মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ ইং
০৫:৩৪ পি.এম
রাজধানীর তেজগাঁওয়ে সড়ক ও জনপথ স্টাফ কোয়ার্টারের একটি তালাবদ্ধ কক্ষ থেকে পুলিশ গৃহবধূ নিশি আক্তারের (১৯) মৃতদেহ উদ্ধার করেছে। এই ঘটনায় তার স্বামী সাগর পলাতক অবস্থায় রয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরের দিকে কম্বলে মোড়ানো অবস্থায় মৃতদেহটি উদ্ধার করা হয়। তেজগাঁও শিল্পাঞ্চল থানার উপ-পরিদর্শক আব্দুল হামিদ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, নিশি আক্তারকে মারধরের পর শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে এবং হত্যাকারী বাইরে থেকে রুমটি তালাবদ্ধ করে পালিয়ে যায়। ময়নাতদন্তের জন্য মৃতদেহ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
নিশি আক্তার চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মো. খোকনের কন্যা। তার স্বামী সাগরের সঙ্গে ৫/৬ বছর আগে বিয়ে হয় এবং তাদের একটি ৪ বছরের সন্তান রয়েছে।
পুলিশ জানিয়েছে, নিশি আক্তারের হত্যার কারণ বা প্রেক্ষাপট সম্পর্কে তদন্ত চলছে। তবে সন্দেহের তীর তার স্বামীকে ঘিরে রয়েছে, যিনি মাদকাসক্ত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বিএনপি সারা দেশে সুষম উন্নয়নে বিশ্বাস করে—এমনটি উল্লেখ করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছেন, দেশের অন্যান্য অঞ্চলের মতো রংপুরেও উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়া হবে। তিনি আশা প্রকাশ করেছেন যে, আগামী সাড়ে চার বছরে সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের সুফল জনগণ দেখতে পারবেন।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে রংপুরের পীরগঞ্জ উপজেলার বড়দরগাহ থেকে ভেন্ডাবাড়ী সড়ক শক্তিশালীকরণ ও মেরামতকরণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে আয়োজিত সংক্ষিপ্ত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, "আমরা আপনাদের বেহেশতের গ্যারান্টি দিতে পারব না। বেহেশত পেতে হলে মহান আল্লাহর ইবাদত করতে হবে। আমরা আপনাদের উন্নয়নের গ্যারান্টি দিতে চাই। আগামী সাড়ে চার বছরে আপনারা সেই উন্নয়ন দেখতে পারবেন।"
মীর শাহে আলম আরও বলেন, ১১ দলীয় জোটের কর্মকাণ্ডের মাধ্যমে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা চলছে। তিনি উল্লেখ করেন, "দুই থেকে তিন হাজার গাড়ি নিয়ে লাখ লাখ লিটার তেল ও গ্যাস অপচয় করে তারা বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত রয়েছে।"
বিদ্যুৎ ও গ্যাসের সংকট প্রসঙ্গে প্রতিমন্ত্রী মন্তব্য করেন, বিগত ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকারের আমলে সৃষ্ট সংকট বর্তমান সরকারকে মোকাবেলা করতে হচ্ছে। তিনি বলেন, "এ পরিস্থিতির জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান দুঃখ প্রকাশ করেছেন। অথচ সরকার গঠনের ছয় মাস না যেতেই একটি নির্বাচিত সরকারকে পতনের হুমকি দেওয়া হচ্ছে।"
তিনি আরো বলেন, "সরকারের পতন এত সহজ নয়। ২০ বছর ধরে বহু চড়াই-উতরাই পেরিয়ে আমরা তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন করেছি। এ গদি জনগণের গদি। জনগণের সমর্থনে প্রতিষ্ঠিত এ সরকারকে সহজে সরানো যাবে না।"
প্রতিমন্ত্রী বলেন, "আমরা পাঁচ বছর জনগণের জন্য কাজ করতে চাই। এরপর জনগণের কাছে ভোট চাইতে যাব। আমাদের কাজ পছন্দ হলে জনগণ ভোট দেবেন, পছন্দ না হলে ভোট দেবেন না। জনগণই সিদ্ধান্ত নেবেন, কারা দেশ পরিচালনা করবে।"
জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় জোটের প্রতি আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, "এমন কোনো কর্মকাণ্ড করা উচিত নয়, যাতে স্বৈরাচার শেখ হাসিনার ফিরে আসার পথ সুগম হয়। এ দেশের মানুষ শেখ হাসিনাকে আর ক্ষমতায় ফিরতে দেবে না। এ ধরনের কোনো ষড়যন্ত্রও দেশের মানুষ মেনে নেবে না।"
তিনি বলেন, "জনগণের প্রত্যাশা পূরণে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। দেশের প্রতিটি অঞ্চলে উন্নয়নের সুফল পৌঁছে দিতে সরকার কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় রংপুরের সড়ক যোগাযোগব্যবস্থার উন্নয়নেও বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে।"
এ সময় স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতাকর্মী, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
পিরোজপুরের জিয়ানগরে ওয়ার্ড আওয়ামীলীগ নেতা আলম মুন্সি (৭০) কে গ্রেফতার করেছে পুলিশ। জানা যায়, সোমবার রাতে ইন্দুরকানী থানা পুলিশ অভিযান চালিয়ে উপজেলার কালাইয়া গ্রাম থেকে উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ আলম মুন্সি গ্রেফতার করে। গ্রেফতারকৃত আলম মুন্সি কালাইয়া গ্রামের মৃত জবেদ আলীর ছেলে এবং ০৪নং ইন্দুরকানী সদর ইউনিয়নের ০৫নং কালাইয়া ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি এবং উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ আতিকুর রহমান ছগিরের পিতা। সন্ত্রাস বিরোধী আইনের একটি মামলায় আক দেখিয়ে মঙ্গলবার আদালতে পাঠিয়েছে পুলিশ।
ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মহব্বত খান জানান, সন্ত্রাস বিরোধী আইনে তাকে গ্রেফতার করা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে মঙ্গলবার তাকে পিরোজপুর আদালতে পাঠানো হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বরিশালের বাকেরগঞ্জ পৌরসভার দুই নম্বর ওয়ার্ডে তরিকুল ইসলামের বসতবাড়ি ও ভাড়া দেওয়া ব্যবসাপ্রতিষ্ঠান রাতের আঁধারে দখলের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের বাসিন্দা তরিকুল ইসলাম ২০১৯ সালে সংশ্লিষ্ট জমি ক্রয় করে সেখানে বসতবাড়ি নির্মাণ করেন। পাশাপাশি বসতবাড়ির সামনের অংশে ব্যবসাপ্রতিষ্ঠানের জন্য একটি ভবন নির্মাণ করে তা ভাড়া দেন। গত ২৫ সেপ্টেম্বর রাত ৮টার দিকে ভরপাশা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মৃত আব্দুর রহমান খলিফার ছেলে সিদ্দিক খলিফা ও আবুল বাশার খান সেলিমের ছেলে তারেক খান রঙ্গশ্রী ইউনিয়নের শোভাকাঠি গ্রামের মৃত ফখরুদ্দিন হাওলাদারের ছেলে নাসির হাওলাদার, পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. নাছির ওরফে কালা নাছিরসহ ৫-৭ জন ব্যক্তি সেখানে যান।
তারা ভবনটিতে থাকা ভাড়াটিয়াদের বের করে দেন এবং সামনের দোকানের তালা ভেঙে সৈয়দ মোজাম্মেল নামে এক ব্যক্তিকে সেখানে ব্যবসা করার জন্য বসিয়ে দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আদিল হোসেন বলেন, পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে জমি নিয়ে বিরোধের ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রাজশাহী, ২৯ সেপ্টেম্বর, ২০২৬ : রাজশাহী মহানগর যুবদলের উদ্যোগে নগরীর ১নং ওয়ার্ডে প্লেজার কিন্ডার গার্ডেন স্কুলের শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন ফলজ বৃক্ষ বিতরণ ও বৃক্ষরোপণের কার্যক্রম সম্পন্ন হয়েছে।
আজ সকাল ১১টায় ১নং ওয়ার্ডের পীর সাহেব পাড়ায় প্লেজার কিন্ডার গার্ডেন স্কুলের প্রাঙ্গণে এই কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন— রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক মো. শরিফুল ইসলাম জনি, রাজশাহী মহানগর যুবদলের সদস্য সচিব মো. রফিকুল ইসলাম রবি, রাজশাহী মহানগর যুবদলের যুগ্ম-আহ্বায়ক মো. সোহেল রানা, যুগ্ম-আহ্বায়ক (দপ্তর সম্পাদক) মাসুদুল হক মৃধা মমিন, রাজশাহী মহানগর যুবদলের সদস্য মোহন আলী, আখলেছুর রহমান সাজিম, ১নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি মাইনুল হোসেন, সাধারণ সম্পাদক মো. ওয়াসিম জাভেদ টিংকু, ২নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক মনজুর কাদের স্বপন, কাশিয়া থানা ছাত্রদলের সদস্য সচিব মো. আল ফেরদৌস জিন্নাহ, ২নং ওয়ার্ড যুবদল (পূর্ব) আহ্বায়ক শাহাদৎ হোসেন নবীন, ১নং ওয়ার্ড (পশ্চিম) যুবদলের সদস্য সচিব মো. মুরাদ হোসেন, মহানগর যুবদলের নেতা লিয়ন, আল ফারাবি রাজ ও রকিসহ প্লেজার কিন্ডার গার্ডেন স্কুলের সম্মানিত শিক্ষকমন্ডলী ও শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ।
এই বৃক্ষ বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচিকে সার্বিকভাবে সহযোগিতা করেন ১নং ওয়ার্ড যুবদল (পূর্ব)-এর যুগ্ম-আহ্বায়ক জাদিদ রাহাত দ্বীপ।
রাজশাহী মহানগর যুবদলের পক্ষ থেকে আয়োজক ও স্কুলের সকলকে আন্তরিক ধন্যবাদ জানানো হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ