১২:২৫ পি.এম
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, বাংলাদেশের তরুণদের আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদা বিবেচনায় প্রস্তুত করতে ভাষা শিক্ষা, কারিগরি দক্ষতা এবং প্রযুক্তিগত জ্ঞান অর্জনের মাধ্যমে আন্তর্জাতিক মানদণ্ডে তৈরি করা হবে। তিনি বলেন, সরকার বিদেশে জনশক্তি পাঠানোর লক্ষ্যেই নয়, বরং দক্ষ, ভাষাজ্ঞানসম্পন্ন এবং বিশ্বমানের মানবসম্পদ গড়ে তোলা তাও বিবেচনায় নিয়ে কাজ করছে। আজ ওসাকার একটি স্থানীয় কমিউনিটি সেন্টারে ওসাকা ও কোবেতে অবস্থানরত বাংলাদেশি শিক্ষার্থী, পেশাজীবী ও কমিউনিটি প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। ববি হাজ্জাজ বলেন, ‘বাংলাদেশের তরুণরাই আমাদের সবচেয়ে বড় শক্তি। তাদের গড়ে তুলতে সরকার ধারাবাহিকভাবে কাজ করছে, যাতে তারা আন্তর্জাতিক মানের ভাষা শিক্ষা, কারিগরি দক্ষতা ও প্রযুক্তিগত সক্ষমতায় প্রতিষ্ঠিত হতে পারে। জাপানের মতো উন্নত দেশের শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ জনশক্তি তৈরি করা গেলে তা দেশের অর্থনীতি, কর্মসংস্থান এবং বৈদেশিক আয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।’ তিনি জানান, ভাষা শিক্ষা, দক্ষতা উন্নয়ন এবং মানসম্মত কারিগরি শিক্ষাকে আরও শক্তিশালী করার জন্য প্রয়োজনীয় নীতিগত এবং প্রাতিষ্ঠানিক উদ্যোগ গ্রহণ করা হবে। প্রবাসী বাংলাদেশিদের অভিজ্ঞতা ও সুপারিশগুলোকে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার সঙ্গে সমন্বয় করে গুরুত্ব সহকারে বিবেচনা করা হবে। মেধাবী শিক্ষার্থীদের যেন অর্থের অভাবে বিদেশে উচ্চশিক্ষার সুযোগ হারাতে না হয়, সে বিষয়ে গুরুত্ব দেওয়ার আশ্বাস প্রদান করে ববি হাজ্জাজ বলেন, বিদেশে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীরা দেশের গুরুত্বপূর্ণ সম্পদ। তাদের অভিজ্ঞতা এবং বাস্তব পরামর্শ ভবিষ্যতে শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও মানবসম্পদ গঠনের নীতিনির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। মতবিনিময়ে অংশগ্রহণকারীরা ভাষা শিক্ষা প্রতিষ্ঠানগুলোর জন্য জাতীয় মাননিয়ন্ত্রণ (অ্যাক্রেডিটেশন) ব্যবস্থা চালু, জাপানি ভাষার শিক্ষার মানোন্নয়ন এবং ভাষা শিক্ষকদের জন্য বিশেষায়িত প্রশিক্ষণ প্রতিষ্ঠানে গুরুত্ব আরোপ করেন। তারা কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা (টিভিইটি) এবং তথ্যপ্রযুক্তি শিক্ষার সমন্বয়ের প্রয়োজনীয়তা জানান দিয়েছিলেন। একই সঙ্গে বক্তারা জাপান থেকে প্রশিক্ষণ পেয়ে দেশে ফিরে আসা তরুণদের অর্জিত দক্ষতার প্রকৌশল, প্রযুক্তি ও অটোমোটিভ শিল্পে কাজে লাগানোর জন্য নীতিগত সহায়তার প্রস্তাব দেন। অংশগ্রহণকারীদের এসব সুপারিশের প্রেক্ষিতে প্রতিমন্ত্রী বলেন, সরকার জাপানি ভাষা শিক্ষার মানোন্নয়ন, মাননিয়ন্ত্রণ ব্যবস্থা প্রণয়ন, শিক্ষকদের দক্ষতা উন্নয়ন এবং আন্তর্জাতিক শ্রমবাজারের উপযোগী কারিগরি শিক্ষার সম্প্রসারণে গুরুত্ব সহকারে কাজ করবে। এ ছাড়া দেশে ফিরে আসা প্রবাসীদের অর্জিত জ্ঞান দেশের শিল্প ও উৎপাদন খাতে কাজে লাগানোর নীতিগত সহায়তা নিশ্চিত করা হবে। মতবিনিময় সভায় টোকিওস্থ বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তাবৃন্দ, জাপানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থী, প্রবাসী পেশাজীবী, ব্যবসায়ী ও কমিউনিটি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন