মোঃ একদিল হোসেন স্টাফ রিপোর্টার
০২:১৩ পি.এম
মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানী ও তাঁর সহধর্মিণী বেগম আলেমা খাতুন ভাসানীর কর্মময় জীবন নতুন বাংলাদেশ গঠনে প্রেরণা জোগাবে বলে মন্তব্য করেছেন টাঙ্গাইল জেলার আইনশৃঙ্খলা ও অন্যান্য উন্নয়ন কার্যক্রম তদারকির দায়িত্বপ্রাপ্ত বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম।
তিনি বলেন, “মওলানা ভাসানীর রেখে যাওয়া কর্ম ও আদর্শ ধারণ করে আমাদের এগিয়ে যেতে হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আমরা এগিয়ে যাচ্ছি। এ লক্ষ্য অর্জনে মওলানা ভাসানীর কর্মময় জীবন আমাদের জন্য প্রেরণা হিসেবে কাজ করবে।”
শনিবার (১০ অক্টোবর) সকাল ১১টায় টাঙ্গাইলের সন্তোষ দরবার হলে মওলানা ভাসানী ফাউন্ডেশনের আয়োজনে বেগম আলেমা খাতুন ভাসানীর ২৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী শরীফুল আলম বলেন, পৃথিবীর যেসব গুণী ব্যক্তি তাঁদের কর্ম ও অবদানের মাধ্যমে সর্বজনশ্রদ্ধেয় হয়ে উঠেছেন, তাঁদের সাফল্যের পেছনে পরিবারের, বিশেষ করে জীবনসঙ্গীর গুরুত্বপূর্ণ অবদান থাকে। মওলানা ভাসানীর জীবনেও তাঁর সহধর্মিণী বেগম আলেমা খাতুন ভাসানীর অবদান ছিল উল্লেখযোগ্য। তিনি শিক্ষানুরাগী ছিলেন এবং মওলানা ভাসানীর বিভিন্ন জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সমর্থন ও সাহস জুগিয়েছেন।
তিনি বলেন, বেগম আলেমা খাতুন ভাসানী তাঁর বাবার কাছ থেকে পাওয়া জমি জনকল্যাণমূলক ও শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলার কাজে ব্যবহারের সুযোগ করে দিয়েছিলেন। এর মাধ্যমে তিনি মানুষের ভবিষ্যৎ বিনির্মাণে অবদান রেখেছেন। গুণীজনদের সম্মান জানানো এবং তাঁদের অবদান নতুন প্রজন্মের কাছে তুলে ধরার সংস্কৃতি গড়ে তুলতে হবে।
গত ১৭ বছরে মওলানা ভাসানী ও আলেমা খাতুন ভাসানীর স্মৃতিবিজড়িত প্রতিষ্ঠানগুলোর যথাযথ গুরুত্ব দেওয়া হয়নি উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, “প্রতিষ্ঠানগুলোকে সুদৃষ্টি দেওয়া তো দূরের কথা, অচল অবস্থায় নিয়ে রাখা হয়েছিল। বর্তমানে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রতিষ্ঠিত সরকার গুণীজনদের সম্মান জানাতে চায়। তাঁদের স্মৃতিবিজড়িত প্রতিষ্ঠানগুলো যেন প্রাতিষ্ঠানিকভাবে সঠিকভাবে কার্যক্রম পরিচালনা করতে পারে, সেই লক্ষ্যে আমরা কাজ করছি।”
তিনি আরও বলেন, মওলানা ভাসানী ও বেগম আলেমা খাতুন ভাসানীর স্মৃতিবিজড়িত প্রতিষ্ঠান সংরক্ষণের পাশাপাশি তাঁদের রেখে যাওয়া কর্ম ও আদর্শও ধারণ করতে হবে। কৃষক, শ্রমিক, তাঁতি ও শ্রমজীবী মানুষের জীবন-জীবিকা, শ্রমের মর্যাদা, ন্যায্য সুযোগ এবং জীবনমান উন্নয়নের বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের প্রতি মওলানা ভাসানী ও আলেমা খাতুন ভাসানীর দায়বদ্ধতা এসব দায়িত্ব পালনে আমাদের প্রেরণা জোগায়।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন টাঙ্গাইল সদর আসনের সংসদ সদস্য ও মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, এমপি। তিনি বলেন, মওলানা ভাসানীর রাজনৈতিক জীবন থেকে ত্যাগ, জনকল্যাণ ও মানুষের অধিকার প্রতিষ্ঠার শিক্ষা পাওয়া যায়। রাজনীতি মানে মানুষের কল্যাণে কাজ করা এবং নিজের স্বার্থ ত্যাগ করা।
বেগম আলেমা খাতুন ভাসানীর মৃত্যুবার্ষিকীতে তাঁর রুহের মাগফিরাত কামনা করে প্রতিমন্ত্রী টুকু বলেন, টাঙ্গাইলের মানুষকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে এবং মওলানা ভাসানীর দেখানো ন্যায় ও আদর্শের পথে টাঙ্গাইলকে পরিচালিত করতে হবে।
তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশপ্রেমের আদর্শ ধারণ করে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশপ্রেম ও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছেন। প্রধানমন্ত্রী তারেক রহমানও দেশপ্রেমকে ধারণ করে দেশ গঠনে কাজ করছেন।
মওলানা ভাসানী ফাউন্ডেশনের মহাসচিব ও জেলা বিএনপির সাবেক সদস্যসচিব মাহমুদুল হক সানুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম, উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আনিসুর রহমান এবং টাঙ্গাইল সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী।
এর আগে প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম ও প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকুসহ অতিথিরা সন্তোষে মওলানা ভাসানীর মাজারে গিয়ে মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানী ও তাঁর সহধর্মিণী বেগম আলেমা খাতুন ভাসানীর কবর জিয়ারত করেন। তাঁরা পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ করেন। পরে তাঁদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
অনুষ্ঠান শেষে বেগম আলেমা খাতুন ভাসানীকে নিয়ে লেখা একটি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন কমিটি শিগগিরই ঘোষণা হতে পারে। নতুন নেতৃত্বে কারা আসছেন, তা নিয়ে ইতোমধ্যে দলের ভেতরে আলোচনা শুরু হয়েছে। দলীয় সূত্রের তথ্য অনুযায়ী, নতুন কমিটিতে তরুণ ও অভিজ্ঞ নেতাদের পাশাপাশি আন্দোলন-সংগ্রামে সক্রিয় এবং তুলনামূলক ‘ক্লিন ইমেজের’ নেতাদের অগ্রাধিকার দেওয়া হতে পারে।
সভাপতি বা আহ্বায়ক পদে আলোচনায় রয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব। দীর্ঘ রাজনৈতিক পথচলা, ত্যাগ এবং দলের কঠিন সময়ে পাশে থাকার অভিজ্ঞতাকে সামনে রেখে মহানগরী উত্তর বিএনপির আহ্বায়ক হিসেবে তার নেতৃত্বকে নতুন করে মূল্যায়ন করার কথা ভাবছে বিএনপি। এর আগে তিনি জাতীয়তাবাদী যুবদলের সভাপতি ছিলেন।
সভাপতি পদে আরও আলোচনায় রয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক এই ছাত্রনেতা বিশ্ববিদ্যালয়ের এফ রহমান হলের নির্বাচিত ভিপি ছিলেন। বিগত ১৭ বছর স্বৈরাচার বিরোধী আন্দোলনে রাজপথে সক্রিয়ভাবে অংশ নেন। ‘ক্লিন ইমেজের’ নেতা হিসেবে মহানগর জুড়ে তার খ্যাতি রয়েছে।
বিএনপির নির্বাহী কমিটির সদস্য মামুন হাসান ও ডিএনসিসির বর্তমান প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টনও সভাপতি পদে আলোচনায় রয়েছেন।
অন্যদিকে, সাধারণ সম্পাদক পদে আলোচনায় রয়েছেন সাবেক কমিশনার আনারুজ্জামান আনোয়ার, ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হাজী ইউসুফ ও সাবেক দফতর সম্পাদক আব্দুর রাজ্জাক।
এর আগে গত বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) ঢাকা মহানগর উত্তর বিএনপির ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়। সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ, অভ্যন্তরীণ কোন্দল এবং সাম্প্রতিক কয়েকটি বিতর্কিত ঘটনায় স্থানীয় নেতাকর্মীদের সম্পৃক্ততার অভিযোগের পর এ সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে যুবদল ও ছাত্রদলের স্থানীয় শাখার কমিটিও বিলুপ্ত করা হয় এবং বিএনপি ও সহযোগী সংগঠনের কয়েকজন নেতাকে বহিষ্কার করা হয়।
নতুন কমিটি ঘোষণার মধ্য দিয়ে ঢাকা মহানগর উত্তর বিএনপিতে সাংগঠনিক স্থবিরতা কাটিয়ে শৃঙ্খলা ও কার্যক্রমে গতি ফেরানোর চেষ্টা করা হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এদিকে, নতুন কমিটি গঠনের ক্ষেত্রে দলটি সাংগঠনিকভাবে কার্যকর নেতৃত্বকে গুরুত্ব দিতে পারে বলে নেতাকর্মীদের মধ্যে আলোচনা রয়েছে। বিশেষ করে দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা, তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ, সাংগঠনিক সক্ষমতা এবং অপেক্ষাকৃত পরিচ্ছন্ন ভাবমূর্তির নেতাদের অগ্রাধিকার দেওয়ার কথা বলা হচ্ছে।
এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘ঢাকা মহানগর উত্তর বিএনপিকে আরও শক্তিশালী, গতিশীল ও শৃঙ্খলাবদ্ধ করতে নতুন কমিটি ঘোষণা করা হবে। রাজনৈতিক সংগঠনে পুনর্গঠন একটি স্বাভাবিক ও নিয়মিত প্রক্রিয়া। নতুন কমিটিতে রাজপথের ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের যথাযথ মূল্যায়ন করা হবে বলে আমি আশাবাদী।’
তবে আলোচনায় থাকা নামগুলো এখনো সম্ভাব্য হিসেবেই রয়েছে; বিএনপির আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত সভাপতি বা সাধারণ সম্পাদক পদে কারও নিয়োগ নিশ্চিত নয়। দলটির বিজ্ঞপ্তি অনুযায়ী, নতুন কমিটি অতি শিগগিরই ঘোষণা করার কথা রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
কিডনি ক্যানসারের চিকিৎসার মাঝে মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়েছে এক সময়ের জনপ্রিয় সুরকার ও সংগীত পরিচালক ইবরার টিপুর। তার শারীরিক অবস্থার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন গীতিকার কবির বকুল সামাজিক যোগাযোগ মাধ্যমে।
কবির বকুল ফেসবুকে একটি পোস্টে জানিয়েছেন, ইবরার টিপু বর্তমানে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে লড়াই করছেন। এই সংগীত পরিচালকের অসুস্থতার খবর জানিয়ে তিনি সকলের কাছে দোয়া চেয়েছেন।
যিনি একসময় অসংখ্য শ্রোতার হৃদয়ে সুরের জাদু বুনেছিলেন, যাঁর গানে ভালোবাসা, আবেগ ও দেশের প্রতি টান খুঁজে পেয়েছেন শ্রোতারা, সেই সুরস্রষ্টা ইবরার টিপু আজ নিজেই জীবনের কঠিনতম লড়াইয়ে রয়েছেন। জানা যায়, কিডনি ক্যানসারে আক্রান্ত হয়ে প্রায় দুই বছর ধরে চিকিৎসা নিচ্ছেন তিনি। সম্প্রতি তার মস্তিষ্কে অস্ত্রোপচারও হয়েছে। দীর্ঘদিন হাসপাতালে থাকার পর বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রে নিজের বাসায় অবস্থান করছেন।
কবির বকুল সামাজিক মাধ্যমে একটি আবেগঘন পোস্টে জানিয়েছেন, হাসপাতাল থেকে জোর করেই তাকে বাসায় ফিরিয়ে নেয়া হয়েছে। টিপুর স্ত্রী বিন্দু কণার অভিযোগ, হাসপাতালে সুরকারের যথাযথ চিকিৎসা হচ্ছিল না। তাই বর্তমানে তিনি বাসাতেই চিকিৎসাধীন রয়েছেন।
‘তুমি আমার ঘুম, তবু তোমায় নিয়ে স্বপ্ন দেখি না’, ‘ও পৃথিবী এবার এসে বাংলাদেশ নাও চিনে’ কিংবা ‘বেশ বেশ বেশ, সাবাস বাংলাদেশ’- এর মতো অসংখ্য জনপ্রিয় গানের সুর ও সংগীতায়োজনে যুক্ত ছিলেন ইবরার টিপু। তার হঠাৎ অসুস্থতার খবর শুনে উদ্বেগ প্রকাশ করেছেন তার ভক্তরা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু মন্তব্য করেছেন যে, পূর্বাচল প্রকল্পে ক্ষতিগ্রস্ত আদিবাসী পরিবারগুলোর প্রত্যেককে প্লট বুঝিয়ে দেওয়া রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) দায়িত্ব।
তিনি বৃহস্পতিবার (৮ অক্টোবর) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চতুর্থ সভায় এ কথা বলেন।
সভায় সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে উপস্থিত ছিলেন। সভায় রাজউক, জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ এবং জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের কার্যক্রমসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা ও পর্যালোচনা করা হয়।
সভায় পূর্বাচল প্রকল্পে ক্ষতিগ্রস্ত আদিবাসী পরিবারগুলোর পুনর্বাসন এবং প্লট বরাদ্দের বিষয়টি বিশেষ গুরুত্ব পায়। সংসদ সদস্য দিপু এ বিষয়ে বলেন, "এসব পরিবারের প্রত্যেককে প্লট বুঝিয়ে দেওয়ার দায়িত্ব রাজউককে যথাযথভাবে পালন করতে হবে।"
এছাড়া, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যক্রম পর্যালোচনার মাধ্যমে সরকারি প্রতিষ্ঠানগুলোর জবাবদিহি, কার্যকারিতা এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো নিশ্চিত করার ওপর সংসদীয় স্থায়ী কমিটির সভায় গুরুত্ব দেওয়া হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
আফগানিস্তান ও বাংলাদেশের বিপক্ষে আগামী ১৭ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে জিম্বাবুয়ের নেতৃত্বে থাকবেন সিকান্দার রাজা।
নিয়মিত অধিনায়ক রিচার্ড এনগারাভা পিঠের চোট থেকে সেরে ওঠার প্রক্রিয়ায় থাকায়, সংযুক্ত আরব আমিরাতে দীর্ঘ সফরের জন্য অধিনায়কত্বের দায়িত্ব এই অলরাউন্ডারের ওপর অর্পিত হয়েছে। ত্রিদেশীয় সিরিজের পর আফগানিস্তানের বিপক্ষে আলাদা দ্বিপাক্ষিক সিরিজে তিনটি টি-টোয়েন্টি ও দুটি টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হবে।
জিম্বাবুয়ে সাদা বলের দুই দলের জন্য অভিষেকের অপেক্ষায় থাকা দুই খেলোয়াড়কে অন্তর্ভুক্ত করেছে। তারা হলেন ৩২ বছর বয়সী উইকেটকিপার-ব্যাটার তাফাদজওয়া সিগা এবং ২৯ বছর বয়সী লেগ স্পিনার ভিনসেন্ট মাসেকেসা।
ওয়ানডে দলে গ্রায়েম ক্রেমারকে বাদ দিয়ে নতুন খেলোয়াড়দের জন্য জায়গা তৈরি করেছে জিম্বাবুয়ে। গত মাসে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের সিরিজে তিনি মাত্র এক ম্যাচে অংশগ্রহণ করেছিলেন। সেটি ছিল তার প্রথম ওয়ানডে আট বছর পর। তবে এবার তিনি আবারও দলে স্থান পাননি।
অন্যদিকে, অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে ইনোসেন্ট কাইয়া ঊরুর চোটে মাঠের বাইরে চলে যান, তবে আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের আগে তিনি ফিট হয়ে উঠবেন বলে আশা করা হচ্ছে। এই সিরিজটি ২৭ অক্টোবর থেকে শুরু হবে।
এ বছর প্রথম শ্রেণির ক্রিকেটে সিগা তিনটি সেঞ্চুরি করেছেন এবং জিম্বাবুয়ের হয়ে টেস্ট ক্রিকেটেও অংশ নিয়েছেন। অন্যদিকে, লোগান কাপে মাউন্টেনিয়র্সের হয়ে ২৫টি উইকেট নিয়ে তিনি দলের সর্বোচ্চ উইকেটশিকারি ছিলেন। উইকেটপ্রতি তার গড় ছিল ২৯.৯২। এরপর সিলেটে বাংলাদেশের ইমার্জিং দলের বিপক্ষে একটি ম্যাচে ৯ উইকেট নিয়ে নিজের সামর্থ্যের প্রমাণ দেন এই লেগ স্পিনার।
জিম্বাবুয়ে লাল বলের ক্রিকেটে দুজনের পারফরম্যান্সকে সাদা বলের ক্রিকেটে কাজে লাগানোর পরিকল্পনা করছে।
ব্যাটিংয়ে অভিজ্ঞতা যোগান দেবেন সিকান্দার রাজা, ক্রেইগ আরভিন ও ব্রেন্ডন টেলর। সাদা বলের সব ম্যাচে বোলিং আক্রমণের নেতৃত্বে থাকবেন ব্লেসিং মুজারাবানি। তার সঙ্গে থাকবেন ব্র্যাড ইভান্স। তবে আফগানিস্তানের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টিতে ইভান্সের পরিবর্তে খেলবেন কুন্দাই মাতিগিমু।
জিম্বাবুয়ের ওয়ানডে দল: সিকান্দার রাজা (অধিনায়ক), বেন কারেন, ব্লেসিং মুজারাবানি, ব্র্যাড ইভান্স, ব্রেন্ডন টেলর, ব্রায়ান বেনেট, ক্রেইগ আরভিন, আর্নেস্ট মাসুকু, নিউম্যান নিয়ামহুরি, রায়ান বার্ল, তাদিওয়ানাশে মারুমানি, তাফাদজওয়া সিগা, ভিনসেন্ট মাসেকেসা, ওয়েলিংটন মাসাকাদজা ও ওয়েসলি মাধেভেরে।
জিম্বাবুয়ের টি-টোয়েন্টি দল: সিকান্দার রাজা (অধিনায়ক), বেন কারেন, ব্লেসিং মুজারাবানি, ব্র্যাড ইভান্স, ব্রায়ান বেনেট, ইনোসেন্ট কাইয়া, কুন্দাই মাতিগিমু, নিউম্যান নিয়ামহুরি, রায়ান বার্ল, তাদিওয়ানাশে মারুমানি, তাফাদজওয়া সিগা, ভিনসেন্ট মাসেকেসা, ওয়েলিংটন মাসাকাদজা ও ওয়েসলি মাধেভেরে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ