০৫:৪১ পি.এম
তিন বছর আগে মুক্তি পাওয়া ‘অর্ধাঙ্গিনী’ ছবিটি দর্শকদের মনে দাগ কেটেছিল দুই নারীর আবেগ, দাম্পত্যের টানাপড়েন এবং সম্পর্কের জটিলতার গল্প দিয়ে। সেই গল্পেরই পরবর্তী অধ্যায় হিসেবে ‘আজও অর্ধাঙ্গিনী’ মুক্তি পেয়েছে, যা গত ১০ জুলাই ২০২৬ তারিখে পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে প্রদর্শিত হয়েছে।
কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত নতুন ছবিটি আগের গল্পটিকে এগিয়ে নিয়ে নতুন সংকট ও আবেগের মুখোমুখি দাঁড় করিয়েছে দর্শকদের। ২০২৩ সালে মুক্তি পাওয়া ‘অর্ধাঙ্গিনী’-তে দেখা গিয়েছিল, সুমন কোমায় চলে যাওয়ার পর তার প্রাক্তন স্ত্রী শুভ্রা এবং বর্তমান স্ত্রী মেঘনার মধ্যে তৈরি হওয়া অধিকার, দায়িত্ব ও ভালোবাসার জটিল মানসিক লড়াই। ছবিটি বাণিজ্যিকভাবে সফল হওয়ার পাশাপাশি সমালোচকদের কাছ থেকে প্রশংসাও অর্জন করেছিল।
নতুন ছবি ‘আজও অর্ধাঙ্গিনী’ শুরু হয়েছে সেই ঘটনার কয়েক বছর পর থেকে। এবার সুমন সুস্থ হয়ে সংসার করতে শুরু করলেও মেঘনার জটিল শারীরিক অসুস্থতা, সুমনের মানসিক দ্বন্দ্ব এবং শুভ্রার পুনরাগমন এই গল্পে নতুন মোড় এনে দিয়েছে। সম্পর্কের টানাপড়েনের পাশাপাশি ক্ষমা, সহমর্মিতা ও মানবিকতার বিষয়গুলোও ছবিতে উঠে এসেছে।
আরও পড়ুন: জয়ের বাবার সঙ্গে স্পিকারের পুরোনো ছবি, ভক্তদের মন্তব্য ‘এবার জমি নিশ্চিত’
দুই ছবিতেই মুখ্য চরিত্রে অভিনয় করেছেন চূর্ণী গঙ্গোপাধ্যায়, জয়া আহসান এবং কৌশিক সেন। নতুন ছবিতে যোগ দিতে দেখা গেছে ইন্দ্রাশীষ রায়কে। এছাড়াও রয়েছেন অম্বরিশ ভট্টাচার্য, লিলি চক্রবর্তী ও আভেরি সিংহ রায়।
মেঘনা চরিত্রে অভিনয়ের জন্য জয়া আহসান আবারও প্রশংসা পাচ্ছেন। ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে তিনি বলেন, ‘কৌশিকদা এবং চূর্ণীদি না থাকলে পর্দায় মেঘনা হয়ে উঠতে হয়তো পারতাম না। তাদের কাছে আমি কৃতজ্ঞ।’
ছবিটির সংলাপ দর্শক ও সমালোচকদের বিশেষভাবে নজর কাড়ছে। আবেগঘন ও তীক্ষ্ণ সংলাপ গল্পটিকে আরো শক্তিশালী করে তুলেছে বলেও অনেকের মত। পাশাপাশি অনুপম রায়ের গান ছবির আবহকে আরো সমৃদ্ধ করেছে।
তবে ছবির ক্লাইম্যাক্স নিয়ে দর্শকদের মধ্যে ভিন্নমত দেখা গেছে। অনেকেই শেষটিকে সাহসী বলে মনে করছেন, তবে কেউ কেউ মনে করছেন শুভ্রার মতো দৃঢ় চরিত্রের পরিণতি আরো ভিন্ন হতে পারত। তা সত্ত্বেও অভিনয়, সংলাপ, নির্মাণশৈলী ও আবেগের দিক থেকে ‘आजও অর্ধাঙ্গিনী’ বছরের অন্যতম আলোচিত বাংলা ছবি হয়ে উঠেছে।
আরও পড়ুন: কক্সবাজারে নলকূপ খননের স্থান থেকে গ্যাসের আগুন, বাপেক্সের বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন