ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

নিলামে ইতিহাস গড়ল ফেরারির প্রথম বৈদ্যুতিক গাড়ি, দাম উঠল ৪০ মিলিয়ন ডলার


নিলামে ইতিহাস গড়ল ফেরারির প্রথম বৈদ্যুতিক গাড়ি, দাম উঠল ৪০ মিলিয়ন ডলার

ইতালীয় বিলাসবহুল সুপারকার প্রস্তুতকারক প্রতিষ্ঠান ফেরারি’র প্রথম সম্পূর্ণ বৈদ্যুতিক গাড়ি ‘লুচে’-এর একটি বিশেষ বেসপোক মডেল নিলামে রেকর্ড দামে বিক্রি হয়েছে। ক্যালিফোর্নিয়ার মন্টেরে কার উইকে অনুষ্ঠিত একটি চ্যারিটি নিলামে গাড়িটি ৪০ মিলিয়ন ডলারে বিক্রি হয়। এর মাধ্যমে নিলামে বিক্রি হওয়া যেকোনো নতুন গাড়ির ক্ষেত্রে সর্বকালের সর্বোচ্চ দামের নতুন বিশ্বরেকর্ড গড়েছে ‘লুচে’।

নিলামকারী প্রতিষ্ঠান আরএম সথবির তথ্য অনুযায়ী, ফেরারি লুচে “চ্যাসিস জিরো” মডেলটির প্রাথমিক প্রাক্কলন ছিল ১.১ মিলিয়ন ডলার। কিন্তু তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ বিডিংয়ের মাধ্যমে গাড়িটি তার অনুমানের চেয়ে প্রায় ৩৬ গুণ বেশি দামে বিক্রি হয়। ফেরারি ইউএসএ তাদের ইনস্টাগ্রাম পোস্টে এই ঐতিহাসিক বিক্রির বিষয়টি নিশ্চিত করে জানায় যে, এই নিলাম থেকে প্রাপ্ত সম্পূর্ণ অর্থ শিক্ষামূলক উদ্যোগের সহায়তায় ‘দ্য ফেরারি ফাউন্ডেশন’-কে প্রদান করা হবে।

গত মে মাসে এই নতুন গাড়িটি উন্মোচন করে ফেরারি। তবে এর কৌণিক ডিজাইনের পরিবর্তে একটি বাবুল-সদৃশ লুকের কারণে কিছু ভক্ত ও সমালোচকদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। এতে করে মিলান স্টক এক্সচেঞ্জে ফেরারির শেয়ারের দরও কিছুটা কমেছিল। তবে এই বিশেষ “চ্যাসিস জিরো” মডেলটি এর অনন্য কারুকার্যের জন্য নজর কেড়েছে।

আরও পড়ুন: কক্সবাজারে নলকূপ খননের স্থান থেকে গ্যাসের আগুন, বাপেক্সের বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে

ইতালীয় ভাষায় ‘লুচে’ শব্দের অর্থ ‘আলো’। গাড়িটিতে একটি এক্সক্লুসিভ পার্ল-লাইক সেমি-গ্লস ফিনিশ দেওয়া হয়েছে, যার বিশেষ পিগমেন্টের কারণে আলোর প্রতিফলনে এর রঙ সবুজ থেকে বেগুনি বর্ণে পরিবর্তিত হয়।

এর প্রতিটি চাকাতে পৃথক বৈদ্যুতিক ইঞ্জিন রয়েছে। গাড়ির অভ্যন্তরীণ সজ্জায় (ইন্টেরিয়র) ব্যবহার করা হয়েছে টেলর-মেড ‘পারলা লে মানস’ মেটালিক লেদার এবং সাদা ব্যাকগ্রাউন্ডের মাঝে আকর্ষণীয় কালো ডিজাইনের উপাদান।

নিলামের প্রক্রিয়া শেষ হওয়ার পর গাড়িটি ইতালির মারানেলো শহরে ফিরিয়ে নেওয়া হবে। এরপর আগামী ২০২৭ সালের প্রথম প্রান্তিকে অজ্ঞাত এক বিজয়ীর ক্রেতার হাতে গাড়িটি তুলে দেওয়া হবে বলে জানিয়েছে নিলামকারী প্রতিষ্ঠান।

অন্যদিকে, সাধারণ জনগণের জন্য গত মে মাসে উন্মুক্ত করা স্ট্যান্ডার্ড ‘লুচে’ মডেলটির দাম ধরা হয়েছে ৫ লাখ ৫০ হাজার ইউরো বা প্রায় ৬ লাখ ৪০ হাজার ডলার। ধারণা করা হচ্ছে, এই সাধারণ মডেলগুলোর ডেলিভারি ২০২৬ সালের চতুর্থ প্রান্তিকে শুরু হবে।

আরও পড়ুন: কুমিল্লায় রাজস্ব কর্মকর্তা বুলেট বৈরাগী হত্যা মামলায় পাঁচজনের বিরুদ্ধে চার্জশিট

তথ্যসূত্র : সিএনএন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চীনের সহযোগিতায় বস্ত্র ও পাট খাত আধুনিকায়নের সম্ভাবনা : বস্ত্র ও পাটমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৭ই আগস্ট, ২০২৬ ইং

১০:৪১ পি.এম


চীনের সহযোগিতায় বস্ত্র ও পাট খাত আধুনিকায়নের সম্ভাবনা : বস্ত্র ও পাটমন্ত্রী

ঢাকা, ১৭ আগস্ট ২০২৬ : দেশের বস্ত্র ও পাট খাতকে আধুনিক প্রযুক্তিনির্ভর, উচ্চমূল্যের পণ্য উৎপাদনকারী এবং আন্তর্জাতিকভাবে প্রতিযোগিতামূলক শিল্পে রূপান্তরের লক্ষ্যে চীনের প্রযুক্তি ও একাডেমিক সহযোগিতা কাজে লাগানো হবে বলে জানিয়েছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

আজ রাজধানীর জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টারে (জেডিপিসি) চীনের ঝেজিয়াং সাই-টেক ইউনিভার্সিটির উদ্যোগে আয়োজিত ‘কস্টিউম, কালচার অ্যান্ড কানেকশন : অ্যা বাইলেটারাল সিম্পোজিয়াম অন ট্র্যাডিশনাল অ্যাটায়ার অ্যান্ড কালচারাল এক্সচেঞ্জ’ শীর্ষক দ্বিপক্ষীয় সিম্পোজিয়ামে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, দেশের বস্ত্র ও পাট খাতের উন্নয়নে শিল্প, একাডেমিয়া ও সরকারের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। আন্তর্জাতিক শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে সহযোগিতার মাধ্যমে বাংলাদেশের টেক্সটাইল শিক্ষা, গবেষণা এবং প্রযুক্তিগত সক্ষমতা আরও উন্নত করার সুযোগ রয়েছে।

তিনি জানান, দেশের টেক্সটাইল ইনস্টিটিউট ও ভোকেশনাল শিক্ষাব্যবস্থাকে আধুনিক বিষয়ের চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করে গড়ে তোলা হবে। এ লক্ষ্যে কারিকুলাম পর্যালোচনা করে চীনের আধুনিক টেক্সটাইল শিক্ষাব্যবস্থার সঙ্গে সমন্বয় করা হবে। পাশাপাশি চীনের অভিজ্ঞ শিক্ষক ও বিশেষজ্ঞদের মাধ্যমে প্রশিক্ষণ এবং বাংলাদেশের ফ্যাকাল্টিদের চীনে পাঠানোর মাধ্যমে দক্ষতা উন্নয়ন করা হবে।

খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, বর্তমান বিশ্ব দ্রুত প্রযুক্তিনির্ভর অর্থনীতির দিকে এগিয়ে যাচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), আধুনিক প্রযুক্তি ও ডিজিটাল ব্যবস্থাপনার সঙ্গে শিক্ষার্থী, শিক্ষক এবং শিল্প সংশ্লিষ্টদের যুক্ত করতে হবে। বৈশ্বিক প্রযুক্তিগত পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশকে এগিয়ে নিতে সরকার প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করছে।

তিনি উল্লেখ করেন, বাংলাদেশের তৈরি পোশাক খাত বর্তমানে প্রায় ৩৮ থেকে ৩৯ বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করছে। তবে উচ্চমূল্যের পণ্য ও ভ্যালু অ্যাডেড টেক্সটাইল উৎপাদনের মাধ্যমে একই পরিমাণ রপ্তানি থেকে আরও বেশি বৈদেশিক মুদ্রা অর্জনের সুযোগ রয়েছে। এজন্য ম্যান-মেড ফাইবার ও ভ্যালু অ্যাডেড পণ্যের দিকে টেক্সটাইল খাতকে এগিয়ে নিতে হবে।

পাট খাত প্রসঙ্গে মন্ত্রী বলেন, পাট বাংলাদেশের ঐতিহ্য ও আবেগের সঙ্গে জড়িত একটি গুরুত্বপূর্ণ পণ্য। পাটের উৎপাদনশীলতা বৃদ্ধি, নতুন পণ্য উদ্ভাবন এবং উচ্চমূল্যের পাটজাত পণ্য উৎপাদনের মাধ্যমে এ খাতকে নতুন উচ্চতায় নিয়ে যেতে হবে। চীনের সঙ্গে যৌথ গবেষণা কার্যক্রম গ্রহণের মাধ্যমে পাটের উৎপাদনশীলতা বৃদ্ধি, নতুন প্রযুক্তির ব্যবহার এবং মূল্য সংযোজনমূলক পণ্য উৎপাদনের সুযোগ সৃষ্টি হবে।

তিনি আরও বলেন, কাঁচা পাটের পরিবর্তে ব্লেন্ডেড ফাইবার, ফেব্রিক ও অন্যান্য উচ্চমূল্যের পণ্যে রূপান্তর করা গেলে এ খাতের সম্ভাবনা বহুগুণ বৃদ্ধি পাবে। এতে কৃষকরাও উপকৃত হবেন এবং পাট চাষে আগ্রহ বাড়বে।

অনুষ্ঠানে বস্ত্র ও পাট সচিব শরফ উদ্দিন আহমদ চৌধুরী, বস্ত্র অধিদপ্তরের মহাপরিচালক, চীনের ঝেজিয়াং সাই-টেক ইউনিভার্সিটি ও চাইনিজ একাডেমি অব সোশ্যাল সায়েন্সেস-এর প্রতিনিধিবৃন্দ, বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজির উপাচার্য, শিক্ষাবিদ, গবেষক এবং বস্ত্র ও পোশাক শিল্পের উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পল্লবীতে মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে বিএনপির প্রতিবাদ মিছিল

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ১৭ই আগস্ট, ২০২৬ ইং

১০:৪৩ পি.এম


পল্লবীতে মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে বিএনপির প্রতিবাদ মিছিল

রাজধানীর পল্লবী এলাকায় মাদক বিক্রি, চাঁদাবাজি, ছিনতাই ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য রোধের দাবিতে বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা প্রতিবাদ মিছিল করেছেন।

সোমবার (১৭ আগস্ট) পল্লবীর ৯১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মফিজুর রহমান মামুনের উদ্যোগে কালশী এলাকা থেকে মিছিলটি বের হয়।

মিছিলটি পল্লবীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এভিনিউ-৫ এলাকায় গিয়ে শেষ হয়।

মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা ‘মাদক, ছিনতাই ও চাঁদাবাজি বন্ধ করো’ এবং ‘কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে রুখে দাঁড়াও’সহ নানা প্রতিবাদী স্লোগান দেন।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন পল্লবী থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুদুর রহমান খান, ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আনোয়ার হোসেন এবং ৯১ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক বাবুল এলাহী।

এ ছাড়া স্বেচ্ছাসেবক দল, যুবদল, ছাত্রদল ও নারী নেত্রী লাইলীর নেতৃত্বে মহিলা দলের বিপুলসংখ্যক নেতাকর্মী এবং স্থানীয় বাসিন্দারা মিছিলে অংশ নেন।

মিছিল শেষে একটি সংক্ষিপ্ত পথসভায় বক্তারা বলেন, পল্লবীকে অপরাধমুক্ত করতে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর ওপর নির্ভরতা যথেষ্ট নয়। স্থানীয় বাসিন্দা, জনপ্রতিনিধি ও রাজনৈতিক কর্মীদের ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।

বক্তারা অপরাধীদের বিরুদ্ধে দ্রুত দৃশ্যমান ও আইনি ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানান।

আয়োজকেরা জানান, নিরাপদ ও অপরাধমুক্ত পল্লবী গড়ার লক্ষ্যে এলাকায় এ ধরনের জনসচেতনামূলক ও প্রতিবাদী কর্মসূচি ধারাবাহিকভাবে চলতে থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গোবিন্দগঞ্জে মেয়াদোত্তীর্ণ লাইসেন্সে চলছিল ক্লিনিক, সিলগালা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৭ই আগস্ট, ২০২৬ ইং

১০:৪৭ পি.এম


গোবিন্দগঞ্জে মেয়াদোত্তীর্ণ লাইসেন্সে চলছিল ক্লিনিক, সিলগালা

 

গাইবান্ধার গোবিন্দগঞ্জে একটি বেসরকারি ক্লিনিক সিলগালা করেছে জেলা সিভিল সার্জন কার্যালয়।

মডার্ন ক্লিনিক ও কনসালটেশন সেন্টার নামে পরিচিত ক্লিনিকটি লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণসহ বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়ায় সিলগালা করা হয়।

মঙ্গলবার দুপুরে গোবিন্দগঞ্জ হাসপাতাল মোড় এলাকায় ক্লিনিকটিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন গাইবান্ধার সিভিল সার্জন ডা. মো. রফিকুজ্জামান।

অভিযান শেষে সিভিল সার্জন ডা. মো. রফিকুজ্জামান জানান, ‘অভিযানে ক্লিনিকটির লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণসহ বিভিন্ন অনিয়মের সত্যতা পাওয়া গেছে। এ কারণে ক্লিনিকটি সিলগালা করে কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে।’

অভিযানে উপস্থিত ছিলেন গোবিন্দগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তামশীদ ইহরাম খান এবং উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাসুদুর রহমান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আনসার-ভিডিপি ব্যাংকে চালু হচ্ছে ডিজিটাল কোর ব্যাংকিং সেবা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ১৭ই আগস্ট, ২০২৬ ইং

১০:৪৯ পি.এম


আনসার-ভিডিপি ব্যাংকে চালু হচ্ছে ডিজিটাল কোর ব্যাংকিং সেবা

আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের ব্যাংকিং কার্যক্রমকে আধুনিক এবং দ্রুততর করতে অনলাইন রিয়েল-টাইম ডিজিটাল কোর ব্যাংকিং সলিউশন (সিবিএস) বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। সম্প্রতি, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তরে এসংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় বাহিনীর মহাপরিচালক ও ব্যাংকের চেয়ারম্যান মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ সভাপতিত্ব করেন। এ সময় উপস্থিত ছিলেন আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মীর মোফাজ্জল হোসেন এবং তথ্যপ্রযুক্তি সেবাদাতা প্রতিষ্ঠান লিডস করপোরেশন ও বিআরডি টিমের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

বৈঠকে আলোচনা হয় সিস্টেমের কারিগরি কাঠামো ও কৌশলগত সংযোগ নিয়ে, যা ডিজিটাল ব্যাংকিং সেবা দ্রুত এবং কার্যকরভাবে চালু করতে সহায়তা করবে। গ্রাহকসেবার উন্নয়নের জন্য দ্রুত ‘ডিজিটাল কেওয়াইসি’ চালুর সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, যা নতুন হিসাব খোলা এবং পরিচয় যাচাইকরণের প্রক্রিয়া ত্বরান্বিত করবে।

এছাড়া, একটি পূর্ণাঙ্গ ‘মোবাইল ব্যাংকিং অ্যাপ’ ও ‘ইন্টারনেট ব্যাংকিং’ প্ল্যাটফর্ম তৈরির রূপরেখা নির্ধারণ করা হয়েছে, যা গ্রাহকদের বিদ্যুৎ ও গ্যাস বিল পরিশোধ এবং মোবাইল রিচার্জের মত বিভিন্ন ইউটিলিটি সেবা সহজেই গ্রহণ করার সুযোগ দেবে।

বিভিন্ন সেবার মধ্যে নিরাপদ ও দ্রুত ডেটা আদান-প্রদান নিশ্চিত করতে ‘এপিআই ইন্টিগ্রেশন’ এবং প্রয়োজনীয় অনুমোদনের বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে। এ বিষয়ে, লিডস কর্পোরেশনের পক্ষ থেকে দ্রুততম সময়ে তাদের কারিগরি প্রস্তাবনা দাখিল করার অঙ্গীকার করা হয়েছে।

এ উদ্যোগের ফলে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের কার্যক্রমে গতিশীলতা আসবে এবং গ্রাহকরা খুব সহজেই নিরাপদ ডিজিটাল ব্যাংকিং সুবিধা পেতে সক্ষম হবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%