১০:১২ পি.এম
নোয়াখালীতে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ঝটিকা মিছিলের বিরোধিতা করে পৃথকভাবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্রদল এবং ইসলামী ছাত্রশিবির।
শনিবার বিকেলে সদর উপজেলার নোয়ান্নই ইউনিয়নের বাঁধেরহাট বাজারে আলাদা কর্মসূচির আয়োজন করে উভয় সংগঠন।
বিকেল সাড়ে ৫টার দিকে ছাত্রদলের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল বাঁধেরহাট বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে অনুষ্ঠিত সমাবেশে বক্তৃতা করেন সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ভিপি জসিম উদ্দিন, জেলা ছাত্রদলের সভাপতি এনবিএস রাসেল, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান রায়হান, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মাহমুদ পাটোয়ারী, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, সাবেক উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ চৌধুরী বাবু এবং শহর ছাত্রদলের সাধারণ সম্পাদক আশরাফুল করিম চৌধুরী বাবু।
আরও পড়ুন: সাতকানিয়ায় সাঙ্গু নদীর বেড়িবাঁধ ধসে মানুষের চরম দুর্ভোগ
সমাবেশে বক্তারা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ এবং যুবলীগের কর্মকাণ্ডের সমালোচনা করেন এবং যেকোনো ধরনের নাশকতা ও সহিংসতা প্রতিরোধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
অন্যদিকে, একই ঘটনার প্রতিবাদে বিকেল ৪টার দিকে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ইউনিয়ন শাখার উদ্যোগে বাঁধেরহাট বাজারে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
সমাবেশে উপস্থিত ছিলেন নোয়াখালী শহর শাখার সভাপতি ও কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য মাহবুবুর রহমান এবং ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মোমিনুর রহমান।
সংক্ষিপ্ত বক্তব্যে ছাত্রশিবির নেতারা বলেন, সাধারণ শিক্ষার্থীদের অধিকার ক্ষুণ্ন করা বা এলাকায় অস্থিতিশীল পরিবেশ তৈরির কোনো চেষ্টা সহ্য করা হবে না।
আরও পড়ুন: ফুলবাড়ী কয়লাখনি থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবি জানাল ৫০০ জনের মানববন্ধন
পৃথক দুই কর্মসূচিকে কেন্দ্র করে বাঁধেরহাট বাজার ও আশপাশের এলাকায় কিছু সময় উত্তেজনা বিরাজ করলেও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সতর্ক অবস্থানে ছিল।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার বিকেলে ওই এলাকায় নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের একটি ঝটিকা মিছিল অনুষ্ঠিত হয়েছিল। এর প্রতিবাদে শনিবার ছাত্রদল ও ছাত্রশিবির আলাদা কর্মসূচি পালন করে।
এদিকে, ওই ঘটনায় জড়িত থাকার অভিযোগে শনিবার পর্যন্ত ২৪ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
আরও পড়ুন: পাঁচবিবির গ্রামবাসীর নিজস্ব অর্থায়নে সেতু নির্মাণ, সরকারি সহযোগিতার দাবি
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন