০২:৩৯ এম
বরগুনার বেতাগী উপজেলায় নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিল ও সাংগঠনিক কার্যক্রমের প্রস্তুতিকালে পুলিশ ৬ জনকে আটক করেছে।
শুক্রবার (১৯ জুন) বিকেলে, ফেরিঘাট এলাকার মুক্তিযোদ্ধাদের স্মৃতিস্তম্ভ ‘দুর্জয় বেতাগী ভাস্কর্যের’ আশপাশে বিশেষ অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।
এ ঘটনাটি নিয়ে রাত ৮টায় বেতাগী থানার পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে জানানো হয় যে, নিষিদ্ধ ছাত্রলীগের কিছু কর্মী উপজেলার বিভিন্ন এলাকা থেকে ফেরিঘাট এলাকায় এসে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার প্রস্তুতি নিচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে বেতাগী থানা পুলিশ সেখানে অভিযান চালায়।
আরও পড়ুন: ৯৬ লাখ টাকা চুরির ঘটনায় ভাগ নেওয়ার অভিযোগে ইউপি চেয়ারম্যান শাহ আলম গ্রেপ্তার
পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর পর বেশ কিছু কর্মী পালিয়ে গেলেও ৬ জনকে আটক করতে সক্ষম হয়।
আটক যুবকদের মধ্যে রয়েছে উপজেলা বিবিচিনি ইউনিয়নের ফুলতলা গ্রামের মাহবুব মোল্লার ছেলে মাহিম (১৭), হারুন মিয়ার ছেলে মো. সিফাত (১৯), বশির হাওলাদারের ছেলে পারভেজ (২০), তালগাছিয়া গ্রামের মনজুরুল হোসেনের ছেলে নাঈম (১৭), দক্ষিণ হোসনাবাদের বাসিন্দা শিপন মোল্লার ছেলে শাহীন (১৯), এবং খলিলুর রহমানের ছেলে তাওহিদ (১৮)।
এ সময় তাদের কাছ থেকে আওয়ামী লীগের কিছু হ্যান্ড বিল ও পতাকা জব্দ করা হয়।
শুক্রবার রাত সাড়ে ৮টায় বেতাগী থানায় সংবাদ সম্মেলনে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন-অর-রশিদ হাওলাদার বলেন, আগস্ট মাসকে সামনে রেখে ছাত্রলীগ কর্মীরা বেতাগী ফেরিঘাট এলাকার দুর্জয় ভাস্কর্যের সামনে জড়ো হতে শুরু করেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এই ৬ জনকে আটক করা হয়। এ ছাড়া, অভিযানের সময় কয়েকজন পালিয়ে যায়।
আরও পড়ুন: সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিক পশারীর গার্ড অব অনার দিতে বাধার অভিযোগ
জিজ্ঞাসাবাদে আটককৃতরা কোনো সাংগঠনিক পদে থাকার বিষয়টি স্বীকার করেনি। এজন্য তাদের ছাত্রলীগের পদ নিয়ে বিস্তারিত আলোচনা করা সম্ভব হয়নি।
তিনি আরও জানান, যেকোনো ধরনের নাশকতা প্রতিরোধ ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ অভিযান পরিচালনা করা হয়েছে। আটকদের ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন