০৮:৩৮ পি.এম
যশোরের ঝিকরগাছা উপজেলার শিমুলিয়া ইউনিয়নের দশপতিনা গ্রামে স্থানীয় বিএনপির কার্যালয়ে হামলা, ভাঙচুর ও নেতাকর্মীদের মারধরের ঘটনা ঘটেছে। জানা গেছে, এই ঘটনায় পাঁচজন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজন ঝিকরগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা গ্রহণ করেছেন। গুরুতর আহতদের যশোর জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
ভুক্তভোগী মাহফুজুল ইসলাম রবিবার (২৯ নভেম্বর) দশজনের বিরুদ্ধে ঝিকরগাছা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের সূত্রে জানা যায়, ২৮ নভেম্বর সন্ধ্যায় গ্রামে একটি সালিশ চলাকালীন সময়ে দশপতিনা গ্রামে বিএনপির স্থানীয় কার্যালয়ে হামলা চালানো হয়। হামলাকারীরা লোহার রড, রামদা ও লাঠিসোঁটা নিয়ে বিএনপির কার্যালয়ে প্রবেশ করে চেয়ার-টেবিলসহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে এবং সেখানে উপস্থিত বিএনপির নেতাকর্মীদের মারধর করে। এতে বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন। অভিযোগে উল্লেখ করা হয়েছে যে, ভাঙচুরের ফলে প্রায় ৮০ হাজার টাকার ক্ষতি হয়েছে।
ভুক্তভোগী মাহফুজুল ইসলাম ঘটনার সুষ্ঠু তদন্ত ও হামলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। বিএনপির কার্যালয়ে হামলা, ভাঙচুর এবং নেতাকর্মীদের ওপর শারীরিক হামলাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে আলোচনা-সমালোচনা চলছে।
আরও পড়ুন: গোপালগঞ্জে প্রসূতি মা হাত দিয়ে পেট চেপে ফিরলেন বাড়ি, বৃদ্ধা মায়ের কোলে নবজাতক
এদিকে, প্রশ্ন উঠেছে যে, বিএনপির দলীয় কার্যালয়ে হামলা-ভাঙচুর ও নেতাকর্মীদের ওপর মারধরের অভিযোগের সুষ্ঠু তদন্ত হবে কি না, নাকি ঘটনাটি আড়ালেই থেকে যাবে। ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়াকে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
অভিযোগের বিষয়টি জানার পর ঝিকরগাছার থানার উপপরিদর্শক (এসআই) রোকনুজ্জামান মুঠোফোনে বলেন, এ ঘটনায় ঝিকরগাছা থানায় একটি অভিযোগ হয়েছে এবং বিষয়টি তদন্ত করা হচ্ছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন