শনিবার, ১৯ই সেপ্টেম্বর, ২০২৬ ইং
১১:৪০ এম
দীর্ঘ প্রতীক্ষার পর সরকারি চাকরিজীবীদের জন্য নবম জাতীয় পে স্কেলের প্রজ্ঞাপন প্রকাশের প্রস্তুতি এখন শেষ পর্যায়ে রয়েছে। সংশ্লিষ্ট একটি সূত্রের তথ্য অনুযায়ী, নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন আজ শনিবার জারি হতে পারে। ইতোমধ্যে বাংলাদেশ সরকারি মুদ্রণালয়ে (বিজি প্রেস) প্রজ্ঞাপন ছাপানোর কাজ চলছে। শনিবার দুপুরের পর এটি আনুষ্ঠানিকভাবে প্রকাশের জন্য প্রস্তুত করা হয়েছে।
সূত্র জানাচ্ছে, আইন মন্ত্রণালয়ের ভেটিংসহ প্রজ্ঞাপন প্রকাশের জন্য প্রয়োজনীয় সকল প্রক্রিয়া ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। শুক্রবার রাতেও বিজি প্রেসে প্রজ্ঞাপনের ছাপার কাজ চলছিল। সবকিছু ঠিক থাকলে শনিবারই নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন প্রকাশ করা হতে পারে।
গত ৩১ আগস্ট মন্ত্রিসভায় সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো অনুমোদন দেওয়া হয়। এই কাঠামোর আওতায় গ্রেডভেদে মূল বেতন ১০০ থেকে সর্বোচ্চ ১৪২ শতাংশ পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মন্ত্রিসভা বৈঠকের পর মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি এক সপ্তাহের মধ্যে প্রজ্ঞাপন প্রকাশের কথা জানিয়েছিলেন। তবে অনুমোদনের প্রায় তিন সপ্তাহ পর নতুন এই বেতন কাঠামো প্রজ্ঞাপনের পর্যায়ে এসেছে।
এর আগে, গত ৩১ আগস্ট নতুন কাঠামোর খসড়ার একটি অংশ অর্থ বিভাগ থেকে ভেটিংয়ের জন্য আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছিল। পরে বাকি অংশও পাঠানো হয়। আইন মন্ত্রণালয়ের ভেটিং শেষ হওয়ার পর গেজেট প্রকাশের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে।
নতুন জাতীয় বেতন স্কেল ২০২৬ অনুযায়ী, বিদ্যমান ২০টি গ্রেড বহাল রাখা হয়েছে। প্রথম থেকে ১১তম গ্রেডের কর্মকর্তাদের মূল বেতন সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত বাড়ানো হয়েছে। অর্থাৎ এসব গ্রেডে আগের তুলনায় মূল বেতন প্রায় দ্বিগুণ হয়েছে।
অন্যদিকে, ২০তম গ্রেডের সরকারি কর্মচারীদের মূল বেতন সর্বোচ্চ ১৪২ শতাংশ বাড়ানো হয়েছে। নতুন কাঠামো অনুযায়ী, এই গ্রেডে মূল বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে বেড়ে ২০ হাজার টাকা হয়েছে। আর প্রথম গ্রেডের কর্মকর্তাদের মূল বেতন ৭৮ হাজার টাকা থেকে বেড়ে ১ লাখ ৫৬ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
মন্ত্রিপরিষদ বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন পে স্কেল একসঙ্গে নয়, মোট তিন ধাপে বাস্তবায়ন করা হবে। নতুন বেতন কাঠামো চলতি বছরের ১ জুলাই থেকে কার্যকর হিসেবে গণ্য হবে। অর্থাৎ জুলাই মাসকে কার্যকারিতার তারিখ ধরে কর্মকর্তা কর্মচারীরা নতুন পে স্কেলের সুবিধা পাবেন।
নতুন বেতন কাঠামো বাস্তবায়নে প্রায় ২৪ লাখ সরকারি কর্মকর্তা কর্মচারীর জন্য সরকারের বছরে অতিরিক্ত ব্যয় হবে প্রায় ১ লাখ ৫ হাজার কোটি টাকা।
এর আগে ২০২৫ সালে সাবেক অর্থসচিব জাকির আহমেদ খানের নেতৃত্বে ‘জাতীয় বেতন কমিশন, ২০২৫’ গঠন করেছিল অন্তর্বর্তী সরকার। কমিশন গত ২২ জানুয়ারি সরকারের কাছে প্রতিবেদন জমা দেয়। এতে সরকারি কর্মচারীদের বেতন ভাতা ১০০ থেকে ১৪০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সুপারিশ করা হয়েছিল।
কমিশনের সুপারিশে বিদ্যমান সর্বনিম্ন বেতন স্কেল ৮ হাজার ২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ ধাপ ৭৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লাখ ৬০ হাজার টাকা করার প্রস্তাব দেওয়া হয়। এ ছাড়া বৈশাখী ভাতার হার ২০ শতাংশ থেকে বাড়িয়ে ৫০ শতাংশ করার সুপারিশ করা হয়েছিল। পাশাপাশি ১০ম থেকে ২০তম গ্রেড পর্যন্ত যাতায়াত ভাতায় ব্যাপক সংস্কারের প্রস্তাব ছিল।
পরে চলতি বছরের ২১ এপ্রিল মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনিকে সভাপতি করে ১০ সদস্যের একটি কমিটি গঠন করা হয়। ওই কমিটির সুপারিশ আমলে নিয়ে নতুন বেতন কাঠামোর অনুমোদন দেওয়া হয়।
এখন প্রজ্ঞাপনের ছাপার কাজ শেষ করে আনুষ্ঠানিক প্রকাশের অপেক্ষা রয়েছে। সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, শনিবার দুপুরের পরই নতুন পে স্কেলের প্রজ্ঞাপন প্রকাশের সম্ভাবনা রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রাজশাহীর বাঘা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ কর্তৃক আটক ৫ জন বাংলাদেশি নাগরিককে পতাকা বৈঠকের মাধ্যমে বাংলাদেশে ফিরিয়ে এনেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫ টা থেকে সোয়া ৬ টা পর্যন্ত রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি)-এর অধীনস্থ আলাইপুর কোম্পানির মীরগঞ্জ বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৭৮/৪-এস সংলগ্ন শূন্যরেখায় (ভারতীয় অংশে) বিজিবি ও বিএসএফের কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে বিএসএফের খাসমহল কোম্পানি কমান্ডার তাদের হেফাজতে থাকা ৫ জন বাংলাদেশি নাগরিককে বিজিবির আলাইপুর কোম্পানি কমান্ডারের নিকট হস্তান্তর করেন।
ফেরত আনা বাংলাদেশি নাগরিকদের মধ্যে রয়েছেন— বাঘা উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের আলাইপুর মধ্যপাড়া গ্রামের গোলাম মোস্তফার ছেলে কলেজছাত্র মোশাররফ হোসেন (২৬), ইয়ানজের ছেলে সাহাবুল আলী (৪০), শাহাজাহান প্রামাণিকের ছেলে বাবর আলী (৪০), সামাদ মণ্ডলের ছেলে নৌকার মাঝি সাইফুল ইসলাম (৪৬) এবং জামাল মণ্ডলের ছেলে নৌকার মাঝি আশাদুল ইসলাম (৩৮)। তাদের মধ্যে ৩ জন পাট ব্যবসায়ী এবং ২ জন নৌকার মাঝি-মাল্লা।
বিজিবির হেফাজতে ফেরত আনার পর তাদের জিজ্ঞাসাবাদে জানা যায়, গত ৭ সেপ্টেম্বর রাতে পাট কিনে নৌকাযোগে বাড়ি ফেরার সময় নদীর স্রোতে পথ ভুল করে তারা অনিচ্ছাকৃতভাবে ভারতীয় সীমান্তে প্রবেশ করেন। পরে বিএসএফ তাদের আটক করে নিয়ে যায়। এরপর ৭ ও ৮ সেপ্টেম্বর তাদেরকে জলঙ্গী বিএসএফ ক্যাম্পে রাখা হয়। পরবর্তীতে ৯ সেপ্টেম্বর তাদের সাগরপাড়া বিএসএফ ক্যাম্পে স্থানান্তর করা হয় এবং সেখানে প্রায় ৪/৫ ঘণ্টা রাখার পর একই দিনে ভারতের রানীনগর থানায় হস্তান্তর করা হয়। পরে রানীনগর থানা তাদের রানীনগর হোল্ডিং সেন্টারে রাখে। বর্তমানে তারা শারীরিকভাবে সুস্থ রয়েছেন।
পরবর্তীতে বিজিবি ৫ জনের ঠিকানা যাচাই বাছাই করে স্থানীয় জনপ্রতিনিধি ও ওয়ার্ড কমিশনারের উপস্থিতিতে সন্ধ্যা ০৭টার দিকে তাদের নিজ নিজ পরিবারের নিকট হস্তান্তর করে। এ সময় রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের সংসদ সদস্য মোঃ আবু সাঈদ চাঁদ স্থানীয় এলাকাবাসীকে সঙ্গে নিয়ে আলাইপুর খেয়াঘাটে উপস্থিত হন। তিনি ফেরত আসা বাংলাদেশি নাগরিকদের পরিবারের সঙ্গে কথা বলেন এবং সীমান্তে বিজিবির কার্যক্রমের প্রশংসা করে বিজিবিকে ধন্যবাদ জানান।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
‘ক্রীড়াই শক্তি-ক্রীড়াই বল, মাদক ছেড়ে মাঠে চল’ এই স্লোগানকে সামনে রেখে নোয়াখালীর কবিরহাট উপজেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ক্রীড়া ও সামাজিক সংগঠনের মধ্যে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার শিরিন গার্ডেন হলরুমে উপজেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ক্রীড়া ও সামাজিক সংগঠনসহ মোট ৭৫টি সংগঠনের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।
কবিরহাট উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো.গোলাম মোমিত ফয়সালের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ ফখরুল ইসলাম।
এ সময় আরও বক্তব্য রাখেন, কবিরহাট সরকারি কলেজের শিক্ষক মহিম চন্দ্র দাস, কবিরহাট উপজেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মোহাম্মদ কুতুব উদ্দিন,সহ-সভাপতি কামাল হোসেন সৌরভ, কবিরহাট উপজেলী ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক আবদুল বাছেত হিরন প্রমূখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, তরুণ প্রজন্মকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। নিয়মিত খেলাধুলার মাধ্যমে সুস্থ ও সুন্দর সমাজ গড়ে তোলাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য। নিয়মিত খেলাধুলার চর্চার মাধ্যমে তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি সুস্থ সমাজ গড়ে তোলা সম্ভব। পর্যায়ক্রমে কবিরহাটে আরও শতাধিক প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী দেওয়া হবে। এ সময় কবিরহাট উপজেলা ও পৌরসভার ক্রীড়ানুরাগী ব্যক্তিসহ বিভিন্ন পর্যায়ের অতিথিরা উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) নড়াইলের লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়নের কাশিপুর ধোপাদাহ গ্রাম থেকে রেললাইন ও পল্লী বিদ্যুতের চোরাইকৃত তামার তার উদ্ধার করেছে। উদ্ধারকৃত তারের মূল্য দুই লাখ ২৫ হাজার টাকা। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে পুলিশের পক্ষ থেকে সাংবাদিকদের এই তথ্য জানানো হয়। এছাড়া, উদ্ধার করা হয়েছে চারটি ধারালো রামদা এবং তারকাটার যন্ত্রপাতি। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ধোপাদাহ পূর্বপাড়ার বেল্লাল হোসেন ভূঁইয়ার স্ত্রী জনি বেগম (৩৫) এবং কাশিপুর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য (মেম্বার) শহিদুল ইসলামের ছেলে নাজমুল হুদা রিহাদকে (২০) আটক করা হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার রকিবুল হাসান জানিয়েছেন, পদ্মাসেতু রেল প্রকল্প ও পল্লী বিদ্যুতের মূল্যবান ১১ কেভি এবং ৩৩ কেভি তামার তার দীর্ঘদিন ধরে সংঘবদ্ধ চোরচক্র চুরি করে আসছিল। এ বিষয়ে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ বিভিন্ন সময়ে থানায় ও জেলা পুলিশের কাছে অভিযোগ দায়ের করে।
এই অভিযোগের প্রেক্ষিতে শুক্রবার ভোর থেকে পল্লী বিদ্যুতের লোকবলসহ জেলা ডিবি পুলিশ অভিযানে নামে। ওইদিন বিকেলে অভিযানটি শেষ হয়। অভিযানের এক পর্যায়ে লোহাগড়া থানার কাশিপুর ইউনিয়নের শাহবাজপুর কামারপাড়া রেলক্রসিং সংলগ্ন উত্তম সাহার আবাদি জমিতে বিদ্যুতের খুঁটির গোড়ায় বিভিন্ন ধরনের তার চুরির আলামত পাওয়া যায়।
গোপন সংবাদের ভিত্তিতে ধোপাদাহ গ্রামের বেল্লাল হোসেন ভূঁইয়ার বসতঘরে অভিযান পরিচালনা করে পদ্মা রেলওয়ে প্রকল্পের ১১ কেভি এবং ৩৩ কেভি আন্ডারপাসিং কেবলের (তার) মূল্যবান ৯০ কেজি তামার তার, সাদা অ্যালুমিনিয়ামের ২৫ কেজি তার, তামার তারের কালো কাভারের পোড়া-আপোড়া অংশ, তার কাটার বিভিন্ন ধরনের যন্ত্রপাতি, একটি শাবল, চোরাই মালামাল দুমড়ে-মুচড়ে ফেলার লোহার যন্ত্র (দুরমুজ) এবং প্রায় ৮৫ কেজি পুরাতন লোহার রডের টুকরা উদ্ধার করা হয়। এছাড়া, বিদ্যুতের তার সংযোগ দেওয়ার জন্য ১৩ কেজি ওজনের একটি লোহার পাত উদ্ধার করা হয়েছে।
অভিযান চলাকালে চোরাইকৃত অন্যান্য তামার তার উদ্ধারের লক্ষ্যে কাশিপুর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য (মেম্বার) শহিদুল ইসলামের ছেলে ধোপাদাহ মধ্যপাড়ার নাজমুল হুদা রিহাদের বসতঘরে তল্লাশি চালানো হয়। এ সময় রিহাদের হেফাজতে থাকা বড় আকারের চারটি ধারালো রামদা খাটের নিচ থেকে উদ্ধার করা হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে আটক করা হয়েছে। #
তালাশ বিডি/মিডিয়া লিঃ
নেত্রকোনার দুর্গাপুরে এক কসমেটিকস ব্যবসায়ীকে মারধর করে ১ লাখ ২০ হাজার ৩০০ টাকা ছিনতাইয়ের অভিযোগে করা মামলায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব হিমেল সরকারকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। একই ঘটনায় দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও নৈতিক স্খলনের অভিযোগে তাঁকে সংগঠন থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘটনার পর হিমেল সরকারকে আটক করা হয়। পরে ভুক্তভোগী ব্যবসায়ী মামলা করলে তাঁকে ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়। গতকাল শুক্রবার তাঁকে আদালতে পাঠানো হলে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে তাঁকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে দুর্গাপুর পৌরসভার সোমেশ্বরী নদীর তীরে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী আমির হোসেন (৪০) উপজেলার মোক্তারপাড়া এলাকায় থাকেন। তিনি দীর্ঘদিন ধরে দুর্গাপুরের সাদামাটি পাহাড় এলাকায় কসমেটিকসসহ বিভিন্ন পণ্যের ব্যবসা করেন।
এজাহারে বলা হয়েছে, বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে ব্যবসার টাকা সঙ্গে নিয়ে দুপুরের খাবার খেতে বাড়ি ফিরছিলেন আমির হোসেন। পৌরসভার পান মহালের রাস্তার পশ্চিম পাশে সোমেশ্বরী নদীর ঢালে ব্লকের মাথায় পৌঁছালে দুই যুবক তাঁর পথরোধ করেন। তাঁরা হলেন ফুলপুর গ্রামের মৃত জালাল উদ্দিনের ছেলে হিমেল সরকার (৩১) ও গুজিরকোনা গ্রামের সবুজ মড়লের ছেলে মাসুম মিয়া (২৫)।
এজাহার অনুযায়ী, অভিযুক্ত দুজন আমির হোসেনের পূর্বপরিচিত। তাঁরা মাঝেমধ্যে তাঁর দোকানে যাতায়াত করতেন। এ কারণে তাঁর যাতায়াতের সময় সম্পর্কেও তাঁরা জানতেন বলে অভিযোগ করা হয়েছে।
আমির হোসেন অভিযোগ করেন, পথরোধ করে অভিযুক্তরা তাঁর কাছে থাকা টাকা ও অন্যান্য জিনিসপত্র দিয়ে দিতে বলেন। এতে তিনি রাজি না হলে হিমেল সরকার দুই থেকে তিন ফুট লম্বা একটি স্টিলের লাঠি দিয়ে তাঁকে মারধর করেন এবং প্রাণনাশের হুমকি দেন। পরে ভয়ে তিনি লুঙ্গির কোচায় রাখা ১ লাখ ২০ হাজার ৩০০ টাকা বের করলে অভিযুক্তরা তা নিয়ে পালিয়ে যান বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
তাঁর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা মোটরসাইকেলে করে পালিয়ে যান। পরে আহত আমির হোসেন দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে চিকিৎসা নেন। ওই রাতেই তিনি থানায় লিখিত অভিযোগ দেন। শুক্রবার তাঁর করা মামলাটি দ্রুত বিচার আইনে নথিভুক্ত করা হয়।
এদিকে ঘটনার পর বৃহস্পতিবার সন্ধ্যায় হিমেল সরকারকে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কারের ঘোষণা দেওয়া হয়। উপজেলা স্বেচ্ছাসেবক দলের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও নৈতিক স্খলনের মতো গুরুতর অভিযোগের প্রেক্ষাপটে সর্বসম্মত সিদ্ধান্তে তাঁর বিরুদ্ধে এই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।
বহিষ্কারাদেশে স্বাক্ষর করেছেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের চার যুগ্ম আহ্বায়ক—মীর্জা সালমান আরসাদ নজরুল, রাকিব হাসান, মো. রতন ও সুমন মণ্ডল।
পুলিশ জানিয়েছে, মামলার বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ