০৭:৫৫ পি.এম
বাংলা ভাষায় যৌথ স্নাতক প্রোগাম চালুর উদ্দেশ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এবং চীনের ইউনান বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
গতকাল শুক্রবার (২৬ জুন) চীন সফরকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম এবং ইউনান বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট অধ্যাপক মা ওয়েনহুই, উভয় প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শনিবার (২৭ জুন) পাঁচ দিনের সরকারি সফর করে দেশে ফেরেন।
আরও পড়ুন: বিকালে তারেক রহমানের নেতৃত্বে বিএনপির শোভাযাত্রা অনুষ্ঠিত হবে
চুক্তি অনুযায়ী, ইউনান বিশ্ববিদ্যালয়ের ফরেন ল্যাঙ্গুয়েজ স্কুলের বাংলা বিভাগের স্নাতক শিক্ষার্থীদের বাংলা ভাষায় শোনা, বলা, পড়া ও লেখার দক্ষতা বৃদ্ধি করতে ঢাকা বিশ্ববিদ্যালয় সহযোগিতা করবে। একইসাথে, স্নাতক পর্যায়ের বাংলা ভাষা শিক্ষা ও প্রশিক্ষণে দুই বিশ্ববিদ্যালয় পারস্পরিক সহযোগিতা করবে।
এছাড়া ইউনান বিশ্ববিদ্যালয় তাদের তৃতীয় শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের এক সেমিস্টারের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটে পাঠাবে।
এসব শিক্ষার্থীদের মূল্যায়ন ও পরীক্ষা পরিচালনা করবে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সফলভাবে কোর্স সম্পন্নকারীদের সমাপনী সনদও প্রদান করা হবে।
চীন সফরের সময় উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম ইউনান বিশ্ববিদ্যালয়ে আয়োজিত ‘চাইনিজ ব্রিজ’ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন। তিনি বলেন, শতাব্দীর পর শতাব্দী ধরে, সাংস্কৃতিক ও অর্থনৈতিক আদান-প্রদানের মাধ্যমে বাংলাদেশ ও চীনের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও অভিন্ন দৃষ্টিভঙ্গির ভিত্তিতে সম্পর্ক গড়ে উঠেছে।
আরও পড়ুন: গ্রাম পুলিশের মহাসমাবেশে অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
এই দ্রুত পরিবর্তনশীল বিশ্বে দুই দেশের জনগণের মধ্যে শিক্ষা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেতুবন্ধন হিসেবে কাজ করছে।
সফরকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শিক্ষা ও গবেষণায় বিদ্যমান সহযোগিতা আরও জোরদারের লক্ষ্যে বিভিন্ন উচ্চ পর্যায়ের বৈঠকে অংশ নেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন