০৩:৪৯ এম
রাজধানী গুলিস্তানের দীর্ঘদিনের যানজট সমস্যা সমাধানে সরকার ফুলবাড়িয়া আন্তঃজেলা বাসস্ট্যান্ড কেরানীগঞ্জের ইকুরিয়ায় স্থানান্তরের উদ্যোগ গ্রহণ করেছে।
মঙ্গলবার (৭ জুলাই) এ উদ্দেশ্যে সম্ভাব্য স্থানগুলোর পরিদর্শন করেছেন সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা। পরিদর্শনের শেষে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে যে কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় নতুন বাস টার্মিনাল স্থাপনের ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে।
এখন পর্যন্ত জানানো হয়েছে, নতুন বাস টার্মিনালের জন্য তিনটি স্থান পরিদর্শন করা হয়েছে: কেরানীগঞ্জের বাঘৈর তেগরিয়া, তেগরিয়া আন্ডারপাস সংলগ্ন এলাকা এবং ইকুরিয়া হাসনাবাদ। সম্ভাব্যতা, যোগাযোগ ব্যবস্থা, সড়ক সংযোগ, যান চলাচলের সক্ষমতা ও ভবিষ্যৎ সম্প্রসারণের সুযোগের ভিত্তিতে শেষ পর্যন্ত ইকুরিয়া হাসনাবাদ স্থানটি নির্বাচিত করা হয়েছে।
আরও পড়ুন: আইইডিসিআর কার্যালয়ে ঢুকে পরিচালককে মারধরের অভিযোগ
পরিদর্শনে সরকারি কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার, ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানম, ঢাকা জেলার পুলিশ সুপার, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী এবং সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তাবৃন্দ। এছাড়া, পাবনা-৫ আসনের সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাসও সেখানে উপস্থিত ছিলেন।
বর্তমানে গুলিস্তানের ফুলবাড়িয়া বাসস্ট্যান্ড থেকে প্রতিদিন বিপুলসংখ্যক আন্তঃজেলা বাস চলাচল করে। এই বাসগুলোর কারণে গুলিস্তান, বঙ্গভবন, গোলাপশাহ মাজার, দৈনিক বাংলা মোড় ও আশপাশের এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়। নতুন বাসস্ট্যান্ডটি ইকুরিয়ায় স্থানান্তরিত হলে, এই বাসগুলোকে শহরের কেন্দ্র পর্যন্ত প্রবেশ করতে হবে না, যা গুলিস্তানসহ কেন্দ্রীয় এলাকার যানবাহনের চাপ উল্লেখযোগ্যভাবে কমাতে সাহায্য করবে।
নতুন টার্মিনাল নির্মিত হলে যাত্রীসেবাও আরও আধুনিক ও সুশৃঙ্খল হবে। এখানে বাস পার্কিংয়ের স্থায়ী ব্যবস্থা তৈরি হবে এবং রাজধানীর দক্ষিণ-পশ্চিমাঞ্চল থেকে প্রবেশ ও বের হওয়া যানবাহনের চলাচলও সহজ হবে।
সংশ্লিষ্ট সূত্র জানাচ্ছে, ইকুরিয়ায় বাস টার্মিনাল স্থাপনের সিদ্ধান্ত বাস্তবায়নে ভূমি, অবকাঠামো, সড়ক সংযোগ ও প্রয়োজনীয় প্রশাসনিক কার্যক্রম দ্রুত এগিয়ে নেওয়া হবে। প্রকল্পটি বাস্তবায়িত হলে রাজধানীর অন্যতম যানজটপূর্ণ এলাকা গুলিস্তানে যানবাহনের চাপ কমানোর ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে।
আরও পড়ুন: বিএনপিকে অপরাজনীতির পরিণতি ভোগ করতে হবে: সাদিক কায়েম
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন