০৭:১৮ পি.এম
রাজধানীর পল্টনে জাতীয় কাবাডি স্টেডিয়ামে জমজমাট লড়াইয়ে নেপালকে ৮ পয়েন্টের ব্যবধানে হারিয়ে বাংলাদেশ জাতীয় নারী কাবাডি দল পাঁচ ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেছে। ম্যাচটি নিজেদের করে নেয় স্বাগতিকরা ৩১-২৩ পয়েন্টে।
ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে খাদিজা হয়েছেন ম্যাচসেরা।
ম্যাচের শুরু থেকেই দুই দলের মধ্যে লড়াইয়ের আভাস পাওয়া যায়। প্রথমার্ধে বাংলাদেশ স্কোরে লিড ধরে রাখলেও নেপালও দারুণভাবে লড়াই চালিয়ে যেতে থাকে। ম্যাচের ১০ মিনিটে নেপালকে প্রথমবারের মতো অলআউট করে এক পর্যায়ে বাংলাদেশ ১৭-১০ পয়েন্টের বড় ব্যবধানে সুবিধাজনক অবস্থানে চলে যায়।
আরও পড়ুন: ঢামেকে অ্যাম্বুলেন্স ধর্মঘটে মরদেহ পরিবহনে বিপাকে স্বজনরা, রোগীরাও ভোগান্তিতে
বাংলাদেশ-নেপাল ম্যাচের একটি মুহূর্ত।
কিন্তু পিছিয়ে পড়ার পর নেপালি খেলোয়াড়রা দারুণভাবে ঘুরে দাঁড়ায়। একটি সফল সুপার রেইড থেকে তারা তিন পয়েন্ট আদায় করে ব্যবধান কমিয়ে আনে। প্রথমার্ধের খেলা শেষে লাল-সবুজের প্রতিনিধিরা ১৭-১৩ পয়েন্টে এগিয়ে ছিল।
বিরতির পর বাংলাদেশ কিছু পয়েন্ট সংগ্রহ করে চেষ্টা চালিয়ে ব্যবধান বাড়ানোর, কিন্তু নেপালও ম্যাচে ফেরার লড়াই অব্যাহত রাখে। শেষ পর্যন্ত বাংলাদেশ ৩১-২৩ পয়েন্টের জয় নিয়ে মাঠ ছাড়ে, যা সিরিজে তাদের ২-১ ব্যবধানে এগিয়ে দেয়।
খেলা শুরুর আগে দুই দলের খেলোয়াড়দের সাথে পরিচিত হন জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক (ক্রীড়া) মোহাম্মদ আমিনুল এহসান। এ সময় কাবাডি ফেডারেশনের যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন আনুও উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: কেপটাউনে অস্ট্রেলিয়ার দুর্দান্ত প্রত্যাবর্তন, দক্ষিণ আফ্রিকা ৩২৯ রানে গুটিয়ে
পাঁচ ম্যাচের এই সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ জয় পেলেও দ্বিতীয় ম্যাচে নেপাল ঘুরে দাঁড়িয়ে জয় অর্জন করেছিল।
আগামীকাল বিকেল ৪টায় একই ভেন্যুতে গড়াবে সিরিজের গুরুত্বপূর্ণ চতুর্থ ম্যাচ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন