ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

ডিভোর্স লেটার পেয়ে প্রাণ দিলেন স্ত্রীর ‘নয়ছয়ে’ মৃত্যুশয্যায় থাকা যুবক


ডিভোর্স লেটার পেয়ে প্রাণ দিলেন স্ত্রীর ‘নয়ছয়ে’ মৃত্যুশয্যায় থাকা যুবক

রাজবাড়ীর বালিয়াকান্দিতে স্ত্রীর পাঠানো ডিভোর্সের কাগজ হাতে পাওয়ার পর মানসিকভাবে বিপর্যস্ত হয়ে তানভীর রণক (২৮) নামে এক যুবক কীটনাশক পান করে আত্মহত্যা করেছেন।

সোমবার (২৪ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত তানভীর উপজেলার জামালপুর ইউনিয়নের গোসাই গোবিন্দপুর গ্রামের ইব্রাহিম শেখ ও কনিকা বেগমের ছেলে। তিনি আগে বিদেশে ছিলেন।

আরও পড়ুন: ‎রাঙামাটিতে স্কুলছাত্র নিখোঁজ, থানায় জিডি করলেন বাবা

স্বজনদের দেওয়া তথ্য অনুযায়ী, গত ৯ আগস্ট রাজবাড়ী আদালতে ফাতেমা (২৩) নামে এক তরুণীর সঙ্গে তানভীরের বিয়ে হয়। বিয়ের পর তারা ঢাকাসহ টাঙ্গাইলে অবস্থান করছিলেন। পরে ফাতেমার পরিবারের অনুরোধে তাকে বাবার বাড়িতে নিয়ে যাওয়া হয়।

তানভীরের স্বজনদের অভিযোগ, বাবার বাড়িতে যাওয়ার পর ফাতেমাকে বিভিন্নভাবে চাপ দেওয়া হয়। একই সঙ্গে তানভীরের কাছে ৫০ হাজার টাকা দাবি করা হয়েছিল। স্ত্রীকে সংসারে ফিরিয়ে আনার আশায় তানভীর ওই টাকা দেওয়ার ব্যবস্থা করতে জমি বিক্রির উদ্যোগ নেন। সাত শতাংশ জমি বিক্রির দলিল করার কথাও তিনি বলেছিলেন। এর মধ্যেই তার কাছে ডিভোর্সের কাগজ পাঠানো হয়।

পরিবারের ভাষ্যমতে, রোববার (২৩ আগস্ট) দিবাগত রাত ১টার দিকে ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী এলাকায় এক আত্মীয়ের বাড়িতে তানভীর প্রথমবার কীটনাশক পান করেন। গুরুতর অবস্থায় তাকে প্রথমে যশোরের একটি হাসপাতালে নেওয়া হয়। পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও ঢাকার একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। এরপর তাকে আবার ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

সোমবার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মোবাইল ফোনে স্ত্রীপক্ষের পাঠানো ডিভোর্সের কাগজ দেখতে পান তানভীর। স্বজনদের দাবি, বিষয়টি জানার পর তিনি আরও ভেঙে পড়েন। এরপর সন্ধ্যা ৭টার দিকে হাসপাতালের বাইরে গিয়ে তিনি ফের কীটনাশক পান করেন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলেও রাত সাড়ে ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আরও পড়ুন: তিন প্রতিবন্ধীকে নিয়ে অসহায় ফয়সালের পরিবার, এক আয়ে চলে আটজনের সংসার

এ ঘটনায় তানভীরের পরিবারের পক্ষ থেকে তার স্ত্রী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ করা হয়েছে। তবে অভিযোগগুলোর বিষয়ে স্ত্রীপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রব তালুকদার বলেন, এ বিষয়ে থানায় এখনো কোনো অভিযোগ বা তথ্য আসেনি। তথ্য পাওয়া গেলে ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তানভীরের মৃত্যুর প্রকৃত কারণ এবং এ ঘটনায় কারও দায় আছে কি না, তা তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে।

আরও পড়ুন: রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় তিনজন নিহত

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাতক্ষীরার কালিগঞ্জে শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক সাদিকুজ্জামান সাদু গাঁজা ও ইয়াবাসহ আটক

আন্তর্জাতিক ডেস্ক

মামুন বিল্লাহ (কালিগঞ্জ) সাতক্ষীরা

মঙ্গলবার, ২৫শে আগস্ট, ২০২৬ ইং

০৩:৪৫ পি.এম


সাতক্ষীরার কালিগঞ্জে শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক সাদিকুজ্জামান সাদু গাঁজা ও ইয়াবাসহ আটক

কালিগঞ্জে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১০ গ্রাম গাঁজা ও ২৫ পিস ইয়াবাসহ সাদিকুজ্জামান সাদু (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে কালিগঞ্জ বাস টার্মিনাল এলাকা থেকে তাকে আটক করা হয়েছে। আটককৃত সাদিকুজ্জামান সাদু উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের মোমরেজপুর গ্রামের আফসার সরদারের ছেলে। তিনি কালিগঞ্জ শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক বলে জানা গেছে। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে কালিগঞ্জ বাস টার্মিনাল এলাকায় অভিযান পরিচালনা করে থানা পুলিশের একটি বিশেষ দল।
এ সময় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করা সাদিকুজ্জামান সাদুকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ১০ গ্রাম গাঁজা ও ২৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানান। কালিগঞ্জ থানা পুলিশ জানায়, আটক ব্যক্তিকে বর্তমানে থানার হেফাজতে রাখা হয়েছে।
এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরসহ আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
কর্মশালায় বক্তারা

খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে প্যাকেটের সামনে সতর্কবার্তা দেওয়ার তাগিদ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৫শে আগস্ট, ২০২৬ ইং

০৩:৪৬ পি.এম


খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে প্যাকেটের সামনে সতর্কবার্তা দেওয়ার তাগিদ

বাংলাদেশে শিশু-কিশোরসহ সব বয়সী মানুষের মধ্যে অতি-প্রক্রিয়াজাত প্যাকেটজাত খাবার গ্রহণের প্রবণতা বৃদ্ধি পাচ্ছে, যা অতিরিক্ত লবণ, চিনি ও ক্ষতিকর চর্বি সমৃদ্ধ। এই পরিস্থিতির ফলে খাদ্যজনিত বিভিন্ন অসংক্রামক রোগের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।

এ অবস্থায় খাদ্যপণ্যের প্যাকেটের সামনের দিকে সহজবোধ্য সতর্কবার্তা বা ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং (এফওপিএল)’ চালু করা অত্যন্ত জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।

সোমবার রাজধানীর বিআইপি কনফারেন্স রুমে অনুষ্ঠিত দুই দিনব্যাপী ‘বাংলাদেশে ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং (এফওপিএল): প্রয়োজনীয়তা, অগ্রগতি ও করণীয়’ শীর্ষক সাংবাদিক কর্মশালায় বক্তারা এই বিষয়টি তুলে ধরেন। গ্লোবাল হেলথ অ্যাডভোকেসি ইনকিউবেটরের (জিএইচএআই) সহযোগিতায় প্রজ্ঞা (প্রগতির জন্য জ্ঞান) এই কর্মশালার আয়োজন করে। কর্মশালায় প্রিন্ট, টেলিভিশন ও অনলাইন গণমাধ্যমের ২৬ জন সাংবাদিক অংশগ্রহণ করেন।

কর্মশালায় বক্তারা জানান, বাংলাদেশে হৃদরোগ, ডায়াবেটিস, ক্যান্সার ও উচ্চ রক্তচাপসহ বিভিন্ন অসংক্রামক রোগে ৭১ শতাংশ মানুষের মৃত্যু ঘটছে। অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস এসব রোগের অন্যতম কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। বর্তমানে খাদ্যপণ্যের প্যাকেটের পেছনে ছোট অক্ষরে লেখা জটিল পুষ্টি তথ্য সাধারণ ভোক্তাদের জন্য বোঝা কঠিন হয়ে পড়েছে। ফলে ভোক্তারা সহজে জানতে পারছেন না, কোনো খাবারে অতিরিক্ত লবণ, চিনি বা ক্ষতিকর চর্বি রয়েছে কি না।

তারা উল্লেখ করেন, খাদ্যজনিত অসংক্রামক রোগ মোকাবিলায় অতি-প্রক্রিয়াজাত খাবারের মোড়কের সামনের দিকে স্পষ্ট ও সহজবোধ্য সতর্কবার্তা চালু করা একটি কার্যকর উদ্যোগ হতে পারে। এর মাধ্যমে ভোক্তারা খাবারের স্বাস্থ্যঝুঁকি সম্পর্কে দ্রুত সিদ্ধান্ত নিতে সক্ষম হবেন।

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ শোয়েব বলেন, ‘খসড়া প্রবিধানমালাটি বর্তমানে খাদ্য মন্ত্রণালয়ে রয়েছে। সব প্রক্রিয়া শেষে এটি দ্রুতই চূড়ান্ত হবে বলে আমরা আশাবাদী।’

ব্র্যাক জেমস পি গ্রান্ট স্কুল অব পাবলিক হেলথের অ্যাসোসিয়েট সায়েন্টিস্ট আবু আহমেদ শামীম বলেন, ‘অসংক্রামক রোগ প্রতিরোধে এফওপিএল একটি বিজ্ঞানসম্মত উপায়। এটি ভোক্তাকে সহজেই অতি-প্রক্রিয়াজাত খাবারের স্বাস্থ্যঝুঁকি বুঝতে সাহায্য করবে।’

জিএইচএআইয়ের বাংলাদেশ কান্ট্রি লিড মুহাম্মাদ রূহুল কুদ্দুস বলেন, ‘অসংক্রামক রোগে মৃত্যু এক-তৃতীয়াংশ কমিয়ে আনার টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে এফওপিএল প্রবিধানমালা দ্রুত চূড়ান্তকরণ ও বাস্তবায়ন জরুরি।’

চ্যানেল ২৪-এর নির্বাহী পরিচালক জহিরুল আলম বলেন, ‘অসংক্রামক রোগ মোকাবেলায় এফওপিএলের কার্যকারিতা তুলে ধরে গণমাধ্যমে নিয়মিত আলোচনা ও বিশ্লেষণ খসড়া প্রবিধানমালা চূড়ান্তকরণের পথ সুগম করবে।’

কর্মশালায় আলোচক হিসেবে আরো উপস্থিত ছিলেন অ্যান্টি টোব্যাকো মিডিয়া অ্যালায়েন্স—আত্মার কো-কনভেনর মিজান চৌধুরী এবং প্রজ্ঞার নির্বাহী পরিচালক এবিএম জুবায়ের। গণমাধ্যমকর্মীদের সামনে বিষয়ভিত্তিক উপস্থাপনা তুলে ধরেন প্রজ্ঞার কর্মসূচি প্রধান হাসান শাহরিয়ার ও প্রোগ্রাম অফিসার শবনম মোস্তফা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ত্রিশালে ঋণ সহায়তা ও গাছের চারা বিতরণ

আন্তর্জাতিক ডেস্ক

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি

মঙ্গলবার, ২৫শে আগস্ট, ২০২৬ ইং

০৩:৪৭ পি.এম


ত্রিশালে ঋণ সহায়তা ও গাছের চারা বিতরণ

ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) উদ্যোগে নারীর অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি ও পরিবেশ সংরক্ষণের লক্ষ্যে ঋণ সহায়তা এবং বিনামূল্যে গাছের চারা বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে উপজেলার বিআরডিবি অফিস চত্বরে আয়োজিত অনুষ্ঠানে বিআরডিবি গঠিত উপজেলার পৌর সভার ৩নং ওয়ার্ড ও মঠবাড়ী ইউনিয়নের মহিলা দলের ২৪ জন সদস্যের মাঝে ঋণ সহায়তা ও সরকারের বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে সুবিধাভোগীদের মধ্যে বিভিন্ন প্রজাতির ৪৮টি গাছের চারা বিনামূল্যে বিতরণ করা হয়।

এসময় উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোঃ এনামুল হক বলেন, নারীদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, পারিবারিক আয় বৃদ্ধি এবং নিরাপদ সবজি উৎপাদনে এ ধরনের ঋণ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। পাশাপাশি বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজায়ন সম্প্রসারণে সাধারণ মানুষকে উৎসাহিত করা হচ্ছে।

ত্রিশাল উপজেলা ইউসিসিএ লি. এ-র চেয়ারম্যান জহির মোঃ আতাউর রহমান শামীম বলেন, সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচির সুফল প্রান্তিক জনগোষ্ঠীর কাছে পৌঁছে দিতে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড নিরলসভাবে কাজ করছে। ঋণের যথাযথ ব্যবহার নিশ্চিত করে লাভজনক
গাছের চারার মাধ্যমে সদস্যরা নিজেদের আর্থিক অবস্থার উন্নয়নের পাশাপাশি দেশের কৃষি উৎপাদন বৃদ্ধিতেও ভূমিকা রাখতে পারবেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আইয়ুব আলী, সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা সুব্রত রায়, মাঠ কর্মী মাহামুদা পারভেজ প্রমূখ।

অনুষ্ঠান শেষে অতিথিরা সুবিধাভোগীদের হাতে ঋণের অর্থ ও বিভিন্ন প্রজাতির গাছের চারা তুলে দেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তিন শ্রোতার সামনে এক ঘণ্টা গান গেয়ে একন পেলেন ১২ কোটি টাকা

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

মঙ্গলবার, ২৫শে আগস্ট, ২০২৬ ইং

০৩:৪৯ পি.এম


তিন শ্রোতার সামনে এক ঘণ্টা গান গেয়ে একন পেলেন ১২ কোটি টাকা

বিশাল একটি মঞ্চ, এলইডি লাইট, লেজার শো এবং পুরো ট্যুরিং দলের উপস্থিতি- সবকিছু মিলিয়ে একটি বড় কনসার্টের আয়োজন করা হয়েছিল। কিন্তু যখন মার্কিন সংগীতশিল্পী একন মঞ্চে উঠলেন, তখন তিনি দেখলেন, দর্শক সংখ্যা মাত্র তিনজন! তাদের একজনের বিশেষ অনুরোধে তিনি টানা এক ঘণ্টা একই গান গেয়ে ১০ লাখ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ১২ কোটি টাকারও বেশি, উপার্জন করেছেন।

সম্প্রতি ‘ফ্ল্যাগর‍্যান্ট’ পডকাস্টে একনের ক্যারিয়ারের এই অদ্ভুত অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন তিনি। মধ্যপ্রাচ্যের একটি ধনী পরিবারের ব্যক্তিগত অনুষ্ঠানে পারফর্ম করার জন্য তিনি সেখানে গিয়েছিলেন। ঐ পরিবারের এক কন্যা একনের ভক্ত হওয়ায় তার বিশেষ অনুরোধে এই কনসার্টের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য একনকে আনার জন্য বিশেষ একটি ৭৪৭ উড়োজাহাজ পাঠানো হয়েছিল। তার বর্ণনায়, বিমানটিতে শোবার ঘর, গোসলের ব্যবস্থা, গেম রুম ও থিয়েটার ছিল। এত বড় আয়োজন দেখে তার মনে হয়েছিল, অনুষ্ঠানে বিপুলসংখ্যক দর্শক উপস্থিত থাকবেন। কিন্তু ঘটনাস্থলে পৌঁছানোর পর পুরো চিত্র বদলে যায়। বিশাল একটি হল, বড় মঞ্চ, এলইডি লাইট ও লেজার- সবই প্রস্তুত ছিল। কিন্তু দর্শকদের জন্য রাখা হয়েছিল মাত্র তিনটি চেয়ার। কিছুক্ষণ পর সেখানে উপস্থিত হন পরিবারের তিন সদস্য- মেয়ে, ছেলে ও স্ত্রী।

একন জানান, নির্ধারিত পরিবেশনা শুরু করার পর মাঝপথে ওই তরুণী তাকে থামিয়ে ‘মিস্টার লোনলি’ গানটি গাওয়ার অনুরোধ করেন। গানটি শেষ হওয়ার পর আবারও একই গান শুনতে চান তিনি। এভাবে এক ঘণ্টা ধরে বারবার ‘মিস্টার লোনলি’ গানটিই গাইতে হয় একনকে। বিষয়টি উল্লেখ করতে গিয়ে একন রসিকতা করে বলেন, তাকে যেন সিডি প্লেয়ারের মতো ব্যবহার করা হচ্ছিল। এত বড় আয়োজনের বিপরীতে মাত্র তিনজন শ্রোতার সামনে একই গান বারবার গাওয়ার অভিজ্ঞতাকে তিনি ক্যারিয়ারের অন্যতম অদ্ভুত ঘটনা হিসেবে উল্লেখ করেন।

একনের দাবি, তার পারিশ্রমিক ও মঞ্চসজ্জাসহ পুরো আয়োজনের জন্য প্রায় ৫০ লাখ ডলার খরচ হয়েছিল। পরে তিনি মজা করে বলেন, যদি আগে থেকে অনুষ্ঠানের ধরন জানানো হতো, তাহলে আয়োজকদের এত অর্থ খরচ করতে হতো না। তার বদলে অর্ধেক পারিশ্রমিক নিয়েই পরিবারের বসার ঘরে গিয়ে এক ঘণ্টা কারাওকে করতে পারতেন।

২০০৪ সালে প্রথম অ্যালবাম ‘ট্রাবল’ প্রকাশের মাধ্যমে আন্তর্জাতিক সংগীতাঙ্গনে পরিচিতি পান সেনেগালিজ-আমেরিকান এই শিল্পী। ‘লকড আপ’ ও ‘লোনলি’ গানগুলোর মাধ্যমে তিনি বিশ্বজুড়ে জনপ্রিয়তা অর্জন করেন এবং ‘স্ম্যাক দ্যাট’, ‘আই ওয়ানা লাভ ইউ’, ‘ডোন্ট ম্যাটার’, ‘বিউটিফুল’ ও ‘রাইট নাউ (না না না)’ এর মতো একাধিক হিট গান উপহার দিয়েছেন। সংগীতের পাশাপাশি প্রযোজনা ও ব্যবসার সঙ্গেও যুক্ত রয়েছেন একন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%