১০:০৪ পি.এম
দক্ষিণ লেবাননের অঞ্চলে ইসরায়েলি সেনাবাহিনীর (আইডিএফ) নর্দার্ন কমান্ডের প্রধান মেজর জেনারেল রাফি মিলোর গাড়ির ওপর জাতীয় সন্ত্রাসী সংগঠন হিজবুল্লাহ ড্রোন হামলা চালিয়েছে। তবে, শেষ মুহূর্তে গাড়ি থেকে সুস্থভাবে নেমে যাওয়ার কারণে মেজর জেনারেল রাফি অক্ষত রয়েছেন। এই ঘটনায় মানুষের কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
দখলদার দেশের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম কানের বরাত দিয়ে বলা হয়েছে, মেজর জেনারেল রাফি মিলো দক্ষিণ লেবাননের একটি গ্রামে পরিদর্শন করতে গিয়েছিলেন। তিনি সেখানে আরও কয়েকজন ইসরায়েলি সামরিক কর্মকর্তার সঙ্গে মাঠপর্যায়ের একটি সফরে ছিলেন।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, জেনারেল মিলো এবং তার সহযোগী গাড়ি থেকে নেমে যাওয়ার পরই একটি বিস্ফোরকবাহী ফার্স্ট-পারসন-ভিউ ড্রোন তাদের গাড়িটিকে সরাসরি আঘাত করেছে। ড্রোনের বিস্ফোরণে গাড়িটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু তারা দুজনেই সম্পূর্ণ অক্ষত অবস্থায় রয়েছেন।
আরও পড়ুন: জার্মানির আইনমন্ত্রী: সহিংসতা সত্ত্বেও জেন-জিদের বিক্ষোভের পক্ষে
ইসরায়েলি সামরিক কর্তৃপক্ষ যখন সংবাদটি প্রকাশের জন্য আনুষ্ঠানিক অনুমতি দিয়েছে, তখন এই চাঞ্চল্যকর ঘটনাটি প্রথম সামনে আসে। দেশটির সামরিক বাহিনী থেকে জানানো হয়েছে, সম্প্রতি হিজবুল্লাহ পরিকল্পনা করে ইসরায়েলি সেনাবাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তাদের লক্ষ্যবস্তু বানাতে চেষ্টা করছে।
এর আগে গত সপ্তাহে ইসরায়েলি গণমাধ্যম কান জানিয়েছিল, হিজবুল্লাহর পক্ষ থেকে ইসরায়েলি সামরিক কর্মকর্তাদের গতিবিধি নিবিড় পর্যবেক্ষণ করা হচ্ছে। তারা ড্রোন ও অন্যান্য মানববিহীন আকাশযান (ইউএভি) ব্যবহার করে এবং সমন্বিত হামলার মাধ্যমে ইসরায়েলের সামরিক কমান্ড, নিয়ন্ত্রণ এবং সামগ্রিক প্রতিরক্ষা ব্যবস্থায় বড় ধরনের আঘাত হানার চেষ্টা করছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন