ঢাকা বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৬ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ইং ০৬ই কার্তিক, ১৪৩৩বাং

নেপালে উদ্ধারকাজে বেগ পেতে হচ্ছে, ফুরাচ্ছে নিখোঁজদের জীবিত ফেরার আশা


নেপালে উদ্ধারকাজে বেগ পেতে হচ্ছে, ফুরাচ্ছে নিখোঁজদের জীবিত ফেরার আশা

গত দুই দিন আগে হিমালয়ের পার্বত্য অঞ্চলে হিমবাহ ধসের ফলে সৃষ্টি হওয়া আকস্মিক বন্যায় নেপাল ও পার্শ্ববর্তী তিব্বতের একাধিক এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। দুই দিন অতিবাহিত হলেও জীবিত কাউকে উদ্ধারের আশা ক্রমেই ক্ষীণ হয়ে আসছে। ভারি যন্ত্রপাতি ও বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর ব্যবহার করে উদ্ধার অভিযান চালাচ্ছেন জরুরি সেবার কর্মীরা, যারা ধ্বংসস্তূপ, কাদা ও পাথর সরিয়ে নিখোঁজদের সন্ধানে কাজ করছেন। তবে, নদীর উজানে পলি ও পাথর জমে তৈরি হওয়া কৃত্রিম হ্রদগুলো নতুন উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে, যা যেকোনো মুহূর্তে ভেঙে পড়ে ফের বড় আকারের বিপর্যয় ঘটাতে পারে।

সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, নেপালে ৪৬৯ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। পাশাপাশি, নেপাল ও প্রতিবেশী তিব্বত মিলিয়ে প্রায় এক হাজার মানুষ নিখোঁজ রয়েছেন। গত বুধবার সকালে হিমালয় পর্বতমালার নদী অববাহিকায় একটি বিশালাকার হিমবাহ ভেঙে পড়ে। এর ফলে পাথর, বরফ, কাদা ও অন্যান্য ধ্বংসাবশেষ একযোগে বিশাল স্রোত হয়ে নেমে আসে নদীগুলোতে। এই ভয়াবহ বান কাঠমান্ডু ও তিব্বতের লহাসার সঙ্গে সংযোগকারী গুরুত্বপূর্ণ পথগুলোর পাশাপাশি একাধিক পাওয়ার স্টেশন, সড়ক ও সেতু ধ্বংস করে দিয়েছে। এই পথটি পর্বতারোহী, ট্রেকার ও তীর্থযাত্রীদের মধ্যে অত্যন্ত জনপ্রিয়। নিখোঁজ ব্যক্তিদের মধ্যে অন্তত ৫৪০ জন বিদেশি নাগরিক রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

উদ্ধার কাজে সামরিক বাহিনীর হেলিকপ্টার ব্যবহার করা হচ্ছে। বিচ্ছিন্ন হয়ে যাওয়া হাজার হাজার মানুষের জন্য জরুরি ত্রাণ পৌঁছানোর পাশাপাশি আটকে পড়া দুর্গতদের উদ্ধার করে সেনা ক্যাম্পে আনা হচ্ছে। ধ্বংসস্তূপে চাপা পড়া মানুষদের আর্তনাদে বাতাস ভারি হয়ে উঠেছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর একটি রসুয়া থেকে উদ্ধার হওয়া শেষ মানুষদের একজন দিবগা তামাং, যাকে এয়ারলিফট করে নুয়াকোটের একটি সেনা ক্যাম্পে আনা হয়েছে। স্বজনহারা দিবগা আকুল কণ্ঠে তার আকুতি প্রকাশ করে বলেন, "আমাদের সব মানুষ চলে গেছে। তারা মারা গেছে। আমার জন্য অপেক্ষা করার মতো আর কেউ অবশিষ্ট নেই। সবকিছু এবং সবাই শেষ হয়ে গেছে। এখানেই সব কিছুর সমাপ্তি।"

আরও পড়ুন: প্রধানমন্ত্রী আজ খুলনা ও বাগেরহাট সফরে, অংশ নেবেন সরকারি কর্মসূচিতে

এদিকে, ভয়াবহ বন্যায় নদীর গতিপথ রুদ্ধ হয়ে তৈরি হওয়া কৃত্রিম হ্রদগুলো এখন নতুন আতঙ্কের কারণ। নেপালের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, ভোটেকোশি নদীতে ধ্বংসাবশেষ আটকে সৃষ্ট হ্রদের পানির স্তর আশঙ্কাজনকভাবে বাড়ছে এবং যেকোনো সময় এটি উপচে পড়ে নতুন প্লাবন ঘটাতে পারে। অন্যদিকে, চীনা সীমানার ভেতরে প্রায় ৩০ লাখ ঘনমিটার পানি, যা প্রায় ১২শ'টি অলিম্পিক সাইজের সুইমিং পুলের সমপরিমাণ, আগামী তিন দিনের মধ্যে একটি রুদ্ধ হ্রদে জমা হতে পারে বলে বেইজিং জানিয়েছে। চীনা রাষ্ট্রীয় মাধ্যম দেশটির পানি সম্পদ মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানিয়েছে, আগামী ১ সেপ্টেম্বরের দিকে পানির প্রবাহ সর্বোচ্চ মাত্রায় পৌঁছালে হ্রদের বাঁধ ভেঙে চরম বিপদের আশঙ্কা রয়েছে। পরিস্থিতি পর্যালোচনায় আট সদস্যের প্রকৌশলী দল মোতায়েন করে ড্রোন ও ৩ডি মডেলিংয়ের মাধ্যমে তদারকি করা হলেও ভৌগোলিক প্রতিকূলতার কারণে উদ্ধার ও পর্যবেক্ষণ অত্যন্ত জটিল হয়ে পড়েছে। প্রকৌশলী চেন হানসিয়াও সিটিভি-কে বলেন, "হিমবাহ ধসে হ্রদটি তৈরি হওয়ার পর এর চারপাশে খাড়া ও বিচ্ছিন্ন পাহাড় তৈরি হয়েছে। হ্রদের ঝুঁকি কমানোর জন্য সাধারণ পদ্ধতি হলো বাঁধের নিচু অংশ দিয়ে একটি ড্রেনেজ চ্যানেল কেটে পানি বের করে দেওয়া। কিন্তু পানির প্রবাহের গতি এবং হ্রদ ভরাট হওয়ার সময়ের হিসাব-নিকাশ করেই কেবল এর প্রশস্ততা ও গভীরতা নির্ধারণ করা সম্ভব।"

সীমান্তের অপর পাশে চীনা ভূখণ্ড তিব্বতের জিরং সীমান্ত অতিক্রমের বিষয়টি সবচেয়ে ভয়াবহ রূপ ধারণ করেছে। এখন পর্যন্ত জিরং কাউন্টিতে নিখোঁজের সংখ্যা দাঁড়িয়েছে ৫৫৮ জনে, যাদের মধ্যে ২৬০ জন বিদেশি নাগরিক। যদিও তিব্বত অংশে এখন পর্যন্ত তিনজনের মৃত্যু নিশ্চিত হওয়া গেছে। পরিস্থিতি কতটা গুরুত্ব পাচ্ছে তা চীনা প্রশাসনিক পদক্ষেপে স্পষ্ট। চীনের প্রেসিডেন্ট ও দ্বিতীয় শীর্ষ নেতা লি চিয়াং স্বয়ং বৃহস্পতিবার জিরং-এর দুর্যোগ কবলিত এলাকায় পৌঁছান, যা নির্দেশ করে যে বেইজিং এই ঘটনাকে জাতীয় দুর্যোগ হিসেবে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে।

বিশ্বজুড়ে এই ট্র্যাজেডির শিকার হওয়া ব্যক্তিদের আত্মীয়স্বজনরা এখন দুঃসংবাদের শঙ্কায় ব্যাকুল হয়ে দিন কাটাচ্ছেন। যুক্তরাষ্ট্রের নর্দার্ন ভার্জিনিয়ার অধিবাসী স্নোহা সুধীর জানান, তার স্বামীসহ ১০ জন পুরুষ ট্রেকিংয়ের উদ্দেশ্যে তিব্বতের কৈলাশ পর্বতের দিকে রওয়ানা হয়েছিলেন, যার পর থেকেই তারা নিখোঁজ। ভার্জিনিয়ার চ্যান্টিলিতে নিজ বাড়ি থেকে অশ্রুসজল চোখে স্নেহা বলেন, "তারা এখন কোথায়? আমরা সবাই একে অপরকে সান্ত্বনা দিচ্ছি, চোখের জল মুছছি আর প্রশাসনিক কর্তা, রাজনৈতিক ব্যক্তিত্ব ও স্বজনদের দ্বারে দ্বারে ঘুরছি একটু খবরের আশায়।"

যুক্তরাষ্ট্র ইতিমধ্যেই এই দুর্যোগে নেপালকে সর্বাত্মক সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক বিবৃতিতে এই ঘটনার ভয়াবহতা তুলে ধরে বলেন, "কেউ এর আগে এমন কিছু দেখেনি, যেখানে অত্যন্ত শক্ত ও শক্তিশালীভাবে নির্মিত ভবনগুলোকে একেবারে টুথপিকের মতো গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এটি অত্যন্ত মর্মান্তিক বিষয়। আমরা সাহায্য পাঠাচ্ছি এবং সেখানকার নেতৃত্বের সাথে কথা বলেছি। আমরা তাদের জানিয়েছি, যা প্রয়োজন তারা তা-ই পাবে।"

আরও পড়ুন: ইশরাক ‘পোষ্য কোটায়’ রাজনীতিতে এসেছেন, অভিজ্ঞতা কম: নিলোফার মনি

নদীর নিচের সমতল ভূমিতে অবস্থিত চিত্রওয়ান জেলাতেও এই বন্যার প্রভাব পড়েছে মারাত্মকভাবে। চিত্রওয়ান জেলার প্রশাসনিক কর্মকর্তা গণেশ আরিয়াল জানান, ত্রিশূলি নদী অববাহিকার প্রায় ১০০ কিলোমিটার দূরবর্তী এলাকা থেকে তারা এখন পর্যন্ত ১০৩টি মরদেহ উদ্ধার করেছেন। স্থানীয় হাসপাতালগুলোতে এত মৃতদেহের জায়গা না হওয়ায় তাঁবু খাটিয়ে সাময়িকভাবে মৃতদেহ রাখা ও পরিবারগুলোর কাছে হস্তান্তরের ব্যবস্থা করা হচ্ছে।

পরিস্থিতি মোকাবেলায় নেপালের পাঁচ মাস বয়সী বালেন্দ্র শাহ সরকারের সামনে এটি সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। দুর্যোগ কবলিত নুয়াকোট সফর শেষে নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ জানান, পুরো প্রশাসনিক ব্যবস্থা এখন জীবন রক্ষায় নিয়োজিত। পরিস্থিতি তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, "সকল রাষ্ট্রীয় সংস্থা তাদের পূর্ণ সক্ষমতা নিয়ে কাজ করছে। আমাদের প্রথম অগ্রাধিকার হলো প্রতিটি নাগরিকের জীবন রক্ষা করা, নিখোঁজদের অনুসন্ধান ও উদ্ধার করা, আহতদের চিকিৎসা প্রদান করা এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে তাৎক্ষণিক ত্রাণ সহায়তা দেওয়া।"

যদিও কর্মকর্তারা আশ্বস্ত করেছেন, ২০১৫ সালের ভূকমে প্রায় ৯ হাজার মানুষের প্রাণহানির মতো বড় বিপর্যয় সামলানোর অভিজ্ঞতা নেপালের উদ্ধারকারী সংস্থাসমূহের রয়েছে, যা বর্তমান ট্র্যাজেডি কাটিয়ে উঠতে সাহায্য করবে।

সূত্র: রয়টার্স

আরও পড়ুন: গ্রীষ্মের আগেই ৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের আশা: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ট্রাম্পের ছেলেকে হত্যার ষড়যন্ত্র সম্পূর্ণ মিথ্যা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ২৮শে আগস্ট, ২০২৬ ইং

১১:৫২ এম


ট্রাম্পের ছেলেকে হত্যার ষড়যন্ত্র সম্পূর্ণ মিথ্যা

ইরানের নিরাপত্তা প্রধান মোহসেন রেজায়ি মন্তব্য করেছেন যে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছোট ছেলেকে হত্যার সম্ভাব্য ষড়যন্ত্রের খবর সম্পূর্ণরূপে মিথ্যা। বৃহস্পতিবার লেবাননের আল মানার টিভিতে প্রচারিত এক সাক্ষাৎকারে মোহসেন রেজায়ি বিষয়টি পরিষ্কার করেছেন।

 

তার এই বক্তব্যের ফলে এ বিষয়ে সৃষ্ট উত্তেজনা প্রশমিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

গত সোমবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন নেটওয়ার্ক আইআরআইবি’র ৩ নম্বর চ্যানেলে একটি ৩ মিনিটের ভিডিও প্রচারিত হয়। ভিডিওটির শিরোনাম ছিল, ‘ব্যারন ট্রাম্পকে কোথায় এবং কীভাবে হত্যা করা উচিত?’ ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কর্পস-আইআরজিসির সাথে সম্পৃক্ত মিডিয়ায় প্রচারিত এই ভিডিওতে দাবি করা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ২০ বছর বয়সী ব্যারন ট্রাম্পের ওপর কড়া নজরদারি রাখা হয়েছে।

এতে ওয়াশিংটনে ব্যারনের বাসস্থান, তার বিশ্ববিদ্যালয়, তার দৈনন্দিন যাতায়াতের পথ এবং মার্কিন সিক্রেট সার্ভিসের নিরাপত্তা ব্যবস্থার বিস্তারিত চিত্র তুলে ধরা হয়।

 

ভিডিওর প্রতিবেদনে আরও দাবি করা হয় যে, ব্যারন ট্রাম্পকে হত্যার জন্য ১০ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা করা হয়েছে। তবে এই পুরস্কারের ঘোষণা কোন সংস্থা বা কারা দিয়েছে, তা স্পষ্ট করা হয়নি।

ভিডিওটি গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর মার্কিন সিক্রেট সার্ভিস আনুষ্ঠানিকভাবে জানায় যে তারা ভিডিওটি সম্পর্কে অবগত এবং যেকোনো ধরনের প্রচ্ছন্ন হুমকির বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করছে। ভিডিওটি নিয়ে বিশ্বজুড়ে তোলপাড় শুরু হয়।

 

বিশেষজ্ঞরা মন্তব্য করেছেন যে, প্রচারিত ভিডিওটি তথ্যভিত্তিক নয়। এটি মূলত ট্রাম্প এবং তার পরিবারের ওপর মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি করতে ইরানি মিডিয়ার প্রোপাগান্ডা।

ঠিক এক মাস আগে ব্যারন ট্রাম্পের মা এবং মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে নিয়ে হুবহু একই ধরনের একটি হুমকি ভিডিও প্রচার করেছিল আইআরজিসি সংশ্লিষ্ট তাসনিম নিউজ এজেন্সি। ব্যারন ট্রাম্পকে নিশানা করা এই নতুন ভিডিওটিও একই নেটওয়ার্কের প্রোপাগান্ডা কৌশলের অংশ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভারত ও চীন ‘বাবা-মা’র মতো’ : নেপালের পররাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ২৮শে আগস্ট, ২০২৬ ইং

১১:৫৩ এম


ভারত ও চীন ‘বাবা-মা’র মতো’ : নেপালের পররাষ্ট্রমন্ত্রী

ভারত ও চীনের কাছে নেপাল সমানভাবে গুরুত্বপূর্ণ। নেপাল কূটনৈতিক সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে ভারসাম্য বজায় রাখার উপর গুরুত্বারোপ করে।

 

"বাবা বা মাকে কি একে অন্যের বিকল্প হিসেবে ধরা যায়?" এই প্রশ্নের জবাবে নেপালের পররাষ্ট্রমন্ত্রী শিশির খানাল মন্তব্য করেন, চীন না ভারত, কোন দেশের সঙ্গে নেপালের ঘনিষ্ঠতা বেশি। কাঠমান্ডুর একটি সংবাদ সংস্থার আয়োজিত অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।

ভারতীয় সংবাদমাধ্যম

এর প্রতিবেদনের ভিত্তিতে, নেপালের বিদেশমন্ত্রী বলেন, "আমরা খুব আবেগপূর্ণ জাতি। কিন্তু বিদেশনীতির ক্ষেত্রে যুক্তির দিকটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ।"

 

তিনি আরও বলেন, "আমি আবারও বলছি, ভারত ও চীন দুই গুরুত্বপূর্ণ প্রতিবেশী দেশের সঙ্গে আমাদের সম্পর্ক সুন্দর এবং আমরা সেটাই বজায় রাখব। একটিকে অন্যটির বিকল্প হিসেবে দেখব না। আমি বাবাকে মায়ের সঙ্গে বা মাকে বাবার সঙ্গে বদলাতে চাইব না।"

চীন নেপালকে কার্যত দখল করে নিচ্ছে, এমন ধারণা উড়িয়ে দিয়ে খানাল বলেন, "অনেক সময় ভারত থেকে এই ধরনের ন্যারেটিভ তৈরি হয়।

 

কিন্তু আমাদের সঙ্গে চীনের সম্পর্ক খুব ভালো, এবং আমরা এই সম্পর্ক বজায় রাখতে চাই।"

তিনি আরও উল্লেখ করেন, "অনেক শতাব্দী ধরে এই দুই দেশের মধ্যে বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতার ইতিহাস রয়েছে। নেপালের দুই-তৃতীয়াংশ বাণিজ্য ভারতের সঙ্গেই হয়।"

অন্যদিকে, চীনের ‘বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ’ (বিআরআই) সম্পর্কেও মন্তব্য করেন খানাল।

তিনি বলেন, "অনেক হইচই সত্ত্বেও এই প্রকল্প থেকে গত দশ বছরে নেপাল ‘জিরো ডলার’ পেয়েছে। ভারতের সংস্থা, বিশেষ করে পর্যটন, এনার্জি ও প্রযুক্তি ক্ষেত্রে যারা নেপালে বিনিয়োগ করতে চান, তাদের জন্য দরজা খোলা।"

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লর্ডসে পাকিস্তানের আগুন ঝরানো বোলিং, প্রথম দিনেই কোণঠাসা ইংল্যান্ড

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শুক্রবার, ২৮শে আগস্ট, ২০২৬ ইং

১১:৫৭ এম


লর্ডসে পাকিস্তানের আগুন ঝরানো বোলিং, প্রথম দিনেই কোণঠাসা ইংল্যান্ড

বৃষ্টি ও আলোকস্বল্পতার কারণে লর্ডস টেস্টের প্রথম দিনে খেলা হতে পারল মাত্র ৫৬ ওভার। তবে এই সংক্ষিপ্ত সময়ের মধ্যেই ইংলিশ শিবিরে রীতিমতো তাণ্ডব চালিয়েছেন পাকিস্তানি দুই পেসার মোহাম্মদ আব্বাস ও মোহাম্মদ আলি।

 

লর্ডসের চেনা কন্ডিশনে তাদের আগুনে বোলিংয়ে প্রথম দিনেই জো রুটের দল চরম বিপর্যয়ে পড়েছে। স্বাগতিকরা ৯ উইকেট হারিয়ে মাত্র ২৪৮ রানে দিন শেষ করেছে।

বৃষ্টির কারণে দেরিতে শুরু হওয়া ম্যাচে টস জিতে ইংল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠানোর সিদ্ধান্ত নেন পাকিস্তান। তবে চোট কাটিয়ে ফেরা অধিনায়ক বাবর আজমের সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করতে একদমই সময় নেননি পাকিস্তানি পেসাররা।

 

২১ ও ২৬ রানের মাথায় ইংলিশদের দুই ওপেনার এমিলিও গে (৮) ও বেন ডাকেটকে (১৭) সাজঘরে ফেরান আব্বাস। কিছুক্ষণ পরেই ফর্মের তুঙ্গে থাকা তারকা ব্যাটার জো রুটকে (৪) এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলে ইংলিশদের মেরুদণ্ড ভেঙে দেন তিনি। লাঞ্চের ঠিক আগে হ্যারি ব্রুককেও (১৫) দারুণ এক ডেলিভারিতে বোল্ড করে উল্লাসে মাতেন আলি।

বিরতির পর ড্যান লরেন্স রানআউট হলে স্বাগতিকরা আরও কঠিন চাপে পড়ে।

 

তবে সেই চরম বিপর্যয় থেকে দলকে কিছুটা টেনে তোলার চেষ্টা করেন জর্ডান কক্স ও জেমি স্মিথ। ষষ্ঠ উইকেটে দুজনে মিলে প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। কক্স ১০৫ বলে ৫৫ এবং স্মিথ ৮০ বলে ঝড়ো ৬১ রানের ইনিংস খেলে ফিফটি করেন।

কিন্তু বদলি ফিল্ডার হিসেবে নামা সালমান আলি আগার এক চোখধাঁধানো ক্যাচে ভাঙে এই ৬৭ রানের জুটি। খুররাম শাহজাদের বলে আউট হন কক্স।

 

এরপর আবার আলির আঘাত, একই ওভারে ফেরান সেট ব্যাটার স্মিথ ও ওলি রবিনসনকে। আর জোফ্রা আর্চারকে তুলে নিয়ে নিজের চতুর্থ উইকেটের দেখা পান আব্বাস। পাকিস্তানি ফিল্ডাররা বাকি ৩টি ক্যাচ হাতছাড়া না করলে ইংল্যান্ডের অবস্থা হতে পারত আরও করুণ।

দিনের খেলা আগেভাগেই বন্ধ হওয়ার সময় ২৭ বলে ঝোড়ো ৩৪ রান করে উইকেটে অপরাজিত ছিলেন গাস অ্যাটকিনসন, তার সঙ্গী জশ টাং করেছেন ১ রান। পাকিস্তানের হয়ে আব্বাস ৪টি, আলি ৩টি এবং খুররাম ১টি উইকেট শিকার করে ম্যাচের রাশ পুরোপুরি টেনে রেখেছেন সফরকারীদের হাতে!

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কক্সবাজারে হোটেলের বারে যুবককে হত্যা, হাসপাতালে মারা গেলেন অভিযুক্ত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৮শে আগস্ট, ২০২৬ ইং

১২:০০ পি.এম


কক্সবাজারে হোটেলের বারে যুবককে হত্যা, হাসপাতালে মারা গেলেন অভিযুক্ত

কক্সবাজার শহরের একটি মদের বারে কথা-কাটাকাটি থেকে সংঘর্ষের ঘটনায় দুজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে শহরের রেনেসাঁ হোটেলের মদের বারে এ ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন—যথাক্রমে নাজিবুল হক রাশেদ (২৮) ও সালমান প্রকাশ সোলাইমান (৩০)। তারা শহরের নুনিয়ারছড়া এলাকার বাসিন্দা।

পুলিশ ও বার কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার রাতে রাশেদ ও সোলাইমানসহ কয়েকজন যুবক রেনেসাঁ হোটেলের দোতলার বারে বসে মদ পান করছিলেন। একপর্যায়ে তাদের মধ্যে কথা-কাটাকাটি ও ঝগড়া শুরু হয়।

 

এর পরে সোলাইমান বাইরে থেকে আরো কয়েকজন যুবককে ডেকে আনেন। তারা বারে ঢুকে রাশেদকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন। এ সময় তারা তার পেট ও শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত এবং মদের বোতল ভেঙে আঘাত করেন। ঘটনার পর বার থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে গণপিটুনির শিকার হন।

 

এদিকে, বারে ছুরিকাঘাতে গুরুতর আহত অবস্থায় রাশেদকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের মামাতো ভাই নুরুল হুদা বলেন, ‘রাশেদের শরীরের বিভিন্ন স্থানে ছুরি, বোতল ও ভাঙা গ্লাস দিয়ে আঘাতের চিহ্ন রয়েছে।’

পুলিশ জানায়, এ ঘটনায় জড়িত সন্দেহে গুরুতর আহত সোলাইমানকে রাত ২টার দিকে আটক করে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গিয়েছে পুলিশ। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার অহিদুর রহমান বলেন, ‘অনুমোদনবিহীনভাবে মদের বারটি পরিচালনা করা হচ্ছিল।

 

ঘটনার সঙ্গে জড়িতদের আটকের জন্য পুলিশ অভিযান শুরু করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৮
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%