ঢাকা বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৬ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ইং ০৬ই কার্তিক, ১৪৩৩বাং

সংশোধন কমিটি অবৈধ: শফিকুর রহমান


সংশোধন কমিটি অবৈধ: শফিকুর রহমান

জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, সংবিধান সংশোধন কমিটি নামে কোনো কমিটি নেই। তারা একতরফা তাদের ইচ্ছামতো যে কোনো কমিটি করলে, সেটি অবৈধ।

শনিবার (১৮ জুলাই) বরিশালের হেমায়েত উদ্দিন ঈদগাহ ময়দানে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জামায়াতের আমির বলেন, গণভোটে এই দেশের ৭০ শতাংশ মানুষ ‘হ্যা’ বলেছে। সেই মাধ্যমে তারা নতুন বাংলাদেশ গড়তে চেয়েছিলেন। আফসোস, বর্তমান সরকার বলেছিল, যখন অধিকাংশ জনগণ গণভোটে ‌‘হ্যা’ র ওপর রায় দেয়, তখন তারা গণভোটের প্রত্যেকটি দাবি বাস্তবায়ন করবে। কিন্তু ক্ষমতায় আসার পর তারা ‘হ্যা’ এর কথাটা ভুলে গেছে। এখন তারা বলছেন, তারা কখনো সংস্কার করতে বলেনি। অথচ বিএনপির ৩১ দফার প্রথমটি হলো সংস্কার।

আরও পড়ুন: গোলাম আযমের অবদানকে শ্রদ্ধাভরে স্মরণ করবে জাতি

তিনি বলেন, সংসদের ভেতর মাঝে মাঝে একজন অবৈতনিক শিক্ষক আমাদের সবক দেন। তিনি বলেন, এটা সংবিধান, ওটা ধারা—এসব। আমি জানতে চাই—সংবিধান ও কার্যপ্রণালী বিধি অনুযায়ী কোথায় আছে যে, সংসদে আপনি একটি সংবিধান সংশোধন কমিটি গঠন করতে পারবেন? যখন আমরা তার প্রতিবাদ করেছি, এখন শুনলাম তারা সংসদের ভেতরে আওয়াজ দিয়ে কমিটি গঠন করেছেন। আমরা এটিকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছি। বর্তমানে তারা এটা পাল্টে বিশেষ কমিটি বলে পরিচিত করেছেন। জনগণের সাথে আর কত ধোঁকাবাজি করবেন? পরিণতির জন্য প্রস্তুত থাকুন।

সরকারের উদ্দেশে বিরোধীদলীয় নেতা আরও বলেন, আপনারা যতই চেষ্টা করেন, আওয়ামী লীগের মতো ফ্যাসিস্ট হতে পারবেন না। আপনারা কেবল ‘ডামি ফ্যাসিস্ট’ হতে পারেন। আসল ফ্যাসিস্টদের জনগণ সমাজে গ্রহণ করেনি। ‘ডামি ফ্যাসিস্ট’ আবার কী? ফ্যাসিস্টরা যে পথে চলেছে, আপনারাও সেই পথেই হাঁটছেন। ১৩৩টি অর্ডিন্যান্স জারি করা হয়েছিল, যেগুলো ফ্যাসিবাদের জন্ম দিয়েছিল—সেগুলো বিএনপি রেখে দিয়েছে। এ বিষয়টি জাতির সাথে বিশ্বাসঘাতকতা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঝিনাইদহে হোটেলকর্মী খুশি হত্যার রহস্য উদঘাটন, প্রেমিক গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ ইং

১১:১৩ পি.এম


ঝিনাইদহে হোটেলকর্মী খুশি হত্যার রহস্য উদঘাটন, প্রেমিক গ্রেফতার

এ ঘটনায় দায়ের হওয়া হত্যা মামলায় ৬৬ দিন পর পুলিশ গ্রেফতার করেছে নিহতের কথিত প্রেমিক সাঈদ মেহেদী (২৪)। মৃত্যু ঘটনার পর, আজ শনিবার ভোরে পুলিশ প্রযুক্তির সহায়তা নিয়ে সাতক্ষীরার দেবহাটা উপজেলার খলিশাখালী এলাকার একটি মাছের ঘের থেকে সাঈদ মেহেদীকে গ্রেফতার করে।

আজ শনিবার বিকেলে জেলা পুলিশের গোয়েন্দা শাখা সূত্রের বরাত দিয়ে এই তথ্য প্রকাশ করা হয়। গ্রেফতার হওয়া সাঈদ মেহেদী দেবহাটা উপজেলার ঢেপুখালী গ্রামের মোসলেম গাজীর সন্তান।

পুলিশ জানিয়েছে, ক্লু লেস এ হত্যাকাণ্ডের ঘটনায় মামলা দায়েরের পর পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালায়। অবশেষে সাতক্ষীরা থেকে মামলার একমাত্র আসামি সাঈদ মেহেদীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর আজ মেহেদীকে ঝিনাইদহের একটি আদালতে হাজির করা হয়। সেখানে অভিযুক্ত সাঈদ মেহেদী হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই রোকনুজ্জামান জানান, গত ১৩ মে ঝিনাইদহ শহরের পাগলাকানাই এলাকার সায়াদাতিয়া সড়কের একটি ভাড়া বাসা থেকে খুশি খাতুনের মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার পর থেকেই আসামি পলাতক ছিল। কোনো প্রত্যক্ষ সূত্র না থাকায়, পুলিশের তদন্ত টিম তথ্য প্রযুক্তির সহায়তা নিয়ে সাঈদ মেহেদীকে গ্রেফতার করে।

পুলিশের এই কর্মকর্তা আরও জানান, আদালতে দেওয়া জবানবন্দিতে সাঈদ মেহেদী হত্যার দায় স্বীকার করেছেন। পাশাপাশি, খুশি খাতুনের সঙ্গে তার দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল বলেও স্বীকার করেছেন। প্রেমের সম্পর্কের সূত্রধরে, খুশি খাতুন ও সাঈদ মেহেদী স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে ঝিনাইদহ শহরের সায়াদাতিয়া সড়কের একটি ভাড়া বাসায় বসবাস শুরু করে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তুলা উৎপাদন বাড়াতে সরকার কাজ করছে : প্রতিমন্ত্রী মীর শাহে আলম

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ ইং

১১:১৯ পি.এম


তুলা উৎপাদন বাড়াতে সরকার কাজ করছে : প্রতিমন্ত্রী মীর শাহে আলম

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি বলেছেন, দেশে তুলার উৎপাদন বাড়াতে সরকার কাজ করছে। তিনি জানিয়েছেন, "তুলা আমদানিতে প্রতিবছর বিপুল পরিমাণ অর্থ দেশের বাইরে চলে যাচ্ছে।" দেশে উৎপাদন বাড়ানো গেলে আমদানি নির্ভরতা একদিকে কমবে এবং অন্যদিকে দেশের বস্ত্র ও তৈরি পোশাকশিল্প আরও শক্তিশালী হবে।

আগামী চার বছরের মধ্যে দেশের সব কৃষককে কৃষক কার্ডের আওতায় আনা হবে উল্লেখ করে তিনি বলেন, "বিএনপি সরকার যে প্রতিশ্রুতি দিয়েছে, তা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে।" আজ শনিবার বিকেলে বগুড়ার শিবগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে তুলা উন্নয়ন বোর্ডের বগুড়া জোন আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মীর শাহে আলম এসব কথা বলেন।

২০২৬-২৭ মৌসুমে তুলা ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে শিবগঞ্জ, সোনাতলা ও গাবতলী উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে হাইব্রিড তুলাবীজ, সার ও বালাইনাশক বিতরণ কর্মসূচির উদ্বোধন উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে দুই শতাধিক কৃষক অংশ নেন।

মীর শাহে আলম বলেন, "তুলার বহুমুখী গুণাগুণ রয়েছে।" তিনি বলেন, তুলা থেকে বিভিন্ন ধরনের পণ্য তৈরি করা সম্ভব, যেমন ভারত ও পাকিস্তানে তুলা থেকে পার্টিকেল বোর্ডসহ বিভিন্ন পণ্য তৈরি করা হয়। আমাদের দেশেও উৎপাদন বাড়ানোর সুযোগ রয়েছে।

কৃষকদের তুলা চাষে আগ্রহী হওয়ার আহ্বান জানিয়ে তিনি বললেন, "জীবনে রিস্ক না নিলে সফলতা আসবে না।" তিনি বলেন, "আমি রিস্ক নিয়ে এতো জটিলতার মধ্যেও মহান আল্লাহর ইচ্ছায় আজ এতোদূর এসেছি।" যারা প্রণোদনা পাবেন, তাদের প্রতি অনুরোধ করলেন তুলা চাষে রিস্ক নিতে।

তিনি আরও বলেন, তুলা চাষের পাশাপাশি অন্যান্য ফসলও উৎপাদন করা যায়। তাই আলুর পরিবর্তে তুলা চাষের কথা ভাবতে হবে। তুলার ন্যায্য দাম না পাওয়ার আশঙ্কা না করে কৃষকদের উৎপাদনে এগিয়ে আসার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, "তুলার দাম না পেলে তখন আমার কাছ থেকে জবাব চাইবেন।"

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তুলা উন্নয়ন বোর্ডের নির্বাহী পরিচালক রেজাউল আমিন, শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জিয়াউর রহমান, কৃষি গবেষণা ইন্সটিটিউট এর ভারপ্রাপ্ত কর্মকর্তা ড. মাহমুদুল হাসান সুজা, রংপুর অঞ্চলের উপপরিচালক জাফর আলী, বগুড়া জোনের প্রধান তুলা উন্নয়ন কর্মকর্তা মোস্তফা কামাল, শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাহীনুজ্জামান, শিবগঞ্জ উপজেলা কৃষি অফিসার আব্দুল হান্নান, শিবগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এস এম তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল ওহাবসহ বিভিন্ন কর্মকর্তারা, উপজেলা প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও কৃষকরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সোমবার চবিতে ‘জব ফেয়ার ২০২৬’

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ ইং

১১:২০ পি.এম


সোমবার চবিতে ‘জব ফেয়ার ২০২৬’

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ২০ জুলাই চাকসু ও এক্সিলেন্স বাংলাদেশের উদ্যোগে অনুষ্ঠিত হবে চট্টগ্রাম জব ফেয়ার ২০২৬।

আগামী সোমবার (২০ জুলাই) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বর ও কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় চাকসু কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) এবং এক্সিলেন্স বাংলাদেশের যৌথ উদ্যোগে ‘চাকসু প্রেজেন্টস চট্টগ্রাম জব ফেয়ার ২০২৬’ হবে।

আজ চাকসু ভবনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে চাকসুর সাধারণ সম্পাদক (জিএস) সাঈদ বিন হাবিব এবং কার্যনির্বাহী সদস্য সোহানুর রহমান সোহান মেলার বিভিন্ন তথ্য তুলে ধরেন।

লিখিত বক্তব্যে তারা জানান, ‘চট্টগ্রাম জব ফেয়ার ২০২৬ সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলবে। এটি কেবল একটি চাকরি মেলা নয়, শিক্ষার্থীদের সঙ্গে শিল্প ও কর্পোরেট খাতের কার্যকর সেতুবন্ধন তৈরি করবে এবং তাদের ভবিষ্যৎ ক্যারিয়ার গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এবারের জব ফেয়ারে দেশের স্বনামধন্য কর্পোরেট প্রতিষ্ঠান প্রাণ-আরএফএল, ইফাদ ও মেঘনা গ্রুপ এবং সিটি, ইসলামী ও পূবালী ব্যাংকসহ বিভিন্ন সেবাখাত প্রতিষ্ঠান অংশ নেবে।’

চাকসু নেতারা জানান, ‘এই জব ফেয়ারে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা সিভি কালেকশন, অন-দ্য-স্পট সিভি স্ক্রিনিং, স্পট ইন্টারভিউ, ক্যারিয়ার কাউন্সেলিং, করপোরেট নেটওয়ার্ক এবং নিয়োগদাতা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সরাসরি মতবিনিময়ের সুযোগ পাবেন। পাশাপাশি ফুল-টাইম, পার্ট-টাইম এবং ইন্টার্নশিপ-সংক্রান্ত বিভিন্ন সুযোগ সম্পর্কে জানতে ও আবেদন করতে পারবেন।’

দিনব্যাপী এই আয়োজন মেলায় ৮ হাজারের বেশি শিক্ষার্থী, চাকরিপ্রত্যাশী এবং তরুণ পেশাজীবীর উপস্থিতি ঘটবে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি চট্টগ্রাম অঞ্চলের বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও এই আয়োজনে অংশগ্রহণ করবেন।

জব ফেয়ারের পাশাপাশি একই দিনে বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদ মিলনায়তনে বেলা ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ক্যারিয়ার সামিট ২০২৬ অনুষ্ঠিত হবে।

এই সামিটে দেশের শীর্ষস্থানীয় কর্পোরেট ব্যক্তিত্ব, মানবসম্পদ বিশেষজ্ঞ, উদ্যোক্তা এবং ক্যারিয়ার মেন্টররা শিক্ষার্থীদের উদ্দেশ্যে ক্যারিয়ার পরিকল্পনা, নেতৃত্ব, দক্ষতা উন্নয়ন, চাকরির প্রস্তুতি এবং ভবিষ্যৎ কর্মক্ষেত্রের সম্ভাবনা নিয়ে গুরুত্বপূর্ণ সেশন পরিচালনা করবেন।

জব ফেয়ার অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের প্রতিটি বিভাগ থেকে চতুর্থ বর্ষ ও মাস্টার্স পর্যায়ের শিক্ষার্থীদের মধ্য থেকে মোট পাঁচজন এই বিশেষ ক্যারিয়ার সামিটে অংশগ্রহণের সুযোগ পাবেন। তাদের নির্বাচন সুনির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে করা হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চাকসুর ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক মেহেদী হাসান সোহান, কো-কনভেনর ও চাকসুর কার্যনির্বাহী সদস্য আদনান শরীফ, কর্পোরেট অ্যাফেয়ার্স টিমের লিড (এক্সিলেন্স বাংলাদেশের টিম সেক্রেটারি) সানু আক্তার নদী ও অনেকে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বগুড়ায় শেষ হলো প্রামাণ্য চলচ্চিত্র নির্মাণ কর্মশালা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ ইং

১১:২২ পি.এম


বগুড়ায় শেষ হলো প্রামাণ্য চলচ্চিত্র নির্মাণ কর্মশালা

বগুড়ায় পুণ্ড্রনগর চলচ্চিত্র সংসদের আয়োজনে আজ দিনব্যাপী অনুষ্ঠিত হলো প্রামাণ্য চলচ্চিত্র নির্মাণ কর্মশালা ও চলচ্চিত্র প্রদর্শনী।

জেলা শিল্পকলা একাডেমির কারিগরি সহযোগিতায় আজ শনিবার বেলা ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলেছে কর্মশালা। সারাদেশ থেকে নির্বাচিত ৩০ জনের অংশগ্রহণে কর্মশালাটি সাফল্যের সাথে শেষ হয়েছে।

কর্মশালায় মুখ্য প্রশিক্ষক হিসেবে ছিলেন নির্মাতা জাফর মুহাম্মাদ। এছাড়াও প্রশিক্ষক হিসেবে ছিলেন দীপ্ত টিভির সিনিয়র এডিটর খালেদ সাইফুল হক।

প্রত্নতত্ত্ব ও চলচ্চিত্র নিয়ে আলোচনা করেছেন প্রত্নতত্ত্ব অধিদপ্তর, রংপুর অঞ্চলের পরিচালক ড. আহমেদ আব্দুল্লাহ।

কর্মশালা শেষে অনুষ্ঠিত হয়েছে সমাপনী অনুষ্ঠান। এম রহমান সাগরের সভাপতিত্বে আলোচনা ও সমাপনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কালাম আজাদ, জাসাস বগুড়া জেলার সভাপতি ওয়াহিদ মুরাদ এবং উচ্চারণ একাডেমির সভাপতি এ্যাড. পলাশ খন্দকার।

আলোচনার শুরুতে শুভেচ্ছা বক্তব্য রেখেছেন পুণ্ড্রনগর চলচ্চিত্র সংসদের সাধারণ সম্পাদক সুপিন বর্মন ও সহসভাপতি মশিউর রহমান, অর্থ সম্পাদক শফিউর সোহেল। সভাপতি পৌষরাম সরকার উপস্থিত থাকতে না পারায় অনলাইনে সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে অংশগ্রহণকারী সকলকে ই-সার্টিফিকেট দেওয়ার ঘোষণা করেন।

উল্লেখ্য, কর্মশালা শেষে নির্মাতা ও প্রশিক্ষক জাফর মুহাম্মদের তিনটি প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শিত হয়। আগামীতে আরও বড় পরিসরে চলচ্চিত্রের বিভিন্ন বিষয় ভিত্তিক কর্মশালার আয়োজন করা হবে বলে জানান আয়োজকবৃন্দ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৮
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%