১১:১৯ পি.এম
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি বলেছেন, দেশে তুলার উৎপাদন বাড়াতে সরকার কাজ করছে। তিনি জানিয়েছেন, "তুলা আমদানিতে প্রতিবছর বিপুল পরিমাণ অর্থ দেশের বাইরে চলে যাচ্ছে।" দেশে উৎপাদন বাড়ানো গেলে আমদানি নির্ভরতা একদিকে কমবে এবং অন্যদিকে দেশের বস্ত্র ও তৈরি পোশাকশিল্প আরও শক্তিশালী হবে।
আগামী চার বছরের মধ্যে দেশের সব কৃষককে কৃষক কার্ডের আওতায় আনা হবে উল্লেখ করে তিনি বলেন, "বিএনপি সরকার যে প্রতিশ্রুতি দিয়েছে, তা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে।" আজ শনিবার বিকেলে বগুড়ার শিবগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে তুলা উন্নয়ন বোর্ডের বগুড়া জোন আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মীর শাহে আলম এসব কথা বলেন।
২০২৬-২৭ মৌসুমে তুলা ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে শিবগঞ্জ, সোনাতলা ও গাবতলী উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে হাইব্রিড তুলাবীজ, সার ও বালাইনাশক বিতরণ কর্মসূচির উদ্বোধন উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে দুই শতাধিক কৃষক অংশ নেন।
আরও পড়ুন: ডাকারের বাতাসে ভয়াবহ দূষণ, ঢাকার পরিস্থিতি উদ্বেগজনক
মীর শাহে আলম বলেন, "তুলার বহুমুখী গুণাগুণ রয়েছে।" তিনি বলেন, তুলা থেকে বিভিন্ন ধরনের পণ্য তৈরি করা সম্ভব, যেমন ভারত ও পাকিস্তানে তুলা থেকে পার্টিকেল বোর্ডসহ বিভিন্ন পণ্য তৈরি করা হয়। আমাদের দেশেও উৎপাদন বাড়ানোর সুযোগ রয়েছে।
কৃষকদের তুলা চাষে আগ্রহী হওয়ার আহ্বান জানিয়ে তিনি বললেন, "জীবনে রিস্ক না নিলে সফলতা আসবে না।" তিনি বলেন, "আমি রিস্ক নিয়ে এতো জটিলতার মধ্যেও মহান আল্লাহর ইচ্ছায় আজ এতোদূর এসেছি।" যারা প্রণোদনা পাবেন, তাদের প্রতি অনুরোধ করলেন তুলা চাষে রিস্ক নিতে।
তিনি আরও বলেন, তুলা চাষের পাশাপাশি অন্যান্য ফসলও উৎপাদন করা যায়। তাই আলুর পরিবর্তে তুলা চাষের কথা ভাবতে হবে। তুলার ন্যায্য দাম না পাওয়ার আশঙ্কা না করে কৃষকদের উৎপাদনে এগিয়ে আসার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, "তুলার দাম না পেলে তখন আমার কাছ থেকে জবাব চাইবেন।"
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তুলা উন্নয়ন বোর্ডের নির্বাহী পরিচালক রেজাউল আমিন, শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জিয়াউর রহমান, কৃষি গবেষণা ইন্সটিটিউট এর ভারপ্রাপ্ত কর্মকর্তা ড. মাহমুদুল হাসান সুজা, রংপুর অঞ্চলের উপপরিচালক জাফর আলী, বগুড়া জোনের প্রধান তুলা উন্নয়ন কর্মকর্তা মোস্তফা কামাল, শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাহীনুজ্জামান, শিবগঞ্জ উপজেলা কৃষি অফিসার আব্দুল হান্নান, শিবগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এস এম তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল ওহাবসহ বিভিন্ন কর্মকর্তারা, উপজেলা প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও কৃষকরা।
আরও পড়ুন: রাজধানীর যেসব এলাকায় ৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন