০৪:৩৪ পি.এম
কক্সবাজারের মহেশখালীতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতার যাতায়াত বন্ধ করার উদ্দেশ্যে স্পিডবোটের চলাচল বন্ধ করে দেওয়ার অভিযোগ জেলা বিএনপির সহসাংগঠনিক সম্পাদক ও স্পিডবোট মালিক সমিতির সভাপতি আতাউল্লাহ বোখারীর বিরুদ্ধে উঠেছে। এনসিপির মহেশখালী উপজেলা শাখা এই ঘটনার জন্য তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ প্রকাশ করেছে।
রোববার রাতে পাঠানো এক বিবৃতিতে সংগঠনটি এ নিন্দা জানায়। বিবৃতিতে উল্লেখ করা হয়, জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং মহেশখালীর সন্তান শাহরিয়ার মোহাম্মদ ইয়ামিনের কক্সবাজার যাতায়াতের জন্য স্পিডবোট চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। সংগঠনটি অভিযোগ করেছে, ইনকিলাব মঞ্চের আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগদান ঠেকানোর জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, কোনো ঘাট, পরিবহনব্যবস্থা অথবা শ্রমজীবী মানুষের কর্মসংস্থান ব্যক্তিগত আধিপত্য ও রাজনৈতিক প্রতিহিংসার হাতিয়ার হতে পারে না। মহেশখালী জেটিঘাটে স্পিডবোট মালিক, চালক এবং কর্মচারীদের ওপর প্রভাব বিস্তার, কমিশন আদায় এবং ভয়ের পরিবেশ তৈরি করার অভিযোগ তুলে সংগঠনটি এ ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি করেছে।
আরও পড়ুন: আওয়ামী লীগের বর্তমান কাজগুলো সন্ত্রাসী কর্মকাণ্ড: তুষার
এনসিপি অবিলম্বে স্পিডবোটটির চলাচল স্বাভাবিক করার, চালকের কর্মসংস্থান ও নিরাপত্তা নিশ্চিত করার এবং জেটিঘাটে অনিয়ম ও যাত্রী হয়রানি বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে।
এনসিপির মহেশখালী উপজেলা শাখার দপ্তর সম্পাদক নুরুল হুদার স্বাক্ষরিত বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
এ বিষয়ে বক্তব্য জানতে বিএনপি নেতা আতাউল্লাহ বোখারীর মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘একজন আত্মমর্যাদাসম্পন্ন মানুষ কখনো মিথ্যা কথা বলতে পারেন না।’
এমই
আরও পড়ুন: শেখ হাসিনাকে অপরাধী হিসেবে ফেরাতে চায় সরকার: শামা ওবায়েদ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন