০৪:৪৩ পি.এম
ঢাকা, ১৬ নভেম্বর, ২০২৬ : রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর অস্ট্রিয়া, গায়ানা ও ফিজির প্রতি বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি নিয়োগের আহ্বান জানিয়েছেন।
এছাড়া, তিনি বাণিজ্য ও বিনিয়োগে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের বিষয়েও আহ্বান জানান।
আজ সকালে নবনিযুক্ত অস্ট্রিয়ার অনাবাসিক রাষ্ট্রদূত এবং ফিজি ও গায়ানার অনাবাসিক হাইকমিশনারগণ রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করার সময় তিনি এ আহ্বান জানান।
আরও পড়ুন: কুড়িগ্রামে শহীদ মুক্তিযোদ্ধাদের নামফলক চুন দিয়ে মুছে ফেলার অভিযোগ
রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম বাসসকে এই তথ্য জানান।
রাষ্ট্রপতি উল্লেখ করেন, "বাংলাদেশে বিপুলসংখ্যক তরুণ, দক্ষ ও আধা-দক্ষ জনশক্তি রয়েছে।" তিনি আরও বলেন, "যাঁরা বিশ্বের বিভিন্ন দেশে স্বাস্থ্যসেবা, কৃষি, শিক্ষা, অবকাঠামো উন্নয়ন, উৎপাদন ও সেবা খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম।"
তিনি অস্ট্রিয়া ও গায়ানায় চিকিৎসক, নার্স ও মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগের পাশাপাশি ফিজিতে অবকাঠামো নির্মাণ ও কৃষি খাতে আরও বেশি দক্ষ জনশক্তি নিয়োগের আহ্বান জানান। এ ক্ষেত্রে স্বচ্ছ ও দক্ষতাভিত্তিক অভিবাসন ব্যবস্থা এবং প্রয়োজনীয় দ্বিপক্ষীয় সমঝোতার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
আজ সকালে প্রথমে রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করেন অস্ট্রিয়ার নবনিযুক্ত অনাবাসিক রাষ্ট্রদূত ড. রবার্ট জিস্ক। পরে গায়ানার হাইকমিশনার ধারামকুমার সীরাজ এবং সবশেষে ফিজির হাইকমিশনার জগন্নাথ সামি তাঁর কাছে পরিচয়পত্র পেশ করেন।
আরও পড়ুন: সৌদিতে গ্রেপ্তার নাবালক শিয়া যুবকের মৃত্যুদণ্ড কার্যকর
এর আগে সকালে হাইকমিশনার ও রাষ্ট্রদূতগণ বঙ্গভবনে পৌঁছালে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের একটি সুসজ্জিত দল তাঁদের গার্ড অব অনার প্রদান করে। পরিচয়পত্র পেশের আনুষ্ঠানিকতা শেষে রাষ্ট্রপতি তাঁদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
অস্ট্রিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎকালে রাষ্ট্রপতি দেশটির প্রেসিডেন্ট ড. আলেকজান্ডার ভ্যান ডার ব্যালেনের প্রতি তাঁর শুভেচ্ছা ও শুভকামনা জানান।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের ক্রমবর্ধমান বাজার ও বিনিয়োগ সম্ভাবনা কাজে লাগাতে অস্ট্রিয়ার ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের বাংলাদেশ সফর এবং সরাসরি বাণিজ্যিক যোগাযোগ বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে নবায়নযোগ্য ও সবুজ জ্বালানি ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর আহ্বান জানান তিনি।
এ সময় রাষ্ট্রদূত বিনিয়োগের পাশাপাশি বাংলাদেশকে স্বল্প সুদে সহজ শর্তে ঋণ প্রদানে তাঁর দেশের আগ্রহের কথা তুলে ধরেন। রাষ্ট্রপতি বিষয়টি অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনার জন্য পররাষ্ট্র সচিবকে নির্দেশনা দেন।
আরও পড়ুন: ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু
গায়ানার হাইকমিশনারের সঙ্গে সাক্ষাৎকালে রাষ্ট্রপতি সাম্প্রতিক নির্বাচনে গায়ানার প্রেসিডেন্ট ড. মোহাম্মেদ ইরফান আলী পুনর্নির্বাচিত হওয়ায় তাঁকে অভিনন্দন ও বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।
তিনি গায়ানার বিনিয়োগকারীদের এদেশে বিনিয়োগের আহ্বান জানান। একই সঙ্গে গায়ানায় বাংলাদেশের ওষুধ রপ্তানি সম্প্রসারণে প্রয়োজনীয় নিবন্ধন প্রক্রিয়া সহজ করার অনুরোধ করেন।
ফিজির হাইকমিশনারের সঙ্গে সাক্ষাৎকালে রাষ্ট্রপতি দুই দেশের মধ্যে কৃষি, বাণিজ্য, পর্যটন, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, সুনীল অর্থনীতি ও জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
একই সঙ্গে রাষ্ট্রপতি সামুদ্রিক সম্পদ ব্যবস্থাপনা এবং সমুদ্র ও নৌবিষয়ক প্রতিষ্ঠানগুলোর দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধিতে যৌথ উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।
আরও পড়ুন: আওয়ামী লীগের বর্তমান কাজগুলো সন্ত্রাসী কর্মকাণ্ড: তুষার
সাক্ষাৎকালে হাইকমিশনার ও রাষ্ট্রদূতগণ বাংলাদেশের সঙ্গে নিজ নিজ দেশের সম্পর্ক উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন এবং দায়িত্ব পালনে রাষ্ট্রপতির সহযোগিতা কামনা করেন।
রাষ্ট্রপতি নবনিযুক্ত রাষ্ট্রদূত ও হাইকমিশনারদের নতুন দায়িত্ব পালনে সাফল্য কামনা করেন এবং সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
তিনি আশা প্রকাশ করেন, তাঁদের দায়িত্ব পালনকালে সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, বাণিজ্য, বিনিয়োগ ও পারস্পরিক সহযোগিতা আরও সম্প্রসারিত হবে।
এ সময় রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব, প্রেস সচিব ও পররাষ্ট্র সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: শেখ হাসিনাকে অপরাধী হিসেবে ফেরাতে চায় সরকার: শামা ওবায়েদ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন