০৬:৪৯ পি.এম
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) একটি ঐতিহাসিক ‘সার্বভৌমত্ব র্যালি’ আয়োজন করেছে। এই র্যালিতে লাখো নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন এবং বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান নেতৃত্ব দিয়েছেন হেঁটে।
শনিবার (৭ নভেম্বর) বিকেল ৩টার পর রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে র্যালির উদ্বোধন করেন। র্যালিটি নয়াপল্টন থেকে শুরু হয়ে কাকরাইল, প্রধান বিচারপতির বাসভবন, হেয়ার রোড, মিন্টো রোড, হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়, বাংলামোটর ও ফার্মগেট অতিক্রম করে জাতীয় সংসদ ভবনের সামনের মানিক মিয়া অ্যাভিনিউতে গিয়ে শেষ হয়।
দুপুর গড়াতেই বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা নয়াপল্টন এলাকায় সমবেত হন, যা জনসমুদ্রে রূপ নেয়। জাতীয় ও দলীয় পতাকা হাতে নিয়ে উপস্থিত নেতাকর্মীরা স্লোগানে মুখরিত হয়ে ওঠেন। বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের ছবিসংবলিত প্ল্যাকার্ড হাতে নিয়ে নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
আরও পড়ুন: তাহসিফের মৃত্যু: দীপের গুরুত্বপূর্ণ তথ্য, রিমান্ড শেষে কারাগারে পাঠানো
র্যালি শুরুর আগে বিকেল পৌনে ৩টা থেকে ৩টা ১০ মিনিট পর্যন্ত কার্যালয়ের সামনে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। দীর্ঘ ২০ বছর পর বিএনপি এবার খোলা মাঠে নির্বিঘ্নে দিবসটি পালন করছে। বিগত সরকারের সময় দিবসটি নিয়ে অপপ্রচার ও ইতিহাস বিকৃতির কারণে নতুন প্রজন্ম এর সঠিক গুরুত্ব থেকে বঞ্চিত ছিল বলে দলীয় সূত্রে জানানো হয়েছে। বিএনপি ক্ষমতায় আসার পর দিবসটির সঠিক ইতিহাস তুলে ধরার উদ্যোগ নেয়া হয়েছে।
র্যালিতে প্রধানমন্ত্রীর সাথে অংশ নেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ, জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস, স্থায়ী কমিটির সদস্য ও অর্থ এবং পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্থায়ী কমিটির সদস্য এবং সমাজকল্যাণ ও শিশুবিষয়ক মন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন, বিশিষ্ট নেতা আমানুল্লাহ আমান ও ড. ফরহাদ হালিম ডোনার।
এছাড়া বিএনপির ভাইস চেয়ারম্যান ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান, ভাইস চেয়ারম্যান ও জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি, বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালাম, যুগ্ম মহাসচিব ও সংসদ সদস্য খায়রুল কবির খোকন, যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, কোষাধ্যক্ষ ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত এবং প্রচার সম্পাদক ও মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু উপস্থিত ছিলেন।
র্যালিতে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি ছাড়াও ঢাকা বিভাগের বিভিন্ন জেলার বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
আরও পড়ুন: সম্পত্তির বিরোধে বাবা-বোনকে গাছে বেঁধে মাকে তুলে নিলেন ছেলে
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন