১০:১৩ পি.এম
চিফ হুইপ নুরুল ইসলাম মনি জানিয়েছেন যে, আগামী ১১ জুন জাতীয় সংসদে বাজেট পেশ করা হবে এবং ১৫ জুন বিকেলে সম্পূরক বাজেট পাস হবে।
শনিবার সন্ধ্যায় সংসদীয় দলের সভা শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি আরো বলেন, ১৬ জুন থেকে বাজেট আলোচনা শুরু হবে। সেদিন থেকে সংসদ অধিবেশন সকাল-বিকাল চলতে পারে। ৩০ জুনের মধ্যে বাজেট পাস করতেই হবে, এরপর রাষ্ট্রপতির স্বাক্ষরের জন্য পাঠানো হবে। বাজেটের গেজেট রাত ১২টার আগেই প্রকাশ করতে হবে।
নুরুল ইসলাম মনি বলেন, ৩০ লাখ কোটি টাকা ঘাটতি নিয়ে এ সরকার যাত্রা শুরু করেছে। তবে সরকারের আন্তরিকতা এবং চুরি না করার কারণে দেশে একটি স্বাভাবিক পরিস্থিতি বজায় আছে। সভায় চুরি-দুর্নীতি বন্ধের বিষয়েও আলোচনা হয়েছে, জানান তিনি।
আরও পড়ুন: পদ্মা সেতু হয়ে রূপপুরে ইউরেনিয়াম পরিবহন, শ্রমিক আন্দোলনের শঙ্কা
চিফ হুইপ আরো জানান, সংসদীয় দলের সভায় বিভিন্ন মন্ত্রণালয়ের কাজের অগ্রগতি ও গত ১২০ দিনে সরকারের কার্যক্রম তুলে ধরা হয়েছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী এমন শিক্ষাব্যবস্থা চালুর নির্দেশনা দিয়েছেন, যা শিক্ষার্থীদের বাস্তবমুখী দক্ষতা অর্জনে সহায়তা করবে এবং প্রকৃত অর্থে শিক্ষিত করে তুলবে। পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানে মিড-ডে মিল চালুর নির্দেশনাও দেওয়া হয়েছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও চিফ হুইপ বলেন, দেশে চাঁদাবাজি ও মাদকের কোনো স্থান হবে না। যে বা যারা এসব কর্মকাণ্ডে জড়িত থাকবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। দলের লোক হলেও কোনোরকম ছাড় দেওয়া হবে না। প্রধানমন্ত্রীও এ বিষয়ে একমত।
তিনি জানান, জুয়া বন্ধসহ বিভিন্ন ধরনের অপরাধ নিয়ন্ত্রণে কার্যক্রম নেওয়া হচ্ছে। পাশাপাশি নির্বাচনী এলাকায় সরকারের উন্নয়ন কর্মকাণ্ড যথাযথভাবে বাস্তবায়ন হচ্ছে কি না, সে বিষয়ে সতর্ক দৃষ্টি রাখতে প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন।
সংবিধান সংশোধনের বিষয়ে নুরুল ইসলাম মনি বলেন, সংবিধান যুগোপযোগী করে মানুষের চাহিদা পূরণের জন্য সংশোধন প্রয়োজন। এ লক্ষ্যে একটি কমিটি গঠনের চেষ্টা চলছে, বিরোধী দলও এতে অংশ নেবে বলেও তিনি বিশ্বাস করেন।
আরও পড়ুন: ত্রিশাল ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে ২০ বছরেও নিয়োগ হয়নি জনবল
মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ প্রসঙ্গে তিনি বলেন, সংসদীয় পদ্ধতির সরকারে মন্ত্রীরা নানা কারণে পদত্যাগ করতে পারেন। দীপেন দেওয়ান স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন, জানান তিনি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন