ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু


হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টার মধ্যে হামের উপসর্গ নিয়ে ৫ শিশুর মৃত্যু ঘটেছে। এর ফলে দেশে হামের উপসর্গ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা ৮৪৪ শিশুর মধ্যে পৌঁছেছে। অন্যদিকে, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে ৯৯ শিশুর প্রাণহানি ঘটেছে। ফলে হাম ও এর উপসর্গ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা ৯৪৩ জনে দাঁড়িয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক সর্বশেষ প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৫ শিশুর মৃত্যু হলেও নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি।

আরও পড়ুন: সৌদি আরব থেকে ৯ মাসে ২ হাজার মরদেহ, নারী কর্মীরা সন্তানের বাবার পরিচয় জানেন না

প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে হাম ও হামের উপসর্গ নিয়ে নতুন ১ হাজার ৭৭ জন রোগী ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ল্যাব পরীক্ষায় ৯১ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। বাকি ৯৮৬ জন শিশু হামের বিভিন্ন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে ২৫ আগস্ট পর্যন্ত দেশে মোট ১৮ হাজার ৫৭৮ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা ১ লাখ ৫১ হাজার ৬৩৮। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৩২ হাজার ৫৫৪ রোগী, যাদের মধ্যে ১ লাখ ২৭ হাজার ৮১১ জন ইতোমধ্যে ছাড়পত্র পেয়ে বাড়ি ফিরেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আনসার ও ভিডিপির নতুন অতিরিক্ত মহাপরিচালককে র‍্যাংক ব্যাজ প্রদান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৫শে আগস্ট, ২০২৬ ইং

০৩:৪০ পি.এম


আনসার ও ভিডিপির নতুন অতিরিক্ত মহাপরিচালককে র‍্যাংক ব্যাজ প্রদান

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদ্য পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত মহাপরিচালক ও আনসার-ভিডিপি একাডেমির কমান্ড্যান্ট মো. সাইফুল্লাহ রাসেলের র‍্যাংক ব্যাজ পরিধান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) বাহিনীর সদর দপ্তরে উৎসবমুখর পরিবেশে এই অনুষ্ঠানটির আয়োজন করা হয়। অনুষ্ঠানে বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ এবং অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মামুনূর রশীদ তাঁকে নতুন পদের র‍্যাংক ব্যাজ পরিয়ে দেন এবং ফুলেল শুভেচ্ছা জানান।

মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ প্রধান অতিথির বক্তব্যে উল্লেখ করেন, সাইফুল্লাহ রাসেল যথাযথ যোগ্যতা, সময়োপযোগী সক্ষমতা ও পেশাদারিত্ব অর্জনের মাধ্যমে অতিরিক্ত মহাপরিচালক পদে পদোন্নতি লাভ করেছেন। তিনি দীর্ঘদিনের সাংগঠনিক আস্থা ও নিষ্ঠার জন্য তাঁর প্রশংসা করেন।

মহাপরিচালক আশা প্রকাশ করেন যে, পদোন্নতির ধারাবাহিকতায় আনসার-ভিডিপি একাডেমির প্রশিক্ষণ কার্যক্রমে উৎকর্ষতা ও আধুনিকায়নের মাধ্যমে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী আগামী দিনে একটি বৃহৎ ও পেশাদার আধাসামরিক বাহিনী হিসেবে আরও শক্তিশালী হবে।

তিনি আরও বলেন, ১৮তম বিসিএসের এই কর্মকর্তা তাঁর পেশাদারিত্ব ও অভিজ্ঞতাকে বাহিনীর সক্ষমতা বৃদ্ধি এবং সদস্যদের কল্যাণে আরও দৃঢ়ভাবে কাজে লাগাবেন। পাশাপাশি অধীনস্থদের সঠিক দিকনির্দেশনা দিয়ে তাদের দক্ষতা ও পেশাদারিত্ব বৃদ্ধিতে ভূমিকা রাখবেন বলেও তিনি আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে বাহিনীর সদর দপ্তরের কর্মকর্তা, আমন্ত্রিত কর্মকর্তা, বিভিন্ন জোনের অধিনায়ক ও জেলা কমান্ড্যান্টরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডিভোর্স লেটার পেয়ে প্রাণ দিলেন স্ত্রীর ‘নয়ছয়ে’ মৃত্যুশয্যায় থাকা যুবক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৫শে আগস্ট, ২০২৬ ইং

০৩:৪৩ পি.এম


ডিভোর্স লেটার পেয়ে প্রাণ দিলেন স্ত্রীর ‘নয়ছয়ে’ মৃত্যুশয্যায় থাকা যুবক

রাজবাড়ীর বালিয়াকান্দিতে স্ত্রীর পাঠানো ডিভোর্সের কাগজ হাতে পাওয়ার পর মানসিকভাবে বিপর্যস্ত হয়ে তানভীর রণক (২৮) নামে এক যুবক কীটনাশক পান করে আত্মহত্যা করেছেন।

সোমবার (২৪ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত তানভীর উপজেলার জামালপুর ইউনিয়নের গোসাই গোবিন্দপুর গ্রামের ইব্রাহিম শেখ ও কনিকা বেগমের ছেলে। তিনি আগে বিদেশে ছিলেন।

স্বজনদের দেওয়া তথ্য অনুযায়ী, গত ৯ আগস্ট রাজবাড়ী আদালতে ফাতেমা (২৩) নামে এক তরুণীর সঙ্গে তানভীরের বিয়ে হয়। বিয়ের পর তারা ঢাকাসহ টাঙ্গাইলে অবস্থান করছিলেন। পরে ফাতেমার পরিবারের অনুরোধে তাকে বাবার বাড়িতে নিয়ে যাওয়া হয়।

তানভীরের স্বজনদের অভিযোগ, বাবার বাড়িতে যাওয়ার পর ফাতেমাকে বিভিন্নভাবে চাপ দেওয়া হয়। একই সঙ্গে তানভীরের কাছে ৫০ হাজার টাকা দাবি করা হয়েছিল। স্ত্রীকে সংসারে ফিরিয়ে আনার আশায় তানভীর ওই টাকা দেওয়ার ব্যবস্থা করতে জমি বিক্রির উদ্যোগ নেন। সাত শতাংশ জমি বিক্রির দলিল করার কথাও তিনি বলেছিলেন। এর মধ্যেই তার কাছে ডিভোর্সের কাগজ পাঠানো হয়।

পরিবারের ভাষ্যমতে, রোববার (২৩ আগস্ট) দিবাগত রাত ১টার দিকে ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী এলাকায় এক আত্মীয়ের বাড়িতে তানভীর প্রথমবার কীটনাশক পান করেন। গুরুতর অবস্থায় তাকে প্রথমে যশোরের একটি হাসপাতালে নেওয়া হয়। পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও ঢাকার একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। এরপর তাকে আবার ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

সোমবার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মোবাইল ফোনে স্ত্রীপক্ষের পাঠানো ডিভোর্সের কাগজ দেখতে পান তানভীর। স্বজনদের দাবি, বিষয়টি জানার পর তিনি আরও ভেঙে পড়েন। এরপর সন্ধ্যা ৭টার দিকে হাসপাতালের বাইরে গিয়ে তিনি ফের কীটনাশক পান করেন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলেও রাত সাড়ে ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় তানভীরের পরিবারের পক্ষ থেকে তার স্ত্রী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ করা হয়েছে। তবে অভিযোগগুলোর বিষয়ে স্ত্রীপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রব তালুকদার বলেন, এ বিষয়ে থানায় এখনো কোনো অভিযোগ বা তথ্য আসেনি। তথ্য পাওয়া গেলে ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তানভীরের মৃত্যুর প্রকৃত কারণ এবং এ ঘটনায় কারও দায় আছে কি না, তা তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাতক্ষীরার কালিগঞ্জে শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক সাদিকুজ্জামান সাদু গাঁজা ও ইয়াবাসহ আটক

আন্তর্জাতিক ডেস্ক

মামুন বিল্লাহ (কালিগঞ্জ) সাতক্ষীরা

মঙ্গলবার, ২৫শে আগস্ট, ২০২৬ ইং

০৩:৪৫ পি.এম


সাতক্ষীরার কালিগঞ্জে শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক সাদিকুজ্জামান সাদু গাঁজা ও ইয়াবাসহ আটক

কালিগঞ্জে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১০ গ্রাম গাঁজা ও ২৫ পিস ইয়াবাসহ সাদিকুজ্জামান সাদু (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে কালিগঞ্জ বাস টার্মিনাল এলাকা থেকে তাকে আটক করা হয়েছে। আটককৃত সাদিকুজ্জামান সাদু উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের মোমরেজপুর গ্রামের আফসার সরদারের ছেলে। তিনি কালিগঞ্জ শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক বলে জানা গেছে। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে কালিগঞ্জ বাস টার্মিনাল এলাকায় অভিযান পরিচালনা করে থানা পুলিশের একটি বিশেষ দল।
এ সময় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করা সাদিকুজ্জামান সাদুকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ১০ গ্রাম গাঁজা ও ২৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানান। কালিগঞ্জ থানা পুলিশ জানায়, আটক ব্যক্তিকে বর্তমানে থানার হেফাজতে রাখা হয়েছে।
এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরসহ আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
কর্মশালায় বক্তারা

খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে প্যাকেটের সামনে সতর্কবার্তা দেওয়ার তাগিদ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৫শে আগস্ট, ২০২৬ ইং

০৩:৪৬ পি.এম


খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে প্যাকেটের সামনে সতর্কবার্তা দেওয়ার তাগিদ

বাংলাদেশে শিশু-কিশোরসহ সব বয়সী মানুষের মধ্যে অতি-প্রক্রিয়াজাত প্যাকেটজাত খাবার গ্রহণের প্রবণতা বৃদ্ধি পাচ্ছে, যা অতিরিক্ত লবণ, চিনি ও ক্ষতিকর চর্বি সমৃদ্ধ। এই পরিস্থিতির ফলে খাদ্যজনিত বিভিন্ন অসংক্রামক রোগের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।

এ অবস্থায় খাদ্যপণ্যের প্যাকেটের সামনের দিকে সহজবোধ্য সতর্কবার্তা বা ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং (এফওপিএল)’ চালু করা অত্যন্ত জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।

সোমবার রাজধানীর বিআইপি কনফারেন্স রুমে অনুষ্ঠিত দুই দিনব্যাপী ‘বাংলাদেশে ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং (এফওপিএল): প্রয়োজনীয়তা, অগ্রগতি ও করণীয়’ শীর্ষক সাংবাদিক কর্মশালায় বক্তারা এই বিষয়টি তুলে ধরেন। গ্লোবাল হেলথ অ্যাডভোকেসি ইনকিউবেটরের (জিএইচএআই) সহযোগিতায় প্রজ্ঞা (প্রগতির জন্য জ্ঞান) এই কর্মশালার আয়োজন করে। কর্মশালায় প্রিন্ট, টেলিভিশন ও অনলাইন গণমাধ্যমের ২৬ জন সাংবাদিক অংশগ্রহণ করেন।

কর্মশালায় বক্তারা জানান, বাংলাদেশে হৃদরোগ, ডায়াবেটিস, ক্যান্সার ও উচ্চ রক্তচাপসহ বিভিন্ন অসংক্রামক রোগে ৭১ শতাংশ মানুষের মৃত্যু ঘটছে। অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস এসব রোগের অন্যতম কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। বর্তমানে খাদ্যপণ্যের প্যাকেটের পেছনে ছোট অক্ষরে লেখা জটিল পুষ্টি তথ্য সাধারণ ভোক্তাদের জন্য বোঝা কঠিন হয়ে পড়েছে। ফলে ভোক্তারা সহজে জানতে পারছেন না, কোনো খাবারে অতিরিক্ত লবণ, চিনি বা ক্ষতিকর চর্বি রয়েছে কি না।

তারা উল্লেখ করেন, খাদ্যজনিত অসংক্রামক রোগ মোকাবিলায় অতি-প্রক্রিয়াজাত খাবারের মোড়কের সামনের দিকে স্পষ্ট ও সহজবোধ্য সতর্কবার্তা চালু করা একটি কার্যকর উদ্যোগ হতে পারে। এর মাধ্যমে ভোক্তারা খাবারের স্বাস্থ্যঝুঁকি সম্পর্কে দ্রুত সিদ্ধান্ত নিতে সক্ষম হবেন।

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ শোয়েব বলেন, ‘খসড়া প্রবিধানমালাটি বর্তমানে খাদ্য মন্ত্রণালয়ে রয়েছে। সব প্রক্রিয়া শেষে এটি দ্রুতই চূড়ান্ত হবে বলে আমরা আশাবাদী।’

ব্র্যাক জেমস পি গ্রান্ট স্কুল অব পাবলিক হেলথের অ্যাসোসিয়েট সায়েন্টিস্ট আবু আহমেদ শামীম বলেন, ‘অসংক্রামক রোগ প্রতিরোধে এফওপিএল একটি বিজ্ঞানসম্মত উপায়। এটি ভোক্তাকে সহজেই অতি-প্রক্রিয়াজাত খাবারের স্বাস্থ্যঝুঁকি বুঝতে সাহায্য করবে।’

জিএইচএআইয়ের বাংলাদেশ কান্ট্রি লিড মুহাম্মাদ রূহুল কুদ্দুস বলেন, ‘অসংক্রামক রোগে মৃত্যু এক-তৃতীয়াংশ কমিয়ে আনার টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে এফওপিএল প্রবিধানমালা দ্রুত চূড়ান্তকরণ ও বাস্তবায়ন জরুরি।’

চ্যানেল ২৪-এর নির্বাহী পরিচালক জহিরুল আলম বলেন, ‘অসংক্রামক রোগ মোকাবেলায় এফওপিএলের কার্যকারিতা তুলে ধরে গণমাধ্যমে নিয়মিত আলোচনা ও বিশ্লেষণ খসড়া প্রবিধানমালা চূড়ান্তকরণের পথ সুগম করবে।’

কর্মশালায় আলোচক হিসেবে আরো উপস্থিত ছিলেন অ্যান্টি টোব্যাকো মিডিয়া অ্যালায়েন্স—আত্মার কো-কনভেনর মিজান চৌধুরী এবং প্রজ্ঞার নির্বাহী পরিচালক এবিএম জুবায়ের। গণমাধ্যমকর্মীদের সামনে বিষয়ভিত্তিক উপস্থাপনা তুলে ধরেন প্রজ্ঞার কর্মসূচি প্রধান হাসান শাহরিয়ার ও প্রোগ্রাম অফিসার শবনম মোস্তফা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%