বর বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ অ্যাটর্নি জেনারেল বলেন, আর্জেন্টিনার সামরিক জান্তার ডেথ ফ্লাইট পদ্ধতি অনুসরণ করেই এদেশের মানুষকে গুম করে পেট কেটে লাশের সাথে ইট বেধে নদীতে ফেলে দিতেন জিয়াউল আহসান। কিন্তু সে তার নির্মমতাকে পানিতে ডুবিয়ে শেষ করতে পারেনি। নদী হতভাগাদের লাশ ফিরিয়ে দিয়ে সত্যকে উন্মোচিত করেছে এবং বিচারের দ্বার খুলেছে। আটলান্টিক মহাসাগর যেমন আর্জেন্টিনার হতভাগাদের লাশ ফিরিয়ে দিয়েছিল, তেমনি আমাদের বলেশ্বর নদী বিডিআর সদস্য নজরুল ইসলামের লাশ ফিরিয়ে দেয়। শীতলক্ষ্যা নদী সাত খুনের ভিকটিমদের লাশ ফিরিয়ে দেয়।
অপরাধ সমুদ্র সমান, মৃত্যুদণ্ড কেবল শিশির কণা
জিয়াউল আহসানের অপরাধের মাত্রা তুলে ধরে অ্যাটর্নি জেনারেল ট্রাইব্যুনালকে বলেন, একজন রাষ্ট্রীয় কর্মকর্তার হাতে থাকা ক্ষমতা ব্যবহার করা হয়েছে মানুষের জীবন কেড়ে নেওয়ার জন্য। এসব অপরাধে অসংখ্য পরিবার তাদের প্রিয়জনকে হারিয়েছে। কোনো শাস্তিই সেই জীবন ফিরিয়ে দিতে পারবে না। কোনো আদালতের রায়ই মায়ের কাছে সন্তানকে, স্ত্রীর কাছে স্বামীকে কিংবা সন্তানের কাছে বাবাকে ফিরিয়ে দিতে পারবে না। তবু অপরাধের বিচার হতে হবে।
তিনি বলেন, আজ বিচার না হলে অপরাধের শিকার মানুষ ও তাদের পরিবার ন্যায়বিচার থেকে বঞ্চিত হবেন।
রাষ্ট্রব্যবস্থার ওপর জনগণের আস্থা থাকবে না। এ রকম নৃশংস অপরাধীর দৃষ্টান্তমূলক সাজা না হলে সভ্যতা টিকে থাকবে না। তার অপরাধ সমুদ্র সমান। তাকে মৃত্যুদণ্ড দেওয়া হলেও, তার অপরাধের তুলনায় তা হবে কেবল একটি শিশির কণা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন