ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

ইরান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিয়ে আলোচনা করবে না


ইরান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিয়ে আলোচনা করবে না

আমেরিকার সঙ্গে ইরানের চলমান আলোচনায় দেশটির ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি কখনো আলোচনার টেবিল বা এজেন্ডায় ছিল না, এমনটা স্পষ্ট জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। অথচ পূর্বে যুক্তরাষ্ট্র ও ইসরাইল এই ক্ষেপণাস্ত্র কর্মসূচি ধ্বংস করাকে ইসলামিক প্রজাতন্ত্রটির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার অন্যতম প্রধান লক্ষ্য হিসেবে উল্লেখ করেছিলেন। ইসলামাবাদে সফররত ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে পাকিস্তানের প্রধানমন্ত্রী এই তথ্য নিশ্চিত করেন। 'ইসলামাবাদ সমঝোতা স্মারক' (এমওইউ)-এর কথা উল্লেখ করে তিনি বলেন, এটি কোনো ধারণা নয় বরং বাস্তব সত্য যে ইরান কখনোই তাদের ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে আলোচনা করতে চায়নি এবং তা আলোচনার সূচিতেও ছিল না। এ সময় বৈশ্বিক রাজনীতির দ্বিমুখী নীতির সমালোচনা করে শাহবাজ শরিফ বলেন, অন্য দেশগুলোর ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র থাকতে পারলে ইরানের কেন থাকবে না, এমন দ্বিচারিতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

সংবাদ সম্মেলনে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান আরও কঠোর অবস্থান ব্যক্ত করে জানান, ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি কখনোই কোনো চুক্তির অংশ হবে না এবং এ বিষয়ে তারা কোনো আপস করবেন না। দেশের প্রতিরক্ষায় এই ক্ষেপণাস্ত্রের প্রয়োজনীয়তা তুলে ধরে তিনি বলেন, আজ যদি ইরানের এই আত্মরক্ষামূলক ব্যবস্থা না থাকত, তবে যুক্তরাষ্ট্র ও ইসরাইল গাজার মতোই ইরানকেও মাটির সঙ্গে মিশিয়ে দিত, তারা শিশু বা বৃদ্ধ কারও প্রতি দয়া দেখাত না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও সম্প্রতি প্যারিসে অনুষ্ঠিত জি-৭ শীর্ষ সম্মেলনে স্বীকার করেছেন যে, ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি বন্ধের দাবিটি অবাস্তব ছিল। ট্রাম্প মন্তব্য করেন, অন্য দেশগুলোর কাছে যখন এই প্রযুক্তি রয়েছে, তখন ইরানের কাছে তা না থাকাটা এক ধরনের অন্যায়।

অথচ যুদ্ধের শুরুতে আমেরিকার অবস্থান এমন ছিল না। গত ১ এপ্রিল প্রকাশিত এক মার্কিন প্রেসিডেন্ট স্মারকে পরিষ্কার বলা হয়েছিল, অভিযানের প্রথম দিন থেকেই তাদের প্রধান লক্ষ্য ছিল ইরানের ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্রের মজুত ও উৎপাদন সক্ষমতা পুরোপুরি ধ্বংস করা এবং তাদের নৌবাহিনীর হুমকি নির্মূল করা। তবে সামরিক অভিযান শেষ হওয়ার পর আমেরিকার এই প্রাথমিক লক্ষ্যগুলোতে বড় ধরনের পরিবর্তন এসেছে। শাসনব্যবস্থার পরিবর্তন, ক্ষেপণাস্ত্র কর্মসূচি ধ্বংস কিংবা ইউরেনিয়াম মজুত জব্দ করার মতো মূল উদ্দেশ্যগুলোর একটিও অর্জিত হয়নি। ফলে বর্তমানে ওয়াশিংটন কেবল হরমুজ প্রণালী উন্মুক্ত রাখা এবং ইরান যেন পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে, সেই বিষয়ের ওপরই বেশি জোর দিচ্ছে।

আরও পড়ুন: কক্সবাজারে নলকূপ খননের স্থান থেকে গ্যাসের আগুন, বাপেক্সের বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে

পাকিস্তান ও কাতারের মধ্যস্থতায় সুইজারল্যান্ডে 'ইসলামাবাদ সমঝোতা স্মারক'-এর আওতায় দুই দেশের মধ্যে এই উচ্চপর্যায়ের কারিগরি আলোচনা চলছে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং ইরানের প্রধান মধ্যস্থতাকারী মোহাম্মদ বাঘের গালিবাফের মধ্যে প্রথম দফার বৈঠককে 'ইতিবাচক অগ্রগতি' হিসেবে বর্ণনা করা হয়েছে। এর পরপরই যুক্তরাষ্ট্র ইরানের ওপর থেকে সাময়িক নিষেধাজ্ঞা স্থগিত করেছে, যা যুদ্ধকালীন অবরোধের মুখে পড়া ইরানের তেল রপ্তানি ও অর্থনীতিতে বড় স্বস্তি ফিরিয়ে আনবে বলে ধারণা করা হচ্ছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এই আলোচনাকে সফল বলেছেন এবং জানিয়েছেন, আগামী ৬০ দিনের মধ্যে একটি চূড়ান্ত চুক্তিতে পৌঁছানোর রোডম্যাপ তৈরি হয়েছে।

এই সমঝোতা স্মারকের আওতায় লেবানন সীমান্তেও শত্রুতা অবসানের প্রতিশ্রুতি রয়েছে, তবে তা বাস্তবায়ন করা বেশ কঠিন হয়ে দাঁড়িয়েছে। ইসরাইল আমেরিকার এই যুদ্ধবিরতির প্রচেষ্টাকে উপেক্ষা করায় ওয়াশিংটনে লেবানন ও ইসরাইলের মধ্যে পঞ্চম দফার পৃথক ও প্রত্যক্ষ আলোচনা শুরু হয়েছে। তিন দিনব্যাপী এই বৈঠকে লেবানন মূলত দক্ষিণ লেবানন থেকে ইসরাইলি সেনা প্রত্যাহার, বন্দিমুক্তি এবং বাস্তুচ্যুতদের পুনর্বাসনের সময়সীমা নির্ধারণের দাবি জানাচ্ছে। বিপরীতে ইসরাইল সেনা প্রত্যাহারের বিষয়টিকে হিজবুল্লাহর সম্পূর্ণ নিরস্ত্রিকরণের সাথে জুড়ে দিয়েছে এবং দক্ষিণ লেবাননে নিজস্ব নিরাপত্তা অঞ্চল বজায় রাখার শর্তে অনড় রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চাঁপাইনবাবগঞ্জ শহরের নিউমার্কেটে অগ্নিকাণ্ড

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৪শে জুন, ২০২৬ ইং

১১:০৫ এম


চাঁপাইনবাবগঞ্জ শহরের নিউমার্কেটে অগ্নিকাণ্ড

চাঁপাইনবাবগঞ্জ শহরের নিউমার্কেটে একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে গেছে। আগুনের নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট এখন কাজ করে যাচ্ছে।

বুধবার সকাল ৮টার সময় আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। এরপর সকাল ৯টার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। সকাল সাড়ে ১০টার দিকে দেখা যায়, আগুন অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে।

চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার আব্দুল লতিফ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, "আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করছে। তবে কী কারণে আগুনের সূত্রপাত ঘটেছে, তা তাৎক্ষণিকভাবে জানানো সম্ভব হয়নি। তদন্তের পর এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে।"

অগ্নিকাণ্ডের ফলে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা সম্ভব হয়নি। তবে, আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এলে এ সম্পর্কে বিস্তারিত তথ্য জানানো হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাসেল মেসিদের খেলা দেখতে গিয়ে লাশ হয়ে ফিরলেন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৪শে জুন, ২০২৬ ইং

১১:০৭ এম


রাসেল মেসিদের খেলা দেখতে গিয়ে লাশ হয়ে ফিরলেন

রাজধানীর কদমতলী থানার মুন্সিখোলা এলাকায় দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত মো. রাসেল (২৯) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

বুধবার (২৪ জুন) দিবাগত রাত সাড়ে ৪টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রাসেল, যিনি মুন্সিখোলা এলাকার একটি কারখানায় শ্রমিক হিসেবে কাজ করতেন, তার গ্রামের বাড়ি ভোলার সদর উপজেলায়। তিনি নারায়ণগঞ্জের ফতুল্লা থানার রসুলপুর এলাকায় পরিবার নিয়ে ভাড়া বাসায় বসবাস করতেন।

নিহত রাসেলের বোন রেশমা আক্তারের বরাতে জানা যায়, গত ২২ জুন রাতে আর্জেন্টিনার একটি ফুটবল ম্যাচ দেখার উদ্দেশ্যে তিনি বন্ধুদের সঙ্গে বাসা থেকে বের হন। পরে খেলার হাফটাইমের সময়, কয়েকজন বন্ধু তাকে ডেকে নিয়ে নদীর ধারে যায়। সেখানে তাকে বেধড়ক মারধর করে গুরুতর আহত অবস্থায় রাস্তায় ফেলে রেখে পালিয়ে যায় তারা।

স্থানীয়রা পরে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। কিন্তু তার অবস্থার অবনতি হলে তাকে অন্য একটি হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাসেলের মৃত্যু ঘটে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোহাম্মদ ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে এবং সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে ‘মহাজাদু’ গান, হাবিবের প্রতিক্রিয়া

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

বুধবার, ২৪শে জুন, ২০২৬ ইং

১১:১৩ এম


মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে ‘মহাজাদু’ গান, হাবিবের প্রতিক্রিয়া

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয় প্রকাশিত বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরসংবলিত একটি ভিডিওতে সংগীতশিল্পী হাবিব ওয়াহিদের জনপ্রিয় গান ‘মহাজাদু’ ব্যবহার করা হয়েছে। বিষয়টি আগে থেকে না জানলেও ভিডিওটি দেখে তিনি বিস্মিত হয়ে পড়েন।

মঙ্গলবার (২৩ জুন) মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সরকারি ফেসবুক পেজে ওই ভিডিওটি প্রকাশিত হয়। ভিডিওতে তারেক রহমানের মালয়েশিয়া সফরের বিভিন্ন মুহূর্ত তুলে ধরা হয়। ভিডিওটির পেছনের সংগীত হিসেবে রাখা হয় হাবিবের জনপ্রিয় গান ‘মহাজাদু’ যা সিনেম্যাটিক চিত্রায়ণে উপস্থাপন করা হয়।

বিষয়টি জানার পর হাবিব ওয়াহিদ বলেন, সকালে ঘুম থেকে উঠে মোবাইলে বিভিন্ন পরিচিতদের পাঠানো লিংক দেখতে পেয়ে কৌতূহল থেকে ভিডিওটি খুলে দেখেন। সেখানে নিজের গান শুনে তিনি অবাক হয়ে যান।

তিনি আরও বলেন, তারেক রহমানের প্রথম রাষ্ট্রীয় সফরের মতো গুরুত্বপূর্ণ একটি ভিডিওতে তার গান ব্যবহার হওয়া তার জন্য একটি বড় আনন্দ ও সম্মানের বিষয়। দুই দেশের সম্পর্কের সাথে যুক্ত এই গুরুত্বপূর্ণ সফরের ভিডিওতে নিজের গান জায়গা পাওয়ার বিষয়টি তাকে অনুপ্রাণিত করেছে।

তবে এ বিষয়ে আগে থেকে তার সঙ্গে কেউ যোগাযোগ করেনি বলেও জানান হাবিব। এরপর তিনি বলেন, “কেউ আমার সঙ্গে এটা নিয়ে কথাও বলেনি, আমি নিজেই অবাক হয়েছি।”

ভিডিওতে কেন ‘মহাজাদু’ গানটি বেছে নেওয়া হয়েছে, এ বিষয়ে হাবিব জানেন না। তবে তার ধারণা, সংশ্লিষ্টদের গানটি ভালো লেগেছে বলেই এটি ব্যবহার করা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়লেও হাবিব নিজে খুব বেশি সক্রিয় নয়। তিনি উল্লেখ করেন, মোবাইলে নিয়মিত ফেসবুক ব্যবহার করেন না, এজন্য সরাসরি মানুষের প্রতিক্রিয়া দেখেননি। তবে পরিচিতদের কাছ থেকে ইতিবাচক সাড়া পাওয়ার কথা শুনেছেন।

হাবিব আরও জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তার ব্যক্তিগত কোনো যোগাযোগ বা সাক্ষাৎ হয়নি। তাই পুরো ঘটনাটি তার কাছে আরও বেশি চমকের মতো মনে হয়েছে।

বর্তমান ব্যস্ততা সম্পর্কে তিনি বলেন, নতুন গান নিয়ে কাজ করছেন। সম্প্রতি প্রকাশিত তার গান ‘প্রেমের কলঙ্ক’ শ্রোতাদের ভালো সাড়া পেয়েছে এবং সেটি নিয়েই তিনি ব্যস্ত সময় কাটাচ্ছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আ.লীগ ও এর অঙ্গসংগঠনের তিন নেতা আটক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৪শে জুন, ২০২৬ ইং

১১:১৬ এম


আ.লীগ ও এর অঙ্গসংগঠনের তিন নেতা আটক

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বিশেষ ‘ডেভিল হান্ট’ অভিযানে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের তিন নেতাকে পুলিশ আটক করেছে।

সোমবার (২২ জুন) রাতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ।

আটক হওয়া ব্যক্তিরা হচ্ছেন উপজেলার বায়েক ইউনিয়নের নয়নপুর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে মকবুল হোসেন (৪১), কাইমপুর ইউনিয়নের পানিয়ারুপ গ্রামের মৃত জামাল উদ্দিনের ছেলে কামাল উদ্দিন (৫৬) এবং খাড়েরা দক্ষিণ গ্রামের মৃত বজলুর রহমানের ছেলে মেজবাউর রহমান রিমন ভূঁইয়া (৫৬)।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মকবুল হোসেন বায়েক ইউনিয়ন আওয়ামী লীগের সক্রিয় সদস্য এবং অর্থ জোগানদাতা হিসেবে পরিচিত। কামাল উদ্দিন কাইমপুর ইউনিয়ন কৃষক লীগের সভাপতি এবং মেজবাউর রহমান রিমন ভূঁইয়া খাড়েরা ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি।

পুলিশ আরও জানায়, চলমান বিশেষ ডেভিল হান্ট অভিযানের অংশ হিসেবে তাদের আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজনীন সুলতান বলেন, অপরাধ দমন এবং আইনশৃঙ্ঘলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%